জনতার চোখ বলে একটা কথা আছে: মাহবুব তালুকদার
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৩১ জানুয়ারি বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো।
বাংলাদেশের শিরোনাম
- নদী দখল নিয়ে কানামাছি খেলা বন্ধ হওয়া উচিত : হাইকোর্ট-দৈনিক ইত্তেফাক
- জনতার চোখ বলে একটা কথা আছে: মাহবুব তালুকদার -দৈনিক প্রথম আলো
- প্রথম আলোর অন্য একটি খবরের শিরোনাম-প্রশ্নফাঁস চক্রের মূলোৎপাটন: সিআইডি
- ঐক্যফ্রন্টে ভেতরে ভেতরে ভাঙনের তাণ্ডব চলছে: কাদের- দৈনিক যুগান্তর
- সকলের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছি: প্রধানমন্ত্রী-দৈনিক মানবজমিন
- সারকার ও দল নিয়ে আওয়ামী লীগের নতুন পরিকল্পনা- দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- চাকরি নেই দেশে, ৪৫ বছর পর রেকর্ড গড়ল বেকারত্বের হার-দৈনিক সংবাদ প্রতিদিন
- নরেন্দ্র মোদির অহংকে সন্তুষ্ট করতে তাঁকে ‘স্যার’ বলি: চন্দ্রবাবু নাইডু-দৈনিক আজকাল
- ৪৫ বছরে সর্বোচ্চ, মোদী জমানায় রেকর্ড বেকারত্বের মধ্যে ভারত, বলল সেই ‘গোপন’ রিপোর্ট-দৈনিক আনন্দবাজার
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রেসিডেন্ট মোহাম্মাদ আবদুল হামিদ। তার এ আহ্বানকে আপনি কীভাবে দেখছেন?
২. আমেরিকা থেকে ইরান ফিরেছেন প্রেস টিভির সাংবাদিক মারজিয়া হাশেমি। তার আটক, মুক্তি এবং এই ফিরে আসা কী বার্তা দিল?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর
জনতার চোখ বলে একটা কথা আছে: মাহবুব তালুকদার-দৈনিক প্রথম আলো
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, নির্বাচনে গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা অবশ্যই দৃশ্যমান হতে হবে। নির্বাচন কমিশন (ইসি) সুষ্ঠু নির্বাচনের দাবি করলেই যে তা সুষ্ঠু হয়ে যাবে—এমন কোনো কথা নেই। জনতার চোখ বলে একটা কথা আছে। ঢাকা উত্তর সিটি মেয়রের শূন্য পদে স্থগিত নির্বাচন উপলক্ষে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে মাহবুব তালুকদার এ কথা বলেন। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের ইটিআই ভবনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। নির্বাচনে বিপুল বিজয় পায় আওয়ামী লীগ। তবে নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি। তারা নতুন করে নির্বাচনেরও দাবি করে। যদিও নির্বাচনের পরের দিন সংবাদ সম্মেলন করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেন, ভোট নিয়ে তিনি তৃপ্ত-সন্তুষ্ট। ভোটে কোনো অনিয়ম হয়নি। ভোটে তাঁরা লজ্জিত নন। একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে।
মানুষ এখন নিজের ছায়া দেখলেও চমকে ওঠে: রিজভী-দৈনিক প্রথম আলো
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, মানুষ নিজের ছায়া দেখলেও চমকে ওঠে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রিজভী এই মন্তব্য করেন। রিজভী বলেন, গতকাল বুধবার তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রতিবেদন বিএনপির আমলে ঠিক ছিল। কিন্তু এখনকারটি মনগড়া। তথ্যমন্ত্রী তাঁর তথ্যযন্ত্রের মাধ্যমে এমন তথ্য দেন, যাতে শুধু দেশবাসীই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও সবিস্ময়ে হতবাক হয়ে পড়ে। বিএনপি এই নেতা বলেন, ‘টিআইয়ের প্রতিবেদনে স্বীকার করে নিলে তো তথ্যমন্ত্রীর মন্ত্রিত্ব থাকে না। এ জন্য টিআইয়ের প্রতিবেদনের বিরুদ্ধে তাঁকে অপতথ্য দিতে হচ্ছে।’
সকলের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছি: প্রধানমন্ত্রী-দৈনিক মানবজমিন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকলের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। তিনি বলেন, বাংলাদেশে ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে সবার সমান অধিকার রক্ষা করা সরকারের লক্ষ্য। আজ সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় উচ্চশিক্ষায় অধ্যয়নরত ৫০০ জন শিক্ষার্থীকে বৃত্তিপ্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে এদেশে সকলের সমান অধিকার থাকবে। আমরা সেটাই নিশ্চিত করতে চাই এবং সেটাই আমরা নিশ্চিত করব। এটাই আমাদের লক্ষ্য। সেদিকে আমরা দৃষ্টি দিচ্ছি। শেখ হাসিনা বলেন, সারা বাংলাদেশের সর্বশ্রেণির মানুষের উন্নয়ন আমরা চাই। এখানে বেদে, হিজড়া, চা শ্রমিক, দলিত শ্রেণী- সকলেরই ভাগ্য পরিবর্তনের জন্য আমরা কাজ করে যাচ্ছি
ঐক্যফ্রন্টে ভেতরে ভেতরে ভাঙনের তাণ্ডব চলছে: কাদের-দৈনিক যুগান্তর
জাতীয় ঐক্যফ্রন্ট টিকবে না মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ ওবায়দুল কাদের বলেছেন, ঐক্যফ্রন্ট নেতাদের আচরণেই প্রমাণ হচ্ছে- ঐক্যফ্রন্ট বেশি দিন টিকবে না। যদিও তারা বলছে- তাদের ঐক্য অটুট আছে; কিন্তু ভেতরে ভেতরে ভাঙনের তাণ্ডব চলছে।বৃহস্পতিবার দুপুরে নগরভবনে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ-ডিটিসিএর কার্যালয় পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভা শেষে তিনি এ কথা জানান।
বিএনপি ও গণফোরামের নির্বাচিতদের সংসদে আসার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ঐক্যফ্রন্টের যারা নির্বাচিত হয়েছেন, তারা শপথ নিতে জনগণের চাপে আছেন। তারা জনগণের চাপেই শপথ নেবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন নির্বাচনের দাবির বিষয়ে সেতুমন্ত্রী বলেন, এ দাবি হাস্যকর। নিরপেক্ষ নির্বাচন না হলে মির্জা ফখরুল কীভাবে নির্বাচিত হলেন? এ রহস্য জানাবেন কি?
নদী দখল নিয়ে কানামাছি খেলা বন্ধ হওয়া উচিত : হাইকোর্ট-দৈনিক ইত্তেফাক
‘অবৈধভাবে নদী দখল করে স্থাপনা করা হচ্ছে। হাইকোর্টের নির্দেশে সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে প্রশাসন। কিন্তু দেখা যাচ্ছে কয়েকদিন পর সেখানে আবারো অবৈধ স্থাপনা গড়ে তোলা হচ্ছে। এ যেন কানামাছি খেলা। এই খেলা বন্ধ করা উচিত।’-নদীর অবৈধ দখলমুক্ত করার নির্দেশনা চেয়ে রিট মামলার শুনানিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের ডিভিশন বেঞ্চ আজ এ মন্তব্য করেন।
আদালত বলেন, নদীকে বেদখলমুক্ত করার বিষয়টি যে তিমির সেই তিমিরেই রয়ে গেছে। নদী থাকবে। আবার নদী দখল করার মনোবৃত্তিসম্পন্ন কিছু লোকেরও অভাব হবে না। গতকাল এ মামলার উপর অবশিষ্ট রায় ঘোষনার জন্য ছিল। কিন্তু রায় ঘোষণা না করে রিটকারী আইনজীবী মনজিল মোরসেদকে হাইকোর্ট বলেন, চার নদী রক্ষায় হাইকোর্টের রায়ের পর সরকার নদী রক্ষা কমিশন করেছে। ওই কমিশন কাজ করছে। এটা রিট আবদনে উল্লেখ করেননি।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
৪৫ বছরে সর্বোচ্চ, মোদী জমানায় রেকর্ড বেকারত্বের মধ্যে ভারত, বলল সেই ‘গোপন’ রিপোর্ট-দৈনিক আনন্দবাজার
গত ৪৫ বছরে দেশে বেকারত্বের হার সর্বোচ্চ ২০১৭-১৮ আর্থিক বছরে। ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিসের সমীক্ষায় সামনে এল এই চাঞ্চল্যকর তথ্য। বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার হাতে পৌঁছেছে দেশের কর্মসংস্থানের তথ্য এবং পরিসংখ্যান সংক্রান্ত সমীক্ষার সেই ‘গোপন’ রিপোর্ট। সেখানেই দেখা যাচ্ছে, ২০১৭-১৮ সালে দেশে বেকারত্বের হার ৬.১ শতাংশ, যা গত ৪৫ বছরে সর্বোচ্চ। এই রিপোর্ট প্রকাশ না করা নিয়েই গত কয়েক দিন ধরে চলছিল বিতর্ক। অনুমতি থাকা সত্ত্বেও এই রিপোর্ট প্রকাশ না করায় বুধবারই ইস্তফা দেন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশন (এনএসসি) বা জাতীয় পরিসংখ্যান কমিশনের ভারপ্রাপ্ত প্রধান-সহ দুই সদস্য। বিষয়টি নিয়ে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ‘ এই রিপোর্ট প্রকাশের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে আমাদের হাতেই। কখন প্রকাশ করা হবে, সেই সিদ্ধান্তও আমরাই নেব।’ এই রিপোর্টে দেখা যাচ্ছে দেশে বেকারত্বের হার এখন আক্ষরিক অর্থেই আকাশচুম্বী। গ্রামের থেকে শহরাঞ্চলে বেকারত্বের হার অনেকটাই বেশি।
নরেন্দ্র মোদির অহংকে সন্তুষ্ট করতে তাঁকে ‘স্যার’ বলি: চন্দ্রবাবু নাইডু-দৈনিক আজকাল
লোকসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই বিজেপিকে আক্রমণ করতে উঠেপড়ে লেগেছে বিরোধী দলগুলি। সব রাজনৈতিক দলই চাইছে কেন্দ্র থেকে বিদায় নিক এনডিএ। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে জানান, শুধুমাত্র রাজ্যের স্বার্থে এবং মোদির অহংবোধকে পরিতৃপ্ত করতেই তিনি তাঁকে স্যার বলে ডাকেন।
অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে বুধবার আয়োজিত সর্ব দলীয় বৈঠকে বক্তব্য রাখার সময়ে চন্দ্রবাবু জানান, তিনি তাঁর যথাসাধ্য চেষ্টা করেছেন, যাতে রাজ্যের সঙ্গে ন্যায় করা হয়। তিনি এদিন বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনকেও আমি মিস্টার ক্লিনটন বলে সম্বোধন করেছিলাম, স্যার বলিনি। কিন্তু ক্ষমতায় আসার পর আমি অন্তত ১০ বার নরেন্দ্র মোদিকে স্যার বলে ডেকেছি। ভেবেছিলাম ওর অহংবোধ সন্তুষ্ট হলে রাজ্যের সঙ্গে ন্যায় করবেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, ২০১৪ সালে টিডিপি বিজেপির সঙ্গে জোট বেঁধেছিল শুধুমাত্র রাজ্যের স্বার্থে।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩১