ট্রাম্পের অভিশংসন বিচারে ‘একের বদলে আরেক’
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৩০ জানুয়ারি বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- মুজিব বর্ষে দেশে কেউ বেকার থাকবে না : প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
- টিআইবি’র রিপোর্ট-রাজউক ও দুর্নীতি সমার্থক-দৈনিক মানবজমিন
- ট্রাম্পের অভিশংসন বিচারে ‘একের বদলে আরেক’-দৈনিক প্রথম আলো
- মানুষ এতটা নির্লজ্জ ও দলকানা হতে পারে: সিইসিকে রিজভী-দৈনিক যুগান্তর
- চীন ফেরত এক শিক্ষার্থীকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি-দৈনিক সমকাল
- চালের মূল্য নিয়ন্ত্রণে বিশেষ মনিটরিং টিম-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- নেই প্রমাণ, যোগীরাজ্যে CAA বিরোধী বিক্ষোভকারীদের অর্ধেককেই মুক্তি দিল আদালত-দৈনিক সংবাদ প্রতিদিন
- এত কিছু করেও আমি সন্ত্রাসবাদী? বিজেপির কটাক্ষে ক্ষোভ কেজরীবালের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- ভারতে ঢুকল করোনাভাইরাস, কেরলে আক্রান্ত ইউহান বিশ্ববিদ্যালয় ফেরত যুবক-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. ঢাকার নির্বাচনে বিএনপির দুশ্চিন্তা ইভিএম….এটি দৈনিক প্রথম আলোর শিরোনাম। কেন এই দুশ্চিন্তা? আপনি কী বলবেন?
২. ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ফিলিস্তিন তা মানতে রাজি নয়। আপনার পর্যবেক্ষণ কী?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
মানুষ এতটা নির্লজ্জ ও দলকানা হতে পারে: সিইসিকে রিজভী-দৈনিক যুগান্তর
বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী গণসংযোগে হামলার বিষয়ে পুলিশ কর্মকর্তার বক্তব্যের যে ব্যাখ্যা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) দিয়েছেন, তার কড়া সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সিইসকে উদ্দেশ্য করে তিনি বলেন, মানুষ এতটা নির্লজ্জ ও দলকানা হতে পারে? বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,আ’লীগের সন্ত্রাসীরা মহল্লায় মহল্লায় সশস্ত্র মহড়া দিচ্ছে।এদিকে দৈনিক মানবজমিনের খবরে লেখা হয়েছে, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিকেন্দ্রে ৫০০ সন্ত্রাসী নিয়োগ দেবে বিএনপি। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কোনো ঝুঁকি নেই। নির্বাচন পরিস্থিতি নিয়ন্ত্রণে।
মুজিব বর্ষে দেশে কেউ বেকার থাকবে না : প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অহেতুক চাকরির পেছনে না ছুটে যুব সমাজকে তাদের মেধা ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানিয়ে বলেছেন, সরকার চায় এই মুজিব বর্ষে দেশে কেউ বেকার থাকবে না।
প্রধানমন্ত্রী বলেন, শুধুমাত্র চাকরির মুখাপেক্ষী হয়ে বসে থাকলে চলবে না। তরুণদের মাঝে যে সুপ্ত শক্তি রয়েছে-একটা কিছু তৈরি করার, তার চিন্তা এবং মননকে বিকশিত করার, সেই কর্মদক্ষতাকে কাজে লাগাতে হবে। নিজে কাজ করবে এবং আরো দশজনকে কাজের সুযোগ করে দেবে, ’যোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘তারুণ্যের শক্তি বাংলাদেশের অগ্রগতি এই বক্তব্যেই আমরা বিশ্বাস করি। কাজেই সেই লক্ষ্য নিয়েই যুব সমাজকে আরো কর্মক্ষম করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’
শেখ হাসিনা তরুণদের উদ্দেশ্যে বলেন, ‘চাকরি না করে চাকরি দেব বা দিতে পারবো। সেই সক্ষমতা অর্জন করতে হবে। সেই চিন্তাটা মাথায় থাকতে হবে এবং আত্মবিশ্বাস থাকতে হবে। আত্মমর্যাদাবোধ থাকতে হবে। সেটা থাকলে আমারতো মনে হয় বাংলাদেশে আর কেউ বেকার থাকবে না।
তিনি বলেন, ‘আমাদের একটা লক্ষ্য হচ্ছে যে, এই মুজিব বর্ষকে ঘিরে বাংলাদেশে আর কেউ যেন বেকার না থাকে। তিনি দুটি ঘটনার উদাহারণ টেনে চাকরি না করলেই কাউকে বেকার ভাবার মন মানসিকতাও পরিবর্তনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমাদের এই মানসিকতাটা বদলাতে হবে। কারণ, আমাদের দেশের মানুষের মাথার মধ্যে ওই একটা জিনিস ঢুকে আছে, চাকরি ছাড়া যেন আর কিছুই করা যায় না। অথচ ফ্রিলান্সিং কাজ করে মাসে ২ থেকে ৩ লাখ পর্যন্ত টাকা আয় করা যায়।’
টিআইবি’র রিপোর্ট-রাজউক ও দুর্নীতি সমার্থক-দৈনিক মানবজমিন
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আর দুর্নীতি একাকার, সমার্থক শব্দে পরিণত হয়েছে। রাজউক একটি মুনাফা অর্জনকারী ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে, জনবান্ধব হতে পারেনি। ঘুষ ছাড়া কোনো সাধারণ নাগরিকের সেবা পাওয়া বিরল ঘটনা। যেমন ইমারতের নকশা অনুমোদনে ৫০ হাজার থেকে দুই কোটি টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। তারা রক্ষক থেকে ভক্ষকের ভূমিকায় আবির্ভূত হয়েছে। তবে রাজউকের সব কর্মকর্তা দুর্নীতিগ্রস্ত নন। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
এদিকে দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দুর্নীতি নিয়ে টিআইবি’র গবেষণা প্রতিবেদনকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলছেন, ভুল তথ্যের ভিত্তিতে রাজউককে হেয় করে বাহবা নেয়ার চেষ্টা করেছে টিআইবি। গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
ট্রাম্পের অভিশংসন বিচারে ‘একের বদলে আরেক’-দৈনিক প্রথম আলো
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচারে সাক্ষ্য দিতে সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে ডাকা হবে কি না, সেই প্রশ্নে দর–কষাকষি শুরু করেছে রিপাবলিকান নেতৃত্ব। ট্রাম্প ও তাঁর নিকট মিত্ররা নতুন কোনো সাক্ষ্য–প্রমাণের বিরোধী। তাঁরা যত দ্রুত সম্ভব বিচার থেকে ট্রাম্পকে অব্যাহতি দিতে চান। কিন্তু বাদ সেধেছেন কয়েকজন মধ্যপন্থী রিপাবলিকান। তাঁরা চান বোল্টন সাক্ষ্য দিন। তাঁর বইতে বলা হয়েছে, তিনি নিজের মুখে ট্রাম্পকে ইউক্রেনের ব্যাপারে সামরিক সাহায্যের বদলে জো বাইডেন ও তাঁর ছেলের তদন্ত করার কথা বলতে শুনেছেন।বেয়াড়া গোটা পাঁচেক রিপাবলিকান সিনেটরের এই মনোভাবের জবাবে রিপাবলিকান নেতৃত্ব ঠিক করেছে, বোল্টনকে ডাকা হলে তাঁরাও পাল্টা সাক্ষী ডাকবেন। তাঁদের তালিকায় ১ নম্বরে রয়েছেন বাইডেন ও তাঁর ছেলে হান্টার। শুধু এই দুজনই নন, ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান এডাম শিফ, যিনি কংগ্রেসে অভিশংসন শুনানিতে নেতৃত্ব দেন, তাঁকেও ডেকে পাঠাতে চান তাঁরা। এমনকি যে ‘হুইসেল ব্লোয়ার’ বা সতর্কতাকারীর প্রতিবেদন থেকে এই অভিশংসন-ঝড়ের শুরু, রিপাবলিকানরা তাঁকেও ডেকে পাঠাতে চান।
এই ‘কুইড প্রো কো’ বা ‘একের বদলে আরেক’ আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন ট্রাম্পের নিকট মিত্র হিসেবে পরিচিত সিনেটর লিন্ডসি গ্রাহাম।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
নেই প্রমাণ, যোগীরাজ্যে CAA বিরোধী বিক্ষোভকারীদের অর্ধেককেই মুক্তি দিল আদালত-দৈনিক সংবাদ প্রতিদিন
ধৃতদের অনেকের বিরুদ্ধেই প্রমাণ নেই। উলটে যারা গ্রেপ্তার করেছিল, অধিকাংশ প্রমাণ সেই পুলিশের বিরুদ্ধেই। CAA বিরোধী আন্দোলনে গত ডিসেম্বর থেকে উত্তপ্ত হয়ে ওঠা উত্তরপ্রদেশে হিংসা ছড়ানোর অভিযোগে ধৃত অর্ধেককেই প্রমাণের অভাবে বেকসুর খালাস করে দিল বিজনৌরের আদালত। ধৃত ৮৩ জনের মধ্যে ৪৮ জনই মুক্তি পেলেন।
উত্তরপ্রদেশের কানপুর, বিজনৌর, লখনউ-সহ একাধিক জেলা গত বছরের শেষ থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে। সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভে শামিল হন। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি দমনে কড়া পদক্ষেপ নেয় পুলিশ। লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, গুলিতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পিছপা হননি আইনরক্ষকরা। সংঘর্ষে জড়িয়ে মৃত্যু পর্যন্ত ঘটেছে। সেই মৃত্যুর তদন্তে নেমে বিজনৌরের পুলিশ ৮৩ জনকে গ্রেপ্তার করে। এফআইআরে বলা হয়, একদল উন্মত্ত জনতা বিক্ষোভের নামে তাণ্ডব চালিয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশের দিকে পাথর, গুলি ছোঁড়ার মতো গুরুতর অপরাধে জড়িত তারা।
এদিকে, CAA বিরোধিতায় বক্তব্য পেশ করে ফের গ্রেপ্তার উত্তরপ্রদেশের চিকিৎসক কাফিল খান। তবে তাঁর গ্রেপ্তারি ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। কাফিল খানের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগে এফআইআর দায়ের হওয়ার ৪০ দিন পর কেন তাঁকে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
‘১১ ফেব্রুয়ারি শাহিনবাগে সার্জিক্যাল স্ট্রাইক করা হবে’, ফের হুমকি দিল্লির বিজেপি প্রার্থী তেজিন্দর বাগ্গার-দৈনিক আজকাল
শাহিনবাগের আন্দোলনকারীদের ওপর সার্জিক্যাল স্ট্রাইক চালানো হবে। ফের আন্দোলনকারীদের হুমকি দিল বিজেপি নেতা তেজিন্দর পাল সিং বাগ্গা। দিল্লিতে বিধানসভা নির্বাচন আগামী ৮ ফেব্রুয়ারি। আগামী ১১ ফেব্রুয়ারি ফল প্রকাশ। অর্থাৎ তেজিন্দরের বক্তব্য অনুযায়ী, ফলপ্রকাশের দিনই শাহিনবাগের আন্দোলনকারীদের ওপর আক্রমণ চালিয়ে তাঁদের তুলে দেওয়া হবে।
‘ইয়ে লো আজাদি’, জামিয়ার বাইরে সিএএ বিরোধী মিছিলে গুলি যুবকের-দৈনিক আনন্দবাজার
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরুদ্ধ মিছিল চলাকালীন এ বার দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে গুলি চলল। বৃহস্পতিবার মহাত্মা গাঁধীর ৭২তম মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে রাজঘাটের দিকে মিছিল করে যাচ্ছিলেন জামিয়ার পড়ুয়া-সহ সাধারণ মানুষ। সেই সময়ই ওই মিছিল লক্ষ্য করে পিস্তল তাক করেন এক যুবক। এতে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। আর আজকালে এ সম্পর্কে লেখা হয়েছে, গুলি করে মারার হুমকি কেন্দ্রীয় মন্ত্রীর! তারপরই জামিয়ার পড়ুয়াদের মিছিলে গুলি চালাল এক যুবক।
ভারতে ঢুকল করোনাভাইরাস, কেরলে আক্রান্ত ইউহান বিশ্ববিদ্যালয় ফেরত যুবক-দৈনিক আজকাল
শেষমেশ ভারতে ধাক্কা দিল নোভেল করোনাভাইরাস। ঠিক যে পথে বর্ষা আসে দেশের মূল ভূখণ্ডে সেই কেরল দিয়েই প্রথম ভারতে ঢুকল করোনাভাইরাস। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রেস বিবৃতি দিয়ে একথা বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ওই রোগীকে হাসপাতালের সম্পূর্ণ পৃথক ওয়ার্ডে রাখা হয়েছে এবং খুব কাছ থেকে লক্ষ্য রাখা হচ্ছে। তবে রোগী স্থিতিশীল আছেন। চীনের ইউহান বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলেন ওই যুবক। ইতিমধ্যেই কেরলের ৪০০ জনের বেশি মানুষকে তাঁদের নিজেদের বাড়িতেই করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে কড়া নজরদারিতে রাখা হয়েছে।
এত কিছু করেও আমি সন্ত্রাসবাদী? বিজেপির কটাক্ষে ক্ষোভ কেজরীবালের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
ভোট যত এগিয়ে আসছে, পাল্লা দিয়ে বাড়ছে কাদা ছোড়াছুড়িও। একে অপরকে লাগাতার কুকথা বলে চলেছেন রাজনীতিকরা। তাঁকেও এর শিকার হতে হয়েছে। তা নিয়ে এ বার মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। গোটা ঘটনায় অত্যন্ত ব্যথিত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি পশ্চিম দিল্লিতে নির্বাচনী প্রচারে গিয়ে কেজরীবালকে ‘সন্ত্রাসবাদী’ বলে উল্লেখ করেছিলেন বিজেপির সাংসদ প্রবেশ বর্মা। বুধবার প্রথমে তা নিয়ে টুইটারে ক্ষোভ প্রকাশ করেন কেজরীবাল। তিনি লেখেন, ‘‘গত পাঁচ বছর ধরে দিন-রাত দিল্লির জন্য কাজ করে এসেছি। দিল্লিবাসীর জন্য সবকিছু ত্যাগ করেছি। রাজনীতিতে প্রবেশের পর অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। তা-ও মানুষের যাতে ভাল হয়, সেই চেষ্টাই করে গিয়েছি। বিনিময়ে আজ আমাকে সন্ত্রাসবাদী বলছে বিজেপি। অত্যন্ত ব্যথিত আমি।’’#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩০