মহাসড়কে বছরে ৮৭ কোটি টাকার চাঁদাবাজি
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৬ আগস্ট শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশে:
- মহাসড়কে বছরে ৮৭ কোটি টাকার চাঁদাবাজি-দৈনিক প্রথম আলো
- ময়মনসিংহে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩-দৈনিক কালেরকণ্ঠ
- যে কারণে খালেদা জিয়ার জন্মদিন একদিন পর পালন করছে বিএনপি-দৈনিক যুগান্তর
- আন্দোলন ছাড়া বেগম জিয়াকে মুক্ত করার বিকল্প নেই: ফখরুল: দৈনিক ইত্তেফাক
- দুর্নীতি বিরুদ্ধে গণমাধ্যমকর্মীর অভিনব প্রতিবাদ-দৈনিক মানবজমিন
- ২১২টি ছাগল ছিনতাই করলেন ছাত্রলীগ নেতা: রিজভী-দৈনিক নয়াদিগন্ত
ভারতের খবর:
- মনে হচ্ছে আমরা যেন খাঁচাবন্দি পশু, খোলা চিঠিতে অমিত শাহকে তোপ মেহবুবা-কন্যার-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- পরমাণু অস্ত্রের নীতি বদলের হুমকি, রাজনাথের কথায় শঙ্কায় পাকিস্তান-দৈনিক আজকাল
- জাগো বাংলায় সারদার টাকা! তলব পেয়ে সিবিআই দফতরে পার্থ চট্টোপাধ্যায়-দৈনিক আনন্দবাজার পত্রিকা
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ
মহাসড়কে বছরে ৮৭ কোটি টাকার চাঁদাবাজি-দৈনিক প্রথম আলো
দেশের বিভিন্ন মহাসড়ক ও বাস–ট্রাক টার্মিনালে চাঁদাবাজি গোপন কিংবা নতুন কিছু নয়। সবই হয় প্রকাশ্যে এবং নিবন্ধিত সংগঠনের নামে। বছরে মহাসড়ক থেকে কত টাকা চাঁদা আদায় হয়, সেই তথ্য সুনির্দিষ্টভাবে কারও কাছে নেই। তবে হাইওয়ে পুলিশের বার্ষিক প্রশাসনিক প্রতিবেদনে এই চাঁদাবাজি সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা ২১৫টি সংস্থা ও সংগঠন মহাসড়কে চলাচলকারী ৫৮ হাজার ৭১৯টি যানবাহন থেকে দিনে গড়ে ২৪ লাখ টাকা চাঁদা তুলছে। বছরে সেই টাকার পরিমাণ ৮৭ কোটি টাকা। এই চাঁদার টাকায় গোপনে পকেট ভারী হয় পুলিশ, পরিবহন মালিক–শ্রমিক সংগঠনের প্রভাবশালী নেতাদের। রাজনৈতিক দলের কিছু নেতাও এর ভাগ পান। এ নিয়ে তেমন কোনো লুকোছাপাও নেই। পরিবহন শ্রমিক–মালিকদের অনেকেই বিষয়টি স্বীকার করেছেন। তবে তাঁরা নাম উদ্ধৃত হয়ে এ নিয়ে কোনো মন্তব্য করে ঝামেলায় পড়তে চাননি।
ময়মনসিংহে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩-দৈনিক কালেরকণ্ঠ
ময়মনসিংহের গৌরিপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী। আজ শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে উপজেলার রামগোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। গৌরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাস ও প্রাইভেটকার ময়মনসিংহের দিকে যাচ্ছিল। রামগোপালপুর এলাকায় পৌঁছে বাসটি প্রাইভেটকার ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। আহত হয়েছেন আরও চারজন।
যে কারণে খালেদা জিয়ার জন্মদিন একদিন পর পালন করছে বিএনপি-দৈনিক যুগান্তর
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন ছিল বৃহস্পতিবার (১৫ আগস্ট)। ১৯৪৫ সালে জন্ম নেয়া সাবেক এ প্রধানমন্ত্রী এদিন ৭৫ বছরে পা দেন। প্রতিবার ঘটা করেই দলীয় নেত্রীর জন্মদিন পালন করে বিএনপি। প্রথম প্রহরে বিশাল কেক কেটে জমকালো জন্মদিন পালন করেন দলের নেতাকর্মীরা। কিন্তু এই প্রথম দলীয় নেত্রীর জন্মবারে কোনো কর্মসূচি দেয়নি বিএনপি। কর্মসূচি দিয়েছে একদিন পর। আজ সারা দেশে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল করছে বিএনপি।

প্রতিবারের রেওয়াজ থেকে হঠাৎ বেরিয়ে এসে একদিন পর খালেদা জিয়ার জন্মদিন পালন নিয়ে রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, বহুদিন পর বিএনপি একটি ইতিবাচক ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নিল। আবার কেউ কেউ বলছেন, বিএনপির এ সিদ্ধান্তে খালেদা জিয়ার জন্মদিন নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হবে।
আন্দোলন ছাড়া বেগম জিয়াকে মুক্ত করার বিকল্প নেই: ফখরুল: দৈনিক ইত্তেফাক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দুর্ভাগ্য আমরা এমন কিছু করতে পারছি না যে, আন্দোলনের মধ্যে দিয়ে খালেদা জিয়াকে বের করে নিয়ে আসতে পারবো। আর আমরা জেনে গেছি, আইন-আদালতের ভূমিকা কি এবং তারা কি করছে, তারা কি করছে না। তাই আজকে আমাদের সুসংগঠিত হতে হবে এবং আন্দোনের মধ্যে দিয়ে বেগম জিয়াকে মুক্তি করতে হবে। এর কোন বিকল্প নেই। তাই আসুন, আজকের এই দিনে আমরা বেগম জিয়ার দীর্ঘায়ু কামনা করবো এবং তার মুক্তির জন্য নিজেদের সংগঠিত করে মুক্তির আন্দোলন করবো। এই শপথ আজকে আমাদের হোক।
তিনি বলেন, সরকার বেগম জিয়াকে ইচ্ছাকৃতভাবে কারাগারে আটক করে রেখেছে। কারণ আজকে যে অর্থনীতিকে পরনির্ভরশীল ও ফোকলা করে ফেলা হচ্ছে, সেটা তখন আর সম্ভব হতো না। আর এক সময় পাট শিল্পকে ধ্বংস করা হয়েছে, আজকে চামড়া শিল্পকে ধ্বংস করা হচ্ছে। সুতরাং বাংলাদেশকে যে পরনির্ভরশীল করার কাজগুলো সরকার এগিয়ে নিয়ে গেছে। এজন্য সরকার সবচেয়ে বড় চক্রান্ত করছে
দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যমকর্মীর অভিনব প্রতিবাদ-দৈনিক মানবজমিন
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে ব্যতিক্রমী প্রতিবাদ করছেন সাংবাদিক আশরাফুল ইসলাম। গত ৬দিন ধরে তিনি কাফনের কাপড় পরে প্রতিবাদ জানিয়ে আসছেন। টানা ৭১ দিন চলবে তার এ প্রতিবাদ কর্মসূচি। একই সময়ে তিনি দেশের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন।

দেশবাসীকে জানাবেন তার নিজ উপজেলার ভিজিএফ, ভিজিডি, যত্ন প্রকল্প, হাট বাজার উন্নয়ন, রাজস্ব তহবিলের বরাদ্দ লুটপাটসহ বিভিন্ন অন্যায়-অনিয়ম-দুর্নীতির কথা। এই কাজে উৎসাহ দিতে সাংবাদিক আশরাফুলের মা নিজেই ছেলেকে কাফনের কাপড় পরিয়ে বাড়ি থেকে বিদায় দিয়েছেন।
২১২টি ছাগল ছিনতাই করলেন ছাত্রলীগ নেতা :দৈনিক নয়াদিগন্ত
রাজধানীর মোহাম্মদপুর থানার ছাত্রলীগ সভাপতিসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ছাগল ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। একটি বা দু’টি নয় ২১২টি ছাগল ছিনতাইয়ের অভিযোগে মামলাটি করেছেন ছাগল ব্যবসায়ী সাইফুল ইসলাম। অভিযুক্তরা হলেন- মোহাম্মদপুর থানা ছাত্রলীগ সভাপতি মুজাহিদ আজমী তান্না ইয়াসির আরাফাত, জাহিদুল ইসলাম, মো: রায়হানসহ অজ্ঞাত আরো সাত-আটজন।
পুলিশের মোহাম্মদপুর জোনের এসি মো: শিবলী নোমান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তরা বেশ কিছু দিন ধরে লাইসেন্স ছাড়া অবৈধভাবে ওয়াকিটকি ব্যবহার করে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বলে পরিচয় দিয়ে আসছিলেন এবং এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন। এই ঘটনায় টেলিযোগাযোগ আইনে চাঁদাবাজির অভিযোগেও একটি মামলা হয়েছে।
এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি
মনে হচ্ছে আমরা যেন খাঁচাবন্দি পশু, খোলা চিঠিতে অমিত শাহকে তোপ মেহবুবা-কন্যার-দৈনিক আনন্দবাজার পত্রিকা
মায়ের সঙ্গে দেখা হয়নি সপ্তাহ দুয়েক। গৃহবন্দি করা হয়েছে তাঁকেও। নিরাপত্তা বাহিনীর নজরদারিতে রাখা হয়েছে সর্ব ক্ষণ। বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের কোনও উপায় নেই। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খোলা চিঠি লিখলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা জাভেদ।
উপত্যকায় ডাক যোগাযোগ বন্ধ। ইলতিজার দাবি, তাই তিনি একটি অডিয়ো রেকর্ডিং এবং খোলা চিঠি প্রকাশ করেছেন। তাতে উপত্যকার বিশেষ মর্যাদা বিলোপ করা নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন। ইলতিজার অভিযোগ, পশুর মতো খাঁচায় বন্দি করে রাখা হয়েছে কাশ্মীরিদের। কেড়ে নেওয়া হয়েছে তাঁদের মানবাধিকার। এমনকি সংবাদমাধ্যমে মুখ খুললে তাঁকেও ফল ভুগতে হবে, এমন হুমকিও পেয়েছেন বলে দাবি করেছেন ইলতিজা।
পরমাণু অস্ত্রের নীতি বদলের হুমকি, রাজনাথের কথায় শঙ্কায় পাকিস্তান-দৈনিক আজকাল
পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পোখরানের মাটিতে দাঁড়িয়ে প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানকে সতর্ক করে শুক্রবার রাজনাথ সিং বলেন, ‘এখনও পর্যন্ত পরমাণু অস্ত্র নিয়ে প্রথম ব্যবহার নীতিতে চলে না ভারত। তবে পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে এই নীতি বদলাতেও পারে।’ অর্থাৎ ভারত পরমাণু অস্ত্র প্রথমেই ব্যবহার করতে পারে যদি পরিস্থিতি তেমন হয়।

শুক্রবার রাজস্থানের পোখরানে সেনা মহড়া অনুষ্ঠানের শেষদিনে যোগ দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি জানান, আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রথম মৃত্যুবার্ষিকী। পোখরানের সঙ্গে অটলবিহারী বাজপেয়ীর স্মৃতি জড়িয়ে আছে। অটলবিহারী বাজপেয়ী ভারতকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসাবে তুলে ধরতে সাক্ষী থেকেছে এই পোখরান। পোখারানে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর ছবিতে শ্রদ্ধা জানান রাজনাথ। এই পোখারানেই ১৯৭৪ এবং ১৯৯৮ সালে পরমাণু পরীক্ষা করা হয়। ‘পোখরান ২’ হয় যখন ক্ষমতায় ছিল অটলবিহারী বাজপেয়ীর সরকার।
জাগো বাংলায় সারদার টাকা! তলব পেয়ে সিবিআই দফতরে পার্থ চট্টোপাধ্যায়-দৈনিক আনন্দবাজার পত্রিকা
সারদা তদন্তে এ বার তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। শুক্রবার তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের দফতরে ডেকে পাঠানো হয়। দুপুর ২টো ১৫ নাগাদ সেখানে পৌঁছেও গিয়েছেন পার্থবাবু।
সিবিআই সূত্রে খবর, তৃণমূলের দলীয় মুখপত্র জাগো বাংলার কিছু আর্থিক লেনদেন সম্পর্কে জানতে চাওয়া হবে পার্থ চট্টোপাধ্যায়ের থেকে। এর আগে জাগো বাংলার অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য জানতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে শীর্ষ তৃণমূল নেতা সুব্রত বক্সি এবং দলীয় সাংসদ ডেরেক ও ব্রায়েনকেও।#
পার্সটুডে/বাবুল আখতার/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।