কথাবার্তা: করোনার হানা ৭৮ দেশে, আতঙ্ক বিশ্বজুড়ে
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৪ মার্চ বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- মাদকরোধের দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহি প্রয়োজন-আইএনসিবির প্রতিবেদন-দৈনিক প্রথম আলো
- বিশ্বের ৭৮টি দেশে করোনার হানা, আক্রান্ত ৯৩ হাজার, মৃতের সংখ্যা বেড়ে ৩২০০ -দৈনিক ইত্তেফাক
- ‘বছরে পাচার ৬৪ হাজার কোটি টাকা’ -দৈনিক মানবজমিন
- বহিষ্কার পাল্টা-বহিষ্কারের মধ্যে গণফোরামের কমিটি ভেঙে দিলেন ড. কামাল -দৈনিক যুগান্তর
- সাগর রুনি হত্যা প্রসঙ্গ: সাংবাদিকরা তো খবরের পেছনে ছুটবেই, তাদের দোষ কী: হাইকোর্ট -বাংলাদেশ প্রতিদিন
- করোনাভাইরাস: কুয়েতে প্রবেশে কড়াকাড়ি, সনদ লাগবে বাংলাদেশিদের -দৈনিক সমকাল
ভারতের শিরোনাম:
- ভারতে করোনায় আক্রান্ত ১৬ জন ইতালীয়, আতঙ্ক ছড়াচ্ছে দেশ জুড়ে-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- করোনা এড়াতে হোলির উৎসবে ‘না’ মোদির, সতর্কতা বৃদ্ধিতে তৎপর স্বাস্থ্যমন্ত্রক -দৈনিক সংবাদ প্রতিদিন
- করোনার জেরে অর্থনীতি ডুবছে, মানুষ আতঙ্কে, আর আপনি মজা করছেন?’, মোদিকে তোপ রাহুলের -দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. দলবল নিয়ে উচ্ছেদ বন্ধে বুড়িগঙ্গা তীরে সাংসদ আসলামুল হক। এটি প্রথম আলো পত্রিকার শিরোনাম। কী বলবেন আপনি?
২. সিরিয়ার ইদলিব প্রদেশে চলমান সামরিক অভিযানের কারণে উদ্বাস্তুর ঢল নামতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, এ ধরনের উদ্বেগের পরও তারা যুদ্ধ বন্ধ করবে না। এটা কী একটু অমানবিক হলো না?
কথাবার্তার বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর তুলে ধরছি। বিশেষ করে করোনাভাইরাস সম্পর্কিত খবর আজকের বাংলাদেশ ও ভারতের প্রায় সব জাতীয় দৈনিকে বিশেষ গুরুত্বসহ পরিবেশিত হয়েছে।
বিশ্বের ৭৮টি দেশে করোনার হানা, আক্রান্ত ৯৩ হাজার-দৈনিক ইত্তেফাক
বিশ্বের ৭৮টি দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। পুরো বিশ্বে এই ভাইরাসে ৯৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। শুধু চীনেই এই ভাইরাসে ২ হাজার ৯শ' ৫০ জনের মৃত্যু হয়েছে। তবে চীনের দাবি, এখন করোনায় তাদের দেশে আক্রান্ত ও মৃতের হার কম। এদিকে চীনে বাইরে ইতালি, দক্ষিণ কোরিয়া, ইরানে এই ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে।
করোনাভাইরাস: কুয়েতে প্রবেশে কড়াকাড়ি, সনদ লাগবে বাংলাদেশিদের-দৈনিক সমকাল। দৈনিক ইত্তেফাকের শিরোনাম- করোনা ভাইরাস: ঠাঁই মিলছেনা দ. কোরিয়ার হাসপাতালগুলোতে। দৈনিক মানবজমিনের শিরোনাম-করোনা ঠেকাতে ইতালি ইরান ও কোরিয়ার অন-অ্যারাইভাল ভিসা বন্ধ!
চাকরির পেছনে না ছুটে ঋণ নিয়ে ব্যবসা করুন: প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
তরুণ গ্র্যাজুয়েটদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, পাস করে চাকরির পিছে না ছুটে, ঋণ নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জন্য ঋণের সুদের হার কমিয়ে আনতে যাচ্ছি– সিঙ্গেল ডিজিট করা হয়েছে। যাতে করে আমাদের উদ্যোক্তারা ঋণ নিয়ে সুন্দর করে ব্যবসা শুরু করতে পারেন, সেই ব্যবস্থা নিয়েছি। বাংলাদেশের শিক্ষার্থীদের মেধার প্রশংসা করে তিনি বলেন, আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। একটু সুযোগ পেলেই তারা নিজেদের মেলে ধরতে পারে। দেশের সার্বিক উন্নয়নের জন্য তাদের ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি করতে হবে।
বহিষ্কার পাল্টা-বহিষ্কারের মধ্যে গণফোরামের কমিটি ভেঙে দিলেন ড. কামাল-দৈনিক যুগান্তর
বহিষ্কার পাল্টা-বহিষ্কারের মুখে গণফোরামের কেন্দ্রীয় কমিটি ভেঙে দিলেন দলটির সভাপতি ড. কামাল হোসেন। একইসঙ্গে পরবর্তী কাউন্সিল না হওয়ার পর্যন্ত দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটির সভাপতি হিসেবে থাকছেন কামাল হোসেন নিজেই এবং সাধারণ সম্পাদক করা হয়েছে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়াকে। বুধবার বেলা ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো কামাল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সাংগঠনিক স্থবিরতা দূর করতে গত বছরের ২৬ এপ্রিল গণফোরামের বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
পাপিয়ার ডেরায় যাতায়াতকারী ভিআইপিরা ভিডিও ফাঁসের আতঙ্কে-দৈনিক যুগান্তর
যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার ডেরায় যাতায়াতকারী ভিআইপিরা ভিডিও ফাঁসের আশঙ্কায় রয়েছেন। ইতিমধ্যে একাধিক ভিআইপির নাম সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়ায় সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সমাজের এসব হাইপ্রোফাইল ভিআইপির আসল চরিত্র ফাঁস হয়ে পড়ায় তাদের অন্ধকার জগৎ নিয়ে আমজনতার কৌতূহলের শেষ নেই। মুখরোচক আলোচনা এখন চায়ের দোকান থেকে শুরু তরে অলিগলি সবখানে।
এর মধ্যে পাপিয়ার ঘনিষ্ঠ হিসেবে আরও ৩ প্রভাবশালীর নাম এসেছে যুগান্তরের হাতে। যাদের একজন জনৈক রাজনীতিবিদ মুরাদ, ব্যবসায়ী বজলুর রহমান ও স্বর্ণালংকার ব্যবসায়ী প্রেম।
এ ছাড়া শুধু ওয়েস্টিন নয়, রাজধানীর অভিজাত এলাকায় পাপিয়ার আরও অনেক অভিজাত ফ্ল্যাটের সন্ধান মিলেছে।
যাদের মধ্যে মহিলা যুবলীগের আরও কয়েকজনের আমলনামা যাচাই-বাছাই করা হচ্ছে। শিগগির তাদের বিরুদ্ধেও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শুরু হবে। ইতিমধ্যে সন্দেহভাজনদের নজরদারির মধ্যে আনা হয়েছে।
তবে সবকিছু ছাপিয়ে সমাজের যেসব ডাকসাইটে দুর্নীতিবাজ আমলা, রাজনীতিবিদ ও ব্যবসায়ী পাপিয়াদের ডেরায় প্রটোকল ছাড়া হাজির হতেন, তারা এখন গোপন ভিডিও ফাঁসের আতঙ্কে আছেন।
অনেকের বিপুল পরিমাণ অর্থ পাচারের তথ্যও জানে অন্ধকার জগতের এই পাপিয়ারা। দুর্নীতি সংক্রান্ত বড় বড় কাজের লেনদেনের সাক্ষীও এদের কয়েকজন। দৈনিকটি আরও লিখেছে, প্রভাবশালী ও সুন্দরী তরুণীদের মাধ্যমে বিদেশে অর্থপাচার করত পাপিয়া। থাইল্যান্ডের ব্যাংকে পাপিয়ার ৪ কোটি টাকা।
‘বছরে পাচার ৬৪ হাজার কোটি টাকা’-দৈনিক মানবজমিন
বাংলাদেশ থেকে প্রতিবছর গড়ে ৭৫৩ কোটি ৩৭ লাখ ডলার বিদেশে পাচার হয়। যা দেশীয় মুদ্রায় ৬৪ হাজার কোটি টাকা। আর শুধু মাত্র ২০১৫ সালে পাচার হয়েছে এক হাজার ১৫১ কোটি ডলার। যা দেশীয় মুদ্রায় ৯৮ হাজার কোটি টাকা। ২০১৬ ও ২০১৭ সালের কোনো তথ্য জাতিসংঘকে দেয়নি বাংলাদেশ। মঙ্গলবার প্রকাশিত যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির (জিএফআই) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দুই প্রক্রিয়ায় এই অর্থ পাচার হয়েছে। এর মধ্যে রয়েছে বিদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে মূল্য বেশি দেখানো (ওভার ইনভয়েসিং) এবং রপ্তানিতে মূল্য কম দেখানো (আন্ডার ইনভয়েসিং)।
এ বিষয়ে জিএফআই’র সিনিয়র ইকোনমিস্ট রিক রাউডেন জানান, ২০১৭ সাল পর্যন্ত বিশ্বের অন্যান্য দেশ তথ্য দিলেও বাংলাদেশ ২০১৬ ও ২০১৭ সালের কোনো তথ্য দেয়নি।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
এবার কলকাতার গুরুত্বপূর্ণ কয়েকটি খবর তুলে ধরছি।
করোনা এড়াতে হোলির উৎসবে ‘না’ মোদির, সতর্কতা বৃদ্ধিতে তৎপর স্বাস্থ্যমন্ত্রক-দৈনিক সংবাদ প্রতিদিন
করোনা ভাইরাসের (Coronavirus) চিন, জাপান, উত্তর কোরিয়ার পর করোনা আতঙ্কে জেরবার ভারত। স্বাস্থ্য বিশেষজ্ঞদের নির্দেশ মেনে হোলির (Holi) অনুষ্ঠানে যোগ না দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “করোনা সংক্রমণ থেকে বাঁচতে ভিড় এড়িয়ে চলতে হবে।
ভারতে করোনায় আক্রান্ত ১৬ জন ইতালীয়, আতঙ্ক ছড়াচ্ছে দেশ জুড়ে-দৈনিক আনন্দবাজারের এ খবরে লেখা হয়েছে, করোনাভাইরাসের আতঙ্ক ভারতেও রীতিমতো থাবা বসাতে শুরু করেছে। বুধবার করোনায় আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ২৮-এ। জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।
করোনার জেরে অর্থনীতি ডুবছে, মানুষ আতঙ্কে, আর আপনি মজা করছেন?’, মোদিকে তোপ রাহুলের-দৈনিক আজকাল
ভারত সহ বিশ্বজুড়ে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কর ছড়িয়েছে। আর এই সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় মজা করা বন্ধ করুন। প্রধানমন্ত্রী মোদিকে বেনজির আক্রমণ রাহুল গান্ধীর। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হেসইন লুং এর একটি ভিডিও পোস্ট করে কীভাবে করোনা ভাইরাসের মোকাবিলা করা যায়, মোদিকে সেই পরামর্শও দিয়েছেন রাহুল। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, আন্তর্জাতিক মহিলা দিবসে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি মহিলাদের হাতে তুলে দেবেন এবং সেখানে অনুপ্রেরণা জোগানো মহিলাদের গল্প থাকবে। সোমবার তিনি জানান, ‘সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়ার কথা ভাবছেন’। সেই ঘোষণাকে কেন্দ্র করে প্রতিক্রিয়ার বন্যা হয়ে যায়। করোনা ভাইরাসের আতঙ্ক গোটা দেশেই ছড়িয়েছে। সম্প্রতি দু’জন শরীরের এই মারণ ভাইরাসের অস্তিত্বও মিলেছে। মানুষের আতঙ্কের কোনও গুরুত্ব নেই প্রধানমন্ত্রীর কাছে। কীভাবে মোকাবিলা করা যায়, তা না ভেবে সোশ্যাল মিডিয়ায় মজা করছেন মোদি। টুইটে লিখেছেন রাহুল। আগে আরও টুইট লিখেছেন তিনি, ‘করোনা ভাইরাস আমাদের দেশের মানুষ ও অর্থনীতির পক্ষে গুরুতর। আমার মনে হচ্ছে, সরকার এই বিপদকে গুরুত্ব দিয়ে দেখছে না। সময় মতো ব্যবস্থা খুবই জরুরি।’
নির্ভয়া কাণ্ড: পবন গুপ্তার প্রাণভিক্ষার আরজি খারিজ করলেন রাষ্ট্রপতি-দৈনিক সংবাদ প্রতিদিন
সুবিচারের প্রতি আরও এক ধাপ। নির্ভয়া কাণ্ডে দোষী পবন গুপ্তার প্রাণভিক্ষার আরজি খারিজ করে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সোমবার সুপ্রিম কোর্টে তার রায় সংশোধনীর আরজি খারিজ হওয়ার পরই রাষ্ট্রপতির দ্বারস্থ হয় তার আইনজীবী। এই আরজির জন্যই ৩ মার্চ চার দোষীর ফাঁসি কার্যকর করা যায় নি।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৪