দুর্নীতি কমেনি, তবে অবস্থানে এক ধাপ উন্নতি: টিআইবি
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৩ জানুয়ারি বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- দুর্নীতি কমেনি, তবে অবস্থানে এক ধাপ উন্নতি: টিআইবি-দৈনিক প্রথম আলো
- রোহিঙ্গারা আমাদের অতিথি, তাদের প্রতি মানবিক হতে হবে : পরিকল্পনামন্ত্রী-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
- ইশরাকই একমাত্র পারেন ঢাকাকে নেতৃত্ব দিতে : ফখরুল-দৈনিক কালেরকণ্ঠ
- ফিলিস্তিনে ইসরাইলের অবৈধ স্থাপনা সরাতে নিরাপত্তা পরিষদকে আহ্বান বাংলাদেশের’-দৈনিক যুগান্তর
- বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি নিহত -দৈনিক ইত্তেফাক
- ছাত্রলীগের বিচার, রিমান্ডের বিরুদ্ধে প্রতিবাদী একজন মুকিমুল-দৈনিক মানবজমিন
-
রোহিঙ্গাদের সুরক্ষায় মিয়ানমারের প্রতি চার দফা আদেশ আইসিজের-দৈনিক মানবজমিন
- ইরানি ব্যবসায়ীদের ভিসা দেয়া বন্ধ করে দিল আমেরিকা-দৈনিক নয়াদিগন্ত
ভারতের শিরোনাম:
- বিক্ষোভকারীদের ওষুধ জানা আছে’, জেএনইউ, জামিয়ার পড়ুয়াদের হুমকি কেন্দ্রীয় মন্ত্রীর-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- আজাদি স্লোগান দেশদ্রোহিতা, নতুন তত্ত্ব আওড়াচ্ছেন যোগী আদিত্যনাথ-দৈনিক আজকাল
- চলো অযোধ্যা’, উদ্ধবের রাম মন্দির নিমন্ত্রণে অস্বস্তিতে রাহুল গান্ধী-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
দুর্নীতি কমেনি, তবে অবস্থানে এক ধাপ উন্নতি: টিআইবি-দৈনিক প্রথম আলো
দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন অভিযান এবং সরকারের উচ্চস্তরের ঘোষণা সত্ত্বেও বাংলাদেশে দুর্নীতি কমছে না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) ‘দুর্নীতির ধারণা সূচক ২০১৯’ এ চিত্র উঠে এসেছে। তবে আগের বছরের (২০১৮) তুলনায় বাংলাদেশ এ সূচকে এক ধাপ উন্নতি করেছে।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, ‘দুর্নীতির ক্রমানুসারে আমরা এক ধাপ উন্নতি করলেও আমাদের স্কোর বাড়েনি। স্কোরটি খুবই গুরুত্বপূর্ণ। অন্য কেউ হয়তো বেশি খারাপ করেছে, তাই আমরা এক ধাপ এগিয়েছি। এতে আত্মতুষ্টির সুযোগ নেই।’
আজ বৃহস্পতিবার সারা বিশ্বে একযোগে দুর্নীতির ধারণাসূচক ২০১৯ প্রকাশ করেছে টিআই। বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি কার্যালয়ে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এবার বাংলাদেশের অবস্থান ১৪তম। গত বছর এ অবস্থান ছিল ১৩তম। ধারণা সূচকে বিশ্বের ১৮০টি দেশের অবস্থা তুলে ধরা হয়।

এবার এই ১৪তম অবস্থানে বাংলাদেশ ছাড়াও আছে অ্যাঙ্গোলা, গুয়াতেমালা, হন্ডুরাস, ইরান, মোজাম্বিক ও নাইজেরিয়া। আজ প্রতিবেদনটি তুলে ধরেন ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ‘আমাদের স্কোর বাড়েনি। আগের বছর স্কোর ছিল ২৬, এবারও তা–ই রয়ে গেছে।’
ইফতেখারুজ্জামান বলেন, গত বছর দুর্নীতিবিরোধী অভিযানের সময় মানুষের মধ্যে একটি প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু এটা কতটা বাস্তবায়ন হবে, তা নিয়ে শঙ্কা রয়েই গেছে।
দুর্নীতির ভালো স্কোর করার মতো আইনি ও কাঠামোগত সক্ষমতা আছে। কিন্তু প্রয়োগের ক্ষেত্রে সীমাবদ্ধতার জন্যই স্কোরে এগোতে পারছে না বাংলাদেশ। বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে অনেক উন্নতি করেছে। দুর্নীতি থাকার ফলে এর সুফল মানুষ ঠিকমতো পাচ্ছে না। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এসেছে।
আজকের অনুষ্ঠানে টিআইবির চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, বাংলাদেশের অর্থনীতি ভালো করছে। কিন্তু এর সুফল ভালোভাবে দিতে পারছি কি না, সেটাই বড় প্রশ্ন। দুর্নীতি না থাকলে আরও উন্নতি হতো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা (নির্বাহী ব্যবস্থাপনা) সুমাইয়া খায়ের, পরিচালক (আউটরিচ কমিউনিকেশন) শেখ মঞ্জুর ই আলম প্রমুখ।
রোহিঙ্গারা আমাদের অতিথি, তাদের প্রতি মানবিক হতে হবে: পরিকল্পনামন্ত্রী-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
রোহিঙ্গাদের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, রোহিঙ্গারা আমাদের অতিথি। তাদের প্রতি আমাদের মানবিক হতে হবে। তারা মার খেয়ে পানিতে ভেসে আসছে। তাদের প্রতি আমরা মানবিক আচরণ করবো। তাদের যাতে সম্মান রক্ষা হয় সেই বিষয়টি দেখতে হবে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরের সার্কিট হাউসে ‘জনশুমারি ও গৃহগণনা ২০২১’ উপলক্ষে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ক্লিক করলেই বাংলাদেশের লোকসংখ্যা জানার ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে মন্ত্রী এসময় বলেন, পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে শিগগিরই একটি অ্যাপস চালু করা হবে। ২০ বছর বা তার আগেই ওই অ্যাপসের মাধ্যমে যে কেউ প্রতিদিন, প্রতি মিনিটে দেশের লোকসংখ্যা জানতে পারবে। সেই লক্ষ্যেই কাজ করা হচ্ছে।
এম এ মান্নান বলেন, কেউ ভুলের উর্ধে নয়। জনশুমারি ও গৃহগণনা করতে গিয়েও কিছু ভুল হয়। কিন্তু আমরা এবার খুব ভালোভাবে জনশুমারি ও গৃহগণনা করতে চাই। যারা এ কাজে সম্পৃক্ত হবেন তাদের আগের চেয়ে চারগুণ সম্মানি ভাতা দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে খুব আন্তরিক। জনশুমারি এই বিভাগ, ওই বিভাগের কাজ নয়। এটি সবার কাজ, সবাই মিলে এই কাজকে আমরা সহযোগিতা করবো।
তিনি বলেন, মুজিববর্ষের মধ্যেই আমরা জনশুমারির একটা সংখ্যা নিয়ে আসতে পারবো। সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ডে প্রতিবছর জনশুমারি করা হয়। সেই ব্যবস্থা আমরাও নিয়ে আসবো। অনেকে ক্যালেন্ডার ইয়ার অনুসরণ করতে বলেছেন। আমিও ক্যালেন্ডার ইয়ারের পক্ষে। কারণ আমাদের বছর জুন-জুলাই হওয়ার কারণে অনেক সময় ব্যতিক্রম লাগে।
বিশ্বব্যাংক, জাতিসংঘ ও আইএমএফসহ আন্তর্জাতিক অনেক সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে কোড করে জানিয়ে তিনি বলেন, আমাদের পরিসংখ্যান ব্যুরো এখন বিশ্বমানের। আন্তর্জাতিক সংস্থাগুলো স্বীকার করেছে, আমাদের ব্যুরোর তথ্য অনেক এগিয়েছে। এমনকি আইএমএফ তাদের সংখ্যার সঙ্গে আমাদের সংখ্যা মিলিয়ে দেখে প্রায় একই পেয়েছে।
ইশরাকই একমাত্র পারেন ঢাকাকে নেতৃত্ব দিতে : ফখরুল-দৈনিক কালেরকণ্ঠ
ইশরাক হোসেন একমাত্র নেতা যিনি আগামীতে মেয়র হিসেবে ঢাকাকে নেতৃত্ব দিতে পারেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার হাইকোর্ট মাজার এলাকায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাকের প্রচারে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির প্রার্থীরা আতঙ্কে আছে জানিয়ে ফখরুল বলেন, ‘উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারে হামলা চালানো হয়েছে। ধানের শীষের কর্মীদের আহত করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে। কাউন্সিলরদের মারধর করা হচ্ছে। দক্ষিণের একজন কাউন্সিলরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তিন দিন পর তাকে পাওয়া গেছে। এই সরকার সুষ্ঠু নির্বাচনের জন্য কোনো পরিবেশ তৈরি করতে পারেনি। নির্বাচন কমিশনও সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারেনি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘ঢাকাবাসীর প্রতি আবেদন, তরুণ, উদ্দীপ্ত নেতা ইশরাক হোসেনকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন। দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ত্বরান্বিত করুন। ইশরাক ঢাকার পরিবর্তনের জন্য কাজ করবে।’
ফখরুল বলেন, ‘ইতিমধ্যে ইশরাক তার সাহসী বক্তব্য, মেধা, এবং সাহসী পদক্ষেপে প্রমাণ করেছেন তিনিই একমাত্র নেতা যিনি আগামীতে মেয়র হিসেবে ঢাকাকে নেতৃত্ব দিতে পারেন।’
ফিলিস্তিনে ইসরাইলের অবৈধ স্থাপনা সরাতে নিরাপত্তা পরিষদকে আহ্বান বাংলাদেশের’-দৈনিক যুগান্তর
পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরাইলের সব ধরনের অবৈধ স্থাপনা তুলে নিতে জরুরি ব্যবস্থা গ্রহণ করতে নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। নিরাপত্তা পরিষদে ‘ফিলিস্তিনি প্রশ্নসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি’ শীর্ষক উন্মুক্ত বিতর্কে ওআইসি ও বাংলাদেশের পক্ষে এ আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে ২২ জানুয়ারি এ বিতর্ক হয়।
রাবাব ফাতিমা বলেন, ইসরাইলের এমন বাড়াবাড়ি ও হুমকি বিনাচ্যালেঞ্জে থেকে যেতে পারে না। ইসরাইলের প্রতি পদক্ষেপ গ্রহণ এবং নিরাপত্তা পরিষদের রেজুলেশনসমূহ বিশেষ করে রেজুলেশন ২৩৩৪-এর বাস্তবায়ন ইসরাইলকে বাধ্য করার দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপরই বর্তায়।

ফিলিস্তিনের জনগণের ওপর ইসরায়েলের অপরাধের তদন্ত শুরু করার যে পদক্ষেপ আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নিয়েছে, তাকে স্বাগত জানান রাষ্ট্রদূত ফাতিমা। তিনি বলেন, ইসরাইলের মানবাধিকার লঙ্ঘন ও সহিংসতার দায়দায়িত্ব নিরূপণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করার মাধ্যমেই কেবল বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হতে পারে।
স্বাধীনতার জন্য বাংলাদেশের সুদীর্ঘ সংগ্রাম ও ১৯৭১ সালের ভয়াবহতম গণহত্যার কথা স্মরণ করে রাষ্ট্রদূত ফাতিমা আরও বলেন, সেই সংগ্রাম ও ভয়াবহ স্মৃতি বাংলাদেশকে সর্বদা বিশ্বের নিপীড়িত ও অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ে কাজ করতে উৎসাহ জুগিয়েছে। আর এ কারণেই ফিলিস্তিনি জনগণের প্রতি সবসময় বাংলাদেশের অকুণ্ঠ সমর্থন থাকবে।
বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি নিহত -দৈনিক ইত্তেফাক
নওগাঁর পোরশা সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। উপজেলা দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১/১০(এস) মেইন পিলারের নীলমারী বীল এলাকায় বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। ভারতের মালদা জেলার ক্যাদারীপাড়া ক্যাম্পর বিএসএফ জোয়ানরা ঘটনাটি ঘটিয়েছেন বলে জানা গেছে।
নিহতরা হলেন- পোরশা উপজেলার বিষ্ণুপুর বিজলীপাড়ার গ্রামের শুকরার ছেলে সদিপ, কাঁটাপুকুর গ্রামের মতু জিল্লুর রহমানের ছেলে কামাল এবং চকবিষ্ণুপুর দিঘিপাড়ার মতু খাদাবক্সের ছেলে মফিজুল উদ্দিন।

বিজিবি সূত্র জানা গেছে, বুধবার রাতে বাংলাদেশের বেশ কিছু গরু ব্যবসায়ী সীমান্ত পার হয়ে ভারত যান। গরু নিয়ে ভোরে সীমান্তের ২৩১/১০ (এস) মেইন পিলার এলাকা দিয়ে আসার পথ ক্যাদারীপাড়া ক্যাম্পর টহলরত বিএসএফ জোয়ানরা তাদের পিছন থেকে গুলি করে। এসময় অন্যরা পালিয়ে আসতে পারলেও ভারতের ৮০০গজ ভেতরে সদিপ ও কামাল মারা যান। তবে গুলিবিদ্ধ অবস্থায় মফিজুল বাংলাদেশে চলে আসেন। পরে মারা যান।
বিজিবি-১৬ হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবদার মোখলেছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তিনজন গুলিবিদ্ধ হলেও এদের মধ্যে একজন গুলিবিদ্ধ অবস্থায় সীমান্ত পার হয়ে বাংলাদেশের মধ্যে মারা গেছেন। দুইজন ভারতে মারা গেছেন।
বিজিবি-১৬ (নওগাঁ) ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম জানান, পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে।
ছাত্রলীগের বিচার, রিমান্ডের বিরুদ্ধে প্রতিবাদী একজন মুকিমুল-দৈনিক মানবজমিন
মুকিমুল হক চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। মঙ্গলবার দিবাগত রাতে জহুরুল হক হলে ছাত্রলীগের নির্মম নির্যাতনের শিকার চার শিক্ষার্থীর একজন। বিপন্ন এক সময়ে সব নির্যাতন, নিপীড়ন আমরা মেনে নেই। আবরারের মতো কেউ মরে গিয়ে প্রতিবাদ জানিয়ে যায়।মুকিমুল এই নির্যাতন মেনে নেননি। তিনি রুখে দাঁড়িয়েছেন। নিষ্ঠুর এই আক্রমনের বিচার দাবিতে সরব হয়েছেন। চালিয়ে যাচ্ছেন অবস্থান কর্মসূচি।ঐতিহাসিক রাজু ভাস্কর্যের সামনে অনড় তার অবস্থান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দোষীদের বিচার না করা পর্যন্ত তিনি এই অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। মুকিমুলের সঙ্গে সংহতি জানিয়ে তার সঙ্গে অবস্থান নিয়েছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।
সঙ্গে রয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। মুকিমুলকে দেখলেই বুঝা যায় কী গিয়েছে তার ওপর দিয়ে। সারা মুখে আঘাতের চিহ্ন। হাঁটতে গিয়ে স্ট্রেচার ব্যবহার করছিলেন।গত মঙ্গলবার রাতে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ছাত্রলীগের মারধরের শিকার বাকি তিনজন হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সানওয়ার হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মিনহাজ উদ্দীন এবং একই বর্ষের আরবি বিভাগের শিক্ষার্থী আফসার উদ্দীন।ছাত্রলীগ অবশ্য চার ছাত্রকে নির্যাতন করেই থামেনি। প্রক্টরিয়াল বডির মাধ্যমে তাদের সোপর্দ করে থানায়। সৌভাগ্যবানই বলতে হয় এই চার ছাত্র পরে থানা থেকে ছাড়া পেয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কার্যক্রম অবশ্য লজ্জিত করেছে বহু মানুষকে। অনেকেই বিস্মিত হচ্ছেন, উনারাই আমাদের শিক্ষক! নির্যাতিত শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে এরা সহযোগী হয়েছেন নির্যাতকদের। অবশ্য বহুবারই তাদের এই ভূমিকায় দেখা গেছে।পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলে হলে ছাত্রলীগের বিচারালয় ও রিমান্ডের ঘটনা অবশ্য নতুন কিছু নয়। চলে আসছে দিনের পর দিন। এমনই এক রিমান্ডে প্রাণ গেছে বুয়েট ছাত্র আবরারের। এরপর অনেক কথা হয়েছে। আন্দোলন হয়েছে। কিন্তু পরিস্থিতির পরিবর্তন হয়েছে সামান্যই।
জহুরুল হকের হলের ঘটনায় তা আরও স্পষ্ট হলো। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে এখনও শিবিরকে নিষিদ্ধ করা হয়নি। এছাড়া, কোন ছাত্র যদি কোন ফৌজদারী অপরাধ করে থাকে এবং ফৌজদারী অপরাধের ষড়যন্ত্র করে থাকে তার বিচারের জন্য আইন আছে, আইন প্রয়োগকারী সংস্থা আছে, বিচারালয় আছে। নিজস্ব বিচারালয়ে রায় দেয়ার এবং রিমান্ডে নির্যাতন করার কোন এখতিয়ার ছাত্রলীগের নেই। বিশ্ববিদ্যালয় শিক্ষকরা অবশ্য যতোদিন এর সহযোগী পরিস্থিতির পরিবর্তনের সম্ভাবনা নেই।
রোহিঙ্গাদের সুরক্ষায় মিয়ানমারের প্রতি চার দফা আদেশ আইসিজের-দৈনিক মানবজমিন
রোহিঙ্গাদের সুরক্ষায় মিয়ানমারের প্রতি চার দফা অন্তর্বর্তী আদেশ জারি করেছে আন্তর্জাতিক বিচার আদালত। গত মাসে আদালতে দেয়া মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সুচির বক্তব্য প্রত্যাখ্যান করা হয়েছে রায়ে। আদালত বলেছেন, গাম্বিয়ার অধিকার আছে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করার। এ আদেশ মানতে মিয়ানমার বাধ্য বলেও মন্তব্য করেছেন আদালত। আদালত বলেন, রোহিঙ্গাদের সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না মিয়ানমার। বহু বছর ধরে নিগ্রহের স্বীকার হওয়া রোহিঙ্গা জাতিগোষ্ঠী এখনো ঝুঁকিতে রয়েছে বলে সমালোচনা করেছেন আদালত।আইসিজে অনুসারে, রোহিঙ্গারা এখনো ধর্ষণ, হত্যা ও বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে। আদালত মিয়ানমারের কাছে রোহিঙ্গাদের সুরক্ষা প্রদানের ব্যাপারে নিশ্চয়তা চেয়েছে। পাশাপাশি, এ ব্যাপারে তাদের সহযোগিতা প্রদর্শনে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে। বলেছে, মিয়ানমার এ আদেশ মানতে বাধ্য।
ইরানি ব্যবসায়ীদের ভিসা দেয়া বন্ধ করে দিল আমেরিকা-দৈনিক নয়াদিগন্ত
মার্কিন সরকার ইরানের ব্যবসায়ী ও পুঁজি বিনিয়োগকারীদেরকে ভিসা দেয়া বা তাদের ভিসা নবায়ন করা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় বুধবার দেশটির রাষ্ট্রীয় পত্রিকা ‘ফেডারেল রেজিস্টার’-এ প্রকাশিত এক প্রজ্ঞাপনে একথা ঘোষণা করেছে।
এতে বলা হয়েছে, ইরানি নাগরিক বা তাদের আত্মীয়-স্বজন এখন থেকে আর আমেরিকার কাছে ই-ওয়ান ও ই-টু ভিসার আবেদন করতে বা এ ধরনের ভিসা নবায়নের আবেদন করতে পারবেন না। বৃহস্পতিবার (আজ) থেকে এ নির্দেশ কার্যকর হবে।
আমেরিকায় বিদেশি বড় আকারের পুঁজি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের এই দুই ধরনের ভিসা দেয়া হয়। এই ভিসাপ্রাপ্ত ব্যক্তিরা আমেরিকায় বসবাস করা ও ব্যবসায়িক কার্যক্রম চালানোর সুযোগ পান।
মার্কিন যুক্তরাষ্ট্রে এ ধরনের ভিসা নিয়ে ইতোমধ্যে কতসংখ্যক ইরানি বসবাস করছেন তা স্পষ্ট নয়। তবে সংখ্যাটি অনেক ছোট বলে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে। একজন ইরানি ছাত্রের ভিসা বাতিল করে তাকে আটকের প্রতিবাদে গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিবাদ করেন অভিবাসীদের অধিকার রক্ষার আন্দোলনকারীরা। ওই ঘটনার দু’দিন পর ইরানি ব্যবসায়ীদের ভিসা দেয়া বন্ধ করার সিদ্ধান্ত নিল ওয়াশিংটন।
উল্লেখ্য, কিছুদিন আগেও মার্কিন সরকার ২০ ইরানি শিক্ষার্থীর ভিসা বাতিল করে দিয়েছিল।
বিক্ষোভকারীদের ওষুধ জানা আছে’, জেএনইউ, জামিয়ার পড়ুয়াদের হুমকি কেন্দ্রীয় মন্ত্রীর-দৈনিক আনন্দবাজার পত্রিকা
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরুদ্ধে আন্দোলনরত জওহরলাল নেহরু ইউনিভার্সিটি (জেএনইউ) ও জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটির পড়ুয়াদের হুমকি দিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন কেন্দ্রীয় পশুপালন প্রতিমন্ত্রী সঞ্জীব বালয়ান। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, জেএনইউ ও জামিয়া মিলিয়ার বিক্ষোভকারীদের ‘ওষুধ’ তাঁর জানা আছে।
বুধবার, মেরঠে একটি জনসভায় হুমকি দেওয়ার সুরেই সঞ্জীব বলেন, ‘‘আমি রাজনাথ সিংজিকে অনুরোধ করব। যাঁরা জেএনইউ ও জামিয়া মিলিয়ায় জাতীয়তা বিরোধী স্লোগান তুলছেন তাঁদের ওষুধ আছে। ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পশ্চিম উত্তরপ্রদেশের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষণ করা হোক।’’কেন পশ্চিম উত্তরপ্রদেশের কথা টেনে আনলেন সঞ্জীব? তথ্য বলছে, দেশের যে সব এলাকায় অপরাধের হার বেশি তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের ওই অংশও। আর কেন্দ্রীয় মন্ত্রীও সে দিকেই ইঙ্গিত করেছেন বলেই মনে করা হচ্ছে।
কিছু দিন আগেই, জামিয়া মিলিয়ার পড়ুয়াদের সিএএ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ওই আন্দোলন দমনে পুলিশ বলপ্রয়োগ করে বলেও অভিযোগ ওঠে। জানুয়ারির প্রথম সপ্তাহেই জেএনইউ-র পড়ুয়া ও অধ্যাপকদের উপর হামলা চালায় মুখোশধারীরা। দুটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা ঘিরে ক্ষোভ ছড়িয়েছে গোটা দেশ জুড়েই।
কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীবের বিরুদ্ধে অবশ্য এমন বিতর্কিত মন্তব্য করার অভিযোগ নতুন নয়। উত্তরপ্রদেশে সিএএ বিরোধী আন্দোলনে ‘মাদ্রাসার ছাত্ররা’ রয়েছে বলে মন্তব্য করেছিলেন তিনি। মুজফফরনগর হিংসাতেও জড়িয়ে যায় ওই মন্ত্রীর নাম। তবে, ২০১৪ থেকেই অবশ্য মুজফফরনগর কেন্দ্র থেকে টানা জিতে আসছেন সঞ্জীব।
আজাদি স্লোগান দেশদ্রোহিতা, নতুন তত্ত্ব আওড়াচ্ছেন যোগী আদিত্যনাথ-দৈনিক আজকাল
দেশবাসীকে ‘দেশদ্রোহী’ আখ্যা দেওয়ার সব উপায় শেষ। নতুন পথ বের করলেন যোগী আদিত্যনাথ। সারা দেশে যে স্লোগান আট থেকে আশির গলায়, সে স্লোগানেই নিয়েধাজ্ঞা আনার চেষ্টা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর।নতুন নাগরিক আইনে দেশের মানুষের সমর্থন আদায়ের জন্য বিভিন্ন প্রচারসভার আয়োজন করেছে বিজেপি। কানপুরে এমনই এক সভায় দাঁড়িয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বললেন, ‘প্রতিবাদের নাম করে যদি কেউ ‘আজাদি’ স্লোগান তোলে, তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ করা হবে। শুধু তাই নয়, কঠোর আইনি পদক্ষেপও করা হবে।
দেশের মাটিতে দাঁড়িয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তা সহ্য করা হবে না।’ এদিকে যোগীর নিজের রাজ্যেই ঘটে চলেছে একের পর এক ধর্ষণকাণ্ড, পুলিশের নির্মম অত্যাচার, পুলিশের কম্বল চুরির ঘটনা, আরও কত কী! লখনউয়ের বিখ্যাত ক্লক টাওয়ারে এবং কয়েকজন পুরুষ মিলে মহিলারা অবস্থান বিক্ষোভে বসেছেন সিএএ– এর প্রতিবাদে। সেই প্রতিবাদে পুলিশ লাঠি চালিয়েছে। মহিলাদের বিরুদ্ধে গোলমাল বাঁধানোর অভিযোগ তুলেছে পুলিশ।

এছাড়া উর্দু কবি মুনাওয়ার রাণার দুই কন্যার বিরুদ্ধে তিনটি পুলিশ কেসও করা হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, বিক্ষোভকারীদের কম্বলও চুরি করে নিয়েছে পুলিশ। যদিও পুলিশ সেই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, সব কর্মসূচী হয়ে যাওয়ার পরেই পুলিশ কম্বল সরিয়ে নিয়ে গিয়েছিল। কানপুরে এদিন যোগী এই আন্দোলনের প্রসঙ্গে বললেন, ‘পরিবারের পুরুষরা কোথায়? নিজেরা বাড়িতে কম্বলমুড়ি দিয়ে ঘুমিয়ে আছেন তাঁরা। কিন্তু বাড়ির মহিলাদের এভাবে আন্দোলনে পাঠিয়ে দিচ্ছেন। আর অন্যদিকে মহিলাদের প্রতিবাদে যেতে ইন্ধন দিচ্ছে বিরোধীদলের নেতৃত্বরা। বিক্ষোভরত অনেক মহিলারাই হয়ত সিএএ কী, সেটাও জানেন না।’
চলো অযোধ্যা’, উদ্ধবের রাম মন্দির নিমন্ত্রণে অস্বস্তিতে রাহুল গান্ধী-দৈনিক সংবাদ প্রতিদিন
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে ১০০ দিন পূর্ণ করেছেন উদ্ধব ঠাকরে৷ সেই উপলক্ষে অযোধ্যায় গিয়ে ভগবান রামের আশীর্বাদ নেবেন তিনি৷ এমনটাই জানিয়েছে শিব সেনা৷ তবে তাৎপর্যপূর্ণভাবে সফরসঙ্গী হিসেবে রাহুল গান্ধীকেও আমন্ত্রণ জানিয়েছেন উদ্ধব৷ ফলে শুরু হয়েছে জল্পনা৷
বুধবার নিজের টুইটার হ্যান্ডেলে শিব সেনার মুখপাত্র সঞ্জয় রাউত জানান, ‘মুখ্যমন্ত্রী পদে ১০০ দিন সম্পূর্ণ হওয়ায় এবার অযোধ্যা যাবেন উদ্ধব ঠাকরে৷’ তিনি বলেন, “রামলাল্লার আশীর্বাদ নিতে রাম মন্দির দর্শনে যাবেন উদ্ধব৷ আমরা জোটসঙ্গী কংগ্রেস ও এনসিপির নেতাদেরও এই সফরে আমন্ত্রণ জানাচ্ছি৷ রাহুল গান্ধী অনেক মন্দিরে যান৷ তিনিও আমাদের সঙ্গী হতে পারেন৷” উল্লেখ্য, বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মুখ্যমন্ত্রী পদে বসার পর এই প্রথম রাম মন্দিরে যাবেন উদ্ধব৷ গত অক্টোবর মাসে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী পদ নিয়ে চলা ‘মহা নাটকের’ শেষে গেরুয়া শিবির ছেড়েছিলেন ঠাকরে৷ তারপরই শরদ পাওয়ারের নির্দেশে ‘জোটের স্বার্থে’ ২৪ নভেম্বর পূর্বপরিকল্পিত রাম মন্দির সফর বাতিল করেন তিনি৷ তবে এবার রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানিয়ে জল্পনা উসকে দিয়েছে শিব সেনা৷

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ‘মহা বিকাশ আঘাড়ি’তে যোগ দিয়ে মুখ্যমন্ত্রীর পাশাপাশি সবে ‘সেকুলার’ হয়েছেন উদ্ধব ঠাকরে৷ গত নভেম্বরে শরদ পাওয়ারের নির্দেশেই রাম মন্দিরের দিকে পা বাড়াননি তিনি৷ তবে ‘হিন্দুত্ব’ ছেড়ে ঠাকরের ‘ধর্মনিরপেক্ষ’ হওয়ায় প্রভাব পড়েছে শিব সেনার ‘কোর হিন্দু ভোটব্যাংকে’৷ সেখানে ভাগ বসাতে পারে বিজেপি৷ শুধু তাই নয়, মারাঠি অস্মিতার আপাতত ‘ফাঁকা’ ময়দানে জমি দখল করতে পারেন ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’র প্রধান রাজ ঠাকরে৷ বাকি রইল ‘ধর্মনিরপেক্ষ’ ও মুসলিম ভোটার৷ সেখানে ক্রমে জমি শক্ত করছে কংগ্রেস৷ সব মিলিয়ে, লাভের গুড় শুধু নয়, আদর্শ জলাঞ্জলি দিয়ে মুখ্যমন্ত্রী হতে গিয়ে আখও খুইয়েছেন উদ্ধব৷ তাই রাহুল গান্ধীকে সফরসঙ্গী করে হিন্দু ভোটের পাশাপাশি ‘সেকুলার’ তকমাও বজায় রাখতে rচাইছেন তিনি৷
অনেকেই মনে করছেন, উদ্ধবের আমন্ত্রণে বেশ অস্বস্তিতে পড়েছেন রাহুল গান্ধী৷ লোকসভা নির্বাচনে বিজেপির হিন্দুত্বকে টেক্কা দিতে ‘টেম্পল রান’ করেছিলেন তিনি৷ তবে ফলে মেলেনি কিছুই৷ তাই এবার রাম মন্দির দর্শন করে মুসলিম ভোটব্যাংকে চটাতে চাইবেনা না তিনি৷ একইভাবে দর্শনে না গেলে ভুল বার্তা যাবে হিন্দুদের কাছেও৷ এদিকে, দিল্লি ও বিহারে বিধানসভা নির্বাচন আসন্ন৷ সব মিলিয়ে এবার কী করবেন রাহুল, সেটাই দেখার৷#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩