মে ০৫, ২০১৯ ১১:৫০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৫ মে রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • আশ্রয়কেন্দ্রে খাবারের কোনো ব্যবস্থা করেনি সরকার: রিজভী-দৈনিক ইত্তেফাক
  • আবার বাড়ছে তাপমাত্রা-দৈনিক যুগান্তর
  • বিশ্লেষণ-সমালোচনার কেন্দ্রে তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-দৈনিক প্রথম  আলো
  • তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন: ফখরুল-দৈনিক মানবজমিন
  • জি এম কাদের আবারো জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • আপনার বাবা সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত’, বফর্স নিয়ে রাহুলকে আক্রমণ মোদীর-দৈনিক সংবাদ প্রতিদিন -দৈনিক সংবাদ প্রতিদিন
  • বিজেপি শুধু দাঙ্গা লাগিয়ে বেড়ায়, গোয়ালতোড়ে বললেন মমতা-দৈনিক আনন্দবাজার-দৈনিক আনন্দবাজার
  • সোমবার নজরকাড়া কেন্দ্রগুলিতে ভোট, তটস্থ প্রশাসন-আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

Image Caption

ঘূর্ণিঝড় ফণির আঘাতে ভারতের উড়িষ্যা ও পশ্চিমবহঙ্গসহ অন্যান্য জায়গায় বেশ কিছু ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। বাংলাদেশেও ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে। তবে সে ক্ষয়ক্ষতির পরিমাণ ততো বেশি নয়। আগাম সতর্কতা, সরকারি বেসরকারি নানা উদ্যোগের কারণে ক্ষয়ক্ষতি বেশি হয় নি। তবে ফসলহানি, মাছের ঘের ডুবে যাওয়া এবং বেড়িবাধ ভেঙে পানি ঢুকে কোনো কোনো এলাকা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এ সম্পর্কিত খবর আজকের প্রায় সব অনলাইন পোর্টাল ও জাতীয় দৈনিকগুলোতে পরিবেশিত হয়ছে।

বিএনপি নেতা রুহুল কবির রিজভী

তবে এমন দুযোর্গ নিয়েও পাল্টাপাল্টি অভিযোগের খবরও এসেছে দৈনিকগুলোতে।দৈনিক ইত্তেফাকের শিরোনাম করা হয়েছে, বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, আশ্রয়কেন্দ্রে খাবারের কোনো ব্যবস্থা করেনি সরকার। সরকারও পক্ষও রিজভীর বক্তব্যের সমালোচনা করেছে। এদিকে দৈনিক যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, ঘূর্ণিঝড় ফনির প্রভাবে গত দুই-তিন দিন সারা দেশে তাপমাত্রা কিছুটা কমলেও আবারও বাড়ছে উত্তাপ। যুগান্তরের অন্য একটি খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, ঘূর্ণিঝড় ফনি বাংলাদেশে যতটুকু আঘাত হানার কথা, ততটা আঘাত না হানায় আমরা কিছুটা স্বস্তিতে আছি। তবে দুঃখজনক হলেও সত্য কয়েকটি জায়গায় ব্যাপক ক্ষতি হয়েছে।রোববার থেকে আগামী কয়েক দিন ১-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন: ফখরুল-দৈনিক মানবজমিন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির নির্বাচিত এমপিদের সংসদে যাওয়া নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সংসদে যাওয়ার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যখন আমরা বলেছিলাম সংসদে যাব না। ওই সিদ্ধান্তটা ভুল ছিল।  কারণ আমাদের পার্লামেন্টেও লড়াই করতে হবে। বাইরেও লড়াই করতে হবে। 

জি এম কাদের আবারো জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান-দৈনিক নয়া দিগন্ত

জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান ও অনুজ গোলাম মোহাম্মদ কাদেরকে (জি এম কাদের) দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলের নেতা হুসেইন মুহম্মদ এরশাদ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো জি এম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিলেন তিনি। 

বিশ্লেষণ-সমালোচনার কেন্দ্রে তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-দৈনিক প্রথম আলো

শেষ পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম ইমামুল হক ছুটিতে গেছেন। এতে শিক্ষার্থীরা উল্লাস করেছেন। শিক্ষার্থীদের আনন্দের কারণ, তাঁদের আন্দোলনের মুখে উপাচার্যকে ছুটিতে পাঠিয়েছে সরকার। এটা করে উভয় পক্ষকে ‘উইন উইন’ অবস্থার সুযোগ দেওয়া হয়েছে। উপাচার্যকে দেড় মাস ছুটি দেওয়া হয়েছে মূলত তাঁর ‘সম্মান’ রক্ষার জন্য।এই উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আওয়ামী লীগ-সমর্থক নীল দলের আহ্বায়ক ছিলেন।আন্দোলনরত শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলায় আজ তাঁর এই দুর্গতি।

এদিকে মেয়াদের শেষ সময়ে চট্টগ্রাম এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বিরুদ্ধে বিতর্কিত নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। অথচ একটি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হবে স্বচ্ছতার সঙ্গে, নিয়মনীতি মেনে। কিন্তু দলীয় উপাচার্যরা সেখানে নিজেদের ক্ষমতা প্রয়োগ করে নিয়োগপ্রক্রিয়া কুক্ষিগত করে ফেলছেন।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংকট গত প্রায় চার বছরের। শুরু থেকে শেষ পর্যন্ত সমালোচনার মুখে দায়িত্ব পালন করে গেলেন এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম অহিদুজ্জামান, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতিতে ‘চান ভাই’ নামে পরিচিত ছিলেন। ওই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের অনিয়ম-দুর্নীতি তদন্ত করতে পারেনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও (ইউজিসি)।উপাচার্য অহিদুজ্জামান আবার দ্বিতীয় মেয়াদে নিয়োগ চান।এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, শিক্ষক রাজনীতি হওয়া উচিত আদর্শভিত্তিক। কিন্তু তা হয়ে গেছে লোভের রাজনীতি এবং তার সঙ্গে জাতীয় রাজনীতির সম্পর্ক গড়ে উঠেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর মেয়াদ শেষ হচ্ছে আগামী জুনে। উপাচার্যের মেয়াদের শেষ পর্যায়ে সেখানেও একের পর এক নিয়োগ চলছে।নিয়োগ বন্ধ রাখার বিষয়ে ইউজিসির নির্দেশনা থাকার পরও কিসের ভিত্তিতে এসব কর্মচারী নিয়োগ দেওয়া হচ্ছে, তা জানেন না বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতারও।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাতটি বড় কলেজের অধিভুক্তি নিয়ে পক্ষে-বিপক্ষে আন্দোলন চলছে। শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম মনে করেন, অধিভুক্তিটা হয়েছে অপরিকল্পিতভাবে। এর মাধ্যমে অকারণে দুটি পক্ষকে মুখোমুখি করা হয়েছে। সব পক্ষের দাবিই যৌক্তিক।সাম্প্রতিক বছরগুলোতে বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যরা বিদায় হচ্ছেন বিক্ষোভ ও সমালোচনার মুখে। অনেকে বিদায় সংবর্ধনাও পাচ্ছেন না।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর সব অনিয়ম, অব্যবস্থা ও বঞ্চনার ঘটনাগুলো প্রকাশ পাচ্ছে না। যেটুকু প্রকাশ পাচ্ছে, তাতেই লজ্জা পেতে হয়।আসলে সরকারের কাছ থেকে নিয়োগ পেয়ে, সরকারের প্রতি আনুগত্য দেখিয়ে কেউ কেউ যাচ্ছেতাই করায় এই পদের মর্যাদা ভূলুণ্ঠিত হচ্ছে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

বিজেপি শুধু দাঙ্গা লাগিয়ে বেড়ায়, গোয়ালতোড়ে বললেন মমতা-দৈনিক আনন্দবাজার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

দলীয় কর্মীর হয়ে প্রচারে গিয়ে গোয়ালতোড়ের সভা থেকে ফের বিজেপি এবং নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নোটবন্দি নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেন মমতা। তিনি বলেন, “নোটবন্দি করে দেশের অর্থনীতি ভেঙে দিয়েছে মোদী সরকার। বহু ছেলেমেয়ে চাকরি হারিয়েছেন। ভিন রাজ্যে এতদিন যাঁরা কাজ করতেন, সেই সব বাঙালি ফিরে আসতে বাধ্য হয়েছেন।” তিনি বলেন,সারাবছর নাক ডেকে ঘুমোয় বিজেপি। শুধু ভোটের সময় ওদের দেখা মেলে। বাকি সময় দাঙ্গা লাগিয়ে বেড়ায়।

‘আপনার বাবা সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত’, বফর্স নিয়ে রাহুলকে আক্রমণ মোদীর-দৈনিক সংবাদ প্রতিদিন/ আনন্দবাজার

রাহুল গান্ধীকে আক্রমণ মোদির

রাজীব গাঁধীর প্রসঙ্গ তুলে রাহুলকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার উত্তরপ্রদেশের একটি নির্বাচনী জনসভায় রাজীব গাঁধীকে ‘এক নম্বরের দুর্নীতিগ্রস্ত’ বলে কটাক্ষ ছুড়ে দেন মোদী।নরেন্দ্র মোদী বফর্স  ‘দুর্নীতি’র প্রসঙ্গ তুলে এই মন্তব্য করেছিলেন। বফর্স কামান কেনার জন্য একটি সুইডিশ সংস্থার থেকে ঘুষ নিয়েছিলেন রাজীব, এমনই অভিযোগ উটেছিল একসময়। যদিও রাজীব গাঁধীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার কোনও প্রমাণ নেই, হাইকোর্ট রায় দিয়েছে।

সোমবার নজরকাড়া কেন্দ্রগুলিতে ভোট, তটস্থ প্রশাসন-দৈনিক আজকাল

রাত পোহালেই পঞ্চম দফার নির্বাচন। রাজ্যের যে সাতটি কেন্দ্রে ভোটগ্রহণ, সেগুলি হল বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ। এখনও পর্যন্ত চারটি দফায় রাজ্যের ১৮টি আসনে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। বাকি তিনটি দফায় আরও ২৪টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। সাত আসনেই চতুর্মুখী লড়াই হবে তৃণমূল, বিজেপি, কংগ্রেস এবং বামফ্রন্টের মধ্যে। ৮৩ জন প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দি করবেন ১,১৬,৯১,৮৮৯ জন ভোটার।  অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে প্রায় ১০০ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৫