ডিসেম্বর ২৫, ২০১৯ ১৪:৩৭ Asia/Dhaka
  • ঢাকার নির্বাচনে অতীতের পুনরাবৃত্তি চান না মাহবুব তালুকদার

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৫ ডিসেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ঢাকার নির্বাচনে অতীতের পুনরাবৃত্তি চান না মাহবুব তালুকদার-দৈনিক প্রথম আলো
  • ফুটেজ দেখে ডাকসুতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
  • আমি আশ্বস্ত করছি দুই সিটি নির্বাচন ফ্রি ও ফেয়ার হবে: কাদের-দৈনিক যুগান্তর
  • খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি তথ্যসন্ত্রাস করছে : তথ্যমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
  • বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না : ফখরুল-দৈনিক মানবজমিন
  • ধর্মের অপব্যবহার করে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:        

  • বাংলায় ক’টা গুলি চলেছে, বিজেপিকে চ্যালেঞ্জ মমতার-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • মোদি ঠিক, ভারতজুড়ে এনআরসি নিয়ে সিদ্ধান্ত হয়নি, পিছু হটলেন অমিত শাহ-দৈনিক বর্তমান
  • পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ইঙ্গিত! কাশ্মীর থেকে ৭ হাজার সেনা প্রত্যাহার করল কেন্দ্র-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তার প্রশ্ন 
১. আগামী ৩০ জানুয়ারি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচনকে ঘিরে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি প্রস্তুতি নিচ্ছে। এ দলের প্রার্থীরা নির্বাচনে অংশ নেবেন। কেমন হতে যাচ্ছে এ নির্বাচন- আপনার কী মনে হয়?

২. ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খাররাজি বলেছেন, মার্কিন সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্যে উত্তেজনার মূল কারণ। কিন্তু মার্কিন সরকার তো দাবি করে- তারা সেনা মোতায়েন করে শান্তি প্রতিষ্ঠার জন্য। এক্ষেত্রে আপনার পর্যবেক্ষণ কী?

 জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারো ধন্যবাদ

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি।

বাংলায় কটা গুলি চলেছে, বিজেপিকে চ্যালেঞ্জ মমতার-দৈনিক আনন্দবাজার পত্রিকা-দৈনিক আনন্দবাজার পত্রিকা

রাজ্যপাল ও বিজেপি যখন কার্যত এক সুরে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন, তখন পাল্টা আক্রমণের পথ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়। বিজেপি-শাসিত উত্তরপ্রদেশের তুলনা টেনে তাঁর মন্তব্য, সেখানে গুলিতে ১৬ জন মারা গিয়েছেন। বাংলায় ক’টা গুলি চলেছে? সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) বাতিলের দাবিতে মঙ্গলবার সিমলায় স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে বেলেঘাটার গাঁধী আশ্রম পর্যন্ত বড় মিছিল করেন মুখ্যমন্ত্রী। তারপর সেখানে সভা করে রাজ্যের আইনশৃঙ্খলা থেকে শুরু করে মতুয়া সম্প্রদায়-সহ উদ্বাস্তুদের জন্য তিনি কী উন্নয়ন করেছেন, তাও ব্যাখ্যা করেন। এ দিন মুখ্যমন্ত্রীর এই মিছিলে ক্রীড়া ও সংস্কৃতি জগতের বিশিষ্টদের পাশাপাশি ছিলেন আদিবাসী ও বাউল সম্প্রদায়ের মানুষ।

মোদি ঠিক, ভারতজুড়ে এনআরসি নিয়ে সিদ্ধান্ত হয়নি, পিছু হটলেন অমিত শাহ-দৈনিক বর্তমান

মোদিই ঠিক। দেশের সর্বত্র জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) করা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। ঝাড়খণ্ডে গোহারা হেরে ক্ষমতাচ্যুত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই প্রবল চাপের মুখে পিছু হটে একথা জানালেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে অবশ্য দেশজুড়ে এনআরসি হবে বলেই দাবি করেছিলেন তিনি। কিন্তু গত রবিবার দিল্লির জনসভায় ভিন্ন সুর শোনা যায় প্রধানমন্ত্রীর গলায়। মোদি বলেছিলেন, সারা দেশে এনআরসি করা নিয়ে কোনও আলোচনাই হয়নি। যার পরেই শুরু হয় তীব্র বিতর্ক। ছড়ায় নানান জল্পনা। তীব্র আক্রমণে নামেন বিরোধীরাও। মোদির ভাষণের দুদিনের মধ্যেই নিজের অবস্থান থেকে সরে এলেন অমিত শাহ।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ইঙ্গিত! কাশ্মীর থেকে ৭ হাজার সেনা প্রত্যাহার করল কেন্দ্র-দৈনিক সংবাদ প্রতিদিন

৩৭০ ধারা (Article 370 of the Constitution of India) বাতিল করার সাড়ে চারমাস পর কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার স্পষ্ট ইঙ্গিত মিলল। উপত্যকা থেকে ৭২ কোম্পানি সেনা প্রত্যাহার করে নিল কেন্দ্র। মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রকের এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবং, কাশ্মীর থেকে সঙ্গে সঙ্গে ৭ হাজার সেনাকর্মীকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। আগস্ট মাসে ৩৭০ ধারা বাতিলের আগেই উপত্যকাকে একপ্রকার সেনা ছাউনিতে পরিণত করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। কাশ্মীরে মোতায়েন করা হয় কয়েকশো কোম্পানি আধা সেনা। গোটা কাশ্মীরেই জারি করা হয় কারফিউ। উপত্যকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ৩৭০ ধারা বাতিল হওয়া ইস্তক কার্যত অবরূদ্ধ কাশ্মীর। তবে, এখনও উপত্যকায় কয়েক হাজার সেনা কর্মী মোতায়েন থাকছেন।#

পার্সটুডে/এমবিএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।