কথাবার্তা: ভারত শিগগিরি লাদাখে পাঠাবে রাফায়েল যুদ্ধ বিমান, এবার চীন!
শ্রোতাবন্ধুরা!২৭ জুলাই সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:
- ২৪ ঘন্টায় বাংলাদেশে ৩৭ জনের মৃত্যু হয়েছে-দৈনিক মানবজমিন
- ২৮ চিকিৎসককে বদলি করেছে স্বাস্থ্য অধিদপ্তর-ইত্তেফাক
- ৪ দিন ঘুরেও সনদ পাইনি, বিমান মিস করেছি-দৈনিক প্রথম আলো
- চামড়া খাতে ৬৮০ কোটি টাকা ঋণ দেবে ব্যাংক-দৈনিক যুগান্তর
- জঙ্গি হামলার আশঙ্কায় দেশজুড়ে কড়া নিরাপত্তা-দৈনিক কালের কণ্ঠ
- সড়কে যথাযথ ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার নির্দেশ ওবায়দুল কাদেরের-দৈনিক সমকাল
- আজই ভারতের উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছে ভয়ঙ্কর যুদ্ধবিমান রাফায়েল-বাংলাদেশ প্রতিদিন
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- পাইলটদের বিধায়ক পদ বাতিলের মামলা প্রত্যাহার করলেন স্পিকার-সংবাদ প্রতিদিন
- চীনারা ভারতীয় ভূখণ্ডে ঢুকেছে, রাজনৈতিক কেরিয়ার ধ্বংস হলেও সত্যি বলব: রাহুল-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- রাজস্থানে আস্থাভোটে কংগ্রেসকে সমর্থন নয়-মায়াবতী-দৈনিক আজকাল
- জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। প্রশ্ন হচ্ছে- তার বিরুদ্ধে প্রকৃত ও কার্যকর ব্যবস্থা নেয়া হবে তো?
২. ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত হিজবুল্লাহ। অনেকে হিজবুল্লার এ ঘোষণাকে খানিকটা বাগাড়ম্বর বলে মনে করছেন। তাদের দাবি ইসরাইল হচ্ছে প্রতিষ্ঠিত শক্তি। আপনার পর্যবেক্ষণ কি?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
করোনার আপডেট খবর বাংলাদেশ ভারতসহ বিশ্ব মিডিয়ায় গুরুত্বসহ পরিবেশিত হয়েছে।ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত বিশ্বে করোনা মারা গেছেন ৬লাখ ৫২ হাজার ৮৫৮ জন। মোট আক্রান্তে হয়েছেন ১ কোটি৬৪ লাখ ৪৭ হাজার ৩৩৪ জন এবং সুস্থ হয়েছেন জন।
বাংলাদেশে ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৩৭ জন। মৃত্যু বেড়ে মোট ২৯৬৫ জন। আর মোট শনাক্ত ২২৬২২৫ জন।
করোনার তথ্য ধ্বংস করেছে চীন, প্রথমদিকে প্রতিকারের চেষ্টাও ছিল দুর্বল-দৈনিক ইত্তেফাকের শিরোনাম এটি।
‘স্বাস্থ্যখাতে বাইরের প্রভাব ও হস্তক্ষেপ বেশি-দৈনিক মানবজমিন
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের স্বাস্থ্যখাতে বাইরের হস্তক্ষেপ, বাইরের ইনফ্লুয়েন্সটা (প্রভাব) অনেক বেশি। এটা কমাতে হবে। এটা কমানো হলে আমরা আরো ভালোভাবে স্বাধীনভাবে কাজ করতে পারবো। তিনি বলেন, যেখানে আমরা অন্যায় দেখছি, সেখানে আমরা ছাড় দিচ্ছি না, এটা আপনারাও দেখছেন। দুটি প্রতিষ্ঠান অন্যায় করেছে, তাদের আইনের আওতায় আনা হয়েছে। যেখানে এটা দেখা দেবে সেখানেই আইনের আওতায় আনা হবে।
সোমবার সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সঙ্গে অধীনস্থ দপ্তর ও সংস্থার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) শেষে দেয়া বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেখানে যে অন্যায় দেখা যাবে, আমরা চেষ্টা করব।
৪ দিন ঘুরেও সনদ পাইনি, বিমান মিস করেছি-দৈনিক প্রথম আলো
বিস্তারিত খবরে লেখা হয়েছে,যথাসময়ে করোনাভাইরাস পরীক্ষার সনদ পা পেয়ে আজ সোমবার সকালে দুবাইগামী বিমানে উঠতে পারেননি চট্টগ্রামের বেশ কয়েকজন যাত্রী। পরে তারা সনদের জন্য সিভিল সার্জন কার্যালয়ে ভিড় করেন।নাজিম উদ্দিন নামের এক যাত্রী বলেন,চার দিন ঘুরেও সনদ না পেয়ে বিমান মিস করেছি এই ক্ষতিপূরণ কে দেবে? নাজিম উদ্দিনের মতো প্রায় ৫০ জন যাত্রী সিভিল সার্জন কার্যালয়ে ভিড় করেন। এরকম আরও অনেক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।সিভিল সার্জন সেখ ফলে রাব্বি বলেন, সার্ভার সমস্যার কারণে প্রায় ৩০ জন সনদ পাননি। এরমধ্যে কয়েকজন বিমান ধরতে পারেননি। তিনি এজন্য দুঃখপ্রকাশ করেছেন।
সরকারের নিষ্ক্রিয়তা মানুষকে আত্ঙ্কগ্রস্ত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।দৈনিক মানবজমিনের এ খবরে লেখা হয়েছে,বিএনপি মহাসচিব বলেছেন, বর্তমান সরকার এক দশকেও তিস্তা চুক্তি করতে পারেনি।দেশে বন্যার জন্য সরকারের নতজানু পররাষ্ট্রনীতিকে দায়ী করেছেন তিনি।আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।
সাহেদের বিরুদ্ধে দুদকের মামলার খবরটি প্রায় সব দৈনিকে প্রকাশিত হয়েছে।
জঙ্গি হামলার আশঙ্কায় দেশজুড়ে কড়া নিরাপত্তা-মানবজমিন, যুগান্তরসহ প্রায় সব দৈনিকের এ সম্পর্কিত খবরে লেখা হয়েছে, আসন্ন ঈদুল আজহা ও আগস্ট মাসকে সামনে রেখে দেশজুড়ে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ বাহিনী। সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে সকল ইউনিটকে নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। দু’দিন আগে এ সংক্রান্ত একটি চিঠি পুলিশের সকল ইউনিটে পাঠানো হয়েছে।
পুলিশ সদর দপ্তরের ওই চিঠিতে বলা হয়েছে, করোনার সুযোগ কাজে লাগিয়ে নতুন করে সংগঠিত হচ্ছে জঙ্গিরা। আসন্ন ঈদের আগে কিংবা পড়ে তারা বড় ধরনের হামলা চালাতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, দূতাবাস, উপাসনালয়, বিমানবন্দর, মাজার কেন্দ্রিক মসজিদ, চার্চ, প্যাগোডা, মন্দির টার্গেট করা হতে পারে। এজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। তবে চিঠিতে কোন দিন-তারিখ না উল্লেখ থাকলেও সময়কাল ধরা হয়েছে, সকাল ৬-৭টা অথবা সন্ধ্যা ৭-১০টা।
ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
চীনারা ভারতীয় ভূখণ্ডে ঢুকেছে, রাজনৈতিক কেরিয়ার ধ্বংস হলেও সত্যি বলব: রাহুল-দৈনিক আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে,সীমান্তে ভারত এবং চীনের সঙ্ঘাতের উত্তাপ খানিকটা কমেছে। কিন্তু তা নিয়ে প্রশ্ন তোলা থামাচ্ছেন না রাহুল গাঁধী। এই ইস্যুতে এ যাবৎ লাগাতার আক্রমণ শানিয়ে আসছিলেন তিনি। সোমবার তার ধার আরও বাড়ালেন। রোববার একটি ভিডিয়ো বার্তায় তিনি জোর গলায় দাবি করেছেন, এখনও ভারতীয় ভূখণ্ড দখল করে রয়েছে চিন। এ প্রসঙ্গেই তাঁর মন্তব্য,‘আমার রাজনৈতিক কেরিয়ার ধ্বংস হলে গেলেও আমি মিথ্যা কথা বলব না।’টুইটে রাহুল লিখেছেন,‘চীনারা ভারতীয় ভূখণ্ড দখল করেছে। সত্য গোপন করা এবং তাদের সুযোগ দেওয়াটাই জাতীয়তাবাদ বিরোধী। এটা জনগণের সামনে তুলে ধরাটাই দেশপ্রেম।’’ এর সঙ্গে রাহুলের একটি ভিডিয়ো বার্তাও রয়েছে।
আজই ভারতের উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছে ভয়ঙ্কার যুদ্ধবিমান রাফায়েল-দৈনিক সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা
হয়েছে,সমরাস্ত্রে চীনকে টক্কর দিতে কোমর বেঁধেছে ভারত। ভারতীয় সেনাবাহিনীর অস্ত্র ভাণ্ডারের আধুনিকীকরণ করতে মোটা অঙ্কের টাকাও ধার্য করেছে দেশটির সরকার। চীনের রক্তচাপ বাড়িয়ে আজই ফ্রান্স থেকে ভারতের উদ্দেশে রওনা দিচ্ছে পাঁচটি রাফায়েল যুদ্ধবিমান। ভারতীয় পাইলটরাই যুদ্ধ বিমানগুলোকে উড়িয়ে আনবেন। সব ঠিক থাকলে বুধবার দেশে পৌঁছাবে অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো। হরিয়ানার আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে ‘গোল্ডেন অ্যারো’ ১৭ নম্বর স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত করা হবে এই যুদ্ধবিমানগুলো। সব প্রস্তুতি ঠিক থাকলে সাতদিনের মাথায় রাফায়েল পাঠিয়ে দেওয়া হবে পূর্ব লাদাখে।
পাইলটদের বিধায়ক পদ বাতিলের মামলা প্রত্যাহার করলেন স্পিকার-নয়া জল্পনা রাজস্থানে-সংবাদ প্রতিদিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, রাজস্থান রাজনীতিতে নতুন জল্পনা। এবার শচীন পাইলট এবং তাঁর অনুগামীদের বিধায়ক পদ বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে করা মামলা প্রত্যাহার করে নিল কংগ্রেস। দলীয় সূত্রের খবর, আপাতত তারা এই লড়াইটা রাজনৈতিকভাবে লড়তে চায়। পরবর্তীকালে প্রয়োজন পড়লে হাই কোর্টের রায় বিবেচনা করে সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করা যাবে।
উল্লেখ্য,একাধিকবার মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে হাজির না থাকায় শচীন পাইলট ও তাঁর ১৮ জন অনুগামী বিধায়ককে শোকজ নোটিস পাঠিয়েছিলেন রাজস্থান বিধানসভার স্পিকার সিপি যোশী। জানিয়ে দেওয়া হয়েছিল, তিনদিনের মধ্যে বৈঠকে গরহাজিরার কারণ না দেখাতে পারলে তাঁদের বিধায়কপদ বাতিল হয়ে যাবে। স্পিকারের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজস্থান হাই কোর্টের দ্বারস্থ হন পাইলট শিবিরের বিধায়করা। হাই কোর্টে জয় হয় পাইলট (Sachin Pilot) এবং তাঁর অনুগামীদেরই। জয়পুর হাই কোর্ট স্পিকার সিপি যোশীকে (CP Joshi) জানিয়ে দেয়, এখনই পাইলট ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা নিতে পারবেন না তিনি। হাই কোর্টের এই রায়ের আগেই অবশ্য সুপ্রিম কোর্টে আবেদন করেন স্পিকার। তাঁর দাবি ছিল বিধায়কপদ বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত শুধুমাত্র স্পিকারের উপর নির্ভর করে। এতে হাই কোর্ট হস্তক্ষেপ করতে পারে না। সোমবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি ছিল। কিন্তু শুনানি শুরু হতেই নিজের করা আবেদন প্রত্যাহার করে নেন স্পিকার। তাঁর যুক্তি, রাজস্থান হাই কোর্টের রায় পর্যবেক্ষণের পর তিনি ফের আদালতে আবেদন করবেন।
ভারতের করোনা পরিস্থিতির আপডেট খবর: ভারতে ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ প্রায় ৫০ হাজার।এসময়ে মারা গেছেন ৭০৮ জন। দেশে মোট আক্রান্ত ১৪ লাখ ছাড়াল। মোট মারা গেছেন ৩২,৭৭১ জন। ভারতের পশ্চিমবঙ্গের বেহালায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার ১৫ ঘন্টা পর তার দেহ সরাতে উদ্যোগী হলো প্রশাসন। দৈনিক আনন্দবাজার পত্রিকাসহ প্রায় সব দৈনিকে করোনা সম্পর্কিত এসব খবর পরিবেশিত হয়েছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭