কথাবার্তা:করোনা শনাক্তের পর মোদির বাংলাদেশ সফর স্থগিত
-
পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৯ মার্চ সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- করোনা রোগী শনাক্তের পর মোদির বাংলাদেশ সফর স্থগিত-দৈনিক ইত্তেফাক
- শিশু সামিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে ধর্ষক হারুনের ফাঁসি -দৈনিক যুগান্তর
- মৃত সামাদ সরকারি কার্যালয়ে ঘুরে ঘুরে বলছেন, আমাকে জীবিত দেখান-দৈনিক প্রথম আলো
- করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ হলে বাংলাদেশের ৩০০ কোটি ডলার ক্ষতির শঙ্কা-এডিবি-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- দেশে আক্রান্ত বেড়ে ৪৩, এ বার কেরলে ৩ বছরের শিশুর দেহে মিলল ভাইরাস-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- মমতাকে সরিয়ে ২০২১ সালেই দখল করব ক্ষমতা’, হুঙ্কার বিজেপি নেতা রাম মাধবের-দৈনিক সংবাদ প্রতিদিন
- মোদি সরকারের চাকরির পোর্টালে এক কোটিরও বেশি আবেদন-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
করোনাভাইরাস সম্পর্কিত খবরই বিশেষ গুরুত্বসহ পরিবেশিত হয়েছে বাংলাদেশ ভারতসহসহ বিশ্বমিডিয়ায়।
এ সম্পর্কে দৈনিক যুগান্তরের খবর হচ্ছে-৬ দেশ থেকে আসা যাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতেই হবে। এখবরে লেখা হয়েছে, দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় অতিরিক্ত সতর্কতা গ্রহণ করেছে প্রশাসন। বিদেশফেরত যাত্রীদের বিমানবন্দরে স্ক্রিনিংয়ের পাশাপাশি কোয়ারেন্টাইনে থাকারও ব্যবস্থা করা হচ্ছে। ছয় দেশ থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে।দেশগুলো হচ্ছে- চীন, ইতালি, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইরান ও থাইল্যান্ড।উল্লেখ্য, প্রথমবারের মতো বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সরকার ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
করোনা সম্পর্কিত অন্যান্য খবর-করোনা আতঙ্ক নিয়ে বিকেলে জরুরি বৈঠক করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন জমা দেয়া হয়েছে হাইকোর্টে। ইতালিতে ২৪ ঘন্টায় মারা গেছে ১২২ জন। দেশটির সেনাপ্রধান করোনায় আক্রান্ত হয়েছেন। মানবজমিন লিখেছে, ফ্রান্সে করোনায় মৃতের সংখ্যা ১৯ ।সেখানে সংসদ সদস্যসহ ১১২৬ জন আক্রান্ত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে পৌঁছেছে।আক্রান্ত ৫৬৪ জন।সৌদি আরবে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। মানবজমিন লিখেছে, করোনা পিিিরিস্থি সবচেয়ে খারাপ হলে বাংলাদেশের ৩০০ কোটি ডলার ক্ষতির শঙ্কা প্রকাশ করেছে এডিবি। করোনার ফলোআপ খবরের শেষ শিরোনামটি এরকম-এই মরণব্যাধি কি মানবতার বিলোপ ঘটাবে? এটি দৈনিক যুগান্তরের শিরোনাম।
করোনা রোগী শনাক্তের পর মোদির বাংলাদেশ সফর স্থগিত-দৈনিক ইত্তেফাক
বিস্তারিত খবরে লেখা হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসছেন না। বাংলাদেশে করোনা রোগী শনাক্তের কারণে নরেন্দ্র মোদির সফর স্থগিত করা হয়েছে।
গত রাতে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রেস ব্রিফিংয়ের সময় ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী এই তথ্য জানিয়েছেন। কমিটির প্রধান সমন্বয়ক বলেন, অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশে করোনায় আক্রান্ত তিনজনকে শনাক্ত করার পর অনুষ্ঠানসূচি পরিবর্তন আনা হয়েছে।এদিকে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন ও দিল্লির সহিংসতা নিয়ে বাংলাদেশে হেফাজতে ইসলাম ও জামায়েতে উলামা ই ইসলামের কর্মীরা মোদির সফরের প্রতিবাদ জানিয়ে ঢাকার রাস্তায় নামে। বিক্ষোভকারীরা মোদির বাংলাদেশ সফর বাতিলের দাবি জানায়।
মৃত সামাদ সরকারি কার্যালয়ে ঘুরে ঘুরে বলছেন, আমাকে জীবিত দেখান-দৈনিক প্রথম আলো
এ প্রতিবেদনে লেখা হয়েছে,নাটরের বগাতিপড়া উপজেলার লক্ষণহাটি গ্রামের আবদুর সামাদ জীবিত থেকেও গত ৫ বছর ধরে সরকারি কাগজপত্রে মৃত ব্যক্তি হিসেবে চিহ্নিত আছেন। একারণে তিনি ভোটাকিার প্রয়োগসহ সব ধরনের নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। সংশ্লিষ্ট কার্যালয়ে বিষয়টি বারবার জানিয়েও সমাধান পাচ্ছেন না।তার জন্ম ১৯৭০ সালের১২ ফেব্রুয়ারি।২০০৮ সালে নাগরিক পরিচয়পত্র পান তিনি।২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচনের ভোট দিতে গেলে নির্বাচন কর্মকর্তা জানান তিনি ভোট দিতে পারবেন না কারণ কাগজপত্রে তিনি মৃত হিসেবে লিপিবদ্ধ। এরপর আবদুস সমাদ উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে কাগজপত্র সংশোধন করে তাকে জীবিত দেখানোর আবেদন করেন। খুব শিগগিরি তা করে দেয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। কিন্তু বছরের পর বছর গড়ালেও তিনি সরকারি কাগজপত্রে জীবিত হতে পারেন নি।
শিশু সায়মাকে ধর্ষণ ও হত্যার দায়ে ধর্ষক হারুনের ফাঁসি-দৈনিক যুগান্তর/মানবজমিন
রাজধানীর ওয়ারীর বনগ্রামে ৬ বছরের শিশু সামিয়া আরফিন সায়মাকে ধর্ষণের পর হত্যার দায়ে হারুন-অর-রশীদের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। ঢাকার এক নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কাজী আবদুল হান্নান সোমবার এ রায় দেন। হারুন ছিলেন এ মামলার একমাত্র আসামি। এর আগে বৃহস্পতিবার মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়। ওই দিন বিচারক কাজী আবদুল হান্নান রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন। ওইদিন শিশু সায়মার বাবা আবদুস সালাম আসামির দৃষ্টান্তমূলক সাজা দাবি করেছিলেন। গত বছরের ৫ জুলাইয়ে করুণ ঐ ঘটনাটি ঘটে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি।
করোনা সম্পর্কে আনন্দবাজারের কয়েকটি শিরোনাম তুলে ধরছি। ভারতে আক্রান্ত বেড়ে ৪৩, এ বার কেরলে ৩ বছরের শিশুর দেহে মিলল ভাইরাস
এখবরে লেখা হয়েছে, কেরলে এ বার তিন বছরের শিশুর শরীরে ধরা পড়ল করোনাভাইরাস। মা-বাবার সঙ্গে গত ৭ মার্চ ইতালি থেকে দুবাই হয়ে দেশে ফিরেছিল শিশুটি। কোচি বিমানবন্দরে ডাক্তারি পরীক্ষায় তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। এই মুহূর্তে এর্নাকুলাম মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছে তার। সকালে জম্মু-কাশ্মীরে ৬৩ বছরের এক বৃদ্ধার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। তাতে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪৩-এ গিয়ে পৌঁছেছে।মারা গেছেন২ জন। দেশ জুড়ে এমন পরিস্থিতিতে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সমস্ত বন্দরে যাত্রিবাহী বিদেশি জাহাজের আনাগোনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।এদিকে করোনার জেরে এক ধাক্কায় ১৭০০ পয়েন্ট নামল সেনসেক্স।
মোদি সরকারের চাকরির পোর্টালে এক কোটিরও বেশি আবেদন-দৈনিক আজকাল
এ খবরে লেখা হয়েছে, মোদি সরকারের জব পোর্টালে চাকরির জন্য আবেদন এক কোটিরও বেশি বেকার মানুষের। ৬৭.৯৯ লক্ষ চাকরির তথ্য রয়েছে পোর্টালে। এর মধ্যে কতজন নথিবদ্ধ বেকার ওই চাকরি পেয়েছেন, সেই তথ্য সরকারি পোর্টালে নেই। ২০১৫ সালে মোদি সরকার বিশেষ উদ্যোগ নেয় চাকরির খোঁজে থাকা বেকার ও কর্মী–সন্ধানে থাকা সংস্থাগুলিকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার। এরপরই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক এই পোর্টালটি চালু করে। এই পোর্টালে কর্মহীনরা নিজেদের শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সম্পর্কিত তথ্য দিয়ে একটি প্রোফাইল তৈরি করেন। একই সঙ্গে, চাকরি সরবরাহকারী সংস্থাগুলিও এখানে নিজেদের বিবরণ নথিবদ্ধ করতে পারে। ২০১৫ সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত ওই পোর্টালটি দেখলে দেখা যাবে চাকরি প্রার্থীর তুলনায় কর্মসংস্থানের পরিস্থিতি সন্তোষজনক নয়। প্রথম বছর চাকরি দেওয়া কেবল ৫৫৯টি সংস্থা পোর্টালে রয়েছে। ধীরে ধীরে পোর্টালের খবর ছড়াতে শুরু করলে কর্মহীনের সংখ্যা আরও বাড়তে শুরু করে। ক্রমে পরিস্থিতি আরও খারাপ হয়। বর্তমানে এক কোটি চার লক্ষ ৫৪ হাজার ৮০৮ জন বেকার রয়েছেন সেখানে। যেখানে শূন্যপদ মাত্র ২৬ হাজার ৩০৮টি।
মমতাকে সরিয়ে ২০২১ সালেই দখল করব ক্ষমতা’, হুঙ্কার বিজেপি নেতা রাম মাধবের-দৈনিক সংবাদ প্রতিদিন
এ খবরে লেখা হয়েছে, তৃণমূল যতই বাড়াবাড়ি করুক ২০২১ সালেই তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে বলে হুঙ্কার দিলেন বিজেপি নেতা রাম মাধব। পরপর দুবার দেশের ক্ষমতায় আসার পাশাপাশি প্রায় সব রাজ্যেই সরকারে থেকেছে বিজেপি। কিন্তু, কোনওদিন দলের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে পারেনি। কিন্তু, আগামী বছর হতে চলে বিধানসভা নির্বাচনে তাদের সেই আশাপূরণ হবেই বলে দাবি করলেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাম মাধব। তিনি বলেন, ‘২০২১ সালেই পশ্চিমবঙ্গে সরকার গড়বে বিজেপি।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯