স্বৈরতন্ত্র স্থায়ী হবে না: ড. কামাল হোসেন
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৩ মে সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম
- স্বৈরতন্ত্র স্থায়ী হবে না: ড. কামাল-দৈনিক যুগান্তর
- এক লাফে ৫১ ধাপ উন্নতি!-দৈনিক প্রথম আলো
- জাহালমের ক্ষতিপূরণ প্রশ্নে হাইকোর্টের এখতিয়ার নিয়ে দুদকের আবেদন খারিজ-দৈনিক ইত্তেফাক
- নাগরিক শোকসভায় বক্তারা-‘মাহফুজ উল্লাহ শেষ পর্যন্ত সত্যকে সত্য বলে গেছেন’ -দৈনিক মানবজমিন
- আ’লীগ সরকার ফণীর মতো ভয়ংকর : গয়েশ্বর-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- ভোট যত এগোচ্ছে, বাড়ছে কুকথার স্রোত! মোদীকে নজিরবিহীন ব্যক্তিগত আক্রমণ মায়াবতীর-দৈনিক আনন্দবাজার
- বিলির জন্য কোটি টাকা সহ দিলীপ ঘোষের আপ্ত সহায়ক গ্রেপ্তার আসানসোলে-দৈনিক সংবাদ প্রতিদিন
- ‘তিন বছরেও তাজপুর বন্দর তৈরি করতে পারেননি গডকরি’, নামখানায় তোপ মমতার-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. দুর্নীতি ও অদক্ষতাই বাংলাদেশ বিমানকে ডোবাচ্ছে। প্রথম আলোর বিশেষ প্রতিবেদন সম্পর্কে আপনি কী বলবেন?
২. সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা বন্দরে তেলবাহী জাহাজে হামলা হয়েছে এবং তা স্বীকার করেছে আমিরাত সরকার। প্রশ্ন হচ্ছে- কারা এবং কেন এই হামলা করল বলে আপনার মনে হয়?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
এক লাফে ৫১ ধাপ উন্নতি!-দৈনিক প্রথম আলো
বিশ্বব্যাংকের সহজে ব্যবসা সূচক বা ইজ অব ডুয়িং বিজনেসে এ বছর বড় ধরনের উন্নতির আশা করছে সরকার। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) জানিয়েছে, এ বছর বেশ কিছু সংস্কার করা হয়েছে। আগামী অক্টোবর মাসে বিশ্বব্যাংক যখন সহজে ব্যবসা সূচক প্রকাশ করবে, তখন বাংলাদেশের অবস্থান অনেকটাই এগিয়ে যাবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান গত শনিবার এক অনুষ্ঠানে বলেছেন, যেসব সংস্কার হয়েছে তাতে বাংলাদেশ এবার ১২৫তম অবস্থান পাবে।
স্বৈরতন্ত্র স্থায়ী হবে না: ড. কামাল-দৈনিক যুগান্তর
দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। তিনি বলেছেন, এ দেশে স্বৈরতন্ত্রের কোনো স্থান হবে না। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক নাগরিক শোকসভায় এ আহ্বান জানান তিনি। সাংবাদিক মাহফুজ উল্লাহর স্মরণে এই শোকসভার আয়োজন করা হয়।
ড. কামাল বলেন, ‘স্বৈরতন্ত্র অনেকবার চেষ্টা করেছে এ দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে, চিরস্থায়ী হতে। কেউ কিন্তু পারে নাই। আমি শতভাগ গ্যারান্টি দিতে পারি, আমার অভিজ্ঞতার আলোকে বলতে পারি- এ দেশে স্বৈরতন্ত্রের কোনো জায়গা নাই। যারা মনে করেন গণতন্ত্রকে চাপা দিয়ে, অস্ত্র দিয়ে, বিভিন্ন রকমের প্রভাব খাটিয়ে চিরস্থায়ী হওয়া যায়, তা হলে তারা আহাম্মকের স্বর্গে বাস করছেন।’
গণতন্ত্র পুনরুদ্ধারে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বৈরতন্ত্রের আলামতগুলো চারদিকে লেগে আছে। সে কারণে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। মুক্তিযুদ্ধের মূল্যবোধকে কেন্দ্র করে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। বৃহত্তর ঐক্য গড়ে তুলি।
সাংবাদিক মাহফুজ উল্লাহকে স্মরণ করে ড. কামাল বলেন, আমি যখন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, তখন থেকে তাকে (মাহফুজ উল্লাহ) চিনি। আজকে আমি মোটেও নিরাশ নই। কারণ মাহফুজ উল্লাহকে শ্রদ্ধা জানাতে সব মহলের লোক এখানে একত্রিত হয়েছেন। উনাকে সম্মান জানাচ্ছেন কেন? কারণ তিনি ঝুঁকি নিয়েছিলেন, সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। যখন উচিত কথা বলা ঝুঁকিপূর্ণ ছিল, তখন তিনি উচিত কথা বলেছিলেন।
আ’লীগ সরকার ফণীর মতো ভয়ংকর : গয়েশ্বর-দৈনিক নয়া দিগন্ত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণের জন্য আতঙ্কের। এ সরকার জনবান্ধব সরকার নয়, আওয়ামী লীগ সরকার জনগণের কাছে ঝূর্ণিঝড় ফণী’র মতোই ভয়ংকর হিসেবে চিহ্নিত হয়েছে। ঘূর্ণিঝড়ের মতো জনগণ আওয়ামী লীগকেও ভয় পায়। আজ সোমবার বেলা ১১টার দিকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানীর বাধাঘাটা এলাকায় পথসভায় তিনি এ কথা বলেন। ঘূর্ণিঝড় ফণীতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিএনপির প্রতিনিধি দল আজ সেখানে যান।গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে গিয়ে এক জনসভায় তারেক রহমানকে উদ্দেশ করে বলেছেন, বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়া কোনোদিনই জেল থেকে মুক্তি পাবে না। শেখ হাসিনা লন্ডনে চিকিৎসার নাম করে গিয়ে বাংলাদেশ এবং বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করেন।’
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
ভোট যত এগোচ্ছে, বাড়ছে কুকথার স্রোত! মোদীকে নজিরবিহীন ব্যক্তিগত আক্রমণ মায়াবতীর-দৈনিক আনন্দবজার
লোকসভা ভোট যত শেষের দিকে এগোচ্ছে, বেড়েই চলেছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি। অলওয়ার গণধর্ষণ নিয়ে মায়াবতীর বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জবাবে আগেও রাজনৈতিক ভাবে মোদীকে পাল্টা জবাব দিয়েছেন মায়াবতী। কিন্তু সোমবার ফের সেই ইস্যুতেই মোদীকে নজিরবিহীন ভাবে ব্যক্তিগত আক্রমণ করে বসলেন মায়াবতী। তিনি এ দিন বলেন, ‘‘বিজেপি নেত্রীরা তাঁদের স্বামীকে মোদীর আশেপাশে দেখলেই আঁতকে ওঠেন। তাঁরা ভয় পান এই বুঝি মোদী নিজের মতো তাঁদেরও বিবাহবিচ্ছেদ করে দেবেন।’’ মায়াবতীর আক্রমণের জবাবে বিজেপির বক্তব্য, ব্যক্তিগত পরিবার নয়, দেশকেই নিজের পরিবার বানিয়েছেন মোদী।
সোনার বাংলাকে কাঙাল করে দিয়েছেন দিদি’, ক্যানিংয়ে তোপ অমিতের-দৈনিক আনন্দবাজার
বারুইপুরের সভা বাতিল হয়েছে। বিজেপির অভিযোগ, মমতার সরকার সভার অনুমতি দেয়নি। এই পরিস্থিতিতেই ক্যানিংয়ে জনসভা করলেন অমিত শাহ। মমতার বিরুদ্ধে তাঁর তোপ, ‘‘সভার অনুমতি না দিন, কথা বলতে না দিন, তাতে কিছুই হবে না। কিন্তু মানুষ আমাদের সঙ্গে আছে।’’এছাড়া কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে এ রাজ্যে কী কাজ হয়েছে, তার খতিয়ানও দিয়েছেন অমিত। অমিত শাহ বললেন • সোনার বাংলাকে মমতা দিদি কাঙাল বাংলা বানিয়েছেন।মোদীকে প্রধানমন্ত্রী বানিয়ে দিন, কাঙাল বাংলাকে আবার সোনার বাংলা করে দেব। আর পুরো বাংলার উন্নয়ন থামিয়ে দিয়েছেন মমতা দিদি।
‘তিন বছরেও তাজপুর বন্দর তৈরি করতে পারেননি গডকরি’, নামখানায় তোপ মমতার-দৈনিক আজকাল/সংবাদ প্রতিদিন
তাজপুর বন্দর প্রকল্প সম্পন্ন না হওয়া, রূপসাগর, ভোরসাগর প্রকল্প বাতিল হয়ে যাওয়া নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানালেন মমতা ব্যানার্জি। সোমবার দক্ষিণ ২৪ পরগনার নামখানায় মথুরাপুর তফসিলি লোকসভাকেন্দ্রের দলীয় প্রার্থী সিএম জাটুয়ার সমর্থনে আয়োজিত জনসভায় মমতা বললেন, বঙ্গোপসাগরের ভিতরে এবং সমুদ্রতটে দুটি বন্দর করার কথা বছর চারেক আগে কেন্দ্রকে বলেছিলেন তিনি। মমতা সভায় আসা দর্শকদের মমতা স্মরণ করিয়ে দেন, এই দিনটি রাজ্যের রাজনীতির জন্য গুরুত্বপূ্র্ণ। কারণ, ২০১১ সালের মে মাসের ১৩ তারিখেই ৩৪ বছরের বাম সরকারের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল সরকার।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩