কথাবার্তা: বেশিরভাগ মানুষেরই করোনার ভ্যাকসিন লাগবে না: অক্সফোর্ড গবেষক
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৩ জুলাই শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশে:
- এবার কোরবানির পশু ৯ লাখ বেশি, বিক্রি নিয়ে দুশ্চিন্তা-দৈনিক প্রথম আলো
- করোনাভাইরাস: মৃত্যু বেড়ে ১৯৬৮, মোট শনাক্ত ১৫৬৩৯১-দৈনিক কালেরকণ্ঠ
- পাপুলকাণ্ড: কুয়েতি সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদ গ্রেফতার-দৈনিক যুগান্তর
- বেশিরভাগ মানুষেরই করোনার ভ্যাকসিন লাগবে না: অক্সফোর্ড গবেষক-দৈনিক ইত্তেফাক
- ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসিতে কাল থেকে চিরুনি অভিযান: আতিক-দৈনিক মানবজমিন
- ভ্যাক্সিনের জন্য অপেক্ষা করতে হবে আরো আড়াই বছর’-দৈনিক নয়া দিগন্ত
ভারতের খবর:
- ভারতে তৈরি করোনা টিকা ‘কোভ্যাক্সিন' বাজারে আসতে পারে অগস্টেই-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- দুর্বল নয়, বীরই শান্তির কথা বলে: লাদাখে সেনাদের সামনে বার্তা মোদীর-দৈনিক আনন্দবাজার পত্রিকা-দৈনিক আজকাল
- ‘উসকানিমূলক পদক্ষেপ করা উচিত নয়’, মোদির লাদাখ সফর নিয়ে তোপ চিনের-দৈনিক সংবাদ প্রতিদিন
এবার কোরবানির পশু ৯ লাখ বেশি, বিক্রি নিয়ে দুশ্চিন্তা-দৈনিক প্রথম আলো
এবার কোরবানির পশুর হাটে ভারতীয় গরু আসবে কি না, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। কারণ, গরু-ছাগল উৎপাদনে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ। কোরবানির চাহিদার তুলনায় বরং ৯ লাখ পশু অতিরিক্ত রয়েছে। দুশ্চিন্তা হলো, খামার থেকে এত গবাদিপশু কোরবানির পশুর হাটে উঠতে পারবে কি না। উঠলেও বিক্রি হবে কি না।

প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাবে, এবার ঈদুল আজহায় কোরবানির জন্য ১ কোটি ১০ লাখ গবাদিপশু দরকার হবে। কিন্তু সারা দেশে খামারগুলোতে ১ কোটি ১৯ লাখ গরু-ছাগল-মহিষ-ভেড়া প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ সরকারি হিসাবেই চাহিদার তুলনায় ৯় লাখ গবাদিপশু বেশি।
করোনাভাইরাস: মৃত্যু বেড়ে ১৯৬৮, মোট শনাক্ত ১৫৬৩৯১-দৈনিক কালেরকণ্ঠ
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ জন। এনিয়ে মোট মারা গেলেন ১,৯৬৮ জন। এছাড়া একই সময়ে আরও ৩,১১৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১,৫৬,৩৯১ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। অনলাইন বুলেটিনে বলা হয়, ৬৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪,৬৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে সুস্থ হয়েছেন ১,৬০৬ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ৬৮,০৪৮ জন।
পাপুলকাণ্ড: কুয়েতি সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদ গ্রেফতার-দৈনিক যুগান্তর-
কুয়েতে অর্থ ও মানবপাচারের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি এমপি শহীদ ইসলাম পাপুলের মদদদাতাদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে দেশটির বিচার বিভাগ। এ ঘটনায় সর্বশেষ দুজনের গ্রেফতারের খবর পাওয়া গেছে। যাদের একজন কুয়েতের শ্রম বিভাগের এক পরিচালক এবং অন্যজন এক রাজনীতিবিদ, যিনি গত পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছিলেন।

সরকারি কৌঁসুলির বরাত দিয়ে আরবি দৈনিক আল-রাই এমন খবর দিয়েছে। ওই দুজনকে ২১ দিনের আটকাদেশ দিয়ে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এদিকে কুয়েতের যে দুই এমপির বিরুদ্ধে পাপুলকে বেআইনি কাজে সহযোগিতা এবং অর্থপাচারে জড়িত থাকার আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে, তাদের বিচারের মুখোমুখি করতে সংসদীয় ইমিউনিটি প্রত্যাহার করা হয়েছে।
বেশিরভাগ মানুষেরই করোনার ভ্যাকসিন লাগবে না: অক্সফোর্ড গবেষক-দৈনিক ইত্তেফাক
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধের জন্য শতাধিক ভ্যাকসিন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে পুরো বিশ্বজুড়ে। এ পর্যন্ত ১২টি ভ্যাকসিনের ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল চলছে। তবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক জানালেন করোনার ভ্যাকসিন সব মানুষের প্রয়োজন হবে না।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক সুনেত্রা গুপ্তা বলেন, যে কোনও সুস্থ-সবল মানুষ, যার শরীরে আনুষঙ্গিক কোনো রোগ নেই, তার করোনা ভ্যাকসিনের দরকার নেই। যারা বয়স্ক, তাদের প্রয়োজন হতে পারে ভ্যাকসিনের। এছাড়া সাধারণ জ্বরের চেয়ে বেশি গুরুত্ব দেওয়ার দরকারই নেই করোনাকে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসিতে কাল থেকে চিরুনি অভিযান: আতিক-দৈনিক মানবজমিন
এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে আগামীকাল শনিবার থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সব ওয়ার্ডে আবারও একযোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। আজ শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

আতিকুল ইসলাম বলেন, ১০ দিনব্যাপী এ অভিযান শুক্রবার ব্যতিত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত হবে। চিরুনি অভিযান পরিচালনার উদ্দেশে প্রতিটি ওয়ার্ডকে ১০টি সেক্টরে ভাগ করা হয়েছে। আবার প্রতিটি সেক্টরকে ১০টি সাবসেক্টরে ভাগ করা হয়। প্রতিদিন প্রতিটি ওয়ার্ডের একটি সেক্টরে অর্থ্যাৎ ১০টি সাবসেক্টরে চিরুনি অভিযান পরিচালনা করা হবে। এভাবে আগামী ১০দিনে সমগ্র ডিএনসিসিতে চিরুনি অভিযান সম্পন্ন করা হবে।
ভ্যাক্সিনের জন্য অপেক্ষা করতে হবে আরো আড়াই বছর-দৈনিক নয়া দিগন্ত
করোনার ভ্যাক্সিনের অপেক্ষায় সারা বিশ্ব। তবে কাঙ্খিত ভ্যাক্সিন হাতে পতে অপেক্ষা করতে হবে আরো অনন্ত আড়াই বছর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্পেশাল এনভয় ড. ডেভিড নাবারো তথ্য জানিয়েছেন। ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আপাতত করোনা থেকে সম্পূর্ণ মুক্তির কোনো উপায় নেই।
যদি কেউ এমনটা দাবি করেন, তাহলে তার প্রমাণ দরকার বলে মনে করেন তিনি। তিনি বলেন, ভ্যাক্সিন দেয়ার পর কেউ করোনা থেকে সম্পূর্ণ নিরাপদ হচ্ছে কিনা, তা বুঝতে সময় লাগবে। এছাড়া বিশ্বের প্রত্যেকে ভ্যাক্সিন পাচ্ছে কিনা তা নিশ্চিত করার কথা উল্লেখ করে তিনি বলেন, গরিব দেশ হোক বা ধনী দেশ, প্রত্যেকে যাতে ভ্যাক্সিন পায়, সে বিষয়টাও নিশ্চিত করতে হবে।
ভারতে তৈরি করোনা টিকা ‘কোভ্যাক্সিন' বাজারে আসতে পারে অগস্টেই-দৈনিক আনন্দবাজার পত্রিকা
ভারতে বানানো করোনার প্রথম টিকা বাজারে আসতে পারে স্বাধীনতা দিবসের মধ্যেই। তার নাম- ‘কোভ্যাক্সিন’। ‘ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড (বিবিআইএল)’-এর সহযোগিতায় ওই টিকা বাজারে আনছে ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)’। বাজারে আনার আগে মানুষের উপর প্রয়োগ করে দেখার জন্য (‘ক্লিনিক্যাল বা হিউম্যান ট্রায়াল’) দেশের অন্তত ১২টি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে আইসিএমআর সূত্রের খবর। গোটা বিশ্বে ইতিমধ্যেই করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটিরও বেশি মানুষ। ভারতেও আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এখনও পর্যন্ত বিশ্বের কোথাও করোনার কোনও টিকা বাজারে আসেনি। বেশ কয়েকটি টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চলছে।
দুর্বল নয়, বীরই শান্তির কথা বলে: লাদাখে সেনাদের সামনে বার্তা মোদীর-দৈনিক আনন্দবাজার পত্রিকা
দুর্বলেরা নয়, শান্তির কথা বলতে পারেন বীরেরাই। শুক্রবার আচমকা লাদাখ পরিদর্শনে গিয়ে এই কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সেনাদের তিনি 'দেশের মাটির বীর সেনা' বলে উল্লেখ করেন। সেনাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, 'আপনাদের রাগ এবং বীরত্ব শত্রুরা দেখে নিয়েছে।' লাদাখে সেনা বাহিনীর কাছে এই বক্তব্য রেখে প্রধানমন্ত্রী চিনের প্রতি কড়া ও প্রত্যক্ষ বার্তা পাঠালেন বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।

গত ১৫ জুন লাদাখের গলওয়ান উপত্যকায় চিনের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় ভারতীয় সেনা বাহিনীর ২০ জন সদস্যের। শুক্রবার ১১,০০০ ফিট উচ্চতায় লেহ-তে গিয়ে ভারতীয় সেনাবাহিনী, বায়ুসেনা ও আইটিবিপি জওয়ানদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, 'ভারতীয় সেনার সাহস ও দেশমাতৃকার প্রতি তাঁদের আত্মনিবেদনের কোনও তুলনা হয় না। দেশের মধ্যে এবং দেশের বাইরে বসবাসকারী প্রত্যেক ভারতীয় এই কথা বিশ্বাস করেন যে আপনারা দেশকে সুরক্ষিত রাখতে সক্ষম।
‘উসকানিমূলক পদক্ষেপ করা উচিত নয়’, মোদির লাদাখ সফর নিয়ে তোপ চিনের-দৈনিক সংবাদ প্রতিদিন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাদাখ সফর নিয়ে মুখ খুলল চিন। সরাসরি নাম না করে বেজিংয়ের বক্রোক্তি, এই মুহূর্তে কোনও পক্ষেরই উচিত নয় উস্কানিমূলক পদক্ষেপ করা। তবে, ভারতীয় ভূখণ্ডে ভারতের প্রধানমন্ত্রীর সফর কোন যুক্তিতে উসকানিমূলক, তা অবশ্য বলেনি চিন।
শুক্রবার সেনপ্রধান জেনারেল শুক্রবার কাকভোরে উত্তেজনার আবহেই লাদাখে পৌঁছন প্রধানমন্ত্রী। লেহ থেকে সেনার চপারে করে নিমুতে ফরোয়ার্ড পোস্টে পৌঁছন মোদি। তাঁর সঙ্গী ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত (General Bipin Rawat) ও সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে (Lt. General MM Naravane)। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১ হাজার ফুট উঁচুতে অবস্থিত ছাউনিতে সেনাকর্তা ও জওয়ানদের সঙ্গে দেখা করেন নমো। তারপরই এই বিষয়ে প্রতিক্রিয়া দেয় বেজিং। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, “ভারত ও চিন আলোচনার মাধ্যমএ সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। এহেন সময়ে কোনও পক্ষেরই উচিত নয় এমন কোনও পদক্ষেপ করা যা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।”#
পার্সটুডে/এমবিএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।