কথাবার্তা: করোনাভাইরাসে কী করবেন, কী করবেন না
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৫ মার্চ বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- করোনাভাইরাস: কী করবেন, কী করবেন না দৈনিক প্রথম আলো
- আজ ভয়াল ২৫ মার্চ -দৈনিক ইত্তেফাক
- খালেদা জিয়া মুক্ত -দৈনিক মানবজমিন
- করোনাভাইরাসে দেশে আরও একজনের মৃত্যু -দৈনিক যুগান্তর
- ইতালির চেয়ে ভয়াবহ পরিণতির শঙ্কা যুক্তরাষ্ট্রে -বাংলাদেশ প্রতিদিন
- করোনার নতুন কেন্দ্র হতে পারে যুক্তরাষ্ট্র: ডব্লিউএইচও -দৈনিক সমকাল
ভারতের শিরোনাম:
- দেশে আক্রান্ত বেড়ে ৫৬২, বিশ্বে মৃত্যু ছাড়াল ১৮ হাজার -দৈনিক আনন্দবাজার পত্রিকা
- লকডাউনকে থোড়াই কেয়ার! সাতসকালে অযোধ্যায় পুজো দিলেন যোগী -দৈনিক সংবাদ প্রতিদিন
- সচেতনতা শিকেয়! মাস্ক ছাড়াই বেলেঘাটার বাজারে কাতারে কাতারে মানুষের ভিড়-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছয় মাসের জন্য মুক্তি দেয়া হলো আজ। কীভাবে দেখছেন বিষয়টিকে?
২. করোনা মোকাবেলার জন্য ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে আন্তর্জাতিক চাপ সৃষ্টি হচ্ছে আমেরিকার ওপর। আপনার কী মনে হয়- আমেরিকা এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
খালেদা জিয়া মুক্ত-দৈনিক মানবজমিন
মুক্তি পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর পিজন সেল থেকে খালেদা জিয়াকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আজ দুপুরে খালেদা জিয়ার মুক্তির আদেশ পৌঁছায় আইজি পিজন্সের কাছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাজা ছয় মাসের জন্য স্থগিত করে দুই শর্তে তাকে মুক্তি দেয়া হলো। শর্ত অনুযায়ী তিনি এই সময়ে বিদেশ যেতে পারবেন না। নিজ বাসায় থেকে চিকিৎসা নিতে হবে।বুধবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কিছুক্ষণের মধ্যেই খালেদা জিয়ার মুক্তি হবে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আবেদনের ফাইলে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই কিছুক্ষণের মধ্যেই মুক্তি পেতে যাচ্ছেন বিএনপি নেত্রী।তার আগে গতকাল এক সংবাদ সম্মেলনে খালেদাকে মুক্তির সিদ্ধান্তের কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। বয়স ও মানবিক বিবেচনায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, খালেদা জিয়ার বয়স বিবেচনায় মানবিক কারণে সরকার সদয় হয়ে দ-াদেশ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। শর্ত হল- এই সময়ে খালেদা জিয়াকে ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে। তিনি বিদেশে যেতে পারবেন না।
উল্লেখ্য, জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা নিয়ে ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দি আছেন খালেদা জিয়া।
বেগম জিয়ার সাজা স্থগিতের উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রী উদার মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন’-দৈনিক মানবজমিন
বেগম জিয়ার সাজা স্থগিতের উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রী প্রজ্ঞা, অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের পরিচয় দিয়ে উদারনৈতিক মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, আশা করি বিএনপি এ বিষয়টি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখে আমাদের সবার অভিন্ন শত্রু করোনা মোকাবিলায় সরকারের সর্বাত্মক ও সম্মিলিত উদ্যোগে সহযোগী হবে।আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, ফৌজদারি কার্যবিধির ধারা ৪০১’র উপধারা-১ কোনো ব্যক্তি কোনো অপরাধের জন্য দণ্ডিত হইলে সরকার যে কোন সময় বিনা শর্তে বা দণ্ডিত যাহা মানিয়া নেয় সেইরূপ শর্তে যে দণ্ডে সে দণ্ডিত হইয়াছে, সে দণ্ডের কার্যকরীকরণ স্থগিত রাখিতে বা সম্পূর্ণ দণ্ড বা দণ্ডের অংশবিশেষ মওকুফ করিতে পারিবে।এছাড়াও বৈশ্বিক ও দেশের ভয়াবহ এ সঙ্কটকালে সব নেতিবাচক রাজনীতি পরিহার করে মানুষকে বাঁচানোর অভিন্ন পথ বেছে নিতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আজ সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে বলেছেন, শর্ত ভঙ্গ করলে খালেদা জিয়ার সাজা স্থগিতাদেশ বাতিল।
খালেদা জিয়ার মুক্তি নিয়ে যা বললেন ড. আসিফ নজরুল-দৈনিক যুগান্তর
প্রায় দুই বছরেরও অধিক সময় ধরে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পরিবারের আবেদনের প্রেক্ষিতে ও মানবিক দিক বিবেচনায় তার দণ্ডাদেশ ছয় মাসের জন্য স্থগিত করে দুই শর্তে খালেদা জিয়াকে মুক্তি দেয়া হচ্ছে বলে মঙ্গলবার সরকারের এ সিদ্ধান্তের কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক।
খালেদা জিয়ার মুক্তির এ খবরটি স্বস্তির উল্লেখ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে মঙ্গলবার বিকাল ৫টা ১৭ মিনিটে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আসিফ নজরুল।
সরকারকে স্বাগত জানিয়ে স্ট্যাটাসে ড. আসিফ নজরুল লিখেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেয়া হচ্ছে। সাজা স্থগিত রেখে তাকে ছয় মাসের জন্য মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তকে স্বাগত জানাই, সরকারকে ধন্যবাদ জানাই।
তিনি লিখেন, বেগম জিয়ার মরণাপন্ন অবস্থা হয়েছে বলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে কিনা- এনিয়ে সমাজে সন্দেহ থাকতে পারে। এমন ধারণাও থাকতে পারে যে করোনা পরিস্থিতির কারণে বাধ্য হয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আসিফ নজরুল লিখেন, যে বিবেচনায় উনি (খালেদা জিয়া) সরকারের নির্বাহী আদেশে মুক্তি পাচ্ছেন। একই বিবেচনায় কেন উনি জামিন পাননি কিছুদিন আগেও- এই প্রশ্নও তুলতে পারে কেউ।
তিনি আরও লিখেন, আমি তবু সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানাই। কারণ উনার (খালেদা জিয়া) মুক্তির পেছনে যে বিবেচনা থাক না কেন, মুক্তির সিদ্ধান্তটি বেগম জিয়ার জন্য ভালো। আমাদের নেতা-নেত্রীরা একে অন্যের জন্য ভালো সিদ্ধান্ত নিলে তা দেশের জন্যও ভালো। বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। কামনা করছি বড় দুদলের সম্পর্কের সুস্থতার।
করোনাভাইরাসে দেশে আরও একজনের মৃত্যু-দৈনিক যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ বুধবার নতুন একজন রোগী মারা গেছেন বলে জানিয়েছে আইইডিসিআর। এ নিয়ে কোভিড-১৯ ভাইরাসে বাংলাদেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে।
বুধবার দুপুরে করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় এই প্রাণঘাতী ভাইরাসে নতুন কেউ আক্রান্ত হননি। এখন পর্যন্ত সাত রোগী সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এর পর থেকে এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে।
গত বছরের ৩১ ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারী। ইতোমধ্যে ভাইরাসটি বিশ্বের ১৯৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। সংক্রমিত হয়েছেন তিন লাখ ৭৭ হাজার। আর মৃত্যু হয়েছে সাড়ে ১৬ হাজারের বেশি।
করোনাভাইরাস: কী করবেন, কী করবেন না-দৈনিক প্রথম আলো
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। বাংলাদেশও এর বাইরে নয়। এই বিশেষ ধরনের ভাইরাসের সংক্রমণ নিয়ে দেশে–বিদেশে উদ্বেগ বাড়ছে। কিন্তু নিজেকে আর নিজের পরিবার, স্বজনদের রক্ষা করতে একজন সচেতন নাগরিক হিসেবে আপনার ভূমিকা কী হওয়া উচিত এ সময়? কীভাবে আপনি পারবেন এই ভাইরাস প্রতিরোধ করতে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ বিষয়ে মানুষকে সচেতন করতে কিছু উপদেশ দিচ্ছে। আসুন, জেনে নেওয়া যাক।
১. বারবার হাত ধোয়া
নিয়মিত এবং ভালো করে বারবার হাত ধোবেন (অন্তত ২০ সেকেন্ড যাবৎ)। কেন? এ কথা প্রমাণিত যে সাবান–পানি দিয়ে ভালো করে হাত ধুলে এই ভাইরাসটি হাত থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। হাতে ময়লা বা নোংরা দেখা না গেলেও বারবার হাত ধুতে পারেন। তবে বিশেষ করে হাত ধোবেন অসুস্থ ব্যক্তির পরিচর্যার পর, হাঁচি–কাশি দেওয়ার পর, খাবার প্রস্তুত ও পরিবেশনের আগে, টয়লেট ব্যবহারের পর, পশুপাখির পরিচর্যার পর।
২. দূরে থাকুন
এই সময় যেকোনো সর্দি–কাশি, জ্বর বা অসুস্থ ব্যক্তির কাছ থেকে অন্তত এক মিটার বা ৩ ফুট দূরত্ব বজায় রাখুন। কেন? আর সব ফ্লুর মতোই এই রোগও কাশির ক্ষুদ্র ড্রপলেট বা কণার মাধ্যমে অন্যকে সংক্রমিত করে। তাই যিনি কাশছেন, তাঁর থেকে দূরে থাকাই ভালো। ইতিমধ্যে আক্রান্ত এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন। অসুস্থ পশুপাখি থেকে দূরে থাকুন।
৩. নাক–মুখ স্পর্শ নয়
হাত দিয়ে আমরা সারা দিন নানা কিছু স্পর্শ করি। সেই বস্তু থেকে ভাইরাস হাতে লেগে যেতে পারে। তাই সতর্ক থাকুন। অপরিষ্কার হাত দিয়ে কখনো নাক–মুখ–চোখ স্পর্শ করবেন না।
৪. কাশির আদবকেতা মেনে চলুন
নিজে কাশির আদবকেতা বা রেসপিরেটরি হাইজিন মেনে চলুন, অন্যকেও উৎসাহিত করুন। কাশি বা হাঁচি দেওয়ার সময় নাক, মুখ রুমাল বা টিস্যু, কনুই দিয়ে ঢাকুন। টিস্যুটি ঠিক জায়গায় ফেলুন।
৫. প্রয়োজনে ঘরে থাকুন
অসুস্থ হলে ঘরে থাকুন, বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন।
৬. খাবারের ক্ষেত্রে সাবধানতা
কাঁচা মাছ–মাংস আর রান্না করা খাবারের জন্য আলাদা চপিং বোর্ড, ছুরি ব্যবহার করুন। কাঁচা মাছ–মাংস ধরার পর ভালো করে সাবান–পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন। ভালো করে সেদ্ধ করে রান্না করা খাবার গ্রহণ করুন। অসুস্থ প্রাণী কোনোমতেই খাওয়া যাবে না।
৭. ভ্রমণে সতর্ক থাকুন
জরুরি প্রয়োজন ছাড়া বিদেশভ্রমণ করা থেকে বিরত থাকুন এবং অন্য দেশ থেকে প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করুন। অত্যাবশ্যকীয় ভ্রমণে সাবধানতা অবলম্বন করুন।
৮. অভ্যর্থনায় সতর্কতা
কারও সঙ্গে হাত মেলানো (হ্যান্ড শেক), কোলাকুলি থেকে বিরত থাকুন
৯. স্বাস্থ্যকর্মীর সাহায্য নিন
এ সময়ে কোনো কারণে অসুস্থ বোধ করলে, জ্বর হলে, কাশি বা শ্বাসকষ্ট হলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকর্মীর সাহায্য নিন। তিনি বিষয়টি গোচরে আনতে ও ভাইরাস ছড়ানো বন্ধে ভূমিকা রাখতে পারবেন। অথবা আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ করুন। আইইডিসিআরের হটলাইন নম্বর: ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১ এবং ০১৯৩৭১১০০১১।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
করোনা আপডেট এক নজরে- দেশে আক্রান্ত বেড়ে ৫৬২, বিশ্বে মৃত্যু ছাড়াল ১৮ হাজার- এটি দৈনিক আনন্দবাজার পত্রিকার প্রধান খবর।
এ খবরে লেখা হয়েছে, করোনাভাইরাসে ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬২। তাঁদের মধ্যে ৫১৯ জন ভারতীয় এবং ৪৩ জন বিদেশি। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ জন। বুধবার সকালে তামিলনাড়ুতে আরও এক জনের মৃত্যু হওয়ায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১। করোনা সংক্রমণে এই প্রথম মৃত্যু হল তামিলনাড়ুতে। সংক্রমণ ছড়িয়ে পড়ছে উত্তর পূর্বের রাজ্যগুলিতেও। তবে এর মধ্যেই স্বস্তির খবর, ইতিমধ্যেই দেশে সুস্থ হয়ে উঠেছেন ৪০ জন। সংক্রমণ ঠেকাতে আগেই রাজ্যগুলো লকডাউন, শাটডাউনের পদক্ষেপ নিয়েছে। তা কার্যকরী ছিল ৩১ মার্চ পর্যন্ত। কিন্তু মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, গোটা দেশে লকডাউন জারি থাকবে আরও ২১ দিন, অর্থাত্ ১৪ এপ্রিল পর্যন্ত। এই সময় সকলকেই ঘরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে জরুরি পরিষেবাগুলো অব্যাহত থাকবে বলেই জানিয়েছেন তিনি।
লকডাউনকে থোড়াই কেয়ার! সাতসকালে অযোধ্যায় পুজো দিলেন যোগী-দৈনিক সংবাদ প্রতিদিন
প্রধানমন্ত্রীর ঘোষণা করা লকডাউনকে পরোয়া নেই! সাতসকালে সদলবলে অযোধ্যার মন্দিরে গেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)। রীতি অনুযায়ী রামজন্মভূমি থেকে রামলালার মূর্তি একটি অস্থায়ী কাঠামোয় স্থানান্তর করেন তিনি। যতদিন না রাম মন্দির তৈরি হচ্ছে, ততদিন ওই অস্থায়ী কাঠামোতেই রাখা হবে রামচন্দ্রের মূর্তিটি। করোনা আতঙ্কের মধ্যে যোগীর এই ‘ধর্মকর্ম’ রীতিমতো বিতর্কের সৃষ্টি করেছে। কারণ গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ২১ দিনের জন্যও দেশজুড়ে লকডাউন জারি করেছেন।প্রধানমন্ত্রীর পরামর্শ ছিল, “এই সময় যে যেখানে আছেন, সেখানেই থাকুন। এই মহামারি মোকাবিলার একমাত্র উপায় সামাজিক দূরত্ব বজায় রাখা।মোদির পরামর্শ মেনে গোটা দেশ বুধবার থেকে লকডাউনে। কিন্তু মোদির ঘোষণার ১২ ঘণ্টার মধ্যেই বিতর্ক বাধিয়ে ফেললেন যোগী।
সচেতনতা শিকেয়! মাস্ক ছাড়াই বেলেঘাটার বাজারে কাতারে কাতারে মানুষের ভিড়-দৈনিক আজকালের এ খবরে লেখা হয়েছে, রবিবার নয়। আজ বুধবার। বেলেঘাটার রাশমনি বাজারে গেলে তা বোঝা দায়। মঙ্গলবার রাতে গোটা দেশে ২১ দিনের লকডাউন ঘোষণা হওয়ার পর বুধবার রাশমনি বাজারে কাতারে কাতারে মানুষ। ভিড় জমিয়েছেন। ২১ দিনের খাবার সংগ্রহ করতে বেরিয়ে পড়েছেন সাধারণ মানুষ। ফল–সব্জি–দুধ–মাংস–মাছ কিনতে। প্রশাসনের পক্ষ থেকে যেখানে বারবার ঘোষণা করে হচ্ছে, লকডাউন থাকলেও জরুরি পরিষেবা ও অত্যাবশ্যকীয় পণ্যের দোকান বা বাজার খোলা থাকবে। তার পরেও কোথাও গিয়ে সাধারণ মানুষের বিষয়টি বুঝতে সমস্যা হচ্ছে। অনেকের মুখে মাস্ক নেই। অনেকে আবার বাজার করতে গিয়ে চায়ের দোকানে আড্ডা জমিয়েছেন। চিকিৎসক থেকে শুরু করে প্রশাসন বারবার বলছে, করোনা ভাইরাস আমাদের এমন একটা লড়াইয়ের সামনে এনে ফেলেছে, যেখানে সোশ্যাল ডিস্টানসিং ছাড়া এই ভাইরাসের মোকাবিলা আর কোনও উপায় সম্ভব নয়। তারপরও কোনওরকম সুরক্ষা না নিয়ে, সচেতনতা শিকেয়ে তুলে দিয়ে সাধারণ মানুষ বাজারে ঢুকছেন–বেরচ্ছেন।
শুধু বেলেঘাটার রাশমনি বাজারই নয়, যদুবাবুর বাজার সহ কলকাতার আরও পরিচিত বাজারে একই ছবি ধরা পড়েছে। করোনা নিয়ে সাধারণ মানুষ আতঙ্কিত। এই মুহূর্তে তার চেয়েও বেশি আতঙ্কিত ২১ দিন ঘরে খাবার থাকবে কিনা! #
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৫