মে ১০, ২০১৯ ১২:৪৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১০ মে শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • সোনাগাজীর সেই ওসি সাসপেন্ড-দৈনিক ইত্তেফাক
  • খালেদা জিয়া ছাড়া পেলে জনস্রোতে ক্ষমতাসীনরা ভেসে যাবে: মির্জা ফখরুল-দৈনিক যুগান্তর
  • দুই জোটের অস্থিরতায় বিপাকে বিএনপি-দৈনিক প্রথম  আলো
  • তদারকির মধ্যেই নিত্যপণ্যের দাম বাড়তি-দৈনিক মানবজমিন
  • এ মুহূর্তে দেশে কোনো গণতন্ত্র নেই : এমাজউদ্দীন আহমদ-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • ফেসবুকে মুখ্যমন্ত্রীর কুরুচিকর ছবি পোস্ট, হাওড়ায় গ্রেপ্তার বিজেপি নেত্রী-দৈনিক সংবাদ প্রতিদিন
  • এখানে এক জনের গায়েও হাত দিতে দেব না, আশোকনগরে এনআরসি নিয়ে তোপ মমতার-দৈনিক আনন্দবাজার
  • ভারত ভাগ করার প্রধান হলেন নরেন্দ্র মোদি, বলছে আন্তর্জাতিক ম্যাগাজিন-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

Image Caption

প্রথমে দৈনিক প্রথম আলোর একটি  রাজনীতির খবরের শিরোনাম তুলে ধরছি।' দুই জোটের অস্থিরতায় বিপাকে বিএনপি' খবরটিতে বলা হয়েছে, এত দিন জোটের মধ্যে সমস্যার কথা প্রকাশ্যে বলে এসেছে ২০–দলীয় জোট। এবার আরেক জোট জাতীয় ঐক্যফ্রন্টের শরিকরাও বলতে শুরু করেছে। ২০ দল থেকে এক শরিক চলে গেল। ঐক্যফ্রন্টের একজন ছাড়ার আল্টিমেটাম দিয়েছেন। দুই জোটেরই কেন্দ্রবিন্দুতে রয়েছে বিএনপি।

বিএনপির এমপিদের শপথ

হঠাৎ সিদ্ধান্ত বদল করে শপথ, ২০ দল ও ঐক্যফ্রন্টে অস্থিরতা, দলীয় প্রধান জেলে, ভারপ্রাপ্ত প্রধান বিদেশে—সব মিলিয়ে রাজনীতিতে কিছুটা বিপাকে পড়েছে বিএনপি।নির্বাচন–পরবর্তী রাজনীতিতে বিএনপি বেশ চমক দেখিয়েই শপথ নিয়েছে।

খালেদা জিয়া ছাড়া পেলে জনস্রোতে ক্ষমতাসীনরা ভেসে যাবে: মির্জা ফখরুল-দৈনিক যুগান্তর

বিএনপির মহাসিচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

খালেদা জিয়া জেল থেকে ছাড়া পেলে যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে, তাতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ভেসে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। রাজনীতিতে খালেদা জিয়ার তিন যুগ পূর্তি উপলক্ষে ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার এ প্রদর্শনীর আয়োজন করে। গভীর চক্রান্তের শিকার হয়ে খালেদা জিয়া আজ কারারুদ্ধ- এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, তিনি কেন কারারুদ্ধ আছেন? কারণ দেশনেত্রী হচ্ছেন গণতন্ত্রের প্রতীক। তিনি যদি আজ বেরিয়ে আসেন, তা হলে এরা (সরকার) নিশ্চিহ্ন হয়ে যাবে।

সোনাগাজীর সেই ওসি সাসপেন্ড-দৈনিক ইত্তেফাক

সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন

মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে গতকাল ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে রংপুর রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের এআইজি মো. সোহেল রানা।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে গঠিত তদন্ত টিমের প্রতিবেদনের সুপারিশ অনুসারে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত ২ মে তদন্ত কমিটির প্রতিবেদন পুলিশের আইজিপির কাছে জমা দেয় পুলিশ সদর দফতরের সংশ্লিষ্ট শাখা।

রমজানে বাজার দর নিয়ে দৈনিক মানবজমিনের একটি খবরের শিরোনাম-তদারকির মধ্যেই নিত্যপণ্যের দাম বাড়তি

চলছে তদারকি তারপরও সব কিছুর দাম চড়া

বিস্তারিত খবরে লেখা হয়েছে,  রাজধানীতে চলছে বাজার ‘তদারকি'। রমজান মাসে নিত্যপণ্যের দর হাতের নাগালে রাখতে সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটি পণ্যের দাম নির্ধারণ করে দেয়া হয়। এর আগে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ব্যবসায়ীরা কথা দিয়েছিলেন নিত্যপণ্যের দাম বাড়বে না। কিন্তু বাজারে সবজি থেকে ফল-মাংস, সব কিছুর দামই চড়া। এমনকি ভোক্তাদের ধোকা দিয়ে মূল্যতালিকার এক পাশে সরকার নির্ধারিত দাম। তালিকার অপর পাশে নিজেদের বাড়তি দাম লিখে গ্রাহকদের পকেট কাটছেন বিক্রেতারা। সংশ্লিষ্টরা জানান, বাজার নিয়ন্ত্রণের কথা বারবার শোনা গেলেও বাস্তবে তার কোনো প্রভাব পরিলক্ষিত হয়নি।

দৈনিক যুগান্তরের একটি উন্নয়নমূলক খবরের শিরোনাম- হাওর এলাকায় বিশুদ্ধ পানির জন্য ৫০০ কোটি টাকার প্রকল্প: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

হাওর এলাকায় বিশুদ্ধ খাবার পানির জন্য সরকার ৫০০ কোটি টাকার একটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেন, আমরা বাড়ি বাড়ি টিউবওয়েল দেব, ল্যাট্রিন দেব। হাওর এলাকায় আরও বেশি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হবে। হাওর এলাকার যত পুল-কালভার্ট নির্মাণ বাকি রয়েছে, সব আমরা বানিয়ে দেব। বাচ্চাদের স্কুলগুলো আরও সুন্দর করে করব। হাওর এলাকার গরিব মানুষের জন্য আমরা আরও বেশি করে ঘর বানাব।’

এবার ভারতের দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবর তুলে ধরছি

ভারত ভাগ করার প্রধান হলেন নরেন্দ্র মোদি, বলছে আন্তর্জাতিক ম্যাগাজিন-দৈনিক আজকাল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এতদিন বারবার বলে আসছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভেদের রাজনীতি করেন। যেখানে ভারতের সংস্কৃতি হল বহুত্ববাদ এবং ঐক্য। আরেসএসের মঞ্চে দাঁড়িয়ে সেই শিক্ষা দিয়ে এসেছিলেন প্রারক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এবার লোকসভা নির্বাচন যখন মধ্যগগনে তখন প্রধানমন্ত্রীকে ‘ভারত ভাগ করার প্রধান’ বলে প্রচ্ছদে নিয়ে এলো বিখ্যাত টাইম ম্যাগাজিন। যা নিয়ে গোটা দেশজুড়ে চর্চা শুরু হয়েছে। 

শুধু তাই নয় এই ম্যাগাজিনের প্রচ্ছদে এভাবে মোদিকে চিহ্নিত করায় অস্বস্তি বেড়েছে বিজেপি শীর্ষ নেতৃত্বের। আর সাথে সাথেই সিলমোহর পড়ে গেল বাংলার মুখ্যমন্ত্রীর করা দাবি সঠিক। 

ফেসবুকে মুখ্যমন্ত্রীর কুরুচিকর ছবি পোস্ট, হাওড়ায় গ্রেপ্তার বিজেপি নেত্রী-দৈকি সংবাদ প্রতিদিন

ফেসবুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকৃত ছবি পোস্ট করে বিপাকে বিজেপির এক মহিলা নেত্রী। যুব মোর্চার হাওড়া জেলার আহ্বায়ক প্রিয়াঙ্কা শর্মাকে গ্রেপ্তার করেছে সিটি পুলিশের সাইবার ক্রাইম সেল। ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

ভারতের রাজনীতি ও নির্বাচনি মাঠের আরও কিছু খবর

এখানে এক জনের গায়েও হাত দিতে দেব না, আশোকনগরে এনআরসি নিয়ে তোপ দাগলেন মমতা বন্দোপাধ্যায়। দৈনিক আনন্দবাজারের খবর এটি। দৈনিক সংবাদ প্রতিদিনের খবর পুরুলিয়ার ভোট ময়দানে ‘সেলেব্রিটি’ প্রার্থী জ্যোতির্ময়কে পিঠ চাপড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফলে আজকের শেষ প্রচারে যেখানেই পা রাখছেন, সেখানেই ভিড় উপচে পড়ছে পুরুলিয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোকে ঘিরে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১০