'পশ্চিমবঙ্গে থাকা ৫০ লক্ষ 'বাংলাদেশিকে' ফেরত পাঠানো হবে'
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২০ জানুয়ারি সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- দেশকে বাঁচাতে হলে দুর্বার গণআন্দোলন গড়তে হবে: ফখরুল-দৈনিক ইত্তেফাক
- থানা হাজতে আসামির মৃত্যু নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার-দৈনিক যুগান্তর
- ইয়াবা কেনাবেচা এখন বাকিতে-দৈনিক প্রথম আলো
- সিপিবির সমাবেশে বোমা হামলার ঘটনায় ১০ জনের ফাঁসির রায়-দৈনিক মানবজমিন
- ইভিএমে কোনও ত্রুটি নেই, নির্বাচন অংশগ্রহণমূলক হবে: মার্কিন রাষ্ট্রদূত-বাংলাদেশ প্রতিদিন
- ইভিএম বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে: আমীর খসরু-দৈনিক সমকাল
ভারতের শিরোনাম:
- ৫০ লক্ষ মুসলিম অনুপ্রবেশকারীকে দেশছাড়া করার হুমকি দিলীপের-দৈনিক সংবাদ প্রতিদিন
- চা-ওয়ালার হাতে দেশ ছাড়লে এমনই হয়, কাশ্মিরি তরুণীকে নিয়ে তোলপাড়- যুম বাংলা পোর্টাল
- বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন জেপি নড্ডা-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- ‘এনপিআর নিয়ে কোনও সিদ্ধান্তের আগে সেটা ভালো করে পড়ুন’, সব বিরোধী রাজ্যকে আবেদন মমতার-দৈনিক আজকাল
- কর্মসংস্থানে পিছিয়ে পড়েছে ভারত-ইকোনোমিকস টাইমস
পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
দেশকে বাঁচাতে হলে দুর্বার গণআন্দোলন গড়তে হবে: ফখরুল-দৈনিক ইত্তেফাক
দেশকে বাঁচাতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে সকলে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ সেটা বাস্তবায়ন করতে হলে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে এই আওয়ামী লীগকে বিতাড়িত করতে হবে। বেগম খালেদা জিয়াকে আজ একটা মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। তার একটাই অপরাধ তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। গতকাল রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি।
নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই তাদের লক্ষ্য: বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের-দৈনিক যুগান্তর
বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নিশ্চিত পরাজয় জেনে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপি আবোলতাবোল বলছে। তাদের বড় লক্ষ্য হচ্ছে- নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা। সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে রোববার বিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশন ব্যর্থ, তারা কখনও নির্বাচন পরিচালনার যোগ্যতা রাখে না- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, তাদের এসব আচরণ, কথাবার্তায় একটা বিষয় দিবালোকের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। তারা যে নির্বাচনে অংশগ্রহণ করছে এটা লোক দেখানো। তারা নির্বাচনে জেতার লক্ষ্যের চেয়ে বড় লক্ষ্য হচ্ছে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা।
সেতুমন্ত্রী বলেন, ইভিএম নিয়ে তারা (বিএনপি) বিষোদ্গার করছে। ইভিএমের বিরুদ্ধে যতটা না, তার চেয়ে বেশি হচ্ছে নির্বাচন বিতর্কিত করার জন্য। তারা ইভিএমকে বিতর্কিত করে তাদের নির্বাচনে পরাজয়ের যে আভাস সেটাকে এড়াতে চায়। এ জন্য তারা এই বিষয়গুলোকে উপস্থাপন করছে।
ইভিএমে কোনও ত্রুটি নেই, নির্বাচন অংশগ্রহণমূলক হবে: মার্কিন রাষ্ট্রদূত-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
ঢাকা সিটি নির্বাচন অংশগ্রহণমূলক হবে মন্তব্য করে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, আমি ইভিএম দেখেছি। এতে কোনও ত্রুটি নেই।
তবে দৈনিক সমকালের খবরে লেখা হয়েছে,ইলেকট্রনিক ভোটিং মেশিনকে (ইভিএম) ভোট চুরির নীরব অস্ত্র আখ্যা দিয়ে ইভিএমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এটাকে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে। তা না হলে দেশে আর কখনো সুষ্ঠু নির্বাচন হবে না।
সিপিবির সমাবেশে বোমা হামলার ঘটনায় ১০ জনের ফাঁসির রায়-দৈনিক মানবজমিন
রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ১০ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ রবিউল আলম এ রায় ঘোষণা করেন। এ ছাড়া দুজনকে খালাস দেয়া হয়েছে । ১৯ বছর আগে ২০০১ সালে ২০ শে জানুয়ারি সিপিবির সমাবেশে ওই বোমা হামলার ঘটনা ঘটে।
এর আগে গত ১লা ডিসেম্বর ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ রবিউল আলম আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ২০শে জানুয়ারি দিন ধার্য করেন। এ মামলায় ৪৬ জন বিভিন্ন সময় সাক্ষ্য দিয়েছেন। হামলার ঘটনায় সিপিবির তৎকালীন সভাপতি মঞ্জুরুল আহসান খান বাদী হয়ে রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন।
থানা হাজতে আসামির মৃত্যু নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার-দৈনিক যুগান্তর
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, গ্রেফতার আসামি থানা হেফাজতে আত্মহত্যা করলে পুলিশ কখনই এর দায় এড়াতে পারে না। রোববার কারা হেফাজতে বিএফডিসি কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বাবুর মৃত্যুর প্রসঙ্গে এ কথা বলেন ডিএমপি) কমিশনার।
তিনি বলেন, এফডিসির ওই কর্মকর্তা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জেনেছি আমি। ঘটনায় সুষ্ঠু তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে পুলিশের কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। গত শনিবার সন্ধ্যায় ধর্ষণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেফতার হন বিএফডিসির ফ্লোর ইনচার্জ বাবু। রোববার ভোর ৪টার দিকে থানা হেফাজত থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, গলায় চাদর পেঁচিয়ে বাবু আত্মহত্যা করেছেন। তবে নিহতের স্বজনদের দাবি, তাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে।
ইয়াবা কেনাবেচা এখন বাকিতে-দৈনিক প্রথম আলো
মিয়ানমারে উৎপাদিত ইয়াবা এত দিন নগদ টাকায় কিনে বাংলাদেশে আনা হতো। খুচরা বাজারে বিক্রিও হতো নগদে। ইদানীং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের কারণে বিপাকে পড়েন দুই দেশের ইয়াবা কারবারিরা। কিছুটা হলেও ‘ব্যবসায়’ ধস নামে। ফলে বাজার চাঙা রাখতে বাকিতে ইয়াবা বিক্রি শুরু করেছেন মিয়ানমারের কারবারিরা। দেশের খুচরা বাজারেও এখন সেই হাওয়া—‘মাল বেচে দাম দাও। বাকিতে ইয়াবা আসায় নিষিদ্ধ এই মাদকের বাজার আবার জমজমাট হতে শুরু করেছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
‘এনপিআর নিয়ে কোনও সিদ্ধান্তের আগে সেটা ভালো করে পড়ুন’, সব বিরোধী রাজ্যকে আবেদন মমতার-দৈনিক আজকাল
এনপিআর প্রক্রিয়া রাজ্যে চালু করার আগে সেটা যেন সবাই ভালো করে পড়ে দেখেন। সোমবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই আবেদনই করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একটি ছাড়া উত্তরপূর্বের বাকি রাজ্যগুলি বিজেপিশাসিত। তাসত্ত্বেও সব উত্তরপূর্বের রাজ্যগুলি এবং দেশের সব কটি বিরোধীশাসিত রাজ্যের সরকারের কাছে আবেদন জানিয়ে মমতা বলেছেন, ‘ত্রিপুরা, অসম, মণিপুর এবং অরুণাচল প্রদেশ সহ উত্তরপূর্বের সব রাজ্যকেই আমার আবেদন এনপিআর চালু নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সেটা ভালো করে পড়ে দেখুন। আমি তাদের অনুরোধ করব এতে অংশগ্রহণ না করতে। কারণ এটা খুবই মারাত্মক।’ এনপিআর–ই এনআরসি, সিএএ শুরুর প্রথম প্রক্রিয়া বলে রাজ্যগুলিকে সতর্ক করেছেন মমতা। বিরোধীশাসিত রাজ্যের বিধানসভার কাছে তাঁর আবেদন, ‘আমি সব রাজ্যকেই আবেদন করব সিএএ–র বিরুদ্ধে প্রস্তাব পাস করতে এই মর্মে যে এটা প্রত্যাহার করতে হবে।’
প্রসঙ্গ, কেরল, পাঞ্জাব এবং মহারাষ্ট্র বিধানসভাই এপর্যন্ত সিএএ–বিরোধী প্রস্তাব পাস করেছে। যদিও রবিবারই শীর্ষ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল বলেছেন রাজস্থান, মধ্য প্রদেশ এবং ছত্তিশগড়ও এই প্রস্তাব আনবে।
বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন জেপি নড্ডা-দৈনিক্ আনন্দবাজার
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন জগৎপ্রকাশ নড্ডা। সোমবার দিল্লিতে বিজেপির সদর দফতরে সভাপতি নির্বাচন ছিল। সেখানেই সর্বসম্মতিক্রমে দলের সভাপতি নির্বাচিত হন নড্ডা। অমিত শাহের হাত থেকে দায়িত্বগ্রহণ করলেন তিনি। এতদিন নাড্ডা কাজ করছিলেন দলের কার্যকরী সভাপতি হিসেবে। সভাপতি ছিলেন অমিত শাহ (Amit Shah)। কিন্তু, একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রক এবং সভাপতিত্বের দায়িত্ব সামলানোটা বেশ কঠিন কাজ হয়ে দাঁড়াচ্ছিল তাঁর জন্য। তাই, স্থায়ী সভাপতি নির্বাচনের প্রয়োজন ছিল। জেপি নাড্ডা, অমিত শাহ এবং নরেন্দ্র মোদি দু’জনেরই অত্যন্ত পছন্দের প্রার্থী। তাই, তাঁর সভাপতিত্বেই সিলমোহর দিল দল।
চা-ওয়ালার হাতে দেশ ছাড়লে এমনই হয়, কাশ্মিরি তরুণীকে নিয়ে তোলপাড়-দৈনিক সংবাদ প্রতিদিন
ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে চলমান আন্দোলনের মধ্যে এক কাশ্মিরি তরুণীর ভিডিও ভাইরাল হয়েছে। গত ১০ জানুয়ারি ভয়েস নিউজ নেটওয়ার্ক নামে একটি ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিও পোস্ট করা হয়। যা পরে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ওই তরুণী এনআরসি, সিএএর বিরোধীর পাশাপাশি বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেন।
ওই তরুণীর নাম-পরিচয় বিস্তারিত জানা যায়নি। তবে তার বক্তব্য থেকে জানা গেছে, তিনি দিল্লির জামিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী।
সম্প্রতি ভারতের লোকসভায় পাস হওয়া নতুন নাগরিকত্ব আইন অনুযায়ী, বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যে সব ধর্মী সংখ্যালঘু নিপীড়নের শিকার হয়ে ভারতে গেছেন তাদের নাগরিকত্ব দেয়া হবে।
এর সমালোচনা করে ওই তরুণী বলেন, চার কোটি লোক আপনি পাকিস্তান-আফগানিস্তান থেকে এনে কোথায় রাখবেন? দিল্লি, বম্বে, ভোপাল! জায়গা কোথায়? আপনি তাদের কী কাজ দেবেন; তারা কি খাবে, কী পরবে?
তিনি বলেন, (এ কথা বলার জন্য) আমি দুঃখিত, তবে আমরা যদি একজন চাওয়ালার হাতে দেশটাকে তুলে দেই তাহলে এটাই হবে। আমি আইনের শিক্ষার্থী। সংবিধানের মতো বিষয় আমি পড়ি। তারা বলে আমরা সন্ত্রাসী। আমরা সারারাত বসে বসে পড়াশুনা করি, গবেষণা করি এবং তারপরে পলিসি তৈরি করি। আর আপনি আমাদের আন্দোলন নিয়ে প্রশ্ন তুলছেন! আমাদের আন্দোলন অবশ্যই ভুল না। কেউ সেটা বললে আমি তাকে মূর্খ মনে করব।
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ওই তরুণী বলেন, আমার বাবা একজন পুলিশ সদস্য। আমি কাশ্মিরি। আমি জানি পুলিশের কাজ কি। বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে শিক্ষার্থীদের মারপিট করা পুলিশের কাজ না।
পশ্চিমবঙ্গে থাকা ৫০ লক্ষ 'বাংলাদেশিকে' ফেরত পাঠানো হবে: দিলীপ ঘোষ -দৈনিক সংবাদ প্রতিদিন
পশ্চিমবঙ্গ থেকে ৫০ লক্ষ মুসলিম অনুপ্রবেশকারীকে দেশছাড়া করার হুমকি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এমনকী ভোটার তালিকা থেকেও তাঁদের নাম বাদ দেওয়ারও হুঁশিয়ারি দিয়ে রাখলেন দিলীপ। তাঁর এই মন্তব্য ঘিরে যথারীতি বিতর্ক তৈরি হয়েছে। এদিকে বিজেপি রাজ্য সভাপতির বিতর্কিত এই মন্তব্যে জেরে তাঁর বিরুদ্ধে রাজ্যের প্রতিটি থানায় FIR দায়ের করতে চলেছে বামফ্রন্ট। এমনকী দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা করতে রাজ্যের কাছে আবেদনও জানাবেন তাঁরা। রাজ্য মামলা না করলে বামেদের তরফেই সরাসরি মামলা করা হবে বলেও খবর।
কর্মসংস্থানে পিছিয়ে পড়েছে ভারত-ইকোনোমিকস টাইমস
অর্থনীতি ভালো যাচ্ছে না ভারতের। চারদিকেই দুঃসংবাদ—রাজস্ব আদায় হচ্ছে না, শিল্পোৎপাদন কম, গাড়ি বিক্রিতে ভাটা, খুচরা বিক্রি কম ইত্যাদি। কর্মসংস্থান হচ্ছে না। অথচ বিপুল কর্মসংস্থানসহ ভালো দিনের প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছিল নরেন্দ্র মোদির সরকার। ভারতের দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও ইকোনমিক টাইমস পত্রিকা সূত্রে এ খবর পাওয়া গেছে।
এই পরিস্থিতিতে জাতিসংঘের এক প্রতিবেদনে জানা গেল, পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে উন্নত দুনিয়ার সঙ্গে তুলনা তো দূরের কথা, দক্ষিণ এশিয়ায়ও কাজের সুযোগ তৈরিতে পিছিয়ে পড়েছে ভারত। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও এমনকি আফগানিস্তান, পাকিস্তানের মতো দেশে জনসংখ্যার এক-তৃতীয়াংশ (প্রায় ৩৩ শতাংশ) শিক্ষা, কাজ বা কোনো প্রশিক্ষণে যুক্ত নয়। অথচ ভারতে সেই হার ৪০ শতাংশের বেশি। অর্থাৎ প্রতি পাঁচজনে দুজন আক্ষরিক অর্থেই বেকার। সম্প্রতি কাজের বাজারের এমন বিপন্ন ছবি ফুটে উঠেছে ভারত সরকারের পরিসংখ্যানেও। এনএসএসও রিপোর্ট জানিয়েছে, বেকারত্ব ৪৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০