কথাবার্তা: করোনা ভয়ঙ্কর, বিশ্বে বাড়ছে মৃত্যু মিছিল, বাংলাদেশে মৃত্যু হার ১১.৪৩ শতাংশ
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৪ এপ্রিল শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- চীনে করোনায় ৫০ হাজার লোকের মৃত্যু: ওয়াশিংটন পোস্ট-দৈনিক প্রথম আলো
- লকডাউন কতদিন প্রয়োজন-দৈনিক ইত্তেফাক
- দেশে করোনায় মৃত্যুর হার ১১.৪৩℅-দৈনিক মানবজমিন
- করোনাভাইরাস: গণপরিবহন ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে-দৈনিক যুগান্তর
- করোনায় বিশ্বে প্রতি মিনিটে ৪ জনের মৃত্যু-বাংলাদেশ প্রতিদিন
- প্রতি আড়াই মিনিটে এক জনের মৃত্যু নিউ ইয়র্কে, এক দিনে মৃত ৫৬২-দৈনিক সংবাদ প্রতিদিন
- নিউইয়র্কে আরও ৭ বাংলাদেশির মৃত্যু-দৈনিক সমকাল
ভারতের শিরোনাম:
- এক লাফে ৬০১ বেড়ে দেশে করোনা আক্রান্ত ২৯০২, মৃত্যু বেড়ে ৬৮-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠানের পর করোনায় পজিটিভ দুবাই ফেরত ব্যক্তি, চিন্তায় স্বাস্থ্যমন্ত্রক-দৈনিক সংবাদ প্রতিদিন
- চাহিদা বাড়লেও পাল্লা দিয়ে বাড়েনি জোগান! আগামীদিনে নিত্যপণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. বাংলাদেশে করোনা মোকাবেলায় ৮৭ হাজার কোটি টাকার প্যাকেজ প্রণোদনার প্রস্তাব করেছে বিএনপি। কতটা বাস্তবসম্মত এই প্রস্তাব?
২. সারা বিশ্বে একটি আহ্বান জোরদার হয়েছে যে, করোনার এই পরিস্থিতিতে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এ প্রেক্ষাপটে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান এখনো তাকে বলে নি যে, নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। তার এ বক্তব্যকে আপনি কীভাবে দেখছেন?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর: বাংলাদেশে করোনা
বাংলাদেশসহ বিশ্বজুড়ে করোনাভাইরাসের খবরই সবচেয়ে গুরুত্বসহ প্রকাশিত হয়েছে। প্রথমে বাংলাদেশের করোনা পরিস্থিতি তুলে ধরছি। করোনা নিয়ে প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনা আগামীকাল রোববার ঘোষিত হবে। খালেদা জিয়ার কোয়ারেন্টিন শেষ হবে ৮ এপ্রিল। অভিলম্বে খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটির নেতা রুহুল কবির রিজভী। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন গুজব ঠেকাতে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। এসব খবর দৈনিক ইত্তেফাকে ছাপা হয়েছে। করোনা মোকাবিলায় বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক- খবরটি প্রায় সব দৈনিকে পরিবেশিত হয়েছে।তাছাড়া- করোনায় ৮৭ হাজার কোটি টাকার প্যাকেজ প্রণোদনার প্রস্তাব দিয়েছে বিএনপি।
দৈনিক মানবজমিনের খবর-দেশে আরও ৯ করোনা রোগী শনাক্ত, ২ জনের মৃত্যু।
গত ২৪ ঘণ্টায় দেশে আরো নয় ব্যক্তির দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। মৃত্যু হয়েছে দুজনের। আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নয়জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে। মৃতের সংখ্য বেড়ে হয়েছে ৮। নতুন আক্রান্তের আটজন ঢাকার। আর একজন ঢাকা বাইরের।উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়েছে গত ৮ই মার্চ। এরপর ধীরে ধীরে সংক্রমণ বাড়তে থাকে। সবশেষ হিসাবে করোনায় বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৭০ জন। মারা গেছেন ৮ জন। এছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩০ জন।
তবে যুগান্তর ও মানবজমিনসহ বিভিন্ন দৈনিকের খবরে - দেশের বিভিন্ন জেলায় করোনার উপসর্গ নিয়ে বেশ কয়েকজনের মৃত্যুর কথা বলা হয়েছে। দেশে করোনায় মৃত্যুর হার ১১.৪৩℅। এখবরে দৈনিকটি লিখেছে, বাংলাদেশে করোনায় মৃত্যুর মিছিল লম্বা হচ্ছে। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৮ জন। দেশে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ১১দশমিক ৪৩ শতাংশ। যা ভাইরাসটির উৎপত্তি স্থল চীনের চেয়ে মৃত্যুর হার অনেক বেশি।দেশে প্রায় এক মাসে এ প্রর্যন্ত ৭০ জন আক্রান্ত হয়েছেন । যার মধ্যে সুস্থ হয়েছেন ৩০ জন।চিকিৎসাধীন আছেন ৩২ জন। মারা গেছন ৮ জন। যাদের অধিকাংশের বয়স ৬০ উপরে। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯৬৬ জনের। আজ করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন প্রেস ব্রিফিংয়ে থেকে এ তথ্য জানা গেছে।
নিউইয়র্কে আরও ৭ বাংলাদেশির মৃত্যু-দৈনিক সমকালের খবরে লেখা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত ২৪ ঘন্টায় আরও ৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন নারীও রয়েছেন। তিনি প্রয়াত সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর স্ত্রীর বোন কবিতা শ্যাম চৌধুরী (চন্দ্রা)।
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে প্রাণ হারিয়েছেন ৬২ জন বাংলাদেশি। আর যুক্তরাষ্ট্রে মোট ৬৫ জন। এদের মধ্যে ১১ জন নারী এবং ৫৪ জন পুরুষ। নারীদের মধ্যে সবচেয়ে কম বয়সী হিসেবে ২৫ বছর বছরের এক নারীর মৃত্যু হয়েছে। নিউইয়র্কে বসবাসরত ওই নারী অন্তসত্বা ছিলেন । এছাড়া সবচেয়ে বেশি বয়সী নারী হিসেবে ৮৩ বছরের এক নারী মারা গেছেন নিউইয়র্কে। পুরুষদের মধ্যে সবচেয়ে কম বয়সী হিসেবে ৩০ বছর বয়সী একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে।
এদিকে নিউইয়র্কে বাংলাদেশিদের মধ্যে কতজন করোনায় আক্রান্ত হয়েছেন তার কোনো সঠিক হিসেব নেই। ধারনা করা হচ্ছে, এই সংখ্যা কযেক’শ বা তারও বেশি। আক্রান্তদের অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কেউ কেউ আবার আইসিইউতে বা ভেন্টিলেশনে রয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন ।
করোনায় দেশে ২০-৫০ লাখ মানুষ মারা যাওয়ার আশঙ্কা সংক্রান্ত বিশ্ব মিডিয়ার খবর অতিরঞ্জিত: পররাষ্ট্রমন্ত্রী-দৈনিক মানবজমিন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের ২০ থেকে ৫০ লাখ মানুষ মারা যাওয়ার আশঙ্কা ব্যক্ত করে যে সংবাদ প্রকাশ করেছে তা অতিরঞ্জিত এবং সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। শনিবার ইস্কাটনস্থ সরকারি বাসভবনে (পররাষ্ট্র ভবন) দু'টি বেসরকারি টেলিভিশন প্রতিনিধির সঙ্গে আলাপে মন্ত্রী এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তার একটি অডিও পেয়েছে মানবজমিন। মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপে করোনা ভাইরাস পরিস্থিতিসহ সম-সাময়িক নানা বিষয়ে কথা বলেন।
দৈনিক যুগান্তরসহ প্রায় সব দৈনিকের খবর গণপরিবহন ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।আর দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, লকডাউন কতদিন প্রয়োজন। এ খবরে লেখা হয়েছে, বিশ্বের নানা দেশ এখন করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মরিয়া হয়ে লড়ছে। বিশ্বের প্রতিটি দেশই প্রায় পুরো দেশ লকডাউন করে ভাইরাসের সংক্রমণ ঠেকানোর চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশেও গত ২৬ মার্চ থেকে কার্যত লকডাউন শুরু হয়েছে, যা ১১ এপ্রিল পর্যন্ত, অর্থাৎ প্রায় দীর্ঘ ১৭ দিন চলবে। এর পরেও তা বৃদ্ধি করা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। এ পরিস্থিতিতে বিশ্ব জুড়েই আলোচিত হচ্ছে লকডাউন কতদিন প্রয়োজন? কিংবা কতদিন লকডাউন চললে করোনা ভাইরাসের সংক্রমণ বন্ধ করা সম্ভব হবে?
কোনো কোনো গবেষক বলছেন, লকডাউন তিন সপ্তাহের বেশি হওয়া উচিত নয়। আবার কোনো কোনো বিশেষজ্ঞ বলছেন, লকডাউন চলমান থাকা অবস্থায় কিছু কিছু চলাচল শিথিল করা যেতে পারে। এদিকে আমেরিকার একদল গবেষক বলছেন, লকডাউন নির্দিষ্ট দেশটিতে সংক্রমণের মাত্রাভেদে তিন সপ্তাহ থেকে ছয় সপ্তাহ পর্যন্ত করা যেতে পারে।
এদিকে ভারতের গবেষক বলছেন, লকডাউন তিন সপ্তাহের বেশি করা উচিত নয়। এরপর সীমিত আকারে চলাচল চালু করা প্রয়োজন। তা না হলে সামাজিক ও অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে রাষ্ট্র।
বিশ্ব করোনা পরিস্থিতি:
করোনায় বিশ্বে প্রতি মিনিটে ৪ জনের মৃত্যু-দৈনিক বাংলাদেশ প্রতিদিনসহ প্রায় সব দৈনিকের খবর- করোনায় বিপর্যস্ত সারাবিশ্ব। বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ১০ লাখ। মৃতের সংখ্যা ৬০ হাজারের কাছাকাছি।
করোনাভাইরাসে বিশ্বব্যাপী প্রতি মিনিটে ৫০ জন আক্রান্ত এবং ৪ জনের মৃত্যু হচ্ছে। ২৯ মার্চ দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্য বিশ্লেষণে এ সংখ্যা জানা গেছে।
মস্কোর বাসিন্দাদের ঘরে রাখতে বসানো হয়েছে ক্যামেরা।সমকালে এ খবর দেয়া হয়েছে। যুগান্তর লিখেছে, আমেরিকায় ২৪ ঘণ্টায় করোনা কেড়ে নিল ১৪৮০ জনের প্রাণ। এ খবরে লেখা হয়েছে, আমেরিকায় করোনা আক্রান্ত হয়ে আরও ১৪৮০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শনিবার সকাল পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪০৬ জনে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাতে সৌদি আরবের সরকারি গণমাধ্যম আলআরাবিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার ও শুক্রবার মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রায় ১৫০০ জন মারা গেছে। এখন পর্যন্ত একদিনে এটিই দেশটিতে মধ্যে সর্বাধিক মৃত্যু। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ১৬৯ জন মারা গিয়েছিল। কিন্তু গত ২৪ ঘণ্টায় মৃতের সেই রেকর্ড ভেঙে দিল। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট ২ লাখ ৭৭ হাজার ৯৫৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৭ হাজার ৪০৬ জনের।
তবে মৃতের হিসাবে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ১৪ হাজার ৬৮১। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮২৭ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৮১টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে ৫৯ হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ২৯ হাজার ২৮৬ জন।
লকডাউনের মধ্যে ঘর থেকে বাইরে বের হওয়ায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে নাইজেরিয়ার সেনাবাহিনী। গত বৃহস্পতিবার নাইজেরিয়ার দক্ষিণের রাজ্য ডেলটার ওয়ারি শহরে স্থানীয় বাসিন্দা জোসেফ পেসুকে গুলি করে হত্যা করে সেনা সদস্যরা। বিশ্বে এইমুহূর্ত পর্যন্ত- করোনায় মোট আক্রান্তের সংখ্যা- ১০,৯৯,০৮০জন। ৫৯,১৭৯জন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন ২,২৮,৯৩৮ জন।
চীনে করোনায় ৫০ হাজার লোকের মৃত্যু: ওয়াশিংটন পোস্ট-দৈনিক প্রথম আলো
চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ৫০ হাজার ব্যক্তি মারা গেছে। দেশটি মৃত ও আক্রান্ত ব্যক্তিদের বিষয়ে প্রকৃত তথ্য দেয়নি। আজ শনিবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে মৃত ব্যক্তিদের এ তথ্য প্রকাশ করা হয়।
চীনের সাময়িকী ক্যাক্সিনের তথ্য উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, উহানের হানকাউ নামের একটি শ্মশানে প্রতিদিন ১৯ ঘণ্টা ধরে মৃতদেহ সৎকার হয়েছে। মাত্র দুদিনে সেখানে ৫ হাজার ব্যক্তির মরদেহ পোড়ানো হয়। অনলাইনে পোস্ট করা ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো একটা হিসাব বের করেছে। এ হিসাবে গত ২৩ মার্চ থেকে মৃতদেহ সৎকার শেষে উহানে শব বা মৃতদেহের ছাই ভরা ৩ হাজার ৫০০ কলস ফিরে এসেছে প্রতিদিন। এই হিসাবে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে ৩ এপ্রিল পর্যন্ত ১২ দিনে উহানে ৪২ হাজার ব্যক্তির মৃত্যুর তথ্য উঠে এসেছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
এক লাফে ৬০১ বেড়ে দেশে করোনা আক্রান্ত ২৯০২, মৃত্যু বেড়ে ৬৮-দৈনিক আনন্দবাজার
এক দিনে রেকর্ড সংখ্যক করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ল দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে আক্রান্ত হয়েছেন ৬০১ জন। এক দিনে এটাই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫৫ জন। এই নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৯০২। যে ভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে আবার তাতে উদ্বেগ বেড়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া হিসেবে আক্রান্তের সংখ্যা ছিল ২৩০১। মৃত্যুর হারেও চিন্তার ভাঁজ চওড়া হয়েছে কেন্দ্র তথা রাজ্য সরকারগুলির। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৮।
মায়ের মৃত্যুতে খাওয়ালেন দেড় হাজার জনকে, সবাই কোয়ারেন্টিনে!-সংবাদ প্রতিদিন ও এনডিটিভির এ খবরে বলা হয়েছে, ভারতের মধ্যপ্রদেশের মরেনা জেলায় দুবাই ফেরত এক ব্যাক্তি তার মায়ের মৃত্যুতে এলাকার দেড় হাজার মানুষকে দাওয়াত করে খাইয়েছেন।পরে জানা গেল ওই ব্যাক্তি এবং তার পরিবারের ১১ সদস্যের সবাই করোনাভাইরাসে আক্রান্ত। খবর এনডিটিভির। খবর পেয়ে কর্তৃপক্ষ এলাকায় এসে পুরো কলোনিটি লকডাউন করে দিয়েছে। কেউ যাতে এখানে প্রবেশ বা এখান থেকে বেড় হতে না পারে সে জন্য বসানো হয়েছে কড়া পাহারা। এক কথায় গোটা এলাকার মানুষ এখন কোয়ারেন্টিনে।
চাহিদা বাড়লেও পাল্লা দিয়ে বাড়েনি জোগান! আগামীদিনে নিত্যপণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা-দৈনিক আজকাল
গোটা দেশে লকডাউন। ফলে হঠাৎ করেই নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর চাহিদা অনেকাংশে বেড়ে গিয়েছে। যার সরাসরি প্রভাব পড়েছে বাজারে। অগ্নিমূল্যে বিকোচ্ছে আলু, পেঁয়াজ, চিনির মতো পণ্যগুলি। চাহিদা বাড়লেও পাল্লা দিয়ে বাড়েনি জোগান। ফলে প্রত্যেকদিন বাজারে গেলেই দেখা যাবে, যেসব খাদ্যপণ্যের চাহিদা বেশি, সেগুলোর দাম দু–পাঁচ টাকা করে বেড়েই যাচ্ছে। পরে আর পাওয়া যাবে কিনা, এই আশঙ্কায় কিনতেও বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৪