অবশেষে চালু হচ্ছে ই-পাসপোর্ট
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৮ ডিসেম্বর রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম
- তাপস বলার কে, প্রশ্ন দুদক চেয়ারম্যানের-দৈনিক মানবজমিন
- অবশেষে চালু হচ্ছে ই-পাসপোর্ট-দৈনিক ইত্তেফাক
- পেঁয়াজ কেনার ভিড় সামলাতে পুলিশ মোতায়েন-দৈনিক প্রথম আলো
- সিরাজগঞ্জে আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৭০-দৈনিক যুগান্তর
ভারতের শিরোনাম:
- টাকা-বাড়ি চাই না,দোষীদের ৭ দিনের মধ্যে বিচার নিশ্চিত করুন, দাবি উন্নাওকন্যার পরিবারের-দৈনিক আনন্দবাজার
- আইনি খরচ গরিবের নাগালের বাইরে’, ন্যায়বিচার পাওয়া নিয়ে উদ্বেগপ্রকাশ রাষ্ট্রপতির-দৈনিক সংবাদ প্রতিদিন
- রবিবার সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে, ৪৫ জনের মৃত্যুর খবর মিলেছে! জোর তৎপরতায় চলছে উদ্ধার কাজ-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
সিরাজগঞ্জে আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৭০-দৈনিক যুগান্তর
সিরাজগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৭০ জন আহত হয়েছেন। এ সময় দোকানপাট ভাঙচুর ও বিএনপি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার বেলা ১১টার দিকে সরকারি কলেজের উদ্যোগে আয়োজিত বিজয় র্যালিতে হামলার ঘটনা কেন্দ্র করে শহরের ইবি রোডের চাররাস্তার মোড়ে (বিএনপি অফিসের পাশে) এ ঘটনা ঘটে।
তাপস বলার কে, প্রশ্ন দুদক চেয়ারম্যানের-দৈনিক মানবজমিন
বেসিক ব্যাংক দুর্নীতি ইস্যুতে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে দুদকের চার্জশিটভুক্ত করা হবে কিনা এই বিষয়ে বলার তিনি কে? আওয়ামী লীগের সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপসকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। রোববার ‘করাপশন এগেইনস্ট রিপোর্টার্স’ এর আয়োজনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন কমিশন। কমিশন তার নিজ গতিতে চলে। কমিশনকে চাপে রাখার সুযোগ কারো নেই।ফজলে নূর তাপসের উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ বলেন, তদন্ত কি উনি করেছেন? তদন্ত করছে কমিশন। কমিশন যেখানে তদন্ত করছে তখন এই বিষয় নিয়ে তো কথা বলাই উচিত না।
অবশেষে চালু হচ্ছে ই-পাসপোর্ট-দৈনিক ইত্তেফাক
নানা জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে ই-পাসপোর্ট (ইলেকট্রনিক পাসপোর্ট)। সম্ভাব্য ১৮ ডিসেম্বের ই-পাসপোর্ট সেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, অনেক দিনের প্রত্যাশিত ই-পাসপোর্ট সেবা পাচ্ছে নাগরিকরা। এরই মধ্যে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এই দিন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকারের হাতে প্রথম ই-পাসপোর্ট দেওয়া হবে।ই-পাসপোর্ট প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে চার হাজার ৫৬৯ কোটি টাকা। এ পাসপোর্ট চালুর জন্য জার্মানির সরকারি প্রতিষ্ঠান ভেরিডোজের সঙ্গে চুক্তি হয়েছে অনেক আগেই। তাদের কারিগরি সহযোগিতায় ই-পাসপোর্ট চালু হতে যাচ্ছে।এছাড়া বিদেশে বাংলাদেশের প্রায় ৭০টি মিশনেও ই-পাসপোর্ট পর্যায়ক্রমে চালু হবে। দুই ক্যাটাগরির ই-পাসপোর্ট চার ধরনের ফি রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে জরুরি ও অতি জরুরি। মেয়াদ পাঁচ ও ১০ বছর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনটি খবর পরিবেশিত হয়েছে দৈনিক যুগান্তরে।
এসব খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি চাই না, আমাদের মতো স্বজন হারানোর বেদনা নিয়ে বছরের পর বছর কেউ অপেক্ষা করুক। সবাই যেন ন্যায়বিচার পায়, আইনের আশ্রা পায়।’ সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বিচারের রায় দ্রুততম সময়ে দেয়ায় বিচার বিভাগের ওপর জনগণের আস্থা বহুগুণ বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পেঁয়াজ কেনার ভিড় সামলাতে পুলিশ মোতায়েন-দৈনিক প্রথম আলো
নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমির প্রধান ফটক। আজ রোববার দুপুর সাড়ে বারোটা। সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকারি বিক্রয়কারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পেঁয়াজ বিক্রি হচ্ছে। ৪৫ টাকা কেজি দরের এই পেঁয়াজ কিনতে নারী-পুরুষ ক্রেতাদের লম্বা লাইন। এক কেজির বেশি পেঁয়াজ কাউকে দেওয়া হচ্ছে না। তাও পেঁয়াজ বিক্রির খবর শুনে অনেকে দূর থেকে মানুষ আসছেন। উপচে পড়ছে ভিড়। আর এই ভিড় সামলাতে মোতায়েন করা হয়েছে পুলিশ সদস্য। তাঁরা ক্রেতাদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পেঁয়াজ কিনতে সহায়তা করছেন।
এদিকে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের একটি খবরে লেখা হয়েছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, বেশি দামে পিয়াজ বিক্রি করার বিষয়টি দুদকের এখতিয়ারভুক্ত নয়। এ বিষয়ে শুল্ক গোয়েন্দা কাজ করছে। তাদের কাছ থেকে যদি কোনও তথ্য পাওয়া যায়, যাতে বেশি দামে পিয়াজ বিক্রি করে অবৈধ সম্পদের মালিক কেউ হয়ে থাকেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
টাকা-বাড়ি চাই না, দোষীদের ৭ দিনের মধ্যে বিচার নিশ্চিত করুন, দাবি উন্নাওকন্যার পরিবারের-দৈনিক আনন্দবাজার পত্রিকা ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য। সরকারি টাকায় বাড়ি। উত্তরপ্রদেশ সরকারের দুই প্রস্তাবই ফিরিয়ে দিয়ে দ্রুত বিচারের আর্জি জানাল উন্নাওয়ের নির্যাতিতার পরিবার। নিহত তরুণীর বাবার বক্তব্য, ‘টাকা-বাড়ি চাই না। অপরাধীদের সাত দিনের মধ্যে বিচার নিশ্চিত করুন।
গত বৃহস্পতিবার আদালতে শুনানির জন্য যাওয়ার পথেই উন্নাওয়ের নির্যাতিতাকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার চেষ্টা হয়। আর শনিবারই দিল্লির এইমস হাসপাতালে মারা যান ওই তরুণী। অভিযোগ, জামিনে ছাড়া পাওয়া শিবমই তার সঙ্গীদের নিয়ে তরুণীকে হত্যার ছক কষেছিলেন। পরে অবশ্য গ্রেফতার হয়েছেন তিনি।স্থানীয় সূত্রে খবর, জামিন পাওয়ার পর থেকেই নির্যাতিতার পরিবারের লোকজনকে নানা ভাবে হুমকি দিচ্ছিলেন, ভয় দেখাচ্ছিলেন। পুলিশকে তাঁরা সে কথা জানিয়েওছিলেন। তরুণীর মৃত্যুর পরে স্বাভাবিক ভাবেই প্রশ্নের মুখে উত্তরপ্রদেশ পুলিশ-প্রশাসন।প্রচণ্ড ক্ষুব্ধ নিহত-নির্যাতিতার পরিবার-পরিজন ও পাড়া প্রতিবেশীরা। সেই ক্ষোভের ক্ষতে প্রলেপ দিতেই ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করে যোগী আদিত্যনাথের সরকার। সেই সঙ্গে নির্যাতিতার পরিবারের জন্য সরকারি টাকায় পাকা বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। পাশাপাশি অভিযুক্তদের বিচার হবে ফাস্ট ট্র্যাক কোর্টে, জানায় সরকার।
কিন্তু নির্যাতিতার বাবা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে রবিবার স্পষ্ট জানিয়ে বলেন, ‘‘আমরা টাকা-বাড়ি চাই না।’’ তেলঙ্গানা এনকাউন্টারের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘‘আমরা চাই সাত দিনের মধ্যে অপরাধীদের বিচার নিশ্চিত করুক পুলিশ-প্রশাসন।
এদিকে দৈনিক সংবাদ প্রতিদিনের একটি খবরে লেখা হয়েছে, হায়দ্রাবাদ এনকাউন্টারকে সমর্থন করেছেন এবং ভবিষ্যতেও এমন এনকাউন্টারের লাইসেন্স দিয়ে দিলেন তেলঙ্গানার পশুপালন মন্ত্রী শ্রীনিবাস যাদব।
আইনি খরচ গরিবের নাগালের বাইরে’, ন্যায়বিচার পাওয়া নিয়ে উদ্বেগপ্রকাশ রাষ্ট্রপতির-দৈনিক সংবাদ প্রতিদিন
দেশের সব মানুষ আইনের সাহায্য নেওয়ার সুযোগ পান না। বিশেষত সুপ্রিম কোর্ট ও হাই কোর্টে মামলা লড়া এতটাই খরচসাপেক্ষ যে, তা গরিব এবং মধ্যবিত্তের নাগালের বাইরে। শনিবার প্রকাশ্যে রাজস্থানের যোধপুরের এক অনুষ্ঠানে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন স্বয়ং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার হায়দরাবাদ গণধর্ষণ ও হত্যাকাণ্ডে অভিযুক্তদের মৃত্যু হয়েছে হায়দরাবাদ পুলিশের এনকাউন্টারে। তা নিয়ে বিতর্কের মধ্যেই বিচারব্যবস্থা সম্পর্কে রাষ্ট্রপতির এই পর্যবেক্ষণ ও মন্তব্য তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
রবিবার সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে, ৪৫ জনের মৃত্যুর খবর মিলেছে! জোর তৎপরতায় চলছে উদ্ধার কাজ-দৈনিক আজকাল
রবিবাসরীয় সকালটা আগুনের লেলিহান শিখা দিয়ে শুরু করল রাজধানী দিল্লি। সাতসকালে ভয়াবহ আগুন লাগল দিল্লির রানি ঝাঁসি রোড এলাকার আনাজ মাণ্ডির একটি বাড়িতে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। গোটা এলাকায় এই অগ্নিকাণ্ডে আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২৭টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। এখনও পর্যন্ত ৪৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভেতরে আর কেউ আটকে রয়েছে কিনা তার জন্য খোঁজ চলছে। তবে এই আগুনে যারা আটকে পড়েছেন তাঁদের মৃত্যু অবধারিত বলে মনে করছে দমকল দপ্তরের কর্তারা।দমকলের আধিকারিক সুনীল চৌধুরি জানান, এখনও পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি আরও কেউ আটকে রয়েছে কিনা তার জন্য তল্লাশি চালানো হচ্ছে। দিল্লি পুলিশ অবশ্য জানিয়েছে, এই ঘটনায় মোট ৪৫ জন ঘটনাস্থলেই মারা যান। পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে। ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। কীভাবে আগুন লাগল তা তদন্ত করে দেখা হচ্ছে।দিল্লির দমকলের প্রধান অতুল গর্গ জানান, এখন পর্যন্ত ৫০ জন উদ্ধার করা গিয়েছে। অত্যাধিক ধোঁয়ায় শ্বাসকষ্টেই অনেকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় টুইট করে দুঃখপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
দৈনিক সংবাদ প্রতিদিন এখবরের শিরোনাম করেছে এরকম যে, নিরাপত্তার গলদেই এতবড় অগ্নিকাণ্ড, হতাহতদের আর্থিক সাহায্য ঘোষণা দিল্লির।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮