কথাবার্তা: বাংলাদেশে করোনা আক্রান্ত ৩- ডা. ফ্লোরা, মোকাবেলায় সক্ষমতা আছে-প্রধানমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৮ মার্চ রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- জি কে শামীমকে দেওয়া জামিন বাতিল-দৈনিক ইত্তেফাক
- ধর্ষক পশুর চেয়েও নিকৃষ্ট: প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
- মোদির আসা নিয়ে অরাজকতা হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রীদৈনিক প্রথম আলো
- করোনায় ইতালিতে মৃতের সংখ্যা ২০০ জনে পৌঁছেছে। -দৈনিক মানবজমিন
- ১ কোটি ৬০ লাখ নাগরিককে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ ইতালি প্রধানমন্ত্রীর-বাংলাদেশ প্রতিদিন
- করোনা মোকাবিলায় সক্ষমতা আছে, ঘাবড়ানোর কিছু নেই: প্রধানমন্ত্রী-দৈনিক সমকাল/দৈনিক প্রথম আলো
ভারতের শিরোনাম:
- কেরলে করোনায় আক্রান্ত একই পরিবারের পাঁচ জন, দেশে আক্রান্ত বেড়ে ৩৯-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- আর্থিক জালিয়াতির জের, দীর্ঘক্ষণ জেরার পর গ্রেপ্তার ইয়েস ব্যাংকের প্রতিষ্ঠাতা-দৈনিক সংবাদ প্রতিদিন
- আন্তর্জাতিক নারী দিবসে ‘নারী শক্তি পুরস্কার’ পেলেন সাহসিনীরা, শুভেচ্ছা রাষ্ট্রপতির-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব। বাংলাদেশ ভারতসহ বিশ্ব মিডিয়ায় করোনাভাইরাসের আপডেট খবর বিশেষ গুরুত্বসহ পরিবেশিত হয়েছে। করোনা সম্পর্কিত কিছু খবর তুলে ধরছি। দৈনিক বাংলাদেশ প্রতিদিন লিখেছে, ১ কোটি ৬০ লাখ নাগরিককে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ ইতালি প্রধানমন্ত্রী।
দৈনিক সমকালের খবর-করোনা মোকাবিলায় সক্ষমতা আছে, ঘাবড়ানোর কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে সারাবাংলা'র প্রধান খবরে লেখা হয়েছে,ইতালি থেকে দেশে আসা ২ জন, দেশে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত। এখবরে লেখা হয়েছে, ইতালি থেকে দেশে আসা দুই বাংলাদেশির শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এছাড়া তাদের সংস্পর্শে আসা আরও একজন এই ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। রোববার (৮ মার্চ) বিকেল ৪টার দিকে আইইডিসিআরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
ডা. ফ্লোরা জানান, করোনাভাইরাসে আক্রান্ত হওয়া তিন জনের বাইরে আরও তিন জনকে কোয়ারেনটাইন করে রাখা হয়েছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। আক্রান্ত ও কোয়ারেনটাইনে রাখা ব্যক্তিদের সম্পূর্ণ আলাদা করে রাখা হয়েছে।
দৈনিকটি আরও লিখেছে, করোনায় ইতালিতে মৃতের সংখ্যা প্রায় ২০০ জনে পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে প্রায় এক লাখে পৌঁছেছে। এ অবস্থায় সংস্থাটির মহাপরিচালক করোনা ভাইরাস নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
আমিরাত, কুয়েত, বাহরাইন থেকে সৌদি প্রবেশে অস্থায়ী নিষেধাজ্ঞা, অন্যদের জন্য কঠোর নীতি শিরোনামে মানবজমিন লিখেছে, বিশ্বজুড়ে করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক। যুক্তরাষ্ট্র, বৃটেন, অস্ট্রেলিয়া, চীনসহ বড় বড় অর্থনীতির দেশগুলো পর্যন্ত এই আতঙ্কে কাঁপছে। তাই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে সৌদি আরবও।
এদিকে, করোনা আতঙ্কের মধ্যেই ভারতে বার্ড ফ্লু'র হানার খবরটি এই সময়ের বরাত দিয়ে বাংলাদেশ প্রতিদিন জানিয়েছে।
ধর্ষক পশুর চেয়েও নিকৃষ্ট: প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্ষণ, নারী নিপীড়ন এখন বিশ্বব্যাপী সমস্যা। যারা নারীদের ওপর পাশবিক নির্যাতন করে, তারা পশুর চেয়েও অধম। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। ধর্ষণ রোধে পুরুষদেরও সোচ্চার হতে হবে, পাশাপাশি সমাজকে এগিয়ে আসতে হবে। রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নারীরা সচেতন হয়েছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগে নারীরা নির্যাতনের শিকার হলে তা লোকলজ্জার ভয়ে বলার সাহস পেত না। মামলা করতে চাইত না। আমরা এ পরিস্থিতি থেকে নারীদের বের করে আনার পদক্ষেপ নিয়েছি। দোষীদের যথাযথ শাস্তি দেয়ার ব্যবস্থা করেছি। যার কারণে নারীরা এখন নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সাহস করছে, মামলা করছে।
দৈনিক মানবজমিনের মত মতান্তরে ব্যাংকার ও প্রাবন্ধিক মো. সাইফুল ইসলাম মাসুম লিখেছেন, গণপরিবহন নারীর জন্য যেন এক বিষ ফোঁড়া।
এ নিবন্ধে তিনি লিখেছেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গামী ছাত্রীরা কিংবা কর্মজীবি নারীরা স্ব স্ব কর্মক্ষেত্রে যাওয়ার জন্য যেসব গণপরিবহন ব্যবহার করেন তা তাদের জন্য বিষ ফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। বাস্তব অভিজ্ঞতা ও চোখে দেখা অসহ্য ভোগান্তি দেখে তাই-ই মনে হয়েছে।
নারী জীবনের অসহায়ত্ব! আমারও বোন আছে, ইউনিভার্সিটিতে পড়ে। ব্যাংকে চাকরি করে। পাবলিক বাসে চড়ে ভার্সিটিতে যায়, কর্মস্থলে যায়। বাঙালী সমাজে কি অদ্ভুত এক বাজে ব্যাপার-গণপরিবহনে নারীর হয়রানি।
বাংলাদেশের গণপরিবহন খাতকে বলা হয় একটি সেবামূলক খাত। কিন্তু আসলেই কি তা? নানা কারণে এখন আর গণপরিবহন সেবামূলক খাত হিসেবে নেই। এখন তা পরিণত হয়েছে গণভোগান্তি হিসেবে, বিশেষ করে নারীদের জন্য।ন্ত্রতিদিন সকালে উঠে বিভিন্ন বাস স্টপেজের সামনে দাঁড়ালে যেসব ভয়াবহ ও বিভৎস চিত্র দেখতে পাই, তা নিঃসন্দেহে ভীতিকর।
আমাদের অজ্ঞ ও নির্বোধ চিন্তার মানসিকতা, আমাদের সেকেলে ও ঘুমন্ত সমাজ ব্যবস্থা, জনগণের অসচেতনতা, নারীর প্রতি অবহেলা, আইনের শৈথিল্য, অসামঞ্জস্যপূর্ণ রাষ্ট্রনীতি, পূরুষযাত্রীদের স্বৈরাচারী মনোভাব, নারীর প্রতি ত্যাগ, শ্রদ্ধাশীলতার অভাব, গণপরিবহনে নারীদের ভোগান্তি ও লাঞ্ছনার জন্য প্রধানতঃ দায়ী।
একটি স্কুলছাত্রী থেকে শুরু করে মধ্যবয়স্ক কর্মজীবি নারী পর্যন্ত কেউই যেন নিরাপদ নয়। বাসযাত্রী থেকে ড্রাইভার, কনট্রাক্টর, হেলপার পর্যন্ত প্রতিটি পুরুষই যেন নারীর প্রতি নন-কোঅপারেটিভ। পুরুষদের ভূমিকা যেন হায়েনার মত।
নারীদের ওপর একের পর এক যৌন নিপীড়ন চলছেই। এত এত ঘটনা প্রতিদিন এই দেশে ঘটে যাচ্ছে তার যৎসামান্যই প্রকাশ পাচ্ছে। প্রতিদিন আমরা যা দেখি তার এক-দশমাংশও প্রকাশ পায় না।
গণপরিবহনে নারীদের এই ভোগান্তির জন্য আমরা সকলেই কোন না কোনভাবে দায়ী। বাসের চালক, কনট্রাক্টর ও হেলপাররা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিপীড়ন করছে সব সময়ই, মোটামুটি সব গণপরিবহনেই। আর সেই সাথে একই বাসের ভেতর যাত্রীবেশে আমরা ভদ্রতার মুখোশধারী অসভ্য পুরুষরাও করছি অদৃশ্য হয়রানি।
আমরা নিজেরাই নিজ নিজ অঙ্গণে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারি।‘আমার সামনে অন্তত কোনও নারীর মযার্দাহানি হতে দেবো না। আমার চোখের সামনে কোনও নারীকে লাঞ্ছিত হতে দেবো না, আর যেনো কোনও নারী পাবলিক বাসে লাঞ্ছিত না হয়। আমাদের সামনে যেন কোনও নারী বাসে দাঁড়িয়ে না থাকে। কোনও নারীর সাথে কোন পুরুষ যেন গা ঘেঁষে না দাঁড়ায়– এই প্রতিজ্ঞায় মুষ্ঠিবদ্ধ হই।
আজ ৮ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। এই দিনে আমাদের অঙ্গীকার হোক ‘নারীরা নিরাপদে ঘরে ফিরবে, নারীরা নিরাপদে বাইরে যাবে, নারীদের জন্য চাই নিরাপদ বাসভূমি, গণপরিবহন হোক নিরাপদ ও নিপীড়নমুক্ত।’
জি কে শামীমকে দেওয়া জামিন বাতিল-দৈনিক ইত্তেফাক
অস্ত্র আইনের মামলায় জি কে শামীমকে ছয় মাসের যে জামিন দেওয়া হয়েছিলো তা বাতিল করেছে আদালত। রবিবার দুপুরে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ৪ ও ৬ ফেব্রুয়ারি মাদক এবং অস্ত্র মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেফতার প্রভাবশালী ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম। এক মাস আগে দুইটি মামলায় জামিন পেলেও এ বিষয়ে কিছুই জানতো না রাষ্ট্রপক্ষ। আর দৈনিক যুগান্তরের খবরে লেখা হয়েছে, কোন প্রক্রিয়ায় টেন্ডার কিং গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমের ছয় মাস জামিন দেয়া হয়েছিল তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি রাষ্ট্রপক্ষের অনুপস্থিতিতে জিকে শামীমের জামিন হয়ে যাওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডুয়িং বিজনেস শীর্ষক এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
দৈনিক যুগান্তরের রাজনৈতিক দুটি খবর তুলে ধরছি।
জীবিত খালেদা জিয়াকে বের করা নিয়ে শঙ্কায় স্বজনরা-এ শিরোনামের খবরে দৈনিকটি লিখেছে, দীর্ঘদিন ধরে কারাহেফাজতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন তার স্বজনরা। জীবিত অবস্থায় তাকে হাসপাতাল থেকে বের করা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। এদিকে, খালেদা জিয়াকে কারান্তরীণ রেখে বাংলাদেশে কোনো ‘বর্ষ’ পালন সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিদ্রোহীদের নিয়ে এত আলোচনার কিছু নেই: কাদের-যুগান্তরের শিরোনামের খবরে লেখা হয়েছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের নিয়ে এত আলোচনা কিংবা উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মোদির আসা নিয়ে অরাজকতা হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক প্রথম আলো
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ এক অনুষ্ঠানে বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে কোনো গোষ্ঠী অরাজক পরিস্থিতি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত আমাদের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধুদেশ। সেই দেশের প্রধানমন্ত্রী হিসেবে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদি। তিনি ছাড়াও আমাদের অন্য বন্ধুদেশের সরকারপ্রধানেরাও উপস্থিত থাকবেন। বিদেশি অতিথিদের উপস্থিতিতে দেশের কোনো গোষ্ঠী যদি অহেতুক ঝামেলা সৃষ্টি করতে চায়, তাদের রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে।’
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
কেরলে করোনায় আক্রান্ত একই পরিবারের পাঁচ জন, দেশে আক্রান্ত বেড়ে ৩৯-দৈনিক আনন্দবাজার
কেরলে একই পরিবারের পাঁচ সদস্যের শরীরে ধরা পড়ল করোনাভাইরাস। ফলে এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৯।
কেরল রাজ্য প্রশাসন সূত্রে খবর, ভাইরাসে আক্রান্ত ওই পরিবারের তিন সদস্য সম্প্রতি ইতালিতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন তাঁরা। তখনই কয়েকটি উপসর্গ লক্ষ্য করতেই ওই আত্মীয়রা হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেন। তার পরই আক্রান্ত পরিবারের সদস্যদের আইসোলেশন সেন্টারে পাঠানোর ব্যবস্থা করা হয়।
আর্থিক জালিয়াতির জের, দীর্ঘক্ষণ জেরার পর গ্রেপ্তার ইয়েস ব্যাংকের প্রতিষ্ঠাতা-দৈনিক সংবাদ প্রতিদিন//ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা রাণা কপূর গ্রেফতার, ডেবিট কার্ডে এটিএম থেকে টাকা তোলা যাবে, জানাল ব্যাঙ্ক-দৈনিক আনন্দবাজার
এ খবরে লেখা হয়েছে, দীর্ঘ জেরার পর ইয়েস ব্যাংকের প্রতিষ্ঠাতা রাণা কাপুরকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। এমনকী বেনিয়ম করে একটি নির্মাণ সংস্থাকে ঋণ পাইয়ে দেওয়ার বদলে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। আর তাই রাণা কাপুরের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির মামলা (Prevention of Money Laundering Act অথবা PMLA) দায়ের করে ইডি।
এদিকে দেউলিয়া হওয়ার পথে ইয়েস ব্যাংক। ফলস্বরূপ ব্যাংক থেকে টাকা তোলার ঊর্ধসীমা বেঁধে দিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। বলা হয়েছিল, আগামী ৩ এপ্রিল পর্যন্ত কেবলমাত্র চেকের মাধ্যমে কোনও গ্রাহক ব্যাংক থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা তুলতে পারবেন। শনিবার মধ্যরাত থেকে সেই নিয়ন্ত্রণ শিথিল করা হয়েছে। ইয়েস ব্যাংকের তরফে করা টুইটে জানানো হয়েছে, রবিবার থেকে ডেবিট কার্ডের মাধ্যমে ATM থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকরা। তবে টাকা তোলার ঊর্ধসীমা বাড়ানো হয়নি। ফলে অনলাইন লেনদেন ও কারেন্ট অ্যাকাউন্টের গ্রাহকরা ব্যাপক সমস্যায় পড়েছেন।
সিএএ-প্রতিবাদীদের নাম ঠিকানা দিয়ে লখনউয়ে হোর্ডিং! হাইকোর্টের ভর্ৎসনার মুখে যোগী সরকার-দৈনিক আনন্দবাজার পত্রিকা
লখনউয়ের রাস্তার মোড়ে মোড়ে বিশাল বিশাল হোর্ডিং। তাতে নাম, ঠিকানা-সহ ৫৩ জনের ছবি। যোগী আদিত্যনাথের প্রশাসনের মতে, এঁরা সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-বিরোধী প্রতিবাদে অংশ নিয়েছিলেন। তাই তাঁদের ছবি জনসমক্ষে টাঙানো হয়েছে। কিন্তু এমন ঘটনায় সমালোচনায় সরব সমাজকর্মী থেকে রাজনীতিবিদ সবাই। কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী যোগী আদিত্যনাথ সরকারের তীব্র সমালোচনা করেছেন। মামলা গড়িয়েছে আদালতেও। সরকারকে ভর্ৎসনার পাশাপাশি এই ঘটনাকে ‘অত্যন্ত অন্যায়’ বলে মন্তব্য করেছেন এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি গোবিন্দ মাথুর।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮