মার্চ ০১, ২০১৯ ১৫:৫৬ Asia/Dhaka
  • মিয়ানমারের আর কোনো নাগরিককে আশ্রয় দেবে না বাংলাদেশ

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১ মার্চ শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ভোটার কম হওয়ার পেছনে ৫ কারণ: কাদের/প্রথম আলো
  • পত্রিকাটির আরেকটি শিরোনাম ৩১ শতাংশ ভোট সরকারের ‘সিস্টেমে: মোশাররফ।
  • ঘুষ-দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারবে না: গণপূর্তমন্ত্রী /যুগান্তর
  • মিয়ানমারের আর কোনো নাগরিককে আশ্রয় দেবে না বাংলাদেশ: মানবজমিন
  • টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ এক রাতেই ৪ জন নিহত - নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • অভিনন্দনের মুক্তি,তাই আজ ওয়াঘায় বন্ধ ‘বিটিং দ্য রিট্রিট’অভিনন্দনের অপেক্ষায় গোটা ভারত। আনন্দবাজার পত্রিকা
  • অভিনন্দনকে ফেরাতে বিশেষ বিমান নয়, ভারতের আবেদন খারিজ পাকিস্তানের
  • দেশবিরোধী কাজে যুক্ত থাকায় কাশ্মীরে নিষিদ্ধ জামাত, রাডারে হুরিয়তও: সংবাদ প্রতিদিন

এবারে বিস্তারিত খবরে যাওয়া যাক।

ভোটার কম হওয়ার পেছনে ৫ কারণ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এই মন্তব্যকে শিরোনাম করে প্রথম আলো লিখেছে: ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ বলতে গিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,ভোটের দিন ছুটি ছিল। অনেক ভোটার বাড়ি চলে গেছেন। বড় একটি দল অংশ নেয়নি। দিনের শুরু থেকে বৃষ্টির বাগড়া ছিল। তা ছাড়া এটা একটি উপনির্বাচন। সব মিলিয়ে ভোটারদের উপস্থিতি কম ছিল।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আজ রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।

৩১ শতাংশ ভোট সরকারের সিস্টেমে: মোশাররফ

খন্দকার মোশাররফ হোসেন

বিস্তারিত খবরে প্রথম আলো জানিয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন (ডিএনসিসি) জনগণ প্রত্যাখ্যান করে ভোটের প্রতি অনাস্থা জানিয়েছে। তাঁর অভিযোগ, ঢাকার দুই সিটির নির্বাচনে যে ৩১ শতাংশ ভোট পড়েছে বলা হচ্ছে,সেটাও সরকার ‘সিস্টেমের’মাধ্যমে সম্পূর্ণ করেছে।

ঘুষ-দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারবে না: গণপূর্তমন্ত্রী

শ ম রেজাউল করিম

যুগান্তর এই আশাব্যঞ্জক বক্তব্যটি তুলে ধরে লিখেছে,গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন,এলাকার উন্নয়নই আমার মূল লক্ষ্য। তাই কোনো ঘুষ,দুর্নীতি ও কমিশনবাণিজ্য আমাকে স্পর্শ করতে পারবে না।

আজ পিরোজপুরের নাজিরপুর উপজেলার বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৫৬তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অভিভাবকদের কাছে আমার আহ্বান- বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আপনাদের সন্তানদের আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলুন।

ভারত ও পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান চীনের: ইত্তেফাক

পাকিস্তান ও ভারতকে শান্ত থাকার আহ্বান চীনের

পত্রিকাটি আরও লিখেছে,পুলওয়ামায় হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

উত্তেজনা এড়িয়ে পাকিস্তান ও ভারতকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। স্বল্প পরিসরের বিমানযুদ্ধ সর্বাত্মক লড়াইয়ে রূপ নিতে পারে এমন আশংকার প্রেক্ষাপটে কাশ্মীর সংকট প্রশ্নে পাকিস্তানী পররাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি তার ‘গভীর উদ্বেগের’ কথা ব্যক্ত করেন। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা বলা হয়।

মিয়ানমারের আর কোনো নাগরিককে আশ্রয় দেবে না বাংলাদেশ

মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা

মানবজমিন আরও লিখেছে,মিয়ানমার থেকে আর কোনো শরণার্থী নিতে পারবে না বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ। সামরিক বাহিনীর সহিংসতার মুখে ৭ লক্ষাধিক রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়ার ১৮ মাস পর এ সিদ্ধান্ত জানাল বাংলাদেশ।

টেকনাফে বন্দুকযুদ্ধেএক রাতেই ৪ জন নিহত - নয়া দিগন্ত

টেকনাফে ইয়াবা কারবারির সঙ্গে বন্দুকযুদ্ধ

পত্রিকাটি বিস্তারিত খবরে জানিয়েছে,দেশের দক্ষিণ সীমান্ত উপজেলা কক্সবাজারের টেকনাফে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাথে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ চারজন ইয়াবা কারবারি নিহত হয়েছেন।

আজ ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বরতলী এলাকায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন দুইজন। নিহতরা মাদক কারবারি ছিল বলে পুলিশ দাবি করেছে।

এদিকে টেকনাফের নাজিরপাড়ার মগপাড়া এলাকায় বিজিবির সাথে বন্দুকযুদ্ধে আরো দুজন নিহত হয়েছেন। তারাও ইয়াবা কারবারি বলে বিজিবি সূত্রের দাবি।

এবারে ভারতের কয়েকটি খবর বিস্তারিত জানা যাক।

অভিনন্দনের মুক্তি,তাই আজ ওয়াঘায় বন্ধ ‘বিটিং দ্য রিট্রিট’ অভিনন্দনের অপেক্ষায় গোটা ভারত

অভিনন্দন বর্তমান

আনন্দবাজার পত্রিকা বিস্তারিত খবরে লিখেছে,ভারতের পথে রওনা দিয়েছেন বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। ভারতীয় বায়ুসেনা সূত্রে খবর, ইসলামাবাদ থেকে সড়কপথে তাঁকে নিয়ে আসা হচ্ছে লাহৌরে। অভিনন্দনকে মুক্তি দেওয়া হবে ওয়াঘা-আতারি সীমান্তে। তারপর তাঁকে অমৃতসর হয়ে দিল্লিতে নিয়ে যাওয়া হবে।

অভিনন্দনের মুক্তির খবর পেয়েই সকাল থেকে ওয়াঘা সীমান্তে হাজির হয়েছেন কয়েকশো মানুষ। সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন মুক্তি দেওয়া হবে অভিনন্দনকে।

অভিনন্দন বর্তমানের মুক্তির বিষয়টির কথা বিবেচনা করেই আতারি সীমান্তে ‘বিটিং দ্য রিট্রিট’ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ।

অভিনন্দনকে ফেরাতে বিশেষ বিমান নয়,ভারতের আবেদন খারিজ পাকিস্তানের : আজকাল

অভিনন্দন

দৈনিকটি লিখেছে,ওয়াঘা সীমান্ত দিয়ে আজই ফিরবেন ভারতীয় বায়ু সেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। পাকিস্তানের প্রধানমন্ত্রী বৃহস্পতিবারই তাঁকে ভারতের হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করেন সংসদে। বন্দী অভিনন্দনকে ফেরাতে ভারত চেয়েছিল বিশেষ বিমানের বন্দোবস্ত করতে। সেই বিমানে করেই তাঁকে ফিরিয়ে নিয়ে আসা হবে কিন্তু পাকিস্তান সেই অনুমতি দেয়নি এবং ভারতের আবেদন খারিজ করে দিয়েছে।

দেশবিরোধী কাজে যুক্ত থাকায় কাশ্মীরে নিষিদ্ধ জামাত, রাডারে হুরিয়তও: সংবাদ প্রতিদিন

ইয়াসিন মালিক, আলী শাহ গিলানি ও মীর ওয়াইজ ওমর ফারুক

পত্রিকাটি জানিয়েছে, সামাজিক ও ধর্মীয় সংগঠন জামাত-ই-ইসলামি জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ইতিমধ্যেই কঠোর পদক্ষেপ নিয়েছে কেন্দ্র৷ দেশবিরোধী কাজে যুক্ত থাকার প্রমাণ মেলায়,এই সংগঠনকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ সূত্রের খবর কেবল জামাত নয়,স্বরাষ্ট্রমন্ত্রকের রাডারে রয়েছে হুরিয়ত কনফারেন্সের মতো বিচ্ছিন্নতাবাদী সংগঠনও৷ তদন্তকারীরা জানতে পেরেছেন, একাধিক জঙ্গিমূলক ও দেশবিরোধী কাজের সঙ্গে যোগ রয়েছে জামাতের৷ এবং এই জামাতই তৃণমূল স্তরে হুরিয়তের হয়ে কাজ করছে৷

পার্সটুডে/নাসির মাহমুদ/১/১১৯৩

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন