ডিসেম্বর ২৪, ২০১৮ ১৩:০১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৪ ডিসেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • জেএসসি ও পিইসির ফল প্রকাশ-দৈনিক ইত্তেফাক
  • সেনা মোতায়েনে কারও উচ্ছ্বসিত হওয়ার কারণ নেই: কাদের-দৈনিক প্রথম আলো
  • সেনাবাহিনী সব ধরনের পদক্ষেপ নিতে পারবে: সিইসি-দৈনিক যুগান্তর
  • অবাধে ভোটাধিকার প্রয়োগে সংশয় সৃষ্টি হয়েছে: সুজন-দৈনিক মানবজমিন
  • বিএনপির প্রার্থী জয়নাল আবেদীন ফারুকের ওপর গুলি-দৈনিক নয়া দিগন্ত-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • পুলিশি ঘেরাটোপের মধ্যেও সবরীমালায় ঢুকতে পারলেন না মহিলারা-দৈনিক সংবাদ প্রতিদিন
  • ভারতে হামলার কী ছক করছে পাকিস্তান? ভয়ঙ্কর তথ্য গোয়েন্দাদের হাতে-দৈনিক আজকাল
  • পর্ন সাইট রুখতে গিয়ে খাল কেটে কুমির ডেকে আনল কেন্দ্র?-দৈনিক আনন্দবাজার

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা প্ল্যাটফরম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের তিন যুগ্ম আহ্বায়ককে মেরে রক্তাক্ত করেছে ছাত্রলীগ। দৈনিক মানবজমিনে প্রকাশিত এ খবরটিকে কীভাবে দেখছেন?

২. মার্কিন সেনারা সিরিয়া থেকে পালিয়ে গেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাজনৈতিক উপদেষ্টা বাসিনা শা’বান।আপনি কী বলবেন?  

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

সেনাবাহিনী সব ধরনের পদক্ষেপ নিতে পারবে: সিইসি-দৈনিক যুগান্তর

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা

নির্বাচনে ভোটের পরিবেশ রক্ষায় সেনাবাহিনী সব ধরনের পদক্ষেপ নিতে পারবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

তিনি বলেন, সেনাবাহিনী মাঠে নামায় প্রার্থী ও ভোটারদের মধ্যে আস্থা ফিরে আসবে। সেনাবাহিনী ভোটের পরিবেশ রক্ষায় যে কোনো ধরনের ভূমিকা রাখতে পারবে। এ বিষয়ে আইন আছে, সে অনুসারে তারা কাজ করবে।

সোমবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে নির্বাচন কমিশন আয়োজিত চলমান ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

রাজনৈতিক দল ও ভোটারদের মধ্যে আস্থা ফেরাতেই সেনা নিয়োগ জানিয়ে সিইসি বলেন, ভোটারদের মধ্যে আস্থা ফেরানোর উদ্দেশ্যেই সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিলাম। আমি মনে করি যে, অল্প কিছু অরাজকতা ছিল তা এখন দূর হবে।

সহিংসতা থেকে রাজনৈতিক দলগুলোকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে আবারও অনুরোধ জানাবো-সহিংসতা-সংঘাত আন্তঃকোন্দল দূর করে নিজ নিজ প্রচার চালিয়ে যান।

ছয়টি কেন্দ্রে ইভিএম ব্যবহার হবে উল্লেখ করে সিইসি বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর মতামত প্রাধান্য দিয়ে পাইলট প্রকল্প হিসেবে মাত্র ছয়টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করছি। যদিও ইভিএমের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ ছিল না। কিন্তু তাদের সন্দেহ থাকার কারণে আমরা খুব অল্পসংখ্যক ইভিএম ব্যবহার করছি। যারা সন্দেহ প্রকাশ করেছিল, তারা এখন এসে দেখুন-এর সম্পর্কে জানুন। আশা করি তাদের সন্দেহ দূর হয়ে যাবে।

বিএনপিকে পুলিশ ঢাকায় জনসভা করার অনুমতি দিচ্ছে না-এ বিষয়ে ইসির বক্তব্য কী জানতে চাইলে সিইসি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে আমার চেয়ে ডিএমপি ভালো জানে। তাদের সঙ্গে আমার এখনও কথা হয়নি। শিগগিরই তাদের সঙ্গে কথা বলব।

প্রসঙ্গত, ভোটের পরিবেশ বজায় রাখতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে আজ থেকে দেশব্যাপী সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। আজ থেকে ২ জানুয়ারি পর্যন্ত তারা মাঠে থাকবে।

অবাধে ভোটাধিকার প্রয়োগে সংশয় সৃষ্টি হয়েছে: সুজন-দৈনিক মানবজমিন

সুশাসনের জন্য নাগরিক সুজন

আসন্ন একাদশ সংসদ নির্বাচনে সহিংসতার কারণে অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করা নিয়ে শঙ্কা ও সংশয় সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। 

আজ সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন শীর্ষক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে সুজন। সংস্থাটি জানায়, অংশগ্রহণমূলক নির্বাচনের পূর্বশর্ত হিসেবে সুস্থ প্রতিযোগিতার জন্য যে অনুকূল পরিবেশ প্রয়োজন তা এখনও সৃষ্টি হয়নি।

সংবাদ সম্মেলনে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনের জন্য আমরা সংলাপের আহ্বান জানিয়ে আসছিলাম। দেরিতে হলেও সংলাপ হয় তবে সমঝোতা হয়নি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে বলেই আমাদের ধারণা। কিন্তু প্রচারণায় হামলা, বাধা ও হয়রানির কারণে এখনো অনেক প্রার্থী নির্বিঘেœ প্রচারণা চালাতে পারছেন না।

সেনা মোতায়েনে কারও উচ্ছ্বসিত হওয়ার কারণ নেই: কাদের-দৈনিক প্রথম আলো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দেশপ্রেমিক সেনাবাহিনী মাঠে নেমেছে। তারা কোনো দলের বা পক্ষের নয়। সুতরাং এ নিয়ে কারও উচ্ছ্বসিত হওয়ার কারণ নেই। এই বাহিনীকে প্রশ্নবিদ্ধ কিংবা বিতর্কিত করে—এমন বক্তব্য থেকে সবাইকে বিরত থাকতে হবে।

আজ সোমবার দুপুরে ফেনীর দাগনভূঞা উপজেলা সদরের আতাতুর্ক উচ্চবিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। ফেনী-৩ আসনে মহাজোটের অংশীদার লাঙ্গল মার্কার প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়। 

জনসভায় ওবায়দুল কাদের বলেন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনে সিভিল প্রশাসনকে সহযোগিতা করতে সেনাবাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে।

বিএনপির প্রার্থী জয়নাল আবেদীন ফারুকের ওপর গুলি-দৈনিক নয়া দিগন্ত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জাতীয় সংসদের নোয়াখালী-২ আসনের বিএনপির প্রার্থী জয়নাল আবদীন ফারুকের ওপর গুলি বর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার বেলা ১টার দিকে নির্বাচনী গণসংযোগের সময় সেনবাগ উপজেলার ৬নং কাবলিপুর ইউনয়িনের ৪নং ওয়ার্ড উত্তর সাহাপুর মিয়ার বাড়ির সামনে দুপুর ছাত্রলীগের নেতা-রিগান, তানভীর, বিপ্লব,মাসুদ, ইউছুপসহ আরো ১০/১৫জন সন্ত্রাসী প্রার্থী জয়নাল আবেদীন ফারুককে লক্ষ্য করে গুলি এবং গাড়ি ভাংচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ফারুক অল্পের জন্য বেঁচে গেছেন।

জেএসসি ও পিইসির ফল প্রকাশ-দৈনিক ইত্তেফাক

জেএসসি পরীক্ষার ফল প্রকাশ

অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ীর ফল।

সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান গণভবনে ফলের অনুলিপি তুলে দেন। এরপর শিক্ষার্থীদের জন্য ফলাফল প্রকাশ করা হয়।

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এবার পাস করেছে ৮৫ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন। আর পিইসিতে গড় পাসের হার ৯৭.৫৯। জিপিএ-৫ পেয়েছে ৩ লাখ ৬৮ হাজার ১৯৩ জন। ইবতেদায়ীতে এ বছর পাস করেছে ৯৭ দশমিক ৬৯ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ২৬৪ শিক্ষার্থী।

জেএসসি ও জেডিসিতে সব মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৪ লাখ ১৮ হাজার ৩৮২ জন। প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা ১৮ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। আর ১ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়। শেষ হয় ১৫ নভেম্বর।

ভারতে হামলার কী ছক করছে পাকিস্তান? ভয়ঙ্কর তথ্য গোয়েন্দাদের হাতে-দৈনিক আজকাল

সম্মুখসমরে পেরে উঠছে না পাকিস্তান। তাই নয়া ছক নিয়েছে হামলা করার। জম্মু–কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনার ওপরে হামলা চালাতে নতুন অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা করেছে পাকিস্তান। এবার ভারতীয় সেনা বাঙ্কারগুলিকে টার্গেট করতে জিপিএস নিয়ন্ত্রিত মর্টার ব্যবহার করার পরিকল্পনা করেছে পাক সেনা। গোয়েন্দা সূত্রে এই খবর মিলেছে। 

জানা গিয়েছে, ইউরোপের কয়েকটি দেশে এই ধরনের মর্টার রয়েছে। আর চীনের কাছে রয়েছে অত্যাধুনিক জিপিএস নিয়ন্ত্রিত মর্টার। আর চীন হল পাকিস্তানের বন্ধু দেশ। তাই তারা এই মর্টার পাকিস্তানের হাতে তুলে দিয়ে সাহায্য করতে পারে। আর পাকিস্তান তা হাতে পেলেই ভারতের ওপর হামলা চালাবে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

পর্ন সাইট রুখতে গিয়ে খাল কেটে কুমির ডেকে আনল কেন্দ্র?-দৈনিক আনন্দবাজার

এ যেন এক ভূতকে বিদায় করতে, নেমম্তন্ন করে অন্য ভূতকে ডেকে নিয়ে আসা! গোটা দেশে কয়েকশো পর্নোগ্রাফিক সাইট নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তকে এমনটাই মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা।

কেন মনে করছেন? বিশেষজ্ঞদের মতে— অনলাইন পর্নোগ্রাফি আটকাতে গিয়ে, পরোক্ষে গোটা দেশের মানুষকে অনিরাপদ নেট ব্রাউজিংয়ের দিকেই ঠেলে দিচ্ছে এই নিষেধাজ্ঞা। সাইবার দুনিয়া থেকে পাওয়া বিভিন্ন তথ্য সেই বিপদেরই ইঙ্গিত দিচ্ছে। অজান্তেই আমি আমার গোপনতম তথ্য তুলে দিচ্ছি কোনও সংস্থার কাছে। আর মুহূর্তের মধ্যে সেই তথ্য বিক্রি হয়ে যাচ্ছে। আর এই তথ্য চুরির ভূতের বাহন হল ভার্চুয়াল প্রক্সি নেটওয়ার্ক, সংক্ষেপে ভিপিএন।

গত সেপ্টেম্বর মাসে উত্তরাখণ্ড হাইকোর্টের নির্দেশে, ৮২৭টি জনপ্রিয় পর্নোগ্রাফিক সাইট ভারতে বন্ধ করার নির্দেশ জারি করে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক। দেশের সমস্ত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি-কে বলা হয় ওই ৮২৭টি সাইটকে ব্লক করে দিতে।

পুলিশি ঘেরাটোপের মধ্যেও সবরীমালায় ঢুকতে পারলেন না মহিলারা-দৈনিক সংবাদ প্রতিদিন

ফের সবরীমালা মন্দিরে ঢুকতে বাধা দুই মহিলাকে। তবে এবার অভিযোগ গুরুতর। ওই দুই মহিলা পুলিশি নিরাপত্তা নিয়ে সবরীমালায় ঢুকতে গিয়েছিলেন। কিন্তু তাতেও তাঁরা ঢুকতে পারেননি। পুলিশ থাকা সত্ত্বেও মন্দিরের দুই কিলোমিটার আগে তাঁদের আটকে দেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে সোমবার সকালে। সংবাদ সংস্থা সূত্রে খবর, পাম্বা বেসক্যাম্প থেকে সবরীমালা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন দু’জন মহিলা। তাঁদের বয়স ৫০ বছরের নিচে। মন্দিরে প্রবেশে আগে তাঁরা বাধা পাবেন, এমন আশঙ্কা ছিলই। তাই পুলিশি নিরাপত্তা নিয়ে মন্দিরে প্রবেশ করতে চেয়েছিলেন তাঁরা। এমনও খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ রক্ষা করতে ও আইনশৃঙ্খলা যাতে নষ্ট না হয়, তার জন্য ওই মহিলাদের ব্যক্তিগতভাবে পুলিশি নিরাপত্তাও দেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও মন্দিরে প্রবেশের আগে বাধা পান তাঁরা। পুলিশ থাকা সত্ত্বেও বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের। মন্দিরে প্রবেশ করতে না পেরে পাম্বা বেসক্যাম্পে ফিরে আসেন ওই দুই মহিলা।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৪