কৃষি জমি নষ্ট করে শিল্পকারখানা নয় :প্রধানমন্ত্রী
-
ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৬ নভেমম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশে:
- বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ: পররাষ্ট্রমন্ত্রী-দৈনিক প্রথম আলো
- কৃষি জমি নষ্ট করে শিল্পকারখানা নয় :প্রধানমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
- জাবিতে হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ-দৈনিক যুগান্তর
- অস্ত্র মামলায় সম্রাটকে অভিযুক্ত করে র্যাবের চার্জশিট: দৈনিক ইত্তেফাক
- ডেঙ্গুতে মৃতের সংখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট-দৈনিক মানবজমিন
- জাবিতে আন্দোলন চলছে, এবার সাড়ে ৩টার মধ্যে হল ছাড়ার নির্দেশ-দৈনিক নয়া দিগন্ত
ভারতের খবর:
- নাকের ডগায় নজিরবিহীন পুলিশি বিক্ষোভ, কোথায় অমিত? প্রশ্ন বিরোধীদের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
-
১১ ঘণ্টা পর দিল্লি পুলিশের অবরোধ উঠল-দৈনিক আজকাল
- রাজধানীতে অতিরিক্ত বায়ুদূষণের জন্য দায়ী পাকিস্তান ও চীন, দাবি বিজেপি নেতার -দৈনিক আজকাল
- অল্পের জন্য ফিদায়েঁ হামলা থেকে রক্ষা পায় ভারত, দাবি মার্কিন আধিকারিকের-দৈনিক সংবাদ প্রতিদিন
এবার বাছাইকৃত খবরের বিস্তারিত এখানে তুলে ধরছি:
বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ: পররাষ্ট্রমন্ত্রী-দৈনিক প্রথম আলো
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। এ খুনি রাজনৈতিক আশ্রয়ের আওতায় বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলসের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি তাঁকে (সফররত মার্কিন ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী) বলেছি যে আমরা খুনি রাশেদ চৌধুরীকে ফেরত চাই।’
মোমেন বলেন, বাংলাদেশ আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায় পলাতক আত্মস্বীকৃত বঙ্গবন্ধুর সব খুনিকে দেশে ফেরত আনতে চায়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তাঁকে বলেছি আমরা বাংলাদেশে আইনের শাসন ও সুশাসন নিশ্চিত করতে চাই, যেমনটি আপনার দেশে আপনি চান। তবে এ ক্ষেত্রে সমস্য হচ্ছে যে পলাতক এক খুনি আপনার দেশে বসবাস করছেন।’
এক প্রশ্নের উত্তরে মোমেন বলেন, এলিস রাশেদ চৌধুরীর বিচারের নথিপত্র যুক্তরাষ্ট্রে পাঠাতে অনুরোধ জানিয়েছেন, যাতে তার সরকার রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর বাংলাদেশ সরকারের দাবি যাচাই করতে পারে।
বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর পলাতক ছয় খুনিকে ফেরত পাঠাতে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে বিশ্বব্যাপী আবেদন জানিয়েছে। তাঁদের মধ্যে রাশেদ চৌধুরীর যুক্তরাষ্ট্রে এবং নুর চৌধুরীর কানাডায় বসবাস করার কথা জানা গেছে।
কৃষি জমি নষ্ট করে শিল্পকারখানা নয় :প্রধানমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
'কৃষি জমি নষ্ট করে যত্রতত্র শিল্পকারখানা করতে দেওয়া হবে না। আমরা ১০০টি অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। এটার অর্থ হলো যেন কৃষি জমি নষ্ট না হয়। যারা ইন্ডাস্ট্রি করতে চায়, তাদের ওইসব অঞ্চলে প্লট দেওয়া হবে।'
আজ বুধবার (৬ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কৃষকরাই বাংলাদেশকে বাঁচিয়ে রাখে। কৃষক ফসল ফলায়, আমরা খেয়ে বেঁচে থাকি। একটি সমাজ ও দেশের জন্য কৃষক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, 'আগে কৃষক ফসল ফলাতো, কিন্তু তার পেটে খাবার ছিল না। তাদের পরনের কাপড় ছিল না। কৃষকের অধিকার সংরক্ষণে আমরা কাজ করে যাচ্ছি। কৃষক যেন তাদের ন্যায্য অধিকার আদায় করতে পারে, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।'
শেখ হাসিনা বলেন, কৃষকের স্বার্থ রক্ষার পাশাপাশি আমরা উন্নত হবো, শিল্পায়ন করবো। তবে কৃষকদের বা কৃষিকে বাদ দিয়ে নয়। কাজেই আমাদের উন্নয়নে কৃষকদের সবসময় গুরুত্ব দিয়ে থাকি।' তিনি বলেন, 'বাংলাদেশে ই-কৃষি চালু হয়েছে। কৃষকরা যেকোনও সমস্যার সমাধানে '১৬১২৩' নম্বরে কল করে জানতে পারে। আমাদের কৃষকরাও এখন যথেষ্ট পরিপক্ব। মোট কথা কৃষকদের যত ধরনের সুবিধা দেওয়ার কথা, আমরা তা দিচ্ছি।'
প্রধানমন্ত্রী আরও বলেন, 'আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। খাদ্য উৎপাদনে সারাবিশ্বে আমরা চতুর্থ অবস্থানে আছি। বাংলাদেশে একটি মানুষও আর গৃহহারা থাকবে না। তাদের প্রত্যেকের যেন মাথা গোঁজার ঠাঁই হয়, আমরা সে ব্যবস্থা করে দিচ্ছি।' কৃষিখাতে গবেষণার গুরুত্ব দিয়ে তিনি বলেন, 'গবেষণা ছাড়া কৃষি উন্নয়ন সম্ভব নয়। আমরা গবেষণার মাধ্যমে উন্নতমানের বীজ উৎপাদন করছি। বর্তমানে দেশেই গবেষণার মাধ্যমে বিভিন্ন ধরনের সবজি ১২ মাসই উৎপাদন করা যাচ্ছে।'
জাবিতে হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ-দৈনিক যুগান্তর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থী ও কর্তব্যরত সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ কর্মসূচি পালন করেন ছাত্রদল নেতাকর্মীরা।

এসময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ঢাবি শাখা সভাপতি আল মেহেদি তালুকদার, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, সদ্য সাবেক স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, কেন্দ্রীয় সাবেক সহসম্পাদক আশরাফ ফকির লিংকনসহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় ছাত্রদলের পক্ষ থেকে তিন দফা দাবি পেশ করা হয়।
দাবিগুলো হলো- দুর্নীতিবাজ ও দালাল ভিসির (অধ্যাপক ফারজানা ইসলাম) পদত্যাগ, সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা এবং জাবিতে সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত করা।
সমাবেশে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আল মেহেদী তালুকদার বলেন, ছাত্রলীগ প্রতিটি ক্যাম্পাসের যৌক্তিক আন্দোলনে হামলা চালিয়ে দেশের ছাত্ররাজনীতিকে বারবার কলংকিত করছে। হামলা চালালেও তাদের বিচার হয় না। প্রশাসনের দলবাজরা ছাত্রলীগের অন্যায় কর্মকান্ডের বিচার করেন না। এই কারণে তাদের কর্মকান্ড বারবার সীমা লঙ্ঘন করছে।
অস্ত্র মামলায় সম্রাটকে অভিযুক্ত করে র্যাবের চার্জশিট: দৈনিক ইত্তেফাক
রাজধানীর রমনা থানায় অস্ত্র আইনে করা মামলায় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে র্যাব।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১ এর উপ-পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক এ চার্জশিট জমা দেন।
ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকেই তাকে গ্রেফতার করা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। পরে গত ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রামে আত্মগোপনে থাকা সম্রাটকে গ্রেফতার করে র্যাব। এসময় তার সঙ্গে আরমানকেও গ্রেফতার করা হয়। পরে ঢাকায় এনে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
পরে ৬ অক্টোবর দুপুরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র্যাবের একটি দল কাকরাইলে ভূঁইয়া ট্রেড সেন্টারে তালা ভেঙে সম্রাটের কার্যালয়ে ঢুকে অভিযান শুরু করে। নিজ কার্যালয়ে পশুর চামড়া রাখার দায়ে তার ছয় মাসের জেল দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এছাড়াও গত ৭ অক্টোবর রমনা মডেল থানায় র্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে সম্রাটের নামে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা করেন। এর মধ্যে যুবলীগের সহ-সভাপতি এনামুল হক আরমানকেও মাদক মামলায় আসামি করা হয়েছে।
এই দুই মামলায় গত ১৫ অক্টোবর আদালত সম্রাটকে ১০ দিনের রিমান্ডে পাঠান। জিজ্ঞাসাবাদ শেষে গত ২৪ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারে।
ডেঙ্গুতে মৃতের সংখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট-দৈনিক মানবজমিন
ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর দেশে কতজন মারা গেছেন তার সংখ্যাসহ বিস্তারিত জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ১১ই নভেম্বরের মধ্যে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে এ তথ্য আদালতকে জানাতে বলা হয়েছে।আজ বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। ডেঙ্গু সংক্রান্ত মামলার ধারাবাহিকতায় সকালে বিষয়টি আদালতে উত্থাপিত হয়। পরে আদালত এ আদেশ দেন।আদালতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষে ছিলেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাঈনুল হাসান।পরে মাঈনুল হাসান বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাসহ ডেঙ্গু নিয়ে স্ববিস্তারে আদালত জানতে চেয়েছেন। আগামী নির্ধারিত দিনে আদালতে জানানো হবে বলেও তিনি জানান।ডেঙ্গু নিয়ে আতঙ্ক শুরু হলে গত ৪ঠা জুলাই এক স্বপ্রণোদিত আদেশে ঢাকা সিটিতে ডেঙ্গু-চিকুনগুনিয়াসহ এডিস মশা নির্মূল ও ধ্বংসে অগ্রাধিকার ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়ে দিয়ে রুল জারি করেন হাইকোর্ট। এরপর কয়েক দফায় এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয় এবং নির্দেশনা দেন আদালত। আদালতের আদেশে জরুরি ভিত্তিতে বিদেশ থেকে ওষুধ এনে ডেঙ্গু নিধনে কাজ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।গত ২৮শে আগস্ট এক আদেশে আদালত ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের নেয়া কাজের অগ্রগতি জানানোর নির্দেশ দেন।।
জাবিতে আন্দোলন চলছে, এবার সাড়ে ৩টার মধ্যে হল ছাড়ার নির্দেশ-দৈনিক নয়া দিগন্ত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণার পরও ভিসি পতনের দাবিতে আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার মধ্যে হল ত্যাগের নিদের্শ দেওয়া হলেও তা উপেক্ষা করে রাতে হলে অবস্থান করেন বেশির ভাগ শিক্ষার্থী। আজ সকাল থেকে ফের আন্দোলন শুরু করেছে প্রতিবাদী শিক্ষক-শিক্ষার্থীরা।
এদিকে বিকেল সাড়ে ৩টার মধ্যে হল ছাড়ার জন্য আবারো নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। এরআগে আজ দুপুর ১টার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশ দিয়েছেন প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমেদ।
তিনি বলেন, 'দুপুর একটার মধ্যে ছাত্রলীগ, আন্দোলনকারী, সাধারণ শিক্ষার্থী সবাইকে হল ত্যাগ করতে হবে। প্রয়োজনে পুলিশি তল্লাশি করা হবে।'
সাধারণ ছাত্ররা বলেছে, 'যখন ভিসির প্রত্যক্ষ সমর্থক ছাত্রলীগ এখনও ভিসির নির্দেশ অমান্য করে হলে থাকছে। তখন আমরাও হলে থাকবো যতক্ষণ ছাত্রলীগ হলে থাকে।
এদিকে আন্দোলনকারীরা বলছে, তারা যেকোন মূল্যে হলে থাকবে এবং ক্যাম্পাসে অবস্থান করে ভিসি পতন আন্দোলন চালিয়ে যাবে। এসময় তারা হামলা মামলা, হুলিয়াকে পরোয়া করবেনা।
তবে বেলা সাড়ে এগারটা থেকে চলমান জাবির পুরাতন রেজিস্ট্রারের সামনের 'ভিসি অপসারণের দাবিতে সংহতি সমাবেশে বক্তারা ভিসির অপসারণের দাবি করেন এবং হামলার জন্য ভিসির বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়েরের কথা বলেন। এসময় তারা হল ত্যাগের নির্দেশকে প্রত্যাখান করেন।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি
নাকের ডগায় নজিরবিহীন পুলিশি বিক্ষোভ, কোথায় অমিত? প্রশ্ন বিরোধীদের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
অমিত শাহ কোথায়? খাস রাজধানীতে নজিরবিহীন পুলিশ বিক্ষোভ নিয়ে যখন গোটা দেশ তোলপাড়, তখন কোথায় তিনি? প্রশ্ন তুলে সরব বিরোধীরা। কাশ্মীরের বিশেষ মর্যাদা রদের পর থেকেই বিজেপির ঘরোয়া মহলে বল্লভভাই পটেলের সঙ্গে তুলনা করা হচ্ছিল অমিত শাহকে। সেই তাঁর নাকের ডগায় আজ যে ভাবে দিল্লি পুলিশের বিদ্রোহের আভাস পাওয়া গেল, তা থামাতে তিনি কেন ব্যর্থ হলেন, তা নিয়ে জবাব চেয়েছে কংগ্রেস আর আম আদমি পার্টি।
নরেন্দ্র মোদীর সরকারের আমলে সিবিআই কর্তাদের মধ্যে লড়াই দেখেছে দেশবাসী। সাক্ষী থেকেছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে সংঘাতেরও। এ বার দিল্লি পুলিশের পদস্থ কর্তা বনাম নিচুতলার কর্মীদের প্রকাশ্য বিক্ষোভে কার্যত অচলাবস্থা তৈরি হল গোটা দিল্লি জুড়ে। দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়ক বাহিনীর শীর্ষে থাকলেও, দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ায় বাহিনীর রাজনৈতিক প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার কথায়, ‘‘স্বাধীনতার ৭২ বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ পরিস্থিতি। দিল্লিতে পুলিশকে প্রতিবাদে নামতে হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সারা দিন কোথায়?’’
দীর্ঘ দিন ধরে দিল্লি পুলিশের দায়িত্ব তাদের হাতে তুলে দেওয়ার দাবিতে সরব অরবিন্দ কেজরীবালের দল। আজ অমিতকে সরাসরি আক্রমণ শানিয়েছেন আপ নেতৃত্ব। দলের নেতা রাঘব চড্ডা বলেন, ‘‘অন্য কোনও রাজ্য হলে এটা সাংবিধানিক কাঠামো ভেঙে পড়ার পরিস্থিতি হিসেবে গণ্য হত। দল জানতে চায় এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়?’’
শাহ অবশ্য দিনভর দিল্লিতেই ছিলেন। মন্ত্রকের সূত্র জানিয়েছে, একাধিক বার ফোনে কথা বলা ছাড়াও বিকেলের দিকে পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রসচিব অজয় ভল্লার সঙ্গে বৈঠক করেন তিনি। সূত্রের মতে, কর্মীদের ক্ষোভ মেটাতে শাহের সঙ্গে পরামর্শের পরেই দিল্লি হাইকোর্টে আবেদন করে এই সংক্রান্ত মামলার ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্ত নেয় দিল্লি পুলিশ। আবেদনে জানতে চাওয়া হয়, কেন অভিযুক্ত আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। শনিবার তিসহাজারি কোর্টে কী ঘটেছিল সে সম্পর্কে রিপোর্টও আজ মন্ত্রকে জমা দেয় দিল্লি পুলিশ। পাশাপাশি কেন্দ্রের তরফে দিল্লি হাইকোর্টে আর্জি জানানো হয়, তিসহাজারির ঘটনায় আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার নির্দেশ যেন পরবর্তী ঘটনায় প্রযোজ্য না হয়।
অগস্ট মাসে কাশ্মীরে যখন ৩৭০ অনুচ্ছেদ রদ হয়েছিল, তখন উপত্যকার পুলিশ কর্মীরা বিদ্রোহী হতে পারেন বলে আশঙ্কা জানিয়ে গোয়েন্দারা রিপোর্ট দিয়েছিলেন অমিতকে। যা ঠেকাতে উপত্যকা জুড়ে নামানো হয় আধা সেনা। কিন্তু মন্ত্রীর ঘরের মাঠ দিল্লিতেই যে পুলিশের মধ্যে এত ক্ষোভ-অসন্তোষ জমেছিল, তা কেন জানতে ব্যর্থ হলেন গোয়েন্দারা? এ প্রশ্নও আজ উঠেছে দিনভর। আপের রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংহের প্রশ্ন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রী যদি রাজধানীই সামলাতে না পারেন, গোটা দেশ সামলাবেন কী করে!’’
১১ ঘণ্টা পর দিল্লি পুলিশের অবরোধ উঠল-দৈনিক আজকাল
১১ ঘণ্টা পর উঠল দিল্লি পুলিশের অবরোধ। মঙ্গলবার সকাল থেকে সদর দপ্তরের সামনে দিল্লি পুলিশের অবরোধের জেরে অশান্তি চরমে উঠেছিল। গত শনিবার দিল্লির তিস হাজারি আদালতের সামনে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে আইনজীবীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এই ঘটনায় ২০ জন পুলিশকর্মী আহত হন। এরপরই নিজেদের নিরাপত্তা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন দিল্লি পুলিশের আধিকারিক ও কর্মীরা। পুলিশের পরিবারের কর্মীরাও বিক্ষোভে সামিল হয়েছিলেন। মাথা ঠান্ডা রেখে কাজে যোগ দেওয়ার আর্জি জানিয়েছিলেন দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েক। কিন্তু তাতেও লাভ হয়নি। সমস্যা মেটে রাতে। কর্মীদের যাবতীয় দাবি খতিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানান কমিশনার অমূল্য পট্টনায়েক। দোষী আইনজীবীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। এমনকি আহত পুলিশকর্মীদের ২৫০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার (অপরাধ) সতীশ গোলচা। দিল্লি হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করার কথা তিনি জানান। এরপরই অবরোধ তুলে নেওয়া হয়।
গত শনিবার বিকেলে তিস হাজারি আদালতে আইনজীবীদের সঙ্গে সংর্ঘষের পর কমিশনারের আচরণে ক্ষুদ্ধ ছিলেন পুলিশ কর্মীরা। বিষয়টি নিয়ে দু’দিন ধরে চাপানউতোর চললেও তিনি কোনও ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ উঠেছিল। পাশাপাশি হাসপাতালে ভর্তি ২০ জন জখম পুলিশ কর্মীদের দেখতে যাননি অমূল্য পট্টনায়েক। তাই রাগ আরও বেড়ে যায় কর্মীদের। যার প্রমাণ পাওয়া যায় মঙ্গলবারের বিক্ষোভে।এটা ঘটনা একের পর এক নিগ্রহের ঘটনায় নিচুতলার পুলিশ কর্মীদের মধ্যে ক্ষোভ জমছিল। যার জেরে মঙ্গলবার সকালে আইটিও–তে দিল্লি পুলিশের সদর দপ্তরের সামনে বিক্ষোভ শুরু করেন হাজার হাজার পুলিশ। মূল দাবি ছিল, কাজের জায়গায় নিরাপত্তা পাওয়া এবং আক্রান্ত হলে সুবিচার পাওয়া। স্পষ্টই তারা বুঝিয়ে দেন, বর্তমান পুলিশের শীর্ষকর্তারা নিগ্রহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অপারগ। অবস্থা গুরুতর হয়েছিল। শেষ অবধি রাত আটটা নাগাদ পুলিশের শীর্ষকর্তারা বিক্ষোভরত কর্মীদের সমস্ত দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ শেষ হয়।
রাজধানীতে অতিরিক্ত বায়ুদূষণের জন্য দায়ী পাকিস্তান ও চীন, দাবি বিজেপি নেতার -দৈনিক আজকাল
ফের বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এক বিজেপি নেতা। দিল্লিতে দূষণের মাত্রা দিনদিন বেড়ে চলেছে। এরইমধ্যে এক বিজেপি নেতা দাবি করে বসলেন, রাজধানীর বাতাসে দূষিত গ্যাস ছেড়ে দিচ্ছে পাকিস্তান ও চীন। উত্তরপ্রদেশের মেরঠের বিজেপি নেতা বিনীত আগরওয়াল শারদা বলেছেন, ‘যে বিষাক্ত হাওয়া দিল্লির বাতাসে ঘুরছে। সম্ভবত প্রতিবেশী দেশ থেকেই তা আসছে। যারা আমাদের ভয় পায়। আমার মনে হচ্ছে পাকিস্তান ও চীন আমাদের ভয় পেয়েই এই কাজ করছে।’ এরপরই তিনি যোগ করেন, ‘আমাদের এটা নিয়ে তদন্ত করা উচিত। পাকিস্তান বিষাক্ত গ্যাস ছাড়ছে কিনা তা নিয়ে তদন্ত হওয়া দরকার।’

বিনীতের আরও দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেখে হতাশায় ভুগছে পাকিস্তান। তাই বদলা নেওয়ার জন্য রাজধানীর বাতাসে বিষাক্ত গ্যাস ছেড়ে দিচ্ছে। বিনীতের বক্তব্য, ‘পাকিস্তান জানে যুদ্ধ হলেই ভারতের কাছে হারবে। মোদি ও অমিত শাহ দায়িত্বে আসার পর থেকেই হতাশায় ভুগতে শুরু করেছে পাকিস্তান।’ রাজধানীতে অতিরিক্ত দূষণের জন্য মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও দায়ী করেছেন বিজেপি নেতা। বলেছেন, ‘দিল্লির মুখ্যমন্ত্রী বলছেন, কারখানা থেকে নির্গত গ্যাসের ফলেই বায়ুদূষণ হচ্ছে। এমনকি ক্ষেতে খড় পোড়ার ফলেও বায়ু দূষিত হচ্ছে। আমি বলব শিল্প ও কৃষিকে দোষ দেওয়া উচিত নয়। কৃষকরা আমাদের দেশের মেরুদন্ড। আর শিল্প না থাকলে দেশ এগোবে না।’ এখানেই থেমে যাওয়া নয়। মোদিকে এই বিজেপি নেতা ভগবান কৃষ্ণের সঙ্গে তুলনা করেছেন। অমিত শাহকে তুলনা করেছেন মহাভারতের অর্জুনের সঙ্গে। বিজেপি নেতার দাবি, ‘কৃষ্ণ ও অর্জুন দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবে।’
অল্পের জন্য ফিদায়েঁ হামলা থেকে রক্ষা পায় ভারত, দাবি মার্কিন আধিকারিকের-দৈনিক সংবাদ প্রতিদিন
২০১৮ সালে ভারতে ভয়াবহ নাশকতা ঘটানোর ছক কষেছিল ইসলামিক স্টেট খোরাসান গ্রুপ (আইএস-কে)। তবে উদ্দেশ্য ব্যর্থ হয় দক্ষিণ এশিয়ায় সক্রিয় এই সংগঠনটির। মঙ্গলবার মার্কিন সেনেটে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার-এর ভারপ্রাপ্ত ডিরেক্টর রাসেল ট্র্যাভার্স।
সেনেটে ট্র্যাভার্স জানান, বিশ্বজুড়ে আইএস-এর যে সব শাখা ছড়িয়ে রয়েছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি বিপজ্জনক খোরাসন। আফগানিস্তান-সহ এবার পার্শ্ববর্তী দেশ যেমন ভারতেও আত্মঘাতী হামলা চালানোর জন্য সক্রিয় হয়ে উঠেছে এই দলটি। বেশ কয়েক বার হামলা চালানোর চেষ্টাও করেছে তারা। এ কথা বলতে গিয়েই ভারতে হামলার প্রসঙ্গটি তুলে ট্র্যাভার্স বলেন, “গত বছরে ভারতে আত্মঘাতী হামলা চালানোর চেষ্টা করেছিল খোরাসান গ্রুপ।
কিন্তু তাদের সে চেষ্টা ব্যর্থ হয়।” এর আগেও সেনেটে ট্র্যাভার্স জানিয়েছিলেন, বিশ্বজুড়ে আইএস-এর ২০টি শাখা সংগঠন রয়েছে। ৯/১১-র পর থেকে জঙ্গি দলে নাম লেখানোর প্রবণতা বিস্তর বেড়েছে। ওই হামলার পর বাইরের জঙ্গিগোষ্ঠীগুলির উপর নজর রাখা শুরু করলেও ঘরের মধ্যেই যে ধীরে ধীরে জঙ্গি বেড়ে উঠেছে সেটা খেয়ালই করা হয়নি। ফলে ৯/১১-এর ১৮ বছর পরেও আমেরিকাতেই বেড়ে ওঠা জঙ্গির সামনাসামনি হতে হচ্ছে দেশকে।
উল্লেখ্য, ২০১৭ সালে স্টকহমে ভয়াবহ হামলা চালিয়েছিল ইসলামিক স্টেট খোরাসান গ্রুপ। সেই হামলায় পাঁচ জনের মৃত্যু হয়েছিল। তারপর আমেরিকায় হামলা চালানোর চেষ্টা করলেও নাশকতার ওই পরিকল্পনা সফল হয়নি। বিশ্লেষকরা মনে করছেন, আফগানিস্তানে ঘাঁটি জমনোর পর, এবার ভারত-পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কাতেও শিকড় মজবুত করার চেষ্টা করছে জঙ্গি দলটি। বাগদাদি খতম হলেও নয়া প্রধানের নির্দেশে নিজেদের অস্তিত্ব ও শক্তি প্রদর্শন করতে ফের হামলা চালানোর পরিকল্পনা করছে তারা।#
পার্সটুডে/এমবিএ/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।