এপ্রিল ২৬, ২০১৯ ১১:২৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৬ এপ্রিল শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • শপথ নিচ্ছেন বিএনপির আরও ৪ জনপ্রতিনিধি-দৈনিক যুগান্তর
  • আজ থেকে বন্ধ ২০ লাখ সিম-দৈনিক ইত্তেফাক
  • শপথ নিতে সরকারের চাপ আছে: ফখরুল-দৈনিক প্রথম  আলো
  • স্বপদে চাকরি ফিরে পেলেন সেই জাহালম-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  • ‘গেট আউট' মোকাব্বির যোগ দিলেন গণফোরামের কাউন্সিলে-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • অমিত শাহের হুঁশিয়ারি, এনআরসি-র আতঙ্কে ভুগছে চন্দ্রকোনার শতাধিক পরিবার-দৈনিক সংবাদ প্রতিদিন
  • ঋণখেলাপিদের তালিকা প্রকাশ করতে হবে, রিজার্ভ ব্যাঙ্ককে ‘শেষ সুযোগ’ দিল সুপ্রিম কোর্ট-দৈনিক আনন্দবাজার
  • মোদি ফের ক্ষমতায় এলে তার জন্য দায়ী থাকবেন রাহুল গান্ধী:‌ কেজরিওয়াল-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

বিএনপি থেকে নির্বাচিত-শপথ নিতে সরকারের চাপ আছে: ফখরুল-দৈনিক প্রথম  আলো

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদে না যাওয়ার যে সিদ্ধান্ত বিএনপির নেওয়া ছিল, সেটাই বহাল আছে। এ বিষয়ে আর কোনো দ্বিমত থাকার কথা নয়। দলের সিদ্ধান্ত যারা ভাঙবেন, তাঁদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বিএনপির নির্বাচিতরা যেন শপথ নেন, সেজন্য সরকারের চাপ আছে। আজ চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, জাহিদুর রহমান শপথ নিয়েছেন দলের সিদ্ধান্ত ভঙ্গ করে। এটা অন্যায়, অপরাধ করেছেন। এ জন্য তাঁর বিরুদ্ধে সংগঠন ব্যবস্থা নেবে। -দৈনিক প্রথম আলো

শপথ নিচ্ছেন বিএনপির আরও ৪ জনপ্রতিনিধি-দৈনিক যুগান্তর

বিএনপি একাদশ সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নিলেও শপথ নিচ্ছেন দলটির নির্বাচিত জনপ্রতিনিধিরা। ইতিমধ্যে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান শপথ নিয়ে নিয়েছেন। তার পথ অনুসরণ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকি চার নির্বাচিত জনপ্রতিনিধিও শপথ নিচ্ছেন। বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে।

‘গেট আউট’ মোকাব্বির যোগ দিলেন গণফোরামের কাউন্সিলে-দৈনিক মানবজমিন

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদের যোগ দেয়ায় গণফোরামের কার্যালয় থেকে মোকাব্বির খানকে ‘গেট আউট’ বলে বের করে দিয়েছিলেন দলটির সভাপতি ড. কামাল হোসেন। তবে সেই মোকাব্বির খান গণফোরামের জাতীয় কাউন্সিলে আজ যোগ দিয়েছেন। তবে মোকাব্বির খানের যোগ দেয়ার বিষয়ে দলটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক বলেছেন, মোকাব্বির খান ড. কামালের নির্দেশেই সংসদে শপথ নিয়েছেন। পথিক আরো বলেন, ড. কামাল অফিসে আসলে মোকাব্বিরকে বের করে দেন। আবার বাসায় গেলে সংসদে যাওয়ার কথা বলেন। এটা দ্বৈত আচরণ। আমি এই দলে থাকবো না।  

আজ থেকে বন্ধ ২০ লাখ সিম-দৈনিক ইত্তেহাক

সাড়ে ২০ লাখ মোবাইল সিমকার্ড আজ শুক্রবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে

সাড়ে ২০ লাখ মোবাইল সিমকার্ড আজ শুক্রবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে। কোনো একক ব্যক্তির নামে নির্ধারিত সংখ্যকের বেশি যেসব সিম নিবন্ধন হয়েছে সেগুলো বন্ধ করে দিতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি দেশের সব মোবাইল অপারেটরকে এ নির্দেশনা দিয়েছে। বিটিআরসির নির্দেশনা ছিল, একই জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ১৫টির বেশি নিবন্ধিত সিম রাখা যাবে না। কিন্তু বিটিআরসি দেখেছে একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে নিবন্ধন হওয়া অতিরিক্ত সিমের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে গেছে। এজন্য অতিরিক্ত সিম কমিয়ে ফেলতে বিটিআরসি তৈরি করেছে ‘সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম।’

স্বপদে চাকরি ফিরে পেলেন সেই জাহালম-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

স্বপদে চাকরি ফিরে পেলেন সেই জাহালম

অর্থ আত্মসাতের অভিযোগে বিনা দোষে ৩ বছর কারাভোগের পর উচ্চ আদালতের নির্দেশে মুক্তি পেয়ে পুরনো চাকরি ফিরে পেলেন জাহালম। বিজেএমসি চেয়ারম্যানের নির্দেশে তার নরসিংদীর ঘোড়াশালের চাকরিটি ফিরে পান তিনি। মঙ্গলবার তিনি তার পুরনো কর্মস্থল নরসিংদীর ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলে তাঁতি হিসেবে কাজ যোগদান করেছেন।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

ঋণখেলাপিদের তালিকা প্রকাশ করতে হবে, রিজার্ভ ব্যাঙ্ককে ‘শেষ সুযোগ’ দিল সুপ্রিম কোর্ট-দৈনিক আনন্দবাজার

যাঁরা বিভিন্ন ব্যাঙ্কের কাছ থেকে বড় অঙ্কের ঋণ নিয়েও তা ফেরত দেননি,  সেই তালিকা প্রকাশ করতে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ককে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর আগে এই নির্দেশ দেওয়া সত্ত্বেও রিজার্ভ ব্যাঙ্ক তালিকা প্রকাশ না করায় এই ‘শেষ সুযোগ’ দেওয়া হচ্ছে বলেও জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। রিজার্ভ ব্যাঙ্কের কাছে থাকা এই তালিকা সম্বলিত রিপোর্ট প্রকাশ না করলে বিষয়টি আরও ‘গুরুত্ব’ দিয়ে দেখা হবে বলে স্পষ্ট জানিয়েছে বিচারপতি এল নাগেশ্বর রাও নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ।

অমিত শাহের হুঁশিয়ারি, এনআরসি-র আতঙ্কে ভুগছে চন্দ্রকোনার শতাধিক পরিবার-দৈনিক সংবাদ প্রতিদিন

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ

এনআরসি আতঙ্কে ভুগছে চন্দ্রকোনার প্রায় ১০০ পরিবার। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর ঘোষণার পরই ঘুম ছুটেছে পরিবারগুলির। কী করবেন? কোথায় যাবেন? শেষ পরিণতিই বা কী হবে?,  সেই ভাবনায় জেরবার পাঁচশোর বেশি  উদ্বাস্তু মানুষজন।বিডিওর দ্বারস্থ হয়েছেন পরিবারগুলি। চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের বিডিও শ্বাশত প্রকাশ লাহিড়ী বলেন, ওঁদের সমস্যা অত্যন্ত সহানুভূতির সঙ্গে দেখা হবে। নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় বিষয়টিতে নজর দেওয়া যাচ্ছে না। নির্বাচনী পর্ব শেষ হলেই পদক্ষেপ নেওয়া হবে।

মোদি ফের ক্ষমতায় এলে তার জন্য দায়ী থাকবেন রাহুল গান্ধী:‌ কেজরিওয়াল-দৈনিক আজকাল

অরবিন্দু কেজরিওয়াল

কেন্দ্রে আবারও নরেন্দ্র মোদি ক্ষমতায় এলে দায়ী থাকবেন একমাত্র রাহুল গান্ধী। দিল্লিতে আপ–কংগ্রেস জোট না হওয়ার পর বৃহস্পতিবার এভাবেই কংগ্রেস সভাপতিকে তোপ দাগলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিজেপি বিরোধী জোটকে রাজধানী দিল্লি–সহ অন্যান্য রাজ্যে দুর্বল করার অভিযোগও আনলেন রাহুলের বিরুদ্ধে।  

এদিন সাংবাদিকে কেজরি বলেন, ‘জোট করার হলে আলোচনার মাধ্যমে বসে করুন। কংগ্রেস যদি জেতার মতো জায়গায় থাকত, তাহলে আমরা দিল্লিতে সবক’টি আসনই ছেড়ে দিতাম। কেবলমাত্র দিল্লিতে জোট করে কিছু হবে না। এখানে আমরা সবক’টি আসনেই বিজেপিকে হারাতে পারব।’ ‘জোটের রাস্তা এখনও খোলা আছে’, রাহুলের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কেজরিওয়াল বলেন, ‘ওদের জোট করার কোনও ইচ্ছাই নেই। দুঃখিত মনে এটাই মেনে নিতে হবে মোদি–শাহ ফের ক্ষমতায় এলে সেটার জন্য দায়ী থাকবেন একমাত্র রাহুল গান্ধী।’

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬