মে ০২, ২০১৯ ১৩:০৩ Asia/Dhaka
  • ফণী মোকাবিলায় সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে: সেনাপ্রধান

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২ মে বৃহস্পতিবার কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • এক শপথ নিয়ে বিএনপির তিন সিদ্ধান্ত-দৈনিক প্রথম আলো
  • ফণীর ভয়ে নৌযান বন্ধ, শুক্রবারের বিসিএস পরীক্ষা পেছানোর দাবি-কালেরকণ্ঠ
  • ফনি মোকাবেলায় সরকারের কোনো প্রস্তুতি নেই: বিএনপি-দৈনিক যুগান্তর-দৈনিক যুগান্তর
  • ফণী মোকাবিলায় সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে: সেনাপ্রধান-এনটিভি বিডি অনলাইন
  • বিএনপি নেতা সালাহউদ্দিনের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল-মানবজমিন
  • সরকার নির্যাতনকারী ধর্ষণকারী খুনীদের পৃষ্ঠপোষকতা করছে : সেলিম-দৈনিক নয়াদিগন্ত

ভারতের খবর:

  • বচসা থেকে ধুন্ধুমার,বাগনানে ১৩ রাউন্ড গুলি চলল আধা সেনার শিবিরে, নিহত এক জওয়ান, জখম আরও ২-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • আপত্তি প্রত্যাহার চীনের,রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তালিকায় মাসুদ আজহার –দৈনিক বর্তমান
  • গদ্দার টিকিট চেয়েছিল, দিইনি’, অর্জুনের গড়ে হুঙ্কার মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ

এক শপথ নিয়ে বিএনপির তিন সিদ্ধান্ত-দৈনিক প্রথম আলো

গত বছরের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে মাত্র ছয়টি আসনে জয়লাভ করে বিএনপি। প্রহসনের নির্বাচন উল্লেখ করে দলটি সিদ্ধান্ত নেয়, তারা সংসদে যাবে না। সংসদ সদস্য হিসেবে এই ছয়জনের কেউই শপথ নেবেন না। এই সিদ্ধান্ত শুধু এককভাবে বিএনপির ছিল, তা নয়, জোটগতভাবে শরিক দল গণফোরামের দুই নির্বাচিত সদস্যেরও শপথ নেওয়ার কথা ছিল না। কিন্তু চার মাসের মধ্যে সবকিছু ওলট–পালট হয়ে গেল।

শপথ ইস্যুতে নির্বাচিত ছয়জনের জন্য ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত কার্যকর করেছে বিএনপি। সিদ্ধান্ত তিনটি হলো প্রথম শপথ নেওয়া দলীয় সাংসদ জাহিদুর রহমানকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে। চার সাংসদ হারুনুর রশীদ, আমিনুল ইসলাম, উকিল আবদুস সাত্তার ও মোশাররফের জন্য দলীয় সিদ্ধান্ত হলো তাঁরা সংসদে যাবেন। আর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ক্ষেত্রে সিদ্ধান্ত শপথ নেবেন না। অর্থাৎ মির্জা ফখরুল সংসদ সদস্য হবেন না।

ফণীর ভয়ে নৌযান বন্ধ, শুক্রবারের বিসিএস পরীক্ষা পেছানোর দাবি-কালেরকণ্ঠ

ধেয়ে আসছে অতিপ্রবল ঘূর্ণিঝড় ফনি। ঘণ্টায় ১৭০ কিলোমিটার বাতাসের শক্তি হাজার কিলোমিটার ব্যাসের বিস্তার নিয়ে এ ঝড় বঙ্গোপসাগর থেকে দক্ষিণ দিকে এগিয়ে আসছে। আঘাত হানতে পারে ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। বাংলাদেশের মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর (সাত নম্বর) বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর (ছয় নম্বর) বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রাম বন্দরের পণ্য ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। এরইমধ্যে ঘূর্ণিঝড় 'ফণী'র কারণে আগামী শনিবারের (৪ মে) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের সব পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষাগুলো ১৪ মে (মঙ্গলবার) একই সময়ে অনুষ্ঠিত হবে। তবে আগামীকাল শুক্রবারের বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা এখনও পেছানো হয়নি। অংশগ্রহণ করবে চার লাখ বার হাজার পাঁচ’শ বত্রিশ জন পরীক্ষার্থী। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য পরীক্ষার্থীর উদ্বিগ্ন লক্ষ্য করা গেছে। তারা বিসিএস পরীক্ষা পেছানোর দাবি জানাচ্ছে।

ফনি মোকাবেলায় সরকারের কোনো প্রস্তুতি নেই: বিএনপি-দৈনিক যুগান্তর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এক প্রলয়ঙ্করী দুর্যোগের আলামত সুস্পষ্ট হলেও সরকার তা মোকাবেলা করতে কোনো প্রস্তুতি গ্রহণ করেনি। তাই এ মুহূর্তে সবাইকে পূর্ণ সতর্ক হতে হবে। বিপর্যয় মোকাবেলায় প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সব উপকূল অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনা, বিমান, তেল রিজার্ভার, বিদ্যুৎকেন্দ্র, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নিরাপদ করার এখনই সময়।

বৃহস্পতিবার নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী আরও বলেন, অতিপ্রবল ঘূর্ণিঝড়ের তীব্রতা নিয়ে সুপার সাইক্লোনে পরিণত হচ্ছে ‘ফনি।আবহাওয়া বিশেষজ্ঞদের ঘোরতর আশঙ্কা- উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ার পরই ফনি বাঁক নিয়ে সাতক্ষীরা ও সুন্দরবন অঞ্চলের ওপর আঘাত হানবে ‘আইলা’র চেয়ে ভয়াল রূপ নিয়ে। রিজভী বলেন, যেকোনো বড় দুর্যোগ-দুর্বিপাক মোকাবেলায় ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল’ আছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। উনি মিটিং না করেই বিদেশ চলে গেলেন। কোনো আন্তঃমন্ত্রণালয় সভা নেই। উপকূলীয় জেলা পর্যায়ে জরুরি সভা নেই।

ফণী মোকাবিলায় সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে: সেনাপ্রধান-এনটিভি বিডি অনলাইন

ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। আজ বৃহস্পতিবার সকালে সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর বার্ষিক ফায়ারিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন জেনারেল আজিজ আহমেদ।

জেনারেল আজিজ আহমেদ

জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘সেনাবাহিনী আগাম কোনো নির্দেশনার জন্য অপেক্ষা করে না। কারণ, দুর্যোগ মোকাবিলায় করণীয় সম্পর্কে সেনাবাহিনীকে স্থায়ী নির্দেশনাই দেওয়া রয়েছে। তাই ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সেনাপ্রধান বলেন, ভারতের ওড়িষ্যা উপকূলের দিকে ধেয়ে আসা প্রবল ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় সেনাবাহিনীর সকল ডিভিশন ও এরিয়া হেডকোয়ার্টারকে প্রস্তুত রাখা হয়েছে। সেনাবাহিনীর সংশ্লিষ্ট ডিভিশনগুলোর পক্ষ থেকে বেসামরিক প্রশাসনের সাথেও যোগাযোগ স্থাপন করা হয়েছে। জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘আমরা নিজেদের রক্ষা করার জন্য প্রস্তুতি নিয়েছি এবং দুর্যোগের পূর্বে, দুর্যোগ চলাকালে বা দুর্যোগ পরবর্তী যেকোনো দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনী পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে।’

বিএনপি নেতা সালাহউদ্দিনের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল-মানবজমিন

সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বেকসুর খালাসের বিরুদ্ধে ভারতের শিলং জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। নিম্ন আদালত থেকে খালাস রায়ের পরও গত ছয় মাস ধরে ছাড়পত্রের অপেক্ষায় ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে অবস্থান করছিলেন তিনি।

রাষ্ট্রপক্ষ আপিল করার বিষয়টি সালাহউদ্দিন আহমেদ জানতেন না। তিনি মানবজমনিকে জানান, গত ২৭ শে এপ্রিল আমি আপীল আদালতের নোটিশ পেয়েছি। নোটিশ পেয়ে গতকাল ১লা মে বুধবার সালাহউদ্দিন আহমেদ আপিল আদালতে হাজির হই। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সালাহউদ্দিন আহমেদ এর কৌসুলি বা তাকে রাষ্ট্রপক্ষেও কৌসুলি আপিল করার বিষয়ে অবহিত করেননি।

সরকার নির্যাতনকারী ধর্ষণকারী খুনীদের পৃষ্ঠপোষকতা করছে : সেলিম-দৈনিক নয়াদিগন্ত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, নুসরাতকে যেভাবে নিপীড়ন করে আগুনে পুড়িয়ে মারা হয়েছে তা মধ্যযুগের বর্বরতার কথাই মনে করিয়ে দেয়। এ হত্যাকাণ্ডের সাথে সরকারি দলের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার কথা উঠে আসছে। ধর্ষণ, নির্যাতন, হত্যাকা- বেড়েই চলেছে। সরকার নির্যাতনকারী, ধর্ষণকারী, খুনীদের পৃষ্ঠপোষকতা করছে। আর এজন্য জনগণকে বিবেক জাগ্রত করতে হবে। নৈতিক শক্তিকে বিজয়ী করতে হবে।

Image Caption

নুসরাতসহ সকল ধর্ষণ-হত্যাকাণ্ড-নির্যাতনের প্রতিবাদে আজ রাজধানীর মুক্তাঙ্গনে ঢাকা-সোনাগাজী রোডমার্চের সূচনা সমাবেশে সেলিম এসব কথা বলেন। সেলিম আরো বলেন, বর্তমানে বেড়ে চলা ধর্ষণ-হত্যাকাণ্ড-নির্যাতনের সাথে সম্পৃক্ততা বিদ্যমান রাষ্ট্র, সমাজ ও সরকার অস্বীকার করতে পারে না। নুসরাত জাহান রাফি যেভাবে যৌন নিপীড়ন ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তা বিদ্যমান ব্যবস্থা ও সরকারের ভূমিকাকে উলঙ্গভাবে প্রকাশ করেছে। নুসরাতসহ সকল ধর্ষণ-হত্যাকা-ের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি

কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ, ভগবানগোলায় হাঁসুয়ার কোপে এক কংগ্রেস কর্মীর মৃত্যু, জখম ২

নিজেদের মধ্যে বচসার জেরে গুলির লড়াই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সেই লড়াইয়ে প্রাণ হারিয়েছেন এক জওয়ান। গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থা আরও দুই জওয়ানের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে হাওড়ার বাগনানে। সোমবার উলুবেড়িয়া কেন্দ্রে নির্বাচন। সে জন্য বাগনানের বাঙালপুর জ্যোতির্ময়ী গার্লস হাইস্কুলে তৈরি হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর শিবির। অসম রাইফেলস্-এর সেভেন্থ ব্যাটালিয়নের জওয়ানরা সেখানে শিবির করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এ দিন সকালে এলাকার মানুষ স্কুলের ভিতর থেকে গুলির আওয়াজ পান। তার পরেই স্কুলের মধ্যে জওয়ানদের ছোটাছুটি শুরু হয়ে যায়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কোনও বিষয় নিয়ে দুই জওয়ানের মধ্যে বচসা শুরু হয়ে যায়। বচসায় জড়িয়ে পড়েন আরও কয়েক জন। সেই বচসার মধ্যেই গুলি চলে। পুলিশ সূত্রে  প্রাথমিকভাবে জানা গিয়েছে, মোট ১৩ রাউন্ড গুলি চলেছে। 

আপত্তি প্রত্যাহার চীনের,রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তালিকায় মাসুদ আজহার দৈনিক বর্তমান

বড়সড় কূটনৈতিক জয় পেল ভারত। জয়েশ জঙ্গি নেতা মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তালিকাভুক্ত করল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। ভারত এর আগে চারবার মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণার জন্য রাষ্ট্রপুঞ্জে প্রস্তাব তুলেছিল। কিন্তু প্রতিবারই আপত্তি জানিয়েছিল চীন। তবে শেষমেশ আন্তর্জাতিক চাপের কাছে নতিস্বীকার করল বেজিং। বুধবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সন্ত্রাস বিষয়ক ‘১২৬৭ কমিটি’-র বিশেষ বৈঠক হয়। এই কমিটি বিশ্বজুড়ে সন্ত্রাসের বিরুদ্ধে নীতি নির্ধারণ করে। আগে বেশ কয়েকবার আপত্তি তুললেও এদিন চীন বিষয়টি নিয়ে আপত্তি না করায় সাফল্যের মুখ দেখল ভারত। এই ঘোষণার ফলে মাসুদের গতিবিধি সীমাবদ্ধ হল। অর্থাত্‍‌ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার পাশাপাশি তার যেখানে যা সম্পত্তি আছে, তা বাজেয়াপ্ত করতে হবে। বন্ধ করতে হবে ওই ব্যক্তির সমস্ত আর্থিক উত্স। এমনকী তার হাতে যাতে কোনও ভাবে আগ্নেয়াস্ত্র না পৌঁছায়, সেদিকেও কড়া নজর রাখবে রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশগুলি। এদিন মাসুদ আজ়হারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণার পরই রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন ট্যুইট করে সকলকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানান। বলেন, সমর্থন করার জন্য সকলকে ধন্যবাদ। অন্যদিকে, লোকসভা নির্বাচনের মধ্যে মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তালিকাভুক্ত করার বিষয়টিকে ভারতের কূটনৈতিক জয় বলেই মনে করছে রাজনৈতিক মহল

গদ্দার টিকিট চেয়েছিল, দিইনি, অর্জুনের গড়ে হুঙ্কার মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন

পঞ্চম দফায় বারাকপুরে নির্বাচন৷ ভোটে যুযুধান দুই পক্ষ৷ তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী বনাম বিজেপির অর্জুন সিংয়ের লড়াই৷ তার আগে ভাটপাড়ায় প্রচারে এসে নাম না করে অর্জুন সিংকে কড়া ভাষায় আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ লোকসভা নির্বাচনের আগে অর্জুন তাঁর কাছে টিকিট চেয়েছিলেন বলেও দাবি তৃণমূল নেত্রীর৷ পাশাপাশি ৪০ জন বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে এই দাবিও সভামঞ্চ থেকে নস্যাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

একসময় শক্ত হাতে ভাটপাড়ায় তৃণমূলের সাংগঠনিক কাজ দেখভাল করেছেন অর্জুন সিং৷ ২০০৪ সালে তৃণমূলের হয়ে লোকসভা নির্বাচনে শেষবার লড়েছিলেন তিনি৷ তবে এখন দলবদল করেছেন অর্জুন সিং৷ নাম লিখিয়েছেন গেরুয়া শিবিরে৷ এদিন দলবদলকারী নেতার গড়ে এসে অর্জুনকে নাম না করে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘‘একজন গদ্দার ভোটের টিকিট চাইতে এসেছিল৷ তাকে টিকিট দিইনি৷ গদ্দার সব দলে থাকে৷’’#

পার্সটুডে/বাবুল আখতার/২