ঈদের দিন সড়কে ঝরল ১১টি প্রাণ-দৈনিক
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৫ জুন বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- চাঁদ দেখা নিয়ে দুই বক্তব্য সুশাসনের অভাবে: ফখরুল-দৈনিক প্রথম আলো
- এবারের ঈদযাত্রা সবচেয়ে স্বস্তির ও আরামদায়ক হয়েছে: দৈনিক কালেরকণ্ঠ
- ঈদের নামাজ শেষে বৃষ্টির মধ্যে রিজভীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ-দৈনিক যুগান্তর
- ঈদের দিন সড়কে ঝরল ১১টি প্রাণ-দৈনিক ইত্তেফাক
- শোলাকিয়ায় বৃষ্টিস্নাত জনসমুদ্র-দৈনিক মানবজমিন
- ৬২১ নম্বর কেবিনে ফাতেমাকে নিয়ে খালেদা জিয়ার ঈদ-দৈনিক ইনকিলাব
ভারতের শিরোনাম:
- রেড রোডের নামাজে গিয়েও বিজেপি বিরুদ্ধে বার্তা মমতার- দৈনিক আনন্দবাজার পত্রিকা
- পাঠানকোটের মতো হামলার ছক কষেছে আল–কায়দা-দৈনিক আজকাল
- দৈনিক আজকালের আরেকটি খবর-সরকারি বৈঠকের মাঝেই পর্দায় ভেসে উঠল অশ্লীল ছবি
- ইফতার মন্তব্যের সমালোচনা, গিরিরাজকে সমঝে যাওয়ার বার্তা অমিত শাহের-দৈনিক সংবাদ প্রতিদিন-
- দলিত কিশোরকে হাত-পা বেঁধে বেধড়ক মার গেরুয়া বসনধারীদের, ভাইরাল ভিডিও-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
কথাবার্তার প্রশ্ন (৫ জুন, ২০১৯)
১. পবিত্র ঈদুল ফিতর উৎযাপন উপলক্ষে হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিজিবির এই শুভেচ্ছা বিনিময়কে আপনি কীভাবে দেখেন?
২. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিল অব দ্যা সেঞ্চুরি কখনো বাস্তবায়ন হবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতু ল্লাহিল উজমা খামেনেয়ী। আপনার পর্যবেক্ষণ কী?
জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারো ধন্যবাদ
চাঁদ দেখা নিয়ে দুই বক্তব্য সুশাসনের অভাবে: ফখরুল-দৈনিক প্রথম আলো
দেশে সুশাসন না থাকলে যা হয়, চাঁদ দেখা নিয়ে তা–ই হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথমে বৃহস্পতিবার ঈদের দিন ঘোষণার পর রাত ১১টার দিকে আজ বুধবার ঈদ ঘোষণার জন্য সরকারের কঠোর সমালোচনা করেছেন তিনি। ঈদের চাঁদ দেখা নিয়ে সরকারের মন্ত্রীর দুবার দুই ধরনের বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে ফখরুল এ কথা বলেন
ঈদের দিন আজ সকালে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব। তিনি দাবি করেন, উৎসবের এই দিনেও মানুষের মনে আনন্দ নেই।
ঈদের চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তির কথা বলতে গিয়ে ফখরুল বলেন, ‘দেশে সুশাসন না থাকলে যা হয়, তা–ই হয়েছে। তারা ৮টা-সাড়ে ৮টার মধ্যে বললেন যে চাঁদ দেখা যায়নি, ঈদের তারিখও বলে দিলেন বৃহস্পতিবার। আবার রাত সাড়ে ১০টা-১১টার দিকে সেটা সংশোধন করলেন। ধর্ম প্রতিমন্ত্রী নিজেই বললেন, কোথা থেকে তাঁরা খবর পেয়েছেন, সে জন্য আজকে বুধবার ঈদ হবে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ঈদের একটা প্রস্তুতি আছে, নামাজ পড়ার জন্য তো একটা প্রস্তুতি দরকার। জনগণের কষ্টের বিষয়গুলো কখনোই এই সরকার সঠিকভাবে উপলব্ধি করেনি, উপলব্ধি করার প্রয়োজনও মনে করে না। যে কারণে জনগণ কষ্ট পায়, ভোগান্তি হয়, সেই ধরনের কাজ তারা করে। আমি মনে করি, দেশে সুশাসন না থাকার কারণে এই ঘটনাটি ঘটেছে।’
এবারের ঈদযাত্রা সবচেয়ে স্বস্তির ও আরামদায়ক হয়েছে: দৈনিক কালেরকণ্ঠ
এবারের ঈদযাত্রাকে ইতিহাসের সবচেয়ে স্বস্তিদায়ক বলে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের ইতিহাসে এবারের ঈদযাত্রা সবচেয়ে স্বস্তির ও আরামদায়ক হয়েছে। আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
ঈদযাত্রা প্রসঙ্গে তিনি আরো বলেন, এবারের মত স্বস্তিদায়ক ঈদযাত্রা দেশে এর আগে হয়নি। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে রাজধানীবাসী বাড়িতে গিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পেরেছেন। আমি আশা করি একইভাবে ঈদের পর সবাই যার যার কর্মস্থলে ফিরে আসতে পারবেন। সে ব্যবস্থাও আমরা রেখেছি। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আপনাদের এখানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
ঈদের নামাজ শেষে বৃষ্টির মধ্যে রিজভীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ-দৈনিক যুগান্তর
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।
বুধবার ঈদুল ফিতরের নামাজ শেষে দুপুর সাড়ে ১২টার দিকে অবিরাম বৃষ্টির মধ্যে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি নাইট এ্যাঙ্গেল মোড় ঘুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
ঈদুল ফিতরের দিনে মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, দেশ ও জনগণ আজ বাকশালী কারাগারে বন্দী। একদলীয় শাসনের চিরস্থায়িত্ব দেয়ার জন্যই খালেদা জিয়াকে বন্দী করা হয়েছে। কর্তৃত্ববাদী শাসন দীর্ঘস্থায়ী করতেই গণতন্ত্রকে কবর দেয়া হয়েছে।
তিনি বলেন, আজ ঈদের দিন, উৎসবের দিন অথচ এই ঈদের প্রাক্কালে জনগণের প্রত্যাশা ছিল অন্যায়ভাবে কারাবন্দী করে রাখা দেশনেত্রীকে মুক্তি দেয়া হবে। কিন্তু সরকার দেশনেত্রীর মুক্তি নিয়ে এক সর্বনাশা খেলায় মেতেছে। দেশকে চিরদিনের মতো আওয়ামী খাচায় বন্দী করে রাখার জন্য গণতন্ত্রকে ধ্বংশস্তুপে পরিনত করার চূড়ান্ত লক্ষ্য হিসেবে বেগম খালেদা জিয়াকে বন্দিশালায় রাখা হয়েছে।
ঈদের দিন সড়কে ঝরল ১১টি প্রাণ-দৈনিক ইত্তেফাক
পবিত্র ঈদুল ফিতরের দিন ঢাকাসহ ঝিনাইদহ, ফরিদপুর, লালমনিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহতের খবর পাওয়া গেছে। বুধবার দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত সড়কে পৃথক দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকায় দুইটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন ও সাভারের আমিনবাজারে আরেক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ও আজ বুধবার ভোরের দিকে এ তিনটি দুর্ঘটনা ঘটে। এতে গুলশানে একজন, বংশালে একজন ও সাভারের আমিনবাজারে একজন মারা গেছেন। গতকাল দিবাগত রাত দেড়টার দিকে গুলশান থানার বসুন্ধরা গেটের বিপরীতে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। ওই গাড়িতে থাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব চৌধুরী (২৩) ও তার মামাতো ভাই ফারদিন খান (২৪) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা সাকিবকে মৃত ঘোষণা করেন। তাদের বাড়ি নয়াপল্টনে।
শোলাকিয়ায় বৃষ্টিস্নাত জনসমুদ্র-দৈনিক মানবজমিন
প্রতিবারের মতো এবারও দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হলো কিশোরগঞ্জের শোলাকিয়ায়। বুধবার মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে ঈদুল ফিতরের নামাজ পড়তে আসা দেশ-বিদেশের কয়েক লাখ মুসল্লির ভিড়ে জনসমুদ্রে পরিণত হয় শোলাকিয়া ময়দান। দেশের সর্ববৃহৎ এ জামাতে অংশগ্রহণ করতে সকাল থেকেই মুসল্লিদের ঢল নামে জেলা শহরের পূর্বপ্রান্তে নরসুন্দা নদীর তীরে অবস্থিত শোলাকিয়া ঈদগাহের উদ্দেশ্যে। বৃষ্টিতে ভিজে, ছাতা ও জায়নামাজ মাথায় দিয়ে মুসল্লিরা সমবেত হন শোলাকিয়া ঈদগাহে।
জামাত শুরুর আগেই সাত একর আয়তনের শোলাকিয়া মাঠ পূর্ণ হয়ে যায়। আগত মুসল্লিদের অনেকে মাঠে জায়গা না পেয়ে পার্শ্ববতী রাস্তা, তিনপাশের ফাঁকা জায়গা, নদীর পাড় ও শোলাকিয়া সেতুতে জায়গা করে নিয়ে জামাতের জন্য দাঁড়িয়ে পড়েন। রাতের টানা বৃষ্টির পর সকালে শুরু হয় অঝর ধারায় বৃষ্টি। এতে ঈদগাহ ময়দান, রাস্তা ও আশেপাশের এলাকা কর্দমাক্ত হলেও এর উপর পলিথিন ও জায়নামাজ বিছিয়ে মুসল্লিরা প্রস্তুতি নেন জামাতের।
৬২১ নম্বর কেবিনে ফাতেমাকে নিয়ে খালেদা জিয়ার ঈদ-দৈনিক ইনকিলাব
রাজনৈতিক জীবনে একাধিকবার কারাগারে অথবা সাবজেলে ঈদ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত বছরও ঈদ করেছিলেন পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে। তবে জীবনে এবারই প্রথম হাসপাতালে ঈদ করছেন বিএনপি চেয়ারপারসন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ঈদ করছেন সাবেক এই প্রধানমন্ত্রী। হাসপাতালের ৬২১ নম্বর কেবিনে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গী গৃহকর্মী ফাতেমা বেগম। নিয়ম অনুযায়ী হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। জানা গেছে, ঈদের দিন সকালে খালেদা জিয়াকে দেয়া হয়েছে পায়েস, সেমাই ও মুড়ি। এসবই ঢাকা কেন্দ্রীয় ( (কেরানীগঞ্জ) কারাগারের কারারক্ষীদের তৈরি। তবে অন্যান্য কয়েদির মতো নয়, তার খাবার তৈরি হবে চিকিৎসকের পরামর্শ ও ডায়েট চার্ট অনুযায়ী।
খালেদা জিয়ার দুপুরের মেন্যুতে ভাত অথবা পোলাও থাকতে পারে। এগুলোর সঙ্গে পাবেন ডিম, রুই মাছ, মাংস আর আলুর দম। রাতে থাকছে পোলাও। সঙ্গে গরু অথবা খাসির মাংস, ডিম, মিষ্টান্ন, পান-সুপারি এবং কোমল পানীয়।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি।
রেড রোডের নামাজে গিয়েও বিজেপি বিরুদ্ধে বার্তা মমতার-দৈনিক আনন্দবাজার পত্রিকা
ইদের ভাষণেও বিজেপি-র বিরুদ্ধে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ‘ভয় পাওয়ার কোনও কারণ নেই’— রেড রোডে ইদের নমাজের মঞ্চ থেকেই বুধবার একথাই বার বার বললেন মুখ্যমন্ত্রী। কোনও রাজনৈতিক দলের নাম করলেন না। কিন্তু বললেন, ‘‘যত দ্রুত ইভিএম দখল করেছে, তত দ্রুত চলেও যাবে।’’
মুখ্যমন্ত্রী হিসাবে রেড রোডে ইদের নমাজের অনুষ্ঠানে প্রতি বছরই যান মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। তবে এ বার তাঁর ভাষণের বয়ান কিছুটা ব্যতিক্রমী শুনিয়েছে। অন্যান্য বছর শুধুমাত্র সামাজিক বিষয় নিয়েই কথা বলেন মমতা। সঙ্গে ইদের শুভেচ্ছা জানান। কিন্তু এ বছর তাঁর সংক্ষিপ্ত ভাষণে রাজনীতির ছায়া ছিল গাঢ়।
এ দিনও শুভেচ্ছা বার্তা দেওয়ার মাধ্যমেই শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ। তিনি বলেন, ‘‘আপনাদের পরিবার, আপনাদের ভবিষ্যৎ, আপনাদের সমাজ, আপনাদের সংস্কার, আপনার রাজ্য, আপনার দেশ, সারা বিশ্বে ইনশাল্লাহ আপনাদের জন্য ইদ খুশির হয়ে উঠুক।’’
পাঠানকোটের মতো হামলার ছক কষেছে আল–কায়দা-দৈনিক আজকাল
ফের সক্রিয় আল–কায়দা। এবার তারা নতুন করে ছক কষছে ভারতের ওপর হামলা চালানোর। বুধবার এমনই তথ্য পেয়েছে গোয়েন্দারা। পাঠানকোট হামলার মতোই এই হামলা করা হবে বলে সূত্রের খবর। ২০১৬ সালের ২ জানুয়ারি পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে হামলা হয়েছিল। ঠিক একই কায়দায় তবে ভিন্ন চরিত্রে এই হামলা করা হবে বলে ঠিক করেছে আল–কায়দা জঙ্গি গোষ্ঠী। সূত্রের খবর, এখন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন অমিত শাহ। আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে দেওয়া হয়েছে পূর্ণমন্ত্রীর পদমর্যাদা। এই অজিত দোভালের মস্তিষ্কপ্রসূত হল সার্জিক্যাল স্ট্রাইক। তাই তাঁদেরকে পাল্টা বার্তা দিতেই এই ছক করা হয়েছে। সেই ছক কষেছে আল–কায়দার জঙ্গি আবদুল্লা আলহান্দ। এবার সীমান্তে যে নিরাপত্তা সংক্রান্ত পরিকাঠামো গড়ে তোলা হয়েছে তাতে হামলা চালানো হবে। সূত্রটি আরও জানাচ্ছে, এবার সেই হামলাটি হবে আত্মঘাতী। এমনকী এই হামলায় নেওয়া হচ্ছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈশ–ই–মহম্মদের। তবে কোথায় হামলাটি করা হবে তা এখনও জানা যায়নি। কিন্তু জম্মু–কাশ্মীর সীমান্ত বরাবর হামলা হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ সেখানে নিরাপত্তার পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।
সরকারি বৈঠকের মাঝেই পর্দায় ভেসে উঠল অশ্লীল ছবি-দৈনিক আজকাল
একেবারে ছি ছি পড়ে গেছে। গত সোমবার জয়পুরে খাদ্য দপ্তরের গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল। রাজ্যের খাদ্য দপ্তরের এনআইসি রুমে ভিডিও কনফারেন্সের সময় আচমকাই পর্দায় ভেসে ওঠে অশ্লীল ছবি। তুমুল অস্বস্তিতে পড়ে যান খাদ্য দপ্তরের আধিকারিকরা। বৈঠকে হাজির ছিলেন দপ্তরের সচিব মুগ্ধা সিনহা। তিনি জানিয়েছেন, ‘ভিডিও কনফারেন্স চলাকালীন পর্দায় আচমকাই ভেসে ওঠে কিছু অশ্লীল ছবি। আমি দ্রুত এনআইসি ডিরেক্টরকে তলব করি। গোটা ঘটনার বিস্তারিত জানাতে বলেছি।’ বৈঠকে খাদ্য দপ্তরের আধিকারিকরা ছাড়াও এনআইসি–র কর্তারা ছিলেন। প্রায় দশজন ছিলেন উপস্থিত। এবং ৩৩ জেলার খাদ্য দপ্তরের আধিকারিকদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল। খাদ্য দপ্তরের বিভিন্ন পরিকল্পনা নিয়ে ডাকা বৈঠক এভাবে ভেস্তে যাওয়ায় যথেষ্ট বিড়ম্বনায় পড়েছেন মুগ্ধা সিনহা। যথেষ্ট বিরক্ত তিনি। দ্রুত ঘটনার তদন্ত করে দোষীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন তিনি।
ইফতার মন্তব্যের সমালোচনা, গিরিরাজকে সমঝে যাওয়ার বার্তা অমিত শাহের-দৈনিক সংবাদ প্রতিদিন
বিজেপি কখনওই এই ধরনের মন্তব্যকে সমর্থন করেন না৷ ইফতার পার্টি নিয়ে যেভাবে বিহারের এনডিএ জোটসঙ্গীদের নিশানা করেছেন গিরিরাজ সিং, তার সমালোচনা করে মঙ্গলবার এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ আলটপকা মন্তব্য করা ব্যাপারে গিরিরাজকে বিরত থাকারও হুঁশিয়ারিও দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ ইফতার পার্টিতে অংশগ্রহণ করায় মঙ্গলবারই জেডিইউ সুপ্রিমো তথা বিহারের মুখ্যমন্ত্রী এবং এলজেপি প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানকে টুইটারে নিশানা করেন গিরিরাজ সিং৷ কটাক্ষের সুরে টুইটারে লেখেন, “এই ছবিগুলো কত সুন্দর হত, যদি নবরাত্রির ভোজও সমান আতিথেয়তা ও আগ্রহের সঙ্গে আয়োজন করা হত। কিন্তু কেন আমরা নিজেদের বিশ্বাস প্রকাশ করতে এত ইতস্তত করি এবং ছলনার আশ্রয় নিই?” তাঁর ওই মন্তব্যের জেরে অস্বস্তিতে পড়ে বিজেপি। তাঁর এই ছবি এবং মন্তব্য পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিতর্ক শুরু হয়। প্রশ্ন উঠতে থাকে বিহারের এনডিএ জোট নিয়ে৷ যা সামাল দিতে শেষে আসরে নামতে হয় খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতিকে৷
দলিত কিশোরকে হাত-পা বেঁধে বেধড়ক মার গেরুয়া বসনধারীদের, ভাইরাল ভিডিও
মন্দিরে পা রাখাই হয়েছে ‘অপরাধ’। তার জেরে দলিত কিশোরের হাত-পা বেঁধে নির্মমভাবে পেটালো একদল যুবক। গেরুয়া বসনধারী যুবকদের সেই অত্যাচারের ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে। রাজস্থানের পালি জেলার এই ঘটনায় পুলিশ উলটে আহত কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পুলিশের বক্তব্য, নাবালিকাকে যৌন হেনস্তা করার অভিযোগে ওই কিশোরের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। কিন্তু যারা তাকে বেঁধে পেটালো তাদের কোনও হদিশ পায়নি পুলিশ। ঘটনায় নিন্দার ঝড় উঠেছে মরুরাজ্যে। ফের একবার দলিত আক্রান্তের ঘটনায় সরব হয়েছে ওয়াকিবহাল মহল।
জানা গিয়েছে, গত ১ জুন পালি জেলার ধানেরিয়া গ্রামে ওই কিশোরকে হাত-পা বেঁধে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে একদল গেরুয়া বসনধারী যুবক। তাদের গলায় ছিল গেরুয়া ওড়না। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, ওই কিশোরকে নির্মমভাবে পেটাচ্ছে তারা। আক্রান্তের অভিযোগ, সে নিম্নবর্ণের হয়েও কেন মন্দিরে পা রেখেছে এটাই তার অপরাধ। তাই তাকে বেঁধে মারধর করা হয়েছে। অন্যদিকে, সংবাদ সংস্থা এএনআইকে পুলিশ জানিয়েছে, এক নাবালিকাকে যৌন নিগ্রহ করার অভিযোগ উঠেছে আক্রান্ত কিশোরের বিরুদ্ধে। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। তবে যারা মারধর করেছে তাদের সম্পর্কে কোনও তথ্য দিতে পারেনি পুলিশ। যদিও পুলিশের বক্তব্য মানতে নারাজ আক্রান্তের পরিবারের লোকজন।#
পার্সটুডে/বাবুল আখতার/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।