এপ্রিল ২৯, ২০১৯ ১১:৫৯ Asia/Dhaka
  • পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর
    পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৯ এপ্রিল সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • স্বাস্থ্য খাতে দুর্নীতি-কেনাকাটাতেই মূল অনিয়ম ও দুর্নীতি -দৈনিক যুগান্তর
  • ইভিএমে আস্থা সৃষ্টি হলেই মানুষ গ্রহণ করবে: সিইসি-দৈনিক প্রথম আলো
  • যৌন হয়রানি প্রতিরোধ সংক্রান্ত রায় বাস্তবায়নে হাইকোর্টে রিট-দৈনিক ইত্তেফাক
  • হতাশ হওয়া চলবে না : ফখরুল
  • ‘চাকরির বয়স ৩৫ করা না হলে সারাদেশে অবরোধ’-দৈনিক মানবজমিন
  • নতুন নামে আসছেন কোটা আন্দোলনকারীরা-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • মোদী-শাহের বিরুদ্ধে কমিশনের নিষ্ক্রিয়তার অভিযোগে সুপ্রিম কোর্টে গেল কংগ্রেস-দৈনিক আনন্দবাজার
  • চতুর্থ দফায় ৭২ আসনে ভোটগ্রহণ, বিজেপির ঘাঁটিতে থাবা বসাতে মরিয়া বিরোধীরা-দৈনিক সংবাদ প্রতিদিন
  • গুলি চালানোর ক্ষমতা কেন্দ্রীয় বাহিনীর নেই, বাগদায় হুঁশিয়ারি মমতার-দৈনিক আজকাল-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. বিএনপির পাঁচ নির্বাচিত এমপিকে আজ ২৯ এপ্রিল সোমবারের মধ্যে শপথ নিতে হবে। অন্যথায় তাঁদের সদস্যপদ খারিজ হয়ে যাবে। তাদের শপথ নেয়া উচিত হবে কিনা- আপনার কী মনে হয়?

২. জাতিসংঘ মানবাধিকার কমিশন থেকে সৌদিকে বহিষ্কার করতে হবে বলে ইরান দাবি করেছে। কতটা যৌক্তিক এ দাবি?

বিশ্লেষণের বারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

হতাশ হওয়া চলবে না : ফখরুল-দৈনিক মানবজমিন

আমাদের হতাশ হওয়া চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জাতীয় প্রেস ক্লাবে বৃহত্তর ময়মনসিংহ ফোরামের আয়োজনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, আমাদের বুঝতে হবে অত্যন্ত প্রতিকূল অবস্থায় আমাদের হাঁটতে হচ্ছে। একটা শিশু যখন হাটা শেখে তখন বারবার পড়ে যায়। তারপরও আবার হাঁটতে থাকে। আমাদেরও তেমনি করতে হবে। হতাশ হওয়া চলবে না।  আমাদের দলকে আরও সমৃদ্ধ করতে হবে। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার ২০০৮ সালে রাষ্ট্র ক্ষমতায় আসার পরপরই পরিকল্পিতভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের পথে হাঁটছে।

স্বাস্থ্য খাতে দুর্নীতি-কেনাকাটাতেই মূল অনিয়ম ও দুর্নীতি-দৈনিক প্রথম আলো

দুর্নীতি ও লুটপাটে জর্জরিত দেশের স্বাস্থ্য খাত। কেনাকাটা, নিয়োগ, পদায়ন, বদলি- এমন কোনো ক্ষেত্র নেই যেখানে দুর্নীতি হয় না। তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত সর্বত্রই দুর্নীতির অভিন্ন চিত্র। এক শ্রেণীর অসাধু কর্মচারী-কর্মকর্তা এবং ঠিকাদারদের লোভের কাছে জিম্মি স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতরসহ স্বাস্থ্য খাতের সব বিভাগ। দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সরকার পর্যাপ্ত বরাদ্দ এবং নানা উদ্যোগ নিলেও চরম দুর্নীতির কারণে কাক্সিক্ষত সেবা পাচ্ছে না জনগণ।

দুর্নীতি দমন কমিশনের সাম্প্রতিক এক অনুসন্ধানেও স্বাস্থ্য খাতে দুর্নীতির অনেক তথ্য বেরিয়ে এসেছে। অন্যদিকে কোনো কোনো ক্ষেত্রে দুর্নীতি আগের চেয়ে বেড়েছে বলে টিআইবির এক রিপোর্টে উল্লেখ করা হয়েছিল। অধিদফতরের সংশ্লিষ্টরা জানান, স্বাস্থ্য খাতে প্রধান দুর্নীতি হয় কেনাকাটায়। এরপর রয়েছে এমএসআর (অস্ত্রোপচার সংক্রান্ত ক্রয়), বদলি ও পদায়ন বাণিজ্য। চতুর্থ শ্রেণীর নিয়োগ বন্ধ থাকায় সম্প্রতি শুরু হয়েছে আউটসোর্সিং বাণিজ্য। এছাড়া নিয়োগের সময় উৎসবে পরিণত হয় নিয়োগ বাণিজ্য। এসব দুর্নীতি রীতিমতো ওপেন সিক্রেট। তবে গত দেড় দশকে সবচেয়ে বেশি হরিলুট চলছে কেনাকাটা আর নিয়োগের ক্ষেত্রে। হাসপাতালের যন্ত্রপাতিসহ সব ধরনের কেনাকাটার ক্ষেত্রে ‘পুকুর চুরি’ স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। এমনকি যন্ত্রপাতি ছাড়া ফাঁকা বাক্স দিয়ে টাকা তুলে নেয়া, নতুন দামে পুরাতন যন্ত্র সরবরাহ, একই যন্ত্র প্রতি বছর কেনা, ভবন নির্মাণের আগেই যন্ত্রপাতি ক্রয় করা- এমন অভিযোগ প্রায়ই উঠছে।

ইভিএমে আস্থা সৃষ্টি হলেই মানুষ গ্রহণ করবে: সিইসি-দৈনিক যুগান্তর

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, ইভিএম পদ্ধতি নতুন, তাই মানুষ এ বিষয়ে জানবে না- এটিই স্বাভাবিক। মানুষের মাঝে ইভিএম নিয়ে আস্থার সৃষ্টি করতে পারলেই, তা সবাই গ্রহণ করবে। সোমবার দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নগরের সার্কিট হাউসে এক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন। জেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময়সভার আয়োজন করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা

বিএনপির মতো একটি বড় দল ভোট বর্জন করায় নির্বাচনে ভোটার উপস্থিতি কম স্বীকার করে সিইসি বলেন, ভোটার উপস্থিতি কমের কারণ বড় একটি রাজনৈতিক দল অংশ না নেয়া।নুরুল হুদা বলেন, ইসির পক্ষ থেকে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হয়, ভোটের পরিবেশ সৃষ্টি করে দেয়া হয়। তবে ভোটারদের ভোটকেন্দ্রে নেয়ার দায়িত্ব প্রার্থীদের।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

মোদী-শাহের বিরুদ্ধে কমিশনের নিষ্ক্রিয়তার অভিযোগে সুপ্রিম কোর্টে গেল কংগ্রেস-দৈনিক আনন্দবাজার

নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়ে এ বার সুপ্রিম কোর্টে গেল কংগ্রেস। সোমবার আদালতে ১৪৬ পাতার একটি আবেদন জমা দেন দলের সাংসদ সুস্মিতা দেব। তাতে তিনি জানিয়েছেন, একাধিকবার নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

ধর্মীয় মেরুকরণ ঘটাতে ঘৃণা ভাষণ দিয়েছেন। তা নিয়ে গত তিন সপ্তাহে একাধিক অভিযোগ জমা পড়েছে কমিশনে। কিন্তু এখনও পর্যন্ত কমিশনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই ধরনের অভিযোগের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতে হবে বলেও শীর্ষ আদালতে আর্জি জানান সুস্মিতা দেব। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চেমঙ্গলবার তাঁর আবেদনের শুনানি হবে। সুস্মিতা দেবের অভিযোগ, নির্বাচনী বিধি এখন ‘মোদী-বিধি’তে পরিণত হয়েছে। মোদী-শাহদের জন্য একরকম নিয়ম চালু হয়েছে। ভিন্ন নিয়ম বাকি প্রার্থীদের জন্য।  কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

চতুর্থ দফায় ৭২ আসনে ভোটগ্রহণ, বিজেপির ঘাঁটিতে থাবা বসাতে মরিয়া বিরোধীরা-দৈনিক সংবাদ প্রতিদিন

পশ্চিমবঙ্গের বাইরে প্রথম তিন দফার ভোট ছিল সার্বিকভাবে শান্তিপূর্ণ। একই ট্রেন্ডে চতুর্থ দফার ভোটও শুরু হয়েছে মোটামুটি শান্তিপূর্ণভাবেই। এই দফায় মোট ৯টি রাজ্যের ৭২ আসনে ভোটগ্রহণ হয়েছে।

এর মধ্যে রয়েছে হিন্দি বলয়ের গুরুত্বপূর্ণ কিছু কেন্দ্র। যা তথাকথিতভাবে বিজেপির শক্তি ঘাঁটি হিসেবে পরিচিত। গত লোকসভা ভোটে এই কেন্দ্রগুলির বেশিরভাগই ছিল বিজেপির দখলে। চতুর্থ দফায় মুম্বই-সহ মহারাষ্ট্রের ১৭ আসনে ভোটগ্রহণ হয়েছে।

গুলি চালানোর ক্ষমতা কেন্দ্রীয় বাহিনীর নেই, বাগদায় হুঁশিয়ারি মমতার-দৈনিক আজকাল

বাগদার প্রচার সভা থেকে দুবরাজপুরের ঘটনা নিয়ে বিজেপিকে আক্রমণ করলে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। সোমবার রাজ্যের চতুর্থদফার ভোট চলছে রাজ্যে। মোটের উপর শান্তিপূর্ণ ভোট হলেও বীরভূম লোকসভা কেন্দ্রের দুবরাজপুরের পদুমা ভোটকেন্দ্রে কেন্দ্রীয়বাহিনীর বিরুদ্ধে গুলি চালনার অভিযোগ উঠেছে। কমিশনের নির্দেশে সেই কেন্দ্রে ভোট সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। কিন্তু কেন্দ্রীয় বাগিনী আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে বলে দাবি করেছে কমিশন। সেই ঘটনার প্রেক্ষিতে বাগদার প্রচারসভা থেকে কেন্দ্রীয় বাহিনীর আচরণের তীব্র নিন্দা করেন মমতা। তিনি হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যে গুলি চালানোর মত ক্ষমতা কেন্দ্রীয় বাহিনীর নেই। কারণ আইন শৃঙ্খলা রাজ্যের হাতে রয়েছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৯