ঢাকা সিটিতেও সংসদ নির্বাচনের মতো ভোট চান সিইসি
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৫ ফেব্রুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- ঢাকা সিটিতেও সংসদ নির্বাচনের মতো ভোট চান সিইসি-দৈনিক প্রথম আলো
- জামায়াতকে না ছাড়লে নিশ্চিহ্ন হয়ে যাবে বিএনপি: মোহাম্মদ নাসিম-দৈনিক ইত্তেফাক
- খালেদা জিয়ার মুক্তি দাবিতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ-দৈনিক নয়া দিগন্ত
- আমার তো মনে হয় মির্জা ফখরুলও শপথ নেবেন: কাদের-দৈনিক যুগান্তর
- মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ প্রধানমন্ত্রীর-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- সুপ্রিম কোর্টের নির্দেশে জয় হল সিবিআইয়ের, বললেন কেন্দ্রীয় আইনমন্ত্রী-দৈনিক আনন্দবাজার
- গ্রেপ্তার নয় রাজীব কুমারকে, নির্দেশ সুপ্রিম কোর্টের-দৈনিক আজকাল
- ও নির্দোষ’, রাজীবের পাশে দাঁড়িয়ে বার্তা মায়ের-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবর
মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ প্রধানমন্ত্রীর-দৈনিক মানবজমিন
সব ধরনের মামলা দ্রুত নিষ্পত্তি করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, অনেক মামলা সময়মতো নিষ্পত্তি হয় না। আপনারা যারা মামলাগুলো পরিচালনা করেন সেখানে অনেক ঘাটতি থাকে। এসব মামলার ওপর এমনভাবে নজরদারি করা উচিত যেন সঠিকভাবে দ্রুত নিষ্পত্তি হয়। সেলক্ষ্যে আপনাদের বোধহয় বিশেষ একটা উদ্যোগ নেয়া উচিত এবং এক্ষেত্রে আপনাদের একটা টিমই থাকা উচিত। আজ দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, অনেক সময় দেখা যায়, এফআইআর করে ফেলে রাখা হয়েছে। সেইগুলোকে চার্জশিট দেয়া, স্বাক্ষী নিয়ে আসা, মামলাগুলো সচল রাখা। এসব কিন্তু হচ্ছে না ঠিকমতো। আর কোর্টে গেলেও সেটা বছরের পর বছর আটকে থাকে।
আমার তো মনে হয় মির্জা ফখরুলও শপথ নেবেন: কাদের-দৈনিক যুগান্তর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী এলাকার জনগণের চাপে শেষ পর্যন্ত সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল তার এলাকায় (বগুড়া-৭) যেখানে তিনি নির্বাচিত হয়েছেন, তাদের চাপের মুখে কতকাল দলীয় সিদ্ধান্ত মেনে নিতে পারবেন, সেটিও তো ভেবে দেখতে হবে। আমার তো মনে হয় তিনিও সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। আর স্ট্রাটেজিক (কৌশলগত) কারণে পরে শপথ নেয়ার সিদ্ধান্ত বদলাতে পারে বিএনপি। প্রসঙ্গত, একাদশ নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করা বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট শপথ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
জামায়াতকে না ছাড়লে নিশ্চিহ্ন হয়ে যাবে বিএনপি: মোহাম্মদ নাসিম-দৈনিক ইত্তেফাক
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপি যদি জামায়াতকে ত্যাগ না করে, তাহলে রাজনীতির মাঠ থেকে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে’। তিনি বলেন, ‘আমাদের সামনে এখন চ্যালেঞ্জ হলো এ সংসদের মাধ্যমে জামায়াতকে পুরোপুরি নিষিদ্ধ করা। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। বিএনপি যদি এখন জামায়াতকে ত্যাগ না করে, তাহলে তারা চিরদিনের জন্য রাজনীতির মাঠে নিশ্চিহ্ন হয়ে যাবে। আর তারা রাজনীতির মাঠে আসতে পারবে না’।
ঢাকা সিটিতেও সংসদ নির্বাচনের মতো ভোট চান সিইসি-দৈনিক প্রথম আলো
সম্প্রতি শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতোই ঢাকা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু করতে চান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আজ মঙ্গলবার ঢাকার দুই সিটির রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী হাকিমদের নির্বাচন নিয়ে ব্রিফিং করতে গিয়ে সিইসি বলেন, ‘আমরা চাই আপনাদের পরিচালনায় ঢাকা সিটি করপোরেশন নির্বাচনও সুষ্ঠু হবে, যেমনটি হয়েছে জাতীয় সংসদ নির্বাচনে।’ রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে এই ব্রিফিং হয়। ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্রিফিংয়ে চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে আপনারা পরিশ্রম করেছেন, দক্ষতা দেখিয়েছেন এবং একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচন জাতির জন্য উপহার দিয়েছেন। এ জন্য আপনাদের মাধ্যমে আপনাদের যত সহকর্মী আছেন, তাঁদের প্রতি অভিনন্দন থাকল।’
খালেদা জিয়ার মুক্তি দাবিতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ-দৈনিক নয়া দিগন্ত
দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
আজ মঙ্গলবার দুপুর ১টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিক্ষোভ মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ফকিরাপুল হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে ঢাকা মহানগর যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সোচ্চার কন্ঠে শ্লোগান শ্লোগান দিতে থাকেন।
জাহালমের কারাভোগ দুঃখজনক: তথ্যমন্ত্রী-দৈনিক যুগান্তর
নির্দোষ হয়েও জাহালমের তিন বছর কারাভোগের ঘটনাকে দুঃখজনক ও অনভিপ্রেত বলে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। মঙ্গলবার সচিবালয়ে নাটক পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভার শুরুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। ডিরেক্টরস গিল্ডের পক্ষে মতবিনিময় সভায় ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, ডিরেক্টস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু প্রমুখ। তথ্যমন্ত্রী বলেন, দুদক ইতিমধ্যে তাদের ভুল স্বীকার করেছে। একই সঙ্গে তারা এটি নিয়ে তদন্ত করছে। দুদক একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। তারা সরকারের অধীন কোনো প্রতিষ্ঠান নয়। একজন নির্দোষ মানুষ তিন বছর কারাভোগ করলেন, এ জন্য তারা যে তদন্ত করছে, তদন্তের মাধ্যমে যারা দায়ী হিসেবে চিহ্নিত হবেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
গ্রেপ্তার নয় রাজীব কুমারকে, নির্দেশ সুপ্রিম কোর্টের-দৈনিক আজকাল
সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র এবং সিবিআই। কলকাতা পুলিসের কমিশনার রাজীব কুমারকে গ্রেপ্তার করা যাবে না। মঙ্গলবার এই নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ। শীর্ষ আদালতের আরও নির্দেশ, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৮ তারিখ। তার আগে আগামী একটি নির্দিষ্ট দিনে রাজীব কুমারকে সশরীরে হাজিরা দিতে হবে সিবিআই–এর সামনে। নিরপেক্ষ জায়গা হিসেবে মেঘালয়ের শিলং–এ সিবিআই–এর সামনে সশরীরে হাজিরা দেবেন তিনি।
কেন্দ্রের তরফে অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল সুপ্রিম কোর্টে আবেদন করেন অভিযুক্তদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করতে। তা খারিজ করে সুপ্রিম কোর্ট বলেছে, তারা কলকাতা পুলিসের কমিশনারকে নির্দেশ দেবে তিনি যেন তদন্তকারীদের পূর্ণ সহযোগিতা করেন।
দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে,‘এটা আমাদের নৈতিক জয়। এটা মানুষের জয়। আইনের জয়।’ রাজীব কুমার–সিবিআই মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়ে মেট্রো চ্যানেলের সত্যাগ্রহমঞ্চ থেকে একথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বললেন, ‘আমাদের মামলা জোরাল। আমরা কখনওই বলিনি অসহযোগিতা করব। আমরা তদন্তকারীদের পূর্ণ সহযোগিতার পক্ষে।
সুপ্রিম কোর্টের নির্দেশে জয় হল সিবিআইয়ের, বললেন কেন্দ্রীয় আইনমন্ত্রী-দৈনিক আনন্দবাজার
কোনও সরকার বা রাজনৈতিক দল নয়, সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)-রই নৈতিক জয় হয়েছে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চের মঙ্গলবারের নির্দেশের প্রেক্ষিতে এ কথা বলেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেছেন, ‘‘সুপ্রিম কোর্ট স্পষ্টই বলে দিয়েছে, সিবিআই ডাকলে জেরায় আসতে হবে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে। সেটা কলকাতায় হবে না। হবে শিলংয়ে। কেউ কেউ এটাকে তাঁদের জয় বলছেন। আমরা আর কী বলতে পারি? প্রশ্নটা হল, দু’বছরেরও বেশি সময় ধরে উনি সিবিআইয়ের জেরা এড়িয়ে চলছিলেন কেন? সিবিআই অনেক দিন ধরে চাইছিল, উনি জেরায় আসুন। সুপ্রিম কোর্ট সেই নির্দেশই দিয়েছে।’’
প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ দিন কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেছেন, ‘‘সারদা, নারদা, রোজভ্যালি কাণ্ডে কোটি কোটি গরীব মানুষ সর্বস্বান্ত হয়েছেন। তার তদন্ত হবে না? তার তদন্ত করলেই দোষ?
নিজের রাজ্যে দাঁড়ানোর জায়গা নেই তাই বাংলায় এসেছে’, যোগীকে কটাক্ষ মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন
রাজ্যে একাধিক জায়গায় বিজেপি নেতাদের জনসভা বাতিল হয়েছে। গেরুয়া শিবিরের অভিযোগ, রাজ্যের প্রশাসন অসহযোগিতা করছে। হেলিকপ্টার নামার অনুমতি দেওয়া হচ্ছে না বিজেপি নেতাদের। গেরুয়া শিবিরের এই অভিযোগ পুরোপুরি নস্যাৎ করে দিলেন মুখ্যমন্ত্রী। ধরনা মঞ্চ থেকে তিনি সাফ জানিয়ে দিলেন, তিনি কোনও রাজনৈতিক দলের সভার বিরোধী নন। কিন্তু একইসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করতেও ছাড়েননি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।
ও নির্দোষ’, রাজীবের পাশে দাঁড়িয়ে বার্তা মায়ের-দৈনিক সংবাদ প্রতিদিন
তাঁর ছেলে নির্দোষ৷ ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে৷ প্রশাসন চপার নামার অনুমতি না দেওয়ায়, বিজেপি নেতারা নিশানা করছেন রাজীব কুমারকে৷ এমনই অভিযোগ করলেন রাজীব কুমারের মা৷ উত্তরপ্রদেশের সম্বলের চন্দৌসি থেকে ছেলের পাশে থাকারই বার্তা দিলেন তিনি৷ জানালেন, তাঁর ছেলে সৎ এবং নিষ্ঠাবান একজন পুলিশ অফিসার৷ সমস্ত অভিযোগ মিথ্যা৷
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৫
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন