কৃষি জমি নষ্ট করা যাবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৩১ মার্চ রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশে:
- ‘বনানী অগ্নিকাণ্ডে সবারই কমবেশি অবহেলা আছে-দৈনিক প্রথম আলো
- কৃষি জমি নষ্ট করা যাবে না: প্রধানমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
- প্রধানমন্ত্রীর নিকট ডিএনসিসি মার্কেট ব্যবসায়ীদের দাবি-দৈনিক যুগান্তর
- এফ আর টাওয়ার কিছুটা হেলে পড়েছে:-দৈনিক ইত্তেফাক
- বাকশালের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি আওয়ামী লীগ: হানিফ-মানবজমিন
- পা হারানো রাসেলকে ৫০ লাখ টাকা দেওয়ার আদেশ বহাল-এনটিভিবিডি
ভারতের খবর:
- রাজস্থানে ভেঙে পড়ল মিগ ২৭ যুদ্ধবিমান, রুটিন নজরদারিতে গিয়ে দুর্ঘটনা-দৈনিক আনন্দবাজার পত্রিকা .পড/ -দৈনিক আনন্দবাজার পত্রিকা
- দেনার বেশিই তো আদায় করেছে কেন্দ্র, মোদিকে ঠুকে বিস্ফোরক মালিয়া-দৈনিক আজকাল-দৈনিক আজকাল
- জল্পনার অবসান, আমেঠির পাশাপাশি কেরল থেকেও লড়বেন রাহুল-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ
‘বনানী অগ্নিকাণ্ডে সবারই কমবেশি অবহেলা আছে-দৈনিক প্রথম আলো
রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজউক, ভবন মালিক, আবাসন ব্যবসায়ীসহ সবারই কমবেশি অবহেলা আছে বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়েছে। আজ রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিং করেন পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা পুলিশের প্রধান আবদুল বাতেন।

ব্রিফিংয়ে বলা হয়, এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রকৃত গাফিলতি কোথায়, আগুন লাগলে বের হওয়ার নির্গমন পথ ওই ভবনে ছিল কি না, আগুন লাগার পর ব্যবস্থা নেওয়ার জন্য যেসব যন্ত্র দরকার সেগুলো ওই ভবনে ছিল কি না, আগুন লাগলে কর্মীরা কী করবেন সে প্রশিক্ষণ ছিল কি না, বিল্ডিং কোড মানা হয়েছে কি না-সব খতিয়ে দেখা হবে। তবে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, রাজউক, ভবন মালিক, আবাসন ব্যবসায়ীসহ এখানে কমবেশি সবারই অবহেলা ছিল।
কৃষি জমি নষ্ট করা যাবে না: প্রধানমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেখানে সেখানে শিল্প কারখানা স্থাপন করে কৃষি জমি নষ্ট করা যাবে না। আজ রবিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শিল্প মেলা-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, যেখানে-সেখানে শিল্প প্রতিষ্ঠান নির্মাণ করে কৃষি জমি নষ্ট হোক, তা সরকার চায় না। কিন্তু কৃষি পণ্যের সঠিক ব্যবহারের জন্য শিল্পও দরকার; সেদিকেও গুরুত্ব দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, শিল্পায়ন ছাড়া কর্মসংস্থান সম্ভব নয়। এজন্য দরকার কৃষিনির্ভর শিল্প। কৃষি ও খাদ্যপণ্য উৎপাদন শিল্পের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি। শেখ হাসিনা বলেন, একজন মানুষও বেকার থাকবে না। ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করার প্রবণতা শিল্পের বিকাশকে বাধাগ্রস্ত করে; এ প্রবণতা বন্ধ করতে হবে।
প্রধানমন্ত্রীর নিকট ডিএনসিসি মার্কেট ব্যবসায়ীদের দাবি-দৈনিক যুগান্তর
আগুনে পুড়ে যাওয়া মার্কেট দ্রুত সংস্কার করতে গুলশান ১নং ডিএনসিসি কাঁচা ও সুপার মার্কেটের ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের কাছে দাবি জানিয়েছেন। রোববার দুপুর পৌনে ১২টায় গুলশানের ডিএনসিসি মার্কেটের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি দীন মোহাম্মদ বলেন, আমরা ব্যবসায়ীরা সবকিছু হারিয়ে নিঃস্ব। সামনে ঈদ আসছে যদি আগামী ১৫ দিনের মধ্যে ডিএনসিসি মার্কেটে ব্যবসা করার উপযোগী করা না হয়, তাহলে আমাদের না খেয়ে মরতে হবে। তাই অনুরোধ করব, স্থায়ী বা অস্থায়ী যেভাবেই হোক, আমাদের দ্রুত ব্যবসা করার সুযোগ করে দিতে হবে।
এফ আর টাওয়ার কিছুটা হেলে পড়েছে:-দৈনিক ইত্তেফাক
রাজধানীর বনানীতে অগ্নিকাণ্ডের পর এফ আর টাওয়ার কিছুটা হেলে পড়েছে। ভবনের ভিতরে কলাম ও স্ল্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটির সংস্কার না করা পর্যন্ত ব্যবহার করা যাবে না। রবিবার সকাল ১১টার দিকে এফআর টাওয়ারের ব্যবহারের উপযোগিতা খতিয়ে দেখে বিশেষজ্ঞ তদন্ত কমিটির সদস্যরা প্রাথমিকভাবে এ মন্তব্য করেন।

কমিটির সদস্য ও বুয়েটের শিক্ষক মেহেদী আহমেদ আনসারী সাংবাদিকদের জানান, দেশের ইমারত নির্মাণ বিধিমালা ও ফায়ার সেফটি কোড অনুযায়ী সংস্কার ছাড়া ভবনটি ব্যবহার করা যাবে না। ভবনে কলাম ও স্ল্যাব ভেঙেছে এবং এটি কিছুটা হেলেও পড়েছে। এই ভবন সংস্কারে কমপক্ষে তিন মাস লাগবে।
বাকশালের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি আওয়ামী লীগ: হানিফ-মানবজমিন
বাকশাল আসবে কি-না এমন কোন সিদ্ধান্ত নেয়নি আওয়ামী লীগ। এ কথা জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফ। ‘বর্তমান সরকার আবারও বাকশাল কায়েমের তোড়জোড় করছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের প্রেক্ষিতে আজ আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুপস্থিতিতে এটি সম্পাদকমণ্ডলীর প্রথম সভা।
রাজউকের ৬৬ ভাগ ভবনই অপরিকল্পিত : গণপূর্তমন্ত্রী-এনটিভিবিডি
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অধীনে রাজধানী ঢাকা ও তার আশপাশের এলাকায় ৬৬ শতাংশ ভবনই অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম। বার্তা সংস্থা ইউএনবির সঙ্গে এক সাক্ষাৎকারে মন্ত্রী এ তথ্য দেন বলে আজ রোববারের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে ২৬ জন নিহতের ঘটনার পর মন্ত্রীর কাছে থেকে এই তথ্য এলো। ঝুঁকিপূর্ণ ভবন ও যাঁরা বিল্ডিং কোড মানেননি, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী রেজাউল করিম।

তিনি বলেন, ‘এরই মধ্যে কিছু ভবনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া কিছু ভবন রয়েছে, যেগুলো সংস্কার করা হবে বলে জানিয়েছে মালিকরা।’ মন্ত্রী আরো বলেন, যদি কোনো ভবন অবৈধভাবে তৈরি করা হয়, তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়ী করে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ব্যবস্থা নিলে তাঁদের মধ্যে দায়বদ্ধতা তৈরি হবে। এ ছাড়া এ ধরনের পদক্ষেপের মাধ্যমে অবৈধভাবে ভবন তৈরির মানসিকতাও পরিবর্তন হবে বলে জানান তিনি।
এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি
রাজস্থানে ভেঙে পড়ল মিগ ২৭ যুদ্ধবিমান, রুটিন নজরদারিতে গিয়ে দুর্ঘটনা-দৈনিক আনন্দবাজার পত্রিকা
ফের ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান মিগ ২৭। রবিবার রাজস্থানের সিরোহিতে এই দুর্ঘটনাটি ঘটেছে। রুটিন টহল দেওয়ার সময় ভেঙে পড়েছে যুদ্ধবিমান মিগ ২৭, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সংবাদসংস্থা সূত্রে।

যোধপুরে বায়ুসেনা ঘাঁটি থেকে বেরিয়ে ১৮০ কিলোমিটার ওড়ার পর রাজস্থানেরই শিরোহি এলাকায় ভেঙে পড়ে মিগ ২৭। গত ফেব্রুয়ারিতেই রাজস্থানের জয়শলমিরে ভেঙে পড়েছিল আরও একটি মিগ ২৭ যুদ্ধবিমান। প্রশিক্ষণের কাজ চলার সময়ই সেই দুর্ঘটনাটি ঘটেছিল। সেই দুর্ঘটনাতেই নিরাপদে ভেঙে পড়া যুদ্ধবিমান থেকে বাইরে বেরিয়ে আসতে পেরেছিলেন যুদ্ধবিমানের পাইলট।
দেনার বেশিই তো আদায় করেছে কেন্দ্র’, মোদিকে ঠুকে বিস্ফোরক মালিয়া-দৈনিক আজকাল
তাঁর যত টাকার দেনা ছিল ভারতের ব্যাঙ্কগুলিতে তার থেকে অনেক বেশি আদায় করে নিয়েছে কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে ফের এই বিস্ফোরক মন্তব্যই করলেন পলাতক শিল্পপতি বিজয় মালিয়া। রবিবার প্রধানমন্ত্রীর করা একটি বক্তব্যের অংশ উদ্ধৃত করে মালিয়া সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, ব্যাঙ্কগুলিতে আমার যত টাকার দেনা ছিল, তার থেকে বেশি অর্থ আদায় করে নিয়েছে তাঁর সরকার। ১৯৯২ থেকে আমি ইংল্যান্ডের বাসিন্দা। সেকথা অস্বীকার করে বিজেপি এটা বলা উচিত মনে করেছে যে, আমি পালিয়ে গিয়েছি।’
প্রসঙ্গত, শনিবার একটি সর্বভারতীয় টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সন্তোষপ্রকাশ করে মোদি বলেছিলেন, বিজয় মালিয়ার প্রত্যর্পণ মামলা এখন চূড়ান্ত পর্যায়ে। এমনকি সরকার তাঁর দেনার টাকাও সম্পূর্ণ আদায় করে নিয়েছে। কারণ মালিয়া ব্যাঙ্কগুলি থেকে ৯০০০ কোটি টাকা ঋণ নিয়েছিল।
জল্পনার অবসান, আমেঠির পাশাপাশি কেরল থেকেও লড়বেন রাহুল-দৈনিক সংবাদ প্রতিদিন
বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিল। আমেঠির পাশাপাশি কোনও নিরাপদ আসনে লড়তে পারেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেই জল্পনাতেই সিলমোহর দিল কংগ্রেস হাইকম্যান্ড। কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠকে জানিয়ে দেওয়া হল, দুটি আসনে লড়ার ব্যপারে সম্মতি দিয়েছেন কংগ্রেস সভাপতি। আমেঠির পাশাপাশি, কংগ্রেস সভাপতি লড়বেন কেরলের ওয়ানাড় থেকে।

তিনবার উত্তরপ্রদেশের আমেঠি থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন রাহুল। গতবার আমেঠিতে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। রাহুলের কাছে পরাজিত হওয়ার পরও লড়াই ছাড়েননি স্মৃতি। আমেঠিতে মাটি কামড়ে লড়াই করছেন তিনি। নিজের সাংসদ (রাজ্যসভার) তহবিলের অধিকাংশ টাকাই তিনি ব্যয় করেছেন আমেঠিতে। তাই মনে করা হচ্ছে, নিজের কেন্দ্রে এবার রাহুলের লড়াইটা কঠিন। স্মৃতি ইরানি এবারেও রাহুলের প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ইতিমধ্যেই হুঙ্কার ছেড়েছেন, আমেঠি থেকে রাহুলের বিদায় ঘণ্টা বাজাবেন। তাই আরেকটি আসন খুঁজছেন কংগ্রেস সভাপতি, যেখানে জয় নিশ্চিত হবে৷#
পার্সটুডে/বাবুল আখতার/৩১