মার্চ ১২, ২০২০ ১২:৪৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১২ মার্চ বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • করোনাভাইরাস: ভৈরবে আরও ৯ জন ‘হোম কোয়ারেন্টাইনে’-প্রথম আলো
  • করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারি: ডব্লিউএইচও-দৈনিক সমকাল
  • উন্মুক্ত হলো যাত্রাবাড়ী-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে-দৈনিক ইত্তেফাক
  • নড়াইলের মামলায় খালেদাকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট-বাংলাদেশ প্রতিদিন
  • অবাধ ও মুক্ত নির্বাচন দেখা যায়নি, মত প্রকাশের স্বাধীনতায় সীমাবদ্ধতা-দৈনিক মানবজমিন
  • প্রবাসীদের প্রয়োজন ছাড়া দেশে আসার দরকার নেই: স্বাস্থ্যমন্ত্রী-দৈনিক যুগান্তর

ভারতের শিরোনাম:    

  • করোনা: এক মাসের জন্য ভিসা বাতিল করল কেন্দ্র, আক্রান্ত বেড়ে ৭৩-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • মহামারি করোনার জেরে শেয়ার বাজারে ধস অব্যাহত, রেকর্ড পতন সেনসেক্স-নিফটির-দৈনিক সংবাদ প্রতিদিন
  • বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস, ভয়াবহ আকার নিচ্ছে, উদ্বেগ প্রকাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার-দৈনিক আজকাল
করোনাভাইরাস পরিস্থিতি

পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব। বাংলাদেশ ভারতসহ বিশ্ব মিডিয়ায় করোনাভাইরাসের আপডেট খবর বিশেষ গুরুত্বসহ পরিবেশিত হয়েছে। দৈনিক সমকালের শিরোনাম করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারি: ডব্লিউএইচও। করোনায় কোয়ারেন্টাইনে ভারত। ৩০ দিন ইউরোপের কেউ যুক্তরাষ্ট্রে যেতে পারবে না, ট্রাম্পের নিষেধাজ্ঞা। সৌদি আরবে নতুন করে করোনায় আক্রান্ত ২৪।এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে।প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ইউরোপের দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।উচ্চ তাপমাত্রায়ও ছড়াতে পারে করোনা ভাইরাস-মত ভারতীয় বিজ্ঞানীরা।

প্রবাসীদের প্রয়োজন ছাড়া দেশে আসার দরকার নেই: স্বাস্থ্যমন্ত্রী-দৈনিক যুগান্তর

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘যারা বিদেশে আছেন তারা দেশে না আসলে ভালো হয়। প্রবাসীদের প্রয়োজন ছাড়া দেশে আসার দরকার নেই।’বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।তিনি বলেন, ‘প্রবাসীরা দেশে আসলে তাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। ১৪ দিনের আগে তারা স্বজনদের সঙ্গে মিশতে পারবেন না।’৩ করোনা রোগীর স্বাস্থ্য বিষয়ে মন্ত্রী বলেন, ‘করোনা আক্রান্ত তিনজন রোগীই ভালো আছেন।করোনাভাইরাস এখন পর্যন্ত বাংলাদেশে সেভাবে সংক্রমিত হয়নি বলে বক্তব্য দেন জাহিদ মালেক।

চীন-ইতালির পর অবরুদ্ধ হবে যুক্তরাষ্ট্রও-দৈনিক যুগান্তর

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ফলে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে যে, চীন এবং ইতালির মতো পুরো যুক্তরাষ্ট্রও অবরুদ্ধ হয়ে পড়বে।মার্কিন চিকিৎসা বিশেষজ্ঞরা এ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চীন ও ইতালিতে।

আমরা কি সরকারের দোষ-ত্রুটি ধরিয়ে দেব না, প্রশ্ন মির্জা ফখরুলের-দৈনিক যুগান্তর

করোনাভাইরাস নিয়ে বিএনপি রাজনীতি করছে– আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন অভিযোগের জবাব দিয়েছেন দলটির মহাসচিব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোর দিয়ে বলেন, করোনাভাইরাস নিয়ে বিএনপি কোনো রাজনীতি করছে না। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আর রাজনীতি নেই বলে বিএনপি কি সরকারের দোষ-ত্রুটি ধরিয়ে দিতে পারবে না, এমন প্রশ্ন করেন ফখরুল। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টন এলাকায় করোনাভাইরাস সচেতনতায় লিফলেট বিতরণ কর্মসূচির আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উন্মুক্ত হলো যাত্রাবাড়ী-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে-দৈনিক ইত্তেফাক

মুজিব বর্ষের প্রাক্কালে যাত্রাবাড়ী-মাওয়া-ভাঙ্গা রুটে দেশের প্রথমবারের মতো এক্সপ্রেসওয়ে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হলো। এর মাধ্যমে বাংলাদেশ যোগাযোগ ক্ষেত্রে এক নতুন যুগে প্রবেশ করলো। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি আনুষ্ঠানিকভাবে এই এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন।ভ্রমণের সময় কমানোর পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর লোকদের জন্য আরামদায়ক ও নিরবিচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে আধুনিক সকল সুযোগ সুবিধা সম্বলিত ৫৫ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়।

নড়াইলের মামলায় খালেদাকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

মানহানির এক মামলায় হাইকোর্ট থেকে স্থায়ী জামিন পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি এ এসএম আব্দুল মোবিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ তাঁর জামিন মঞ্জুর করে রায় দেন। দুই বছরের বেশি সময় ধরে কারাবন্দি খালেদা জিয়ার এ জামিনে অবশ্য মুক্তি মিলবে না। দণ্ডপ্রাপ্ত দুটি মামলাতে বর্তমানে তিনি বন্দি রয়েছেন।  

অবাধ ও মুক্ত নির্বাচন দেখা যায়নি, মত প্রকাশের স্বাধীনতায় সীমাবদ্ধতা-দৈনিক মানবজমিন

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। সারা বিশ্বের জন্য বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশ অধ্যায়ে বলা হয়েছে, বাংলাদেশে সরকার বা সরকারের পক্ষে বেআইনিভাবে এবং মর্জিমাফিক হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম, নির্যাতন, খেয়ালখুশি মতো অথবা অন্যায়ভাবে বন্দি রাখার ঘটনা অব্যাহত রয়েছে। ২০১৯ সালে ঘটে যাওয়া ঘটনাসমূহের বর্ণনা করে এতে আরো বলা হয়েছে,  বাংলাদেশের সংবিধান সংবাদ মাধ্যমসহ মিডিয়াকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। তবে অনেক ক্ষেত্রেই সরকার এই অধিকারের প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হয়। মত প্রকাশের স্বাধীনতায় উল্লেখ করার মতো সীমাবদ্ধতা রয়েছে। হয়রানি, প্রতিশোধের ভয়ে কিছু সাংবাদিক সরকারের সমালোচনাকে নিজেরাই সেন্সর করেন। সংবিধানের সমালোচনাকেও রাষ্ট্রদ্রোহিতা হিসেবে গণ্য করা হয়।

সেই সাদিয়া ৪ দিনের রিমান্ডে-দৈনিক যুগান্তর

শ্রমিক লীগের বহিষ্কৃত নেত্রী সাদিয়া আক্তার মুক্তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটায় খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিরুল ইসলাম তার রিমান্ড মঞ্জু করেন। এর আগে গ্রেফতারে পর মঙ্গলবার তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। ঢাকা ও নরসিংদীতে যুব মহিলা লীগ নেত্রী পাপিয়ার ‘পাপরাজ্যের’ নানা কাহিনী উদ্ঘাটনের সময় বেরিয়ে এল শ্রমিক লীগ নেত্রীর অপরাধ জগতে অবগাহনের খবর।

শ্রমিক লীগ নেত্রী সাদিয়া আক্তার মুক্তা (৩২) এখন ‘টক অব দ্য খুলনা’। স্থানীয় আওয়ামী লীগকে পাত্তা না দিয়ে কেন্দ্র থেকে খুলনা মহানগর মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের পদটি বাগিয়ে নিয়েছিলেন। তবে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩১ জুলাই তাকে বহিষ্কার করা হয়।

সম্প্রতি খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ টিম বিভিন্ন অপরাধে জড়িত থাকায় সাদিয়াকে গ্রেফতার করেছে। তার বাসা থেকে ১২ ভরি ৩ আনা চোরাই সোনা এবং সোনা বিক্রির ২ লাখ ৮২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সাদিয়া স্বর্ণ চোরাই সিন্ডিকেটের হোতা।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস, ভয়াবহ আকার নিচ্ছে, উদ্বেগ প্রকাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার-দৈনিক আজকাল

ভারতের করোনা পরিস্থিতি

করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে এই ভাইরাসের সংক্রমণ। সঠিক পদক্ষেপ নিয়ে এই ভাইরাসের সংক্রমণ রুখতে না পারলে সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস অ্যাডহানম গেব্রিয়াস। ‌চীন থেকে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। ইতালি, জাপান, ইরান, মার্কিন যুক্তরাষ্ট্রেও মৃত্যু বাড়ছে।’৮১টি দেশে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি। ৫৭টি দেশে আক্রান্তের সংখ্যা ১০ বা তার কম। তবে সব দেশকেই সতর্ক থাকতে হবে।

করোনা: এক মাসের জন্য ভিসা বাতিল করল কেন্দ্র, আক্রান্ত বেড়ে ৭৩-দৈনিক আনন্দবাজার পত্রিকা

আর নির্দিষ্ট কোনও দেশ নয়, করোনাভাইরাসের আতঙ্কের জেরে সব দেশের জন্যই ভিসা বাতিল করে দিল ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা সংক্রমণকে ‘অতিমারি’ (প্যান্ডেমিক)  ঘোষণার পরেই কেন্দ্রের এই সিদ্ধান্ত। বুধবার গভীর রাতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের নেতৃত্বে মন্ত্রিগোষ্ঠীর বৈঠকের পরে এই ঘোষণা করা হয়েছে।  সময়সীমা ১৫ এপ্রিল পর্যন্ত। তবে ছাড় দেওয়া হয়েছে কূটনৈতিক, অফিশিয়াল, রাষ্ট্রপুঞ্জ এবং আন্তর্জাতিক সংস্থা-সহ অন্যান্য কয়েকটি ভিসার ক্ষেত্রে। আজ লোকসভায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, সারা দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৭৩। এর মধ্যে ৫৬ জন ভারতীয় ১৭ জন বিদেশি।

মহামারি করোনার জেরে শেয়ার বাজারে ধস অব্যাহত, রেকর্ড পতন সেনসেক্স-নিফটির-দৈনিক সংবাদ প্রতিদিন

যতদিন যাচ্ছে, করোনা আতঙ্কের জেরে ধস নামছে গোটা বিশ্বের শেয়ার বাজারে। থাবা পড়েছে ভারতের শেয়ার বাজারেও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনাকে বিশ্বব্যাপী মহামারি ঘোষণা করতেই বৃহস্পতিবার রেকর্ড পতন হল ভারতের শেয়ার বাজারে। সেনসেক্স পড়ল প্রায় ২৭০০ পয়েন্ট। পাল্লা দিয়ে নিফটির সূচক নামল ১০ হাজারের নিচে। ডলারের তুলনায় টাকার দামেও পতন হয়েছে এদিন। শেয়ার বিশেষজ্ঞরা বলছেন, অন্যতম বৃহৎ পতন হয়েছে এদিন।

আশা করি বিজেপিতেও কংগ্রেসের মতোই সুযোগ ও গুরুত্ব পাবেন’, সিন্ধিয়াকে খোঁচা প্রণব–কন্যার‌-দৈনিক আজকাল

শর্মিষ্ঠা মুখার্জি

দেশ সেবার কাজে পদ্মে পা দিয়েছেন জ্যোতি। তা ঘিরে মধ্যপ্রদেশে অচলাবস্থা তো চলছেই। বুধবারই আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সিন্ধিয়ার মতো নেতা বিজেপিতে চলে যাওয়ায় রীতিমতো হতবাক রাজনৈতিক মহল। যদিও ইঙ্গিত আগে থেকেই ছিল। অনেক কংগ্রেস নেতাই বিশ্বাস করতে পারছেন না। কেউ পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন। আবার কেউ পুরনো স্মৃতি তুলে ধরছেন, শুভকামনা জানাচ্ছেন। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জিও শুভেচ্ছা বার্তা দিয়েছেন। তবে সেই শুভেচ্ছার মধ্যে তির্যক অর্থ খুঁজে পেল রাজনৈতিক মহল। শর্মিষ্ঠা বর্তমানে দিল্লির মহিলা কংগ্রেসের সভানেত্রী ও সর্বভারতীয় কংগ্রেসের মুখপাত্র। এদিন দুপুরে জ্যোতিরাদিত্য আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেওয়ার পরই সেই ফুটেজ নিয়ে শর্মিষ্ঠা টুইট করেন। তাতে তিনি লেখেন, ‘অনেক শুভেচ্ছা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াজি। আশা করি কংগ্রেস শাসনে আপনি দেশসেবার জন্য যতটা সুযোগ ও গুরুত্ব পেয়েছেন, বিজেপিতে গিয়েও ততটাই সুযোগ ও গুরুত্ব পাবেন।’ মধ্যপ্রদেশে অচলাবস্থা তৈরি করে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যখন সহানুভূতি কুড়োনোর চেষ্টা করে যাচ্ছেন, তখন তাঁকে তীব্র খোঁচা দিলেন শর্মিষ্ঠা মুখার্জি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২