ফায়ার ড. কামাল, কাদের বললেন তিনি সীমা ছাড়িয়েছেন
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৯ ফেব্রুয়ারি রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- সরকার পদত্যাগ না করলে লাথি মেরে নামাতে হবে: ড. কামাল-দৈনিক ইত্তেফাক
- বিদেশি প্রতারকের ফাঁদ-দৈনিক মানবজমিন
- ‘অর্থনীতি ভালো নেই’-বক্তব্যের ব্যাখ্যা অর্থমন্ত্রীই ভালো জানেন: বাণিজ্যমন্ত্রী-দৈনিক যুগান্তর
- নিত্যপণ্যের দাম বাড়ছেই-দৈনিক প্রথম আলো
- মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান চলবে: প্রধানমন্ত্রী-দৈনিক সমকাল
- ডাকসুর ৯ মাসে খরচ ৮৭ লাখ টাকা-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- দূরত্ব বাড়াল করোনা ভাইরাস! সংক্রমণের আশঙ্কায় দূর থেকেই মেয়েকে আলিঙ্গন নার্স মায়ের-দৈনিক সংবাদ প্রতিদিন
- শুধু চিনেই ৮০০! মৃত্যুর সংখ্যায় সার্স-কে পিছনে ফেলল করোনা-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- সেলফি, ভিডিও এবং টিকটকের ওপর নিষেধাজ্ঞা জারি করল অমৃতসরের স্বর্ণমন্দির প্রশাসন-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান চলবে: প্রধানমন্ত্রী-দৈনিক সমকাল
সমাজের অবক্ষয় রোধে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা ইতোমধ্যে মাদক, সন্ত্রাসবাদ জঙ্গিবাদ এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। সুতরাং, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান চলবে। রোববার সকালে মিরপুর সেনানিবাসে এক সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, তার সরকার দেশের যুব সমাজের যোগ্যতা, জ্ঞান এবং শক্তিকে দেশের স্বার্থে কাজে লাগাতে চায়।
‘অর্থনীতি ভালো নেই’-বক্তব্যের ব্যাখ্যা অর্থমন্ত্রীই ভালো জানেন: বাণিজ্যমন্ত্রী-দৈনিক যুগান্তর
‘বাংলাদেশের অর্থনীতি ভালো নেই’ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, অর্থমন্ত্রী কেন এমন মন্তব্য করেছেন এর ব্যাখ্যা উনিই ভালো বলতে পারবেন, আমি নই। রোববার সকালে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে ‘ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আয়োজনে কর্পোরেট কানেক্ট: ২০২০ কনফারেন্স অ্যান্ড বিজনেস ফেয়ার’ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। টিপু মুনশি বলেন, বাংলাদেশের এক্সপোর্টের সূচক কিছুটা নিম্নগামী। বিশ্বব্যাপী আমদানি-রফতানির যে মন্দা শুরু হয়েছে, সেটিরই প্রভাব পড়েছে আমাদের অর্থনীতিতে। আশা করি দু-তিন মাসের মধ্যে ঠিক হয়ে যাবে। আদা, রসুন ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে, এ বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পেঁয়াজ নিয়ে আমরা চিন্তিত না।
নিত্যপণ্যের দাম বাড়ছেই-দৈনিক প্রথম আলো
এ প্রতিবেদনে লেখা হয়েছে, গত বছরের অক্টোবর-নভেম্বরে যখন পেঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে চলছিল, তখন সরকারের নীতিনির্ধারকদের পক্ষ থেকে বলা হয়েছিল, এই সংকট সাময়িক। বিদেশ থেকে আকাশযানে পেঁয়াজ এলে কিংবা মৌসুম শুরু হলে ফের দাম ভূতলে নেমে যাবে। এরপর সত্যি সত্যি দূরের ও কাছের দেশ থেকে আকাশযানে টনকে টন পেঁয়াজ আনা হলো, বাজারে নতুন পেঁয়াজও উঠল; কিন্তু দাম ভূতলে নামার কোনো লক্ষণ দেখা গেল না। নানা চড়াই-উতরাইয়ের পর বাজারে এখন দেশি মুড়িকাটা পেঁয়াজের কেজি ১৪০ টাকা ও আমদানি করা ছোট পেঁয়াজ ১৩০ থেকে ১৪০ টাকা এবং বড় তুরস্ক ও মিসরীয় পেঁয়াজ ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এ অবস্থায় অনেকে যে হেঁশেলে পেঁয়াজের আমদানি অর্ধেকে নামিয়ে এনেছেন।
কিন্তু সমস্যা হলো, পেঁয়াজ বা খাবারের অন্যান্য মসলার চাহিদা কমানো গেলেও চাল, তেল, ডালের মতো খাদ্যসামগ্রীর চাহিদা কমানোর তেমন সুযোগ আছে বলে মনে হয় না।বৃহস্পতিবার প্রথম আলো খবরের শিরোনাম করেছে, ‘মসলা ছাড়াই রাঁধতে হবে’। শুধু মসলা কেন, বর্তমানে বাজারে সব পণ্যেরই দর চড়া। প্রতি কেজি মিনিকেট চাল ৪৮-৫৪ টাকা, মাঝারি বিআর-২৮ চাল ৩৮-৪৪ টাকা, মোটা চাল ৩২-৩৫ টাকা, নাজিরশাইল ৪৮-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। কিছুদিন আগে মিনিকেট চাল ৪৫-৪৮ টাকা, মাঝারি বিআর-২৮ চাল ৩৫-৪০ টাকায় বিক্রি হতো।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সরকারের একটি ঘোষণাই চালের দাম চড়িয়েছে। দেশের চাহিদা মিটিয়ে কী পরিমাণ চাল রপ্তানি করা যাবে, সেই হিসাব না করেই সরকার ঘোষণা দিয়ে বসল, চাল রপ্তানিতে ১৫ শতাংশ প্রণোদনা দেওয়া হবে। বাংলাদেশে রপ্তানিকারকেরা নানা প্রণোদনা পেলেও উৎপাদকেরা তেমন প্রণোদনা পান না। চালের দাম বাড়লেও কৃষক ধানের ন্যায্য দাম পাচ্ছেন, এ কথা জোর দিয়ে বলা যাবে না। সরকারেরও নিশ্চয়ই অজানা নয় যে বাংলাদেশে ধানের উৎপাদন অনেকটা প্রকৃতি ও আবহাওয়ার ওপর নির্ভরশীল। আবহাওয়া অনুকূল থাকলে যেমন ধানের উৎপাদন বাড়ে, আবার আবহাওয়া বৈরী হলে উৎপাদন কমে যায়। চাল রপ্তানি হোক বা না হোক, এই ঘোষণার পর যে সাধারণ ক্রেতাদের চাল কিনতে বাড়তি অর্থ গুনতে হবে, সে বিষয়ে সন্দেহ নেই। চালের পাশাপাশি সয়াবিন তেল ও পাম তেলের দামও বেড়েছে।
সরকার পদত্যাগ না করলে লাথি মেরে নামাতে হবে: ড. কামাল-দৈনিক ইত্তেফাক
গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘সরকার পরিবর্তনে আর সভা-সমাবেশ নয়, ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে হবে। এটা অর্জনে জনগণকে অনুপ্রাণিত করতে আমরা চলুন সবাই ভূমিকা রাখি। যারা ক্ষমতা আত্মসাৎ করেছে তাদের চিহ্নিত করে বিতাড়িত করি। আসুন আর এক মিনিটও দেরি না করে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা আমরা উদ্ধার করি। শহর-জেলায় আমাদেরকে যেতে হবে, বলতে হবে-রুখে দাঁড়ান। দেশটা আমাদের সকলেরই, দেশের ক্ষমতা যারা আত্মসাৎ করেছে তাদের হাত থেকে আমরা দেশকে মুক্ত করি।’
ড. কামাল হোসেন বলেন, ‘সত্যিকার অর্থে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে। সেই সংসদে যারা সংখ্যাগরিষ্ঠ হবে তারা দেশ পরিচালনা করবে। এখন যারা আছে, তাদের লাথি মেরে দেশ থেকে বের করে দিতে হবে। পদত্যাগ পদত্যাগ বললে হবে না। পদত্যাগ না করলে লাথি মেরে নামাতে হবে। ওই সব ভাষায় না হলে, তাদের হাত ধরে টেনে রাস্তায় নামিয়ে দিতে হবে। সত্যিকার অর্থে আমাদের দেশের মালিকের ভূমিকায় আসতে হবে। উন্নয়নের নামে যে লুটপাট হয় এগুলো থেকে দেশকে মুক্ত করতে দেশের মালিক জনগণকে আবার দাঁড়াতে হবে।’শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।
ড. কামাল সীমা ছাড়িয়ে গেছেন: কাদের-দৈনিক সমকাল
রাজধানীর পল্টনে শনিবার বিএনপির সমাবেশে সরকারকে নিয়ে ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের উক্তিকে আপত্তিকর ও রাস্তার ভাষা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ড. কামাল হোসেন বিএনপির সমাবেশে সরকারকে লাথি মেরে উচ্ছেদ করবে বলে যে বক্তব্য দিয়েছেন, তা গণতান্ত্রিক ভাষা হতে পারে না, এটা রাস্তার ভাষা। তার মতো ব্যক্তি কি করে এমন রাস্তার ভাষায় কথা বলেন? তিনি সীমা ছাড়িয়ে গেছেন।
বিদেশি প্রতারকের ফাঁদ-দৈনিক মানবজমিন
বিদেশি প্রতারকের ফাঁদ এখন সর্বত্র। বাংলাদেশে আসা শিক্ষার্থী, খেলোয়াড় ও ভিজিট ভিসায় এসে এসব বিদেশিরা প্রতারণায় জড়িয়ে পড়েছে। এদের অধিকাংশই আফ্রিকা মহাদেশের নাগরিক। কিছু আছে মধ্য ইউরোপের। চক্রটি দেশের সাধারণ নাগরিকদের ফাঁদে ফেলে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। দিন দিন তাদের দৌরাত্ম্য বাড়ছে। এটিএম বুথের দিকে তাদের নজর। গত বছর ঢাকাসহ দেশের একাধিকস্থানে এটিএম বুথ থেকে অভিনব কায়দায় টাকা তুলে পালিয়েছে একটি চক্র। ঢাকায় এমন ২০ জন প্রতারককে চিহ্নিত করেছে র্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনী।কয়েকজন ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়েছে। তারা যাতে আবার দেশে আসতে না পারে সেদিকে নজরদারি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। চক্রটি ডিজিটাল কায়দায় এটিএম বুথ থেকে টাকা লুট, লটারির মাধ্যমে প্রতারণা ও জাল ডলার ব্যবসার সঙ্গে যুক্ত।
‘শেখ হাসিনার আমলে নারীরা অনেকে ক্ষমতাবান হয়েছে’-দৈনিক ইত্তেফাক
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ‘এখন নারীরা দুর্বল আমি মানি না। প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, নারীরা বিচারপতি, ডিসি, এসপি, ওসি-সবই হচ্ছেন। যোগ্যতা অর্জন করলে নারী পুরুষের প্রাপ্যতার ক্ষেত্র একই। সরকার ৩৫টি ক্যাটাগরিতে ৩৯ হাজার নারীকে চাকরি দিয়েছে। নারীর ক্ষমতায়ন বৃদ্ধিতে মুজিব বর্ষে এক লাখ নতুন নারী উদ্যোক্তা তৈরি করা হবে। শনিবার দুপুরে রাজশাহীর পবা উপজেলা হলরুমে জেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। সরকার সামাজিক নিরাপত্তার যে কাজগুলো করেছে তার মধ্যে বৈপ্লবিক অবস্থান তৈরি করেছে রাষ্ট্রীয় পর্যায়ে দরিদ্র মায়েদের মাতৃত্বকালীন ভাতা চালু, বৃদ্ধি ও প্রসারিত করার মধ্য দিয়ে। বিধবা ভাতা, বয়স্কভাতা অর্থাৎ পিছিয়ে পড়া অবহেলিত, উপার্জন নেই এমন ব্যক্তি বিশেষকে সামাজিক নিরাপত্তার আওতায় আনার প্রয়াস বর্তমান সরকার নিয়েছে।
ডিআইজি মিজানের স্ত্রী ও ভাইকে গ্রেফতারে পরোয়ানা-দৈনিক যুগান্তর
অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার আইনে দায়ের হওয়া মামলায় পুলিশের বরখাস্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কেএম ইমরুল কায়েশের আদালত এ নির্দেশ দেন। একই সঙ্গে আদালত আগামী ৩ মার্চ গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেন। এদিন এ মামলায় ডিআইজি মিজানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র উপস্থাপন করা হয়।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
শুধু চিনেই ৮০০! মৃত্যুর সংখ্যায় সার্স-কে পিছনে ফেলল করোনা-দৈনিক আনন্দবাজার পত্রিকা
ভয়াবহ থেকে অতি ভয়াবহ হয়ে উঠছে করোনাভাইরাস। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ২০০২-’০৩ সালের সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম-এ (সার্স) আক্রান্ত মৃত্যুর সংখ্যাকেও ছাপিয়ে গিয়েছে। ওই সময় সার্স-এর হানায় বিশ্ব জুড়ে মৃত্যু হয়েছিল ৭৭৪ জনের। সেখানে তিন মাসেরও কম ব্যবধানে শুধুমাত্র চিনেই করোনাভাইরাসের হানায় মৃত্যুর সংখ্যাটা ৮০০ ছাড়িয়ে গিয়েছে।
আক্রান্তের সংখ্যাও বাড়ছে হু হু করে। এখনও পর্যন্ত সংখ্যাটা ৩৭ হাজার ২০০। গত ২৪ ঘণ্টায় ৮৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৫৬ জন।চিনের বাইরেও আক্রান্তের সংখ্যাটাও নেহাত কম নয়। প্রায় ৩০০। তার মধ্যে এই প্রথম চিনে দুই বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে করোনার হানায়। এক জন মার্কিন নাগরিক। অন্য জন জাপানের। অন্য দিকে, ফিলিপিন্সে মৃত্যু হয়েছে এক চিনা নাগরিকের।বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, গত চার দিনে হুবেই প্রদেশে পরিস্থিতি একটু আয়ত্তে এসেছে। তবে পাশাপাশি হু এই সতর্কবার্তাও দিয়েছে, পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে এলেও আশঙ্কার মাত্রাটা কোনও ভাবেই কমেনি। মৃত্যু বা আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলেও ওই রিপোর্টে বলা হয়েছে।
এদিকে দৈনিক সংবাদ প্রতিদিনের একটি খবরে লেখা হয়েছে, খাস কলকাতায় করোনা ভাইরাসের থাবা! আক্রান্ত হয়ে হাসপাতালে যাদবপুরের বৃদ্ধ। এতদিন আশঙ্কা ছিল। এবার আতঙ্ক ঘরের দরজায়। মৃত্যু পরোয়ানা নিয়ে শহরে ঢুকে পরেছে মারণ ভাইরাস। দক্ষিণ শহরতলীর মুকুন্দপুরের আরএনটেগোর হাসপাতালে ভর্তি প্রৌঢ়।
দূরত্ব বাড়াল করোনা ভাইরাস! সংক্রমণের আশঙ্কায় দূর থেকেই মেয়েকে আলিঙ্গন নার্স মায়ের
মা নার্স। করোনা আক্রান্তদের চিকিৎসায় নাওয়া-খাওয়া ভুলেছেন তিনি। ছোট্ট মেয়ের দেখভালের সময়ও পাচ্ছেন না। হাসপাতালের চার দেওয়ালেই দিন কাটছে তাঁর। কিন্তু একরত্তি বোঝে না করোনার ভয়াবহতা। তাই তো মাকে ছাড়া এক সেকেন্ডও কাটছে না তার। দূর থেকে হাসপাতালে মাকে দেখে আসা ছাড়া, আর কোনও উপায় নেই শিশুর। সংক্রমণের আশঙ্কাই তাই দূর থেকে মেয়েকে আলিঙ্গন করছেন মা। আবেগঘন মুহূর্তের ভিডিওই এখন নেটদুনিয়ায় ভাইরাল। মা-মেয়ের দূরত্ব চোখে জল এনেছে নেটিজেনদের।করোনা আতঙ্কে কাঁপছে চিন। সংস্পর্শেও মারণ ভাইরাস শরীরে প্রবেশ করার সম্ভাবনা প্রবল।
সেলফি, ভিডিও এবং টিকটকের ওপর নিষেধাজ্ঞা জারি করল অমৃতসরের স্বর্ণমন্দির প্রশাসন-দৈনিক আজকাল
আর তোলা যাবে না সেলফি, ভিডিও এবং টিকটক। অমৃতসরের স্বর্ণমন্দির চত্বরে দাঁড়িয়ে আর এসব করা যাবে না। স্বর্ণমন্দিরের প্রশাসনিক দায়িত্বে থাকা শিরোমণি গুরুদ্বার পারবন্ধক কমিটির পক্ষ থেকে নোটিস জারি করে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। কারণ বহু পুণ্যার্থী– সেলফি, ভিডিও এবং টিকটক তুলে সোশ্যাল মিডিয়ায় দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষকে। নোটিসে উল্লেখ করা হয়েছে, অমৃতসরে শিখদের পবিত্র হর্মন্দির সাহিব চত্বরের ভেতরে সেলফি বা টিকটক ভিডিও তোলা যাবে না।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯