ফেব্রুয়ারি ০৮, ২০১৯ ১২:২০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৮ ফেব্রয়ারি শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • আজ খালেদা জিয়ার কারাবাসের এক বছর-দৈনিক ইত্তেফাক
  • বিএনপির ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের-দৈনিক ইত্তেফাক
  • ব্যাংক খাতে ২২ হাজার কোটির বেশি টাকা জালিয়াতি-দৈনিক প্রথম আলো
  • সাগরপথে মালয়েশিয়াগামী ৩০ রোহিঙ্গা উদ্ধার- দৈনিক যুগান্তর
  • বাংলাদেশ-ভারত সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ-দৈনিক মানবজমিন
  • ঋণ অবলোপনের নীতিমালা শিথিলে ঝুঁকি বাড়বে ব্যাংকিং খাতে- দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • প্রথম বৈঠকেই দাদা রাহুলের থেকে দুরত্ব বজায় রেখে বসলেন বোন প্রিয়াঙ্কা-দৈনিক আজকাল
  • কাল সিবিআই জেরা, শিলং উড়ে গেলেন রাজীব কুমার, সঙ্গে আরও তিন পুলিশকর্তা-আনন্দবাজার
  • কলকাতায় গরুর দুধের চেয়ে মূত্রের দাম বেশি!-দৈনিক আনন্দবাজার
  • ফাঁস রাফালে সংক্রান্ত গোপন নথি, ‘মোদি চোর’ আক্রমণ রাহুলে-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. ইরানের ইসলামী বিপ্লবের ৪০তম বার্ষিকী ১১ ফেব্রুয়ারি উদযাপন করা হবে। এই যে বিপ্লব সফল হলো- এর প্রধান অর্জনটা কী?

২. আপনি কী মনে করেন ইসলামি বিপ্লব তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে? 

বিশ্লেষণের বাইরের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

ব্যাংক খাতে ২২ হাজার কোটির বেশি টাকা জালিয়াতি-দৈনিক প্রথম আলো

ব্যাংক খাতে ২২ হাজার কোটির বেশি টাকা জালিয়াতি

দেশের ব্যাংক খাতের স্বাস্থ্য ভালো নেই। ব্যাংক খাতকে যদি একটি দেশের অর্থনীতির হৃৎপিণ্ড ধরা হয়, তাহলে সেখানে রক্তক্ষরণ ঘটছে অনেক দিন ধরে। অর্থনীতিবিদেরা মনে করেন, ব্যাংক খাতের দুর্নীতি ক্যানসারের মতো, একবার দেখা দিলে তা ছড়িয়ে পড়ে গোটা অর্থনীতিতে। গত ১০ বছরে ব্যাংক খাত থেকে জালিয়াতি হয়েছে সাড়ে ২২ হাজার কোটি টাকার বেশি অর্থ।

এমনটাই হয়েছে গত এক দশকে। সরকারি ব্যাংকের সমস্যা ছড়িয়ে পড়ছে বেসরকারি ব্যাংকেও। নিয়ম না মেনে ঋণ বিতরণ, বেনামি ঋণ, সুশাসনের অভাব—এসবই ব্যাংক খাতের সামগ্রিক চিত্র। এর মধ্যেও অবশ্য ভালো চলছে হাতে গোনা কয়েকটি ব্যাংক, বাকিরা নানা সংকটে। ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা করাই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।চ্যালেঞ্জ ব্যাংক খাতের নেতৃত্ব নিয়েও। অর্থ মন্ত্রণালয় বা বাংলাদেশ ব্যাংকও নয়, ব্যাংক খাতের ওপর এখন একক নিয়ন্ত্রণ বেসরকারি ব্যাংকমালিকদের সংগঠনের। তাদের ইচ্ছাতেই বদলে যাচ্ছে ব্যাংক কোম্পানি আইন, কেন্দ্রীয় ব্যাংকের নীতি। এখন আবার বাংলাদেশ ব্যাংকের ওপর আছে নতুন ব্যাংক অনুমোদনের চাপ।

সম্প্রতি দৈনিকটিতে প্রকাশিত অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে ২০১৫ সালে প্রায় ৫০ হাজার কোটি টাকা পাচার হওয়ার তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি (জিএফআই)। সংস্থাটি গতকাল সোমবার বৈশ্বিকভাবে ১৪৮টি দেশের অর্থ পাচারের তথ্য প্রকাশ করেছে।

আজ খালেদা জিয়ার কারাবাসের এক বছর-দৈনিক ইত্তেফাক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

কারাগারে এক বছর পূর্ণ হলো সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার। পুরানো ঢাকার নাজিমউদ্দীন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগারের একমাত্র কয়েদী খালেদা জিয়া। গত বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের প্রেক্ষিতে কারাগারে প্রেরণ করা হয় তাকে। সেই থেকে তিনি বন্দি জীবন কাটাচ্ছেন। খালেদা জিয়ার বয়স ৭৩ বছর। অসুস্থ শরীর। একা চলতে পারেন না। আদালতে বা হাসপাতালে আনতে গেলে হুইল চেয়ারই ভরসা।

তার আইনজীবীরা বলছেন, কারামুক্ত হতে চারটি মামলায় জামিন পেতে হবে। জিয়া অরফানেজ মামলায় হাইকোর্টের ১০ বছরের সাজার রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করা হলে জামিন আবেদন করবেন তার আইনজীবীরা। চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাইকোর্টে করা আপিলের জামিন আবেদন করা হয়েছে। এ ছাড়া কুমিল্ল­ার হত্যা মামলা ও মানহানির একটি মামলায় তার জামিন হয়নি এখনো। এসব মামলার ১৬টি অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। উচ্চ আদালতে ১১টির বিচার স্থগিত আছে। আর বাকি ২০টি মামলার কোনোটিতে অভিযোগপত্র জমা পড়েছে, কোনোটি তদন্তের পর্যায়ে আছে। গতকালও একটি মামলায় বিশেষ আদালতে হাজির করা হয় বেগম জিয়াকে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, আইনের সাধারণ প্রক্রিয়ায় খালেদা জিয়াকে মুক্ত করা কঠিন হবে। খালেদা জিয়াকে মুক্ত করার একমাত্র উপায় রাজপথ উত্তপ্ত করা। যতদিন পর্যন্ত রাজপথ উত্তপ্ত না হবে, ততদিন পর্যন্ত খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ায় জেল থেকে বের করা যাবে না। এটি আমার দৃঢ় বিশ্বাস। তিনি বলেন, আইনী প্রক্রিয়ায় খালেদা জিয়াকে মুক্ত করা এইজন্য কঠিন যে, বর্তমান সরকার সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। সরকারের সদিচ্ছা ছাড়া তাকে মুক্ত করা যাবে না। রাজনৈতিক কারণেই তার বিরুদ্ধে একের পর এক মামলা হয়েছে। এই মামলাগুলোর যতটা না আইনী ভিত্তি রয়েছে, তার চেয়ে বড় উদ্দেশ্য হলো রাজনৈতিক প্রতিহিংসা।

‘খালেদা জিয়ার জেলে থাকার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই’-দৈনিক মানবজমিন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

দুর্নীতির মামলায় কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জেলে থাকার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি। তার জেলে থাকার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।

বিএনপির ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের-দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে দলের নেতাদের ঝুঁকি নেওয়ার সাহস নেই, সে দলের ভবিষ্যৎ অন্ধকার। বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, যে দলের রাজনীতি যখন সংকটের মধ্যে থাকে, তখন ঝুঁকি নেওয়ার সাহস যে নেতাদের নেই, তারা কোনো দিনও দলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না।বিএনপির আন্দোলনে মানুষের সমর্থন নেই মন্তব্য করে তিনি বলেন, বিএনপির আন্দোলনের ইস্যু তামাদি হয়ে গেছে। তারা আন্দোলনের ডাক দিলেও জনগণ এখন সাড়া দেবে না। তিনি আরো বলেন, বিএনপি এখন দুর্নীতি ও সন্ত্রাসের জন্য দেশ-বিদেশে ইমেজ সংকটে আছে। তাদের এখন প্রথম কাজ হচ্ছে, তাদের ইমেজ সংকট দূর করা।

সাগরপথে মালয়েশিয়াগামী ৩০ রোহিঙ্গা উদ্ধার-দৈনিক যুগান্তর

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় নারী ও শিশুসহ ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতি রাত ও শুক্রবার ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফেটেন্যান্ট কর্নেল আছাদুদ-জ্জামান চৌধুরী। এ সময় বাংলাদেশি দুই দালালকে আটক করা হয়েছে বলে জানান তিনি। বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপের গোলারচর থেকে ১২ রোহিঙ্গা উদ্ধার ও একজন দালালকে আটক করা হয়। অন্যদিকে শুক্রবার ভোরে নোয়াখালীপাড়া উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে ১৮ রোহিঙ্গা উদ্ধার ও একজন দালালকে আটক করা হয়।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

কলকাতায় গরুর দুধের চেয়ে মূত্রের দাম বেশি!-দৈনিক আনন্দবাজার

গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের মতো রাজ্যকে অনুসরণ করে পশ্চিমবঙ্গ তথা কলকাতায় গত তিন-চার বছরে তুঙ্গে উঠেছে গোমূত্রের বিক্রি। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে গোমূত্র চিকিৎসা ক্লিনিক। বিক্রি হচ্ছে গোমূত্র ক্যাপসুল এবং ডিস্টিল্ড ও মেডিকেটেড গোমূত্র। ক্রেতাদের এতই চাহিদা যে, ব্যবসায়ীরা দুধের চেয়েও কয়েকগুণ বেশি দামে গোমূত্র বিক্রি করছেন। 

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, আধুনিক চিকিৎসাশাস্ত্র গোমূত্রের রোগ প্রতিরোধক গুণের দাবিকে বিন্দুমাত্র স্বীকৃতি না দিলেও গোমূত্র বিক্রি প্রতি বছর ২০-২৫ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। ন্যাশনাল মেডিক্যাল কলেজে ফার্মাকোলজির শিক্ষক স্বপন জানার বলেন, এর পুরোটাই ভ-ামি। গাছগাছালি থেকে রাসায়নিক বের করে ওষুধ হতে পারে। তার ফার্মাকো কাইনেটিক্স ও ডায়নামিক্স রয়েছে।

গোমূত্রের এমন কিছুই নেই। অথচ কলকাতা শহরে এর চাহিদা দেখে অন্য রাজ্যের নামী গোশালা থেকে গোমূত্র আনিয়ে ব্যবসা করছেন একাধিক এজেন্ট। গোমূত্র ব্যবসায়ী ললিত আগরওয়াল বলেন, গত কয়েক বছরে এখানে গোমূত্রের চাহিদা পাঁচ গুণ বেড়েছে। মাসে প্রায় ১০ হাজার লিটার গোমূত্র বিক্রি হয় পশ্চিমবঙ্গে। এ রাজ্যে তেমন উৎপাদন নেই। তাই আমরা নাগপুর থেকে আনিয়ে দিই। ললিত জানান,এক লিটার গোমূত্রের দাম ৩৫০ টাকা। আর ওখান থেকে আনা দুধ আমরা বিক্রি করি ১৫০ টাকা লিটারে। সাধারণত কলকাতায় গরুর দুধ লিটার প্রতি ৩৫-৪৮ টাকার মধ্যে মেলে। তার প্রায় দ্বিগুণেরও বেশি দামে বিক্রি হচ্ছে গোমূত্র।

ফাঁস রাফায়েল সংক্রান্ত গোপন নথি, ‘মোদি চোর’ আক্রমণ রাহুলে-দৈনিক সংবাদ প্রতিদিন

আবারও রাফায়েল ইস্যুকে কেন্দ্রের মোদি সরকারকে কড়া আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ ইংরেজি দৈনিক ‘দি হিন্দু’তে ফাঁস হওয়া একটি গোপন নথিকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘চোর’ বলে আক্রমণ করলেন তিনি৷ অভিযোগ করলেন, প্রতিরক্ষা মন্ত্রককে অন্ধকারে রেখে রাফায়েল যুদ্ধবিমান কেনার জন্য সমান্তরাল দরাদরি চালিয়েছেন প্রধানমন্ত্রী৷ বায়ুসেনার ৩০ হাজার কোটি টাকা চুরি করেছেন মোদি৷ সেই টাকা তিনি তুলে দিয়েছেন ‘বন্ধু’ অনিল আম্বানির হাতে৷ পাশাপাশি, আবারও কংগ্রেস সভাপতি দাবি জানালেন, রাফালে ইস্যুতে সংসদীয় কমিটির তদন্ত হওয়া প্রয়োজন৷

রাফায়েল যুদ্ধবিমান সংক্রান্ত একটি প্রতিবেদনে চাঞ্চল্যকর অভিযোগ করেছে সংবাদপত্র ‘দ্য হিন্দু’৷ ওই প্রতিবেদনে প্রকাশিত হয়েছে ২০১৫-র ২৪ নভেম্বর প্রধানমন্ত্রীর দপ্তরকে লেখা প্রতিরক্ষা মন্ত্রকের একটি গোপন চিঠি৷ যেখানে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রক এবং নেগোসিয়েশন টিমকে অন্ধকারে রেখে রাফায়েল যুদ্ধবিমানের দামের বিষয়ে ফ্রান্সের সঙ্গে সমান্তরাল দরাদরি চালিয়েছেন প্রধানমন্ত্রী৷

প্রথম বৈঠকেই দাদা রাহুলের থেকে দুরত্ব বজায় রেখে বসলেন বোন প্রিয়াঙ্কা-দৈনিক আজকাল

রাজনীতিবিদ হিসাবে তাঁর প্রথম বৈঠক। বৃহস্পতিবার কংগ্রেসের সদর দপ্তরে দলের অন্যান নেতা–নেত্রীদের সঙ্গে আলোচনায় বসেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। অথচ এদিনই কংগ্রেস সভাপতি তথা দাদা রাহুল গান্ধীর থেকে বেশ খানিকটা দুরত্ব বজায় রেখে বসেছিলেন বোন প্রিয়াঙ্কা। তাঁকে পশ্চিম উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পাশে বসতে দেখা যায়। কিন্তু দাদার থেকে কেন এই দুরত্ব প্রিয়াঙ্কার? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, একটি সঙ্গত কারণেই দাদা রাহুল গান্ধীর থেকে একটি আসন পরে তিনি বসবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইসিসির অন্যান্য সাধারণ সম্পাদকদের মতোই প্রিয়াঙ্কা গান্ধীকেও সমান গুরুত্বপূর্ণ বোঝাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ৪৭ বছরের প্রিয়াঙ্কাকে ২৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নিয়ে আসেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সূত্রের খবর, উত্তরপ্রদেশের ৮০ টি লোকসভা কেন্দ্রের ৪৪ টির দায়িত্বে থাকবেন প্রিয়াঙ্কা, বাকি আসনগুলির দায়িত্বে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮