অবসরের পরও সরকারি টাকায় বিদেশ সফর
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৩ মে শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- ফণীর প্রভাবে উপকূলীয় অঞ্চলে শুরু হয়েছে ঝড়-বৃষ্টি-দৈনিক ইত্তেফাক
- প্রধানমন্ত্রীকে নিয়ে রিজভীর বক্তব্য নোংরা রাজনীতির পরিচায়ক: হানিফ-দৈনিক যুগান্তর
- অবসরের পরও সরকারি টাকায় বিদেশ সফর -দৈনিক প্রথম আলো
- ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয় বাংলাদেশের-দৈনিক মানবজমিন
- প্রধানমন্ত্রীর লন্ডন সফর তারেক রহমানের বিরুদ্ধে আরেকটি ষড়যন্ত্রের আভাস : গয়েশ্বর-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- মাসুদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জইশকে নিয়ন্ত্রণ সম্ভব? পাকিস্তানের পদক্ষেপে সংশয়-দৈনিক সংবাদ প্রতিদিন
- উদ্বেগ নয়, ভয় নয়, সাবধানে থাকুন, প্রশাসন তৈরি রয়েছে: মুখ্যমন্ত্রী-দৈনিক আনন্দবাজার
- আমার দলের নেতাদের কিনে দেখান, মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের -আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
ঘূর্ণিঝড় ফণি সম্পর্কিত খবর আজকের বাংলাদেশ ও ভারতের প্রায় সব দৈনিকের প্রধান খবর হয়ে উঠেছে। এ সম্পর্কে দৈনিক যুগান্তরের শিরোনাম-'উপকূলীয় ৪ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে'
বিস্তারিত খবরে লেখা হয়েছে, ঘূর্ণিঝড় ফনি ধেয়ে আসার আগেই শুক্রবার দুপুর পর্যন্ত দেশের উপকূলীয় জেলাগুলোতে ঝুঁকিপূর্ণ অঞ্চলের চার লাখ চার হাজার ২৫০ জনকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে।শুক্রবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ কামাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, সন্ধ্যার মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর ২১ থেকে ২৫ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়ার পরিকল্পনা করা হয়েছে। দেশের উপকূলীয় এলাকায় প্রায় এক কোটি ৮০ লাখ মানুষ বসবাস করেন। আর ১৯ জেলার ১৪৭ উপজেলার ১৩ হাজার ৫০০ বর্গকিলোমিটার এলাকা উপকূলীয় এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।এসব জেলায় চার হাজার ৭১টি আশ্রয়কেন্দ্র রয়েছে। ফনি আসার আগেই দুর্যোগপ্রবণ এলাকার মানুষকে আশ্রয় দেয়ার জন্য এগুলোর বেশিরভাগই প্রস্তুত রাখা হয়েছে।
আর প্রথম আলোর খবরে লেখা হয়েছে, সাতক্ষীরার সাতটি উপজেলার ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়া শুরু করেছেন লোকজন। ঝুঁকিতে রয়েছে এমন চারটি উপজেলার শ্যামনগর, আশাশুনি, কালীগঞ্জ ও দেবহাটার বাসিন্দারা। আজ বাংলাদেশ সময় সকাল নয়টার দিকে প্রবল ঘূর্ণিঝড় ফণী ভারতের ওডিশায় ১৮০-২০০ কিলোমিটার গতিবেগে আঘাত হেনেছে। সাতক্ষীরায় ৭ নম্বর বিপদ সংকেত জারি রয়েছে।
প্রধানমন্ত্রীকে নিয়ে রিজভীর বক্তব্য নোংরা রাজনীতির পরিচায়ক: হানিফ-দৈনিক যুগান্তর
‘দুর্যোগ মোকাবেলায় বৈঠক না করেই প্রধানমন্ত্রী বিদেশ গেছেন’ বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এমন বক্তব্য নোংরা রাজনীতির পরিচায়ক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, দায়িত্বজ্ঞানহীনতা থেকে তিনি (রিজভী) এটি বলেছেন। এটি উন্মাদের প্রলাপ। প্রধানমন্ত্রী সব নির্দেশনা দিয়েই লন্ডন গেছেন। সেখান থেকে সার্বক্ষণিক সব মনিটরিং করছেন। শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে ঘূর্ণিঝড় ‘ফনি’ নিয়ে সংবাদ সম্মেলনে হানিফ এ কথা বলেন।
অবসরের পরও সরকারি টাকায় বিদেশ সফর -দৈনিক প্রথম আলো
সেতু বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী কবির আহমেদ গত ডিসেম্বরে অবসরে গেছেন। কিন্তু এরপরও তিনি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে দুবারে তিনটি দেশ ভ্রমণ করেছেন। সেতু ভবনের ষষ্ঠ তলার একটি কক্ষে নিয়মিত অফিস করেছেন। কখনো কর্ণফুলী টানেল প্রকল্পের, কখনো পদ্মা সেতু প্রকল্পের দামি গাড়ি ব্যবহার করেছেন। কোন আইনে কবির আহমেদ সরকারি অর্থে বিদেশ ভ্রমণ ও গাড়ি-অফিস ব্যবহার করেছেন, তার কোনো ব্যাখ্যা দিতে পারেননি তিনি। জবাব দেয়নি সেতু বিভাগ কর্তৃপক্ষও। সেতু বিভাগের সূত্রগুলো বলছে, এই অবিশ্বাস্য অনিয়ম সম্ভব হয়েছে কারণ, কবির আহমেদ সেতু বিভাগের জ্যেষ্ঠ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলামের ঘনিষ্ঠজন।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
উদ্বেগ নয়, ভয় নয়, সাবধানে থাকুন, প্রশাসন তৈরি রয়েছে: মুখ্যমন্ত্রী-দৈনিক আনন্দবাজার
ওড়িশায় ভয়ঙ্কর তাণ্ডব চালাচ্ছে ফণী। ঘূর্ণিঝড়ের অভিমুখ এখন পশ্চিমবঙ্গের দিকে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতর চূড়ান্ত সতর্কতা জারি করেছে। তার পর থেকে আরও সজাগ পুলিশ-প্রশাসন। রাজনৈতির সভা বাতিল করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই খড়্গপুরের কন্ট্রোল রুম থেকে নজরদারি চালাচ্ছেন। সেখান থেকে তিনি বিভিন্ন জেলার প্রশাসনিক কর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশও দিচ্ছেন।
আগামী ৪৮ ঘণ্টা খুব প্রয়োজন না পড়লে রাজ্যের মানুষকে ঘর থেকে না বেরনোর অনুরোধ জানিয়েছেন মমতা। তিনি বলেন, “দুর্যোগ এবং দুর্ভোগের ভয় না পেয়ে সাবধানে থাকতে হবে। এই দুটো দিন বাইরে না বেরনোই ভাল। উদ্বেগ নয়, ভয় নয়, প্রশাসন আপনাদের সঙ্গেই রয়েছে।”
আমার দলের নেতাদের কিনে দেখান, মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের -আজকাল
বিধায়ক কেনাবেচার কথা আগে বলে বেজায় চাপে পড়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলায় এসে এই কথা বলায় তাঁকে কড়া আক্রমণ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এমনকী তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশও করা হয়েছিল। এবার সেই ধারা অব্যাহত রাখলেন কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গোয়েল। তাঁর দাবি, ১৪ জন আম আদমি পার্টির বিধায়ক বিজেপি’র সঙ্গে যোগাযোগ রাখছে। দলে আসতে তাঁরা উৎসাহী। এই পরিস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রীর টুইট প্রধানমন্ত্রীর প্রতি, ‘আপ নেতাদের কেনা এত সোজা নয়।’ তবে এখানেই থেমে থাকেননি তিনি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সরাসরি প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুলে টুইটে লেখেন, ‘মোদিজি, আপনি প্রত্যেক বিরোধী দলের সরকার থেকে বিধায়ক কিনে সরকার গড়তে চান? এটাই কি আপনার গণতন্ত্রের সংজ্ঞা?
মাসুদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জইশকে নিয়ন্ত্রণ সম্ভব? পাকিস্তানের পদক্ষেপে সংশয়-দৈনিক সংবাদ প্রতিদিন
অবশেষে চাপের মুখে নতিস্বীকার করল পাকিস্তান৷ জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে রাষ্ট্রসংঘে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার পর এবার তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতেও বাধ্য হল ইসলামাবাদ৷ পাক প্রশাসন জানিয়েছে, মাসুদ আজহারের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়ছে৷ একই সঙ্গে তার ভ্রমণের উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে৷
বুধবারই পাক মদতপুষ্ট জঙ্গিনেতা মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করে রাষ্ট্রসংঘ৷ ফলে সে বা তার সংগঠন কোনওরকম অস্ত্র ও গোলাগুলি কিনতে বা বিক্রি করতেও পারবে না। বিশ্বের বিভিন্ন ব্যাংকে থাকা আজহারের সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে৷ পাশাপাশি ‘আল কায়দা স্যাংশনস কমিটি’র নিয়ম মেনে মাসুদের সমস্ত স্থাবর সম্পত্তিও বাজেয়াপ্ত করবে রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলি৷ বিশ্লেষকদের মতে, আমেরিকা ও চিনের চাপের মুখেই মাসুদ বিরুদ্ধে পদক্ষেপ করেছে পাকিস্তান৷ তবে লোকদেখানো পদক্ষেপে জইশ প্রধানকে কতটা নিয়ন্ত্রণ করা যাবে তা সময়ই বলবে৷
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩