কথাবার্তা: বিশ্বে করোনা যুদ্ধ চলছে;হুঁশিয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার
-
পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৭ মার্চ শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- পাপিয়া সমাচার-অত্যাচারী উলকি বাহিনী, ভয়ে মুখ খুলত না কেউ-দৈনিক প্রথম আলো
- ৭ মার্চের ভাষণ যারা অস্বীকার কনেন , তারা স্বাধীনতাকেই অস্বীরকার করেন-কাদের-দৈনিক ইত্তেফাক
- করোনায় ইতালিতে মৃতের সংখ্যা প্রায় ২০০-দৈনিক মানবজমিন
- আজ ঐতিহাসিক ৭ মার্চ, বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা-দৈনিক ইত্তেফাক
- ৭ মার্চ উপলক্ষে প্রধানমন্ত্রী: জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়তে কাজ করছি-দৈনিক যুগান্তর
ভারতের শিরোনাম:
- ঝড়ের গতিতে ছড়াচ্ছে সংক্রমণ, যুদ্ধ চলছে, হুঁশিয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার।-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- ইয়েস ব্যাঙ্ক বাঁচাতে সাড়ে সাত হাজার কোটি টাকা ঋণ দেবে আরবিআই এবং এসবিআই-দৈনিক আজকাল
- জনসমক্ষে হেনস্তা! ঠিকানা ওছবিসহ সিএএ বিক্ষোভকারীদের নামে পোস্টার উত্তর প্রদেশে-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১) ইন্দিরা গান্ধী –বাজপেয়ির নামে সড়ক চায় ঘাতক দালাল নির্মূল কমিটি। এটি দৈনিক মানবজমিনের খবর। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
২)লেবানেনের আকাশসীমা লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ জানিয়েছে বৈরুত। এই অভিযোগ জানানোর ভবিষ্যত কি হতে পারে বলে আপনার মনে হয়?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর তুলে ধরছি।
আজ ঐতিহাসিক ৭ মার্চ, বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা-দৈনিক যুগান্তর/ইত্তেফাক/প্রথম আলো
ঐতিহাসিক ৭ মার্চ আজ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা গৌরবের এক অনন্য দিন। মুক্তিকামী বাঙালি জাতিকে মুক্তির বাণী শোনানোর দিন। ১৯৭১ সালের এ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমুদ্রে বাঙালি জাতিকে স্বাধীনতাযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছিলেন। বজ কণ্ঠে বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন, ‘... তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাক, কেউ কিছু বলবে না। গুলি চালালে আর ভালো হবে না। সাত কোটি মানুষকে আর দাবায়ে রাখতে পারবা না। বাঙালি মরতে শিখেছে, তাদের কেউ দাবাতে পারবে না। রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব।
এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।’ বঙ্গবন্ধুর এ তেজোদীপ্ত ভাষণে গর্জে ওঠে উত্তাল জনসমুদ্র। লাখ লাখ মানুষের গগণবিদারী স্লোগানের উদ্দামতায় বসন্তের মাতাল হাওয়ায় সেদিন পতপত করে উড়ে বাংলাদেশের মানচিত্র খচিত লাল-সবুজ পতাকা।
দৈনিক যুগান্তরের খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রূপকল্প ২০২১ ও ২০৪১ এবং ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নের মাধ্যমে সরকার জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। গত ১১ বছরে আমরা দেশের প্রতিটি খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করেছি।
ইতিমধ্যে আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশ আজ আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে দেয়া বাণীতে তিনি এ কথা বলেন। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে ৭ মার্চ এক অবিস্মরণীয় দিন।
করোনাভাইরাস সম্পর্কিত বিভিন্ন খবর:
করোনায় ইতালিতে মৃতের সংখ্যা প্রায় ২০০-দৈনিক মানবজমিন।
নতুন করোনা ভাইরাস সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে ইতালিতে। এরই মধ্যে সেখানে মৃতের সংখ্যা প্রায় ২০০। মাত্র ২৪ ঘন্টায় এ পর্যন্ত সেখানে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন। তাদের সংখ্যা ৪৯। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৪৬০০। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে প্রায় এক লাখে পৌঁছেছে।
ক্রেতাদের ক্ষোভ নিত্যপণ্যের দাম বাড়ছেই-দৈনিক মানবজমিনের একটি খবরের শিরোনাম। দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম করা হয়েছে এরকম যে, দাম বাড়ানোর পর বিদ্যুতে লোকসান ভর্তুকি কেন?
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
ভার এবং বাংলাদেশসহ বিশ্ব মিডিয়ার প্রধান খবর হচ্ছে মারণ ভাইরাস করোনা। এ সম্পর্কে দৈনিক আনন্দবাজার পত্রিকার লিড শিরোনাম হচ্ছে, ঝড়ের গতিতে ছড়াচ্ছে সংক্রমণ, যুদ্ধ চলছে, হুঁশিয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার।
এ খবরে লেখা হয়েছে,আক্রান্তের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে গেল। মৃত প্রায় সাড়ে তিন হাজার। করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি এমনটাই। ‘মহড়া নয়, যুদ্ধই চলছে’, এই কথা জানিয়ে বিভিন্ন দেশের সরকারকে হুঁশিয়ারি দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ডিরেক্টর টেডরস অ্যাডানম গেব্রিয়াস।
দেশগুলির উদ্দেশে গেব্রিয়াস বলেছেন, ‘‘এটা কোনও মহড়া চলছে না। তবে আমরা কেউই আশা ছাড়তে পারি না। কোনও অজুহাতও চলবে না। এই ধরনের পরিস্থিতির জন্য বিশ্বের সব দেশই বহু দিন ধরে প্রস্তুতি নিয়েছে। এখন সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করার সময় এসেছে। এক সঙ্গে সব ক’টি দেশ নিজেদের মধ্যে সমন্বয় রেখে চেষ্টা করলে অবশ্যই এই মারাত্মক ভাইরাসকে আমরা আটকাতে পারব। বিশ্বের অন্তত ৯০টি দেশে পৌঁছে গিয়েছে কোভিড-১৯। ধস শেয়ার বাজারে।
শুক্রবার রাত পর্যন্ত বিশ্বে ৯০টি দেশে ১ লক্ষ ৬৮০ জন মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ডব্লিউএইচও। বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৩,৪৫৬ জনের। চিন ছাড়া পরিস্থিতি সব চেয়ে জটিল ইরান, ইটালি আর দক্ষিণ কোরিয়ায়। ভ্যাটিকান সিটিতে এই প্রথম করোনা-আক্রান্তের খোঁজ মিলেছে বলে এক বিবৃতিতে দাবি।
অস্ট্রেলিয়ারই এক গবেষণা সংস্থা আজ এক রিপোর্টে দাবি করেছে, এই ভয়াবহ ভাইরাসের আক্রমণে সারা বিশ্বের দেড় কোটি মানুষের মৃত্যু হতে পারে।
তবে চিনের ছবিটা কিন্তু ধীরে ধীরে পাল্টাচ্ছে। কমেছে মৃত্যু। গোটা ঘটনার কেন্দ্রে থাকা হুবেই প্রদেশের বিভিন্ন শহর গত জানুয়ারি থেকে তালাবন্দি। কিন্তু খুব শীঘ্রই গোটা প্রদেশের উপর থেকেই চিন সরকার কোয়ারেন্টাইন তুলে নিতে পারে বলে জানা গিয়েছে।
করোনাভাইরাস সম্পর্কিত অনান্য খবর:জম্মু –কাশ্মিরে ২ জনের শরিরে করোনা থাকার সম্ভাবনা। দেশে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এটি আজকালে পরিবেশিত হয়েছে।সংবাদ প্রতিদিনের খবর-করোনা মোকাবেলায় মাঠে নামল সেনা; কোলকাতায় তৈরি হবে কোয়ারেন্টাইন সেন্টার।দৈনিকটির অন্য একটি খবর- আতঙ্কের মাঝেও স্বস্তি, করোনার কবল থেকে বেঁচে ফিরলেন ৫৬ হাজার মানুষ।
ইয়েস ব্যাঙ্ককে বাঁচাতে সাড়ে সাত হাজার কোটি টাকা ঋণ দবে আরবিআই এবং এসবিআই-এ শিরোনামে খবরে দৈনিক আজকাল লিখেছে,
ইয়েস ব্যাঙ্ককে বাঁচাতে এবার আসরে নেমেছে আরবিআই এবং এসবিআই। দুই ব্যাঙ্কই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চেয়েছে বেসরকারি এই ব্যাঙ্ককে বাঁচাতে। জানা গিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ইয়েস ব্যাঙ্ককে পাঁচ হাজার কোটি টাকারও বেশি অর্থ দিয়ে সাহায্য করবে। তেমনই এসবিআই ঋণ দেবে আড়াই হাজার কোটি টাকা। ইতিমধ্যে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস গ্রাহকদের আশ্বস্ত করেছেন।
এদিকে, টাকা নয়ছয়ের অভিযোগে নোটিস জারি হয়েছে ইয়েস ব্যাঙ্কের কর্নধার রানা কাপুরের নামে লুকআউট নোটিস জারি করা হয়েছে। তাঁর বিদেশভ্রমণের উপরেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। ইতিমধ্যে তদন্তেও নেমেছে ইডি।
রবীন্দ্রভারতীতে বসন্তোৎসব বন্ধ; দায় নিয়ে ইস্তফা উপাচার্যের- এ শিরোনাম দৈনিক সংবাদ প্রতিদিনের। এ খবরে লেখা হয়েছে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বসন্তোৎসবে হওয়া বিতর্কিত ঘটনার দায় নিয়ে পদত্যাগ করলেন উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরি। শুক্রবার রাতে নিজের ইস্তফাপত্র তিনি রাজ্যপাল জগদীপ ধনকড় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পাঠান। যদিও শিক্ষামন্ত্রী জানিয়েছেন, তিনি উপাচার্যের পদত্যাগপত্র ফিরিয়ে দেবেন। এদিকে উপাচার্যের পদত্যাগের বিরোধীতা করেছে সেখানকার শিক্ষার্থীরা।
রবীন্দ্রভারতীর বসন্তোৎসব যথেষ্ট বিখ্যাত। প্রায় মাসখানেক আগে থেকেই শুরু হয়ে প্রবেশপত্র বিলির কাজ। কারণ, ওই একটিমাত্র দিনই বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকতে দেওয়া হয় প্রায় সকলকেই। তাই বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বসন্তোৎসবে শামিল হন। বৃহস্পতিবারও ওই নিয়মের অন্যথা হয়নি। তবে ঐতিহ্যমণ্ডিত অনুষ্ঠানকে কেন্দ্র করেই উঠেছে বিতর্কের ঝড়। বসন্তোৎসবের বেশ কয়েকটি ছবি এবং ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে সমালোচনায় সরব বিভিন্ন মহল। কারণ, ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা গিয়েছে বেশ কয়েকজন তরুণ-তরুণীর পিঠে, বুকে লেখা রয়েছে গালিগালাজ। এমনকী, ভিডিওয় দেখা গিয়েছে অশ্লীল রবীন্দ্রসংগীতের তালে তালে নাচছে অনেকেই।
ওই ছবি নিয়ে নেটদুনিয়ায় শোরগোল পড়ার পরই নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ছাত্র সংসদের সদস্যরা। সিঁথি থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ভাইরাল হওয়া ওই ছবিতে যাদের দেখা গিয়েছে তারা বহিরাগত। হুগলি, চন্দননগর, চুঁচুড়ার বিভিন্ন কলেজ থেকে বসন্তোৎসবে যোগ দিতে এসেছিল তারা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জড়িত না থাকলে কি শুধুমাত্র বহিরাগতদের পক্ষে উচ্ছৃঙ্খল আচরণ করা সম্ভব? উঠছে প্রশ্ন।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৭