কথাবার্তা: বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৪০১৮ জনে পৌঁছেছে
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১০ মার্চ মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- শাহ আমানত বিমানবন্দরে বসছে থার্মাল স্ক্যানার-দৈনিক প্রথম আলো
- জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা-দৈনিক ইত্তেফাক
- ‘মুজিববর্ষের অনুষ্ঠান পুন:বিন্যাস নিয়ে রাজনীতির কিছু নেই’-দৈনিক মানবজমিন
- ৪ জন কোয়ারেন্টাইনে ৮ জন আইসোলেশনে-দৈনিক যুগান্তর
- করোনা নিয়ে সরকারের উদাসীনতা ক্ষমা করবে না জনগণ’ ফখরুল-বাংলাদেশ প্রতিদিন
- ১৭ মার্চ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী-দৈনিক সমকাল
ভারতের শিরোনাম:
- ‘চাণক্য’ অমিতের চালেই জ্যোতিরাদিত্য বিজেপিতে! জল্পনা রাজনৈতিক মহলে-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- কর্নাটকের পরিণাম রুখতে তৎপর সোনিয়া, দলবিরোধী কাজের জন্য জ্যোতিরাদিত্যকে বহিষ্কার-দৈনিক আজকাল
- ইরানে আটকে পড়া ৫৮ জন ভারতীয়কে নিয়ে দেশে ফিরল বায়ুসেনার বিমান-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
বিশ্বে এইমুহূর্তে করোনা যুদ্ধ চলছে। বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে এ করোনাভাইরাস। প্রতিদিন বাড়ছে মৃত এবং আক্রান্তের সংখ্যা। সেইসাথে চলছে করোনা প্রতিরোধ ও প্রতিকারের চেষ্টা। পৃথিবীর ১০০টির বেশি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। চীনসহ বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা ৪০১৮ জনে ও আক্রান্তের সংখ্যা এক লাখ ১৩ হাজার ৯ জনে পৌঁছেছে। সুস্থ হয়ে উঠেছেন ৬৪ হাজারের বেশি জন। করোনার প্রভাব পড়েছে অর্থনীতি, রাজনীতি, সভা-সমাবেশ, খেলাধুলা, শিক্ষা বলতে গেলে সবক্ষেত্রে। তবে এই রোগের কোনো প্রতিষেধক বা টিকা এখনও আবিষ্কৃত হয়নি। আর আজও বিশ্বজুড়ে প্রধান খবর হচ্ছে করোনা।
এ সম্পর্কে বাংলাদেশের দৈনিক যুগান্তরের খবর করোনাভাইরাস সন্দেহে বাংলাদেশের চারজনকে কোয়ারেন্টাইনে এবং আটজনকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর আক্রান্ত তিনজন শঙ্কামুক্ত। করোনার কারণে ভীড় এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবজমিনের খবর-করোনার কারণে বিএনপির আগামীকালের বিক্ষোভ স্থগিত করা হয়েছে। করোনার প্রভাব: ভিডিও লিঙ্কের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিতে পারেন মোদি। আগামী ১৭ই মার্চ করোনা ভাইরাস আতঙ্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ফলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের শিডিউল নতুন করে করা হবে। স্বল্পপরিসরে অনুষ্ঠান হতে পারে। ভিডিও লিঙ্কের মাধ্যমে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
করোনার প্রভাবে-প্রধানমন্ত্রীর জাপান সফর স্থগিত করা হয়েছে। করোনার প্রথম আঘাত শেয়ারবাজারে, ৯ বছরে সর্বোচ্চ পতন। দৈনিক বাংলাদেশ প্রতিদিন লিখেছে, করোনাভাইরাস প্রতিরোধের ব্যাপারে সরকার যথাযথ প্রস্তুতি, উদ্যোগ, প্রতিরোধ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেছেন, করোনা নিয়ে সরকারের উদাসীনতা ক্ষমা করবে না জনগণ
করোনা সম্পর্কিত অন্যান্য খবর-করোনাভাইরাসে আক্রান্ত ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী। যুক্তরাজ্যে করোনাভাইরাসে বাংলাদেশি বংশোদ্ভূত এক বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার তার মৃত্যু হয় এর মাধ্যমে করোনাভাইরাসে যুক্তরাজ্যে তৃতীয় কোনো ব্যক্তির মৃত্যু হলো।করোনা আতঙ্কে ইতালিতে সব ধরনের খেলা বন্ধ। সেখানে মারা গেছে ৪৫০ জন। আক্রান্ত ৯ হাজার।সেখানকার চার ভাগের এক ভাগ মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছেন।
ইত্তেফাকের খবর, প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত সাংবাদিকরা ইচ্ছাকৃতভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে ভাইরাসটির সংক্রমণ ঘটাতে চায়। আর এই শঙ্কায় আতঙ্কিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের এক কর্মীর বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা ডেইলি স্টার ।
জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা-দৈনিক ইত্তেফাক
রাষ্ট্রীয় সব অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান বাধ্যতামূলক ঘোষণা করলো হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন এ ঘোষণা দেন। রায়ে আদালত বলেছে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বস্তরের রাষ্ট্রীয় অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান বলতে ও দিতে হবে। আদালত আরো বলেছে, আগামীতে যেসব জাতীয় দিবস আছে, প্রতিটি দিবসে রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাষ্ট্রের শীর্ষপর্যায় থেকে শুরু করে সর্বস্তরের প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে ভাষণ বা বক্তব্যের শুরু ও শেষে জয় বাংলা স্লোগান দিতে হবে। ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা চেয়ে ২০১৭ সালে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদ।
পদ্মা সেতুর ৮৭ শতাংশ কাজ শেষ, গাড়ি চলবে ২০২১-এ-দৈনিক যুগান্তর
দ্রুতগতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ। ইতোমধ্যে সেতুর প্রায় ৮৭ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী বছরের মধ্যে সবকটি স্প্যান বসিয়ে সেতুটি দৃশ্যমান করে যানবাহন চলাচলের উপযোগী করা হবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার পদ্মা সেতুর ২৬তম স্প্যান বসানোর মধ্য দিয়ে ৩ হাজার ৯০০ মিটার দৃশ্যমান হয়েছে।সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আ. কাদের বলেন, মঙ্গলবার পদ্মা সেতুর ২৬তম স্পেনটি বসানো হলো। ইতোমধ্যে সেতুর প্রায় ৮৭ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী বছরের মধ্যে সবকটি স্প্যান বসিয়ে সেতুটি দৃশ্যমান করে তুলব বলে আশা করছি। আশা করি পদ্মা সেতু ২০২১ সালের মধ্যে যানবাহন চলাচলের উপযোগী হবে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
করোনা নিয়ে ভারতের দৈনিকগুলোতে লেখা হয়েছে, ইরানে আটকে পড়া ৫৮ জন ভারতীয়কে নিয়ে দেশে ফিরল বায়ুসেনার বিমান। দৈনিক আনন্দবাজারের এখবরে লেখা হয়েছে, করোনা ভাইরাসের হামলায় ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। চিনের পর এই মারণ রোগ সবচেয়ে বেশি আঘাত হেনেছে ইটালি ও ইরানে। ফলে তেহরান-সহ ইরানের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন বহু ভারতীয়। মঙ্গলবার ইরানে আটকে পড়া ভারতীয়দের মধ্যে ৫৮ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
‘চাণক্য’ অমিতের চালেই জ্যোতিরাদিত্য বিজেপিতে! জল্পনা রাজনৈতিক মহলে-দৈনিক আনন্দবাজার
মধ্যপ্রদেশে কমলনাথের সরকারকে রাতারাতি খাদের কিনারায় এনে ফেলার ছক শুরু হয়েছিল নিঃশব্দেই। এতটা নিভৃতে যে, রাজ্য বিজেপির প্রথম সারির নেতারাও তা টের পাননি। জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে বিজেপি শিবিরে আনার কৌশল রচনার পিছনেও শোনা যাচ্ছে অমিত শাহের নাম। দলীয় নেতাদের বিদ্রোহে মধ্যপ্রদেশে কমলনাথ সরকার যখন পতনের মুখে, ঠিক সেইসময় রাজনীতির অলিন্দে এমন জল্পনাই ঘোরাফেরা করছে।
কর্নাটকের পরিণাম রুখতে তৎপর সোনিয়া, দলবিরোধী কাজের জন্য জ্যোতিরাদিত্যকে বহিষ্কার-দৈনিক আজকাল
দলবিরোধী কাজের জন্য মঙ্গলবার সকালেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে বহিষ্কার করল কংগ্রেস। কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী তাতে সম্মতিও দিয়েছেন। বিবৃতি দিয়ে এখবর জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। মধ্য প্রদেশে কর্নাটকের মতো পরিস্থিতি হতে না দিতে আপ্রাণ চেষ্টা করছে কংগ্রেস। যেনতেন প্রকারেণ কমল নাথের সরকার বাঁচানোর লক্ষ্যে এদিন সকালে ১০ জনপথ রোডে তাঁর বাড়িতে বেণুগোপালের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা সারেন সোনিয়া।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১০