সেপ্টেম্বর ২৭, ২০২০ ১৩:২৪ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ২৭ সেপ্টেম্বর রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশের শিরোনাম:

  • ছাত্রাবাসে গণধর্ষণ: সাইফুরের পর অর্জুন গ্রেফতার-দৈনিক ইত্তেফাক
  • ধর্ষণের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না-ওবায়দুল কাদের-দৈনিক কালের কণ্ঠ
  • ধর্ষণে ছাত্রলীগের জড়িত থাকা নতুন কিছু নয়-ফখরুল-বাংলাদেশ প্রতিদিন
  • যুবলীগ নেতার নেতৃত্বে ভয়ংকর কিশোর গ্যা!-কিশোরকে খুন করে ধরা পড়ল-প্রথম আলো
  • ভিসার মেয়াদ বাড়াতে সৌদি দূতাবাসে প্রবাসীদের ভিড়-দৈনিক সমকাল
  • যারা ইতিহাস বিকৃত করছে তাদেরকে ব্ল্যাকলিস্ট করছি: রিজভী
  • -মানবজমিনভ্যাকসিন সময়মতোই পাব: স্বাস্থ্যমন্ত্রী -দৈনিক যুগান্তর

ভারতের শিরোনাম:

  • ভারতে করোনায় দৈনিক সংক্রমণের হার বেড়েছে-দৈনিক আজকাল
  • কৃষকরাই আত্মনির্ভর ভারতের মেরুদণ্ড, বার্তা মোদীর -আনন্দবাজার পত্রিকা
  • ফের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগে টুইট রাজ্যপালের -সংবাদ প্রতিদিন

 শ্রোতাবন্ধুরা! এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত বিষয় সিলেটের এমসি কলেজের ছাত্রবাসে এক গৃহবধুর শ্লীললতাহানির ঘটনা। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পাশবিকভাবে নির্যাতন করা হয়েছে। যে খবরটি দেশের বিবেকবান সব মানুষকে ব্যথিত করেছে। এ সম্পর্কে প্রায় সব দৈনিকে বিশেষ গুরুত্বসহ খবর পরিবেশিত হয়েছে। দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে,ঐ ঘটনার অন্যতম আসামি ছাত্রলীগ কর্মী সাইফুরের পর একই মামলার আরেক আসামি অর্জুন লস্কর গ্রেফতার। এ নিয়ে দুজন গ্রেফতার হলো। এদিকে ধর্ষকদের সর্বোচ্চ শান্তি চায় ছাত্রলীগ-দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম। মানবজমিনের শিরোনাম-গণধর্ষণের প্রতিবাদে সিলেটের মেয়র, কাউন্সিলরদে পদযাত্রা। তবে দৈনিক যুগান্তরে শিরোনাম করা হয়েছে এরকম-আট বছরে এমসি কলেজে কলঙ্কের হ্যাটট্রিক।

দৈনিক কালের কণ্ঠের এ সম্পর্কিত একটি খবরের শিরোনাম-এমসি কলেজে ধর্ষণের ঘটনায় কাউকে ছাড় নয়'বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। খবরটিতে লেখা হয়েছে,সিলেটের ধর্ষণের ঘটনায় সরকারের অবস্থান কঠোর। অপরাধীদের বিচারের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হবে-এটি প্রধানমন্ত্রীর নির্দেশ।'তিনি বলেন,সরকার নিজের দলের কর্মীদের অপকর্মের জন্য শাস্তি দিতে পিছপা হয় না। দেশের পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট ১ আসনের সংসদ সদস্য ড.একে আবদুল মোমিনও একইসুরে বলেছেন-এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় অপরাধী যেই হোক শাস্তি পেতে হবে। 

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্ষণের ঘটনায় ছাত্র লীগের জড়িত থাকার ঘটনা নতুন কিছু নয়। আগেও এমন অপকর্ম করেছে সরকারদলীয় ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। তিনি ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। যথার্থ বলেছেন দুই মন্ত্রী এবং বিএনপি মহাসচিব। অপরাধীর শাস্তি হোক, মানুষ ন্যায় বিচার পাক সেটিই প্রত্যাশা সাধারণ মানুষের। কিন্তু বিভিন্নমহলে এধরনের ঘটনায় প্রশ্ন থেকেই যায়-মন্ত্রীরা বা রাজনৈতিক নেতারা যেমনটি বলেন তেমনটি কি হচ্ছে?

একটি রাজনৈতিক খবরে দৈনিক মানবজমিন শিরোনাম করেছে এমন,যারা ইতিহাস বিকৃত করছে তাদেরকে ব্ল্যাকলিস্ট করছি-বলেছেন বিএনপি নেতা রিজভী। এ খবরে লেখা হয়েছে,যারা ইতিহাস বিকৃত করছে তাদের নামের ব্ল্যাকলিস্ট ও তাদের জন্য কালো তালিকা করা হচ্ছে। তিনি গতকাল আরটিভিতে প্রচারিত একটি নাটকের প্রতিবাদ জানিয়েছেন। সিলেটে স্বামীকে আটকে গৃহবধুকে গণধর্ষণ এবং খাগড়াছড়িতে পাহাড়ী নারীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি বলবো, দেখুন কখন যে রাজনীতির হাওয়া বদলে যায়। রাজনীতির হাওয়া কিন্তু ডেকেশুনে আসে না।

কঠিন সংকটে প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তারা-শিরোনামটি দৈনিক যুগান্তরের। বিস্তারিত খবরে লেখা হয়েছে,পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে সরাসরি প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে চাকরিতে প্রবেশ করা কর্মকর্তারা বেতন বৃদ্ধি ও পদোন্নতি নিয়ে নানামুখী সংকটে আছেন। অনেকে ১৫-২০ বছর চাকরি করেও পদোন্নতির দেখা পাচ্ছেন না। অঘোষিতভাবে এক রকম ব্লক পদে চাকরি করে জীবন পার করতে হচ্ছে। উপরন্তু, বিদ্যমান বেতন স্কেলে তাদের এন্টি পদের বেতন গ্রেডে চরম বৈষম্য সৃষ্টি করা হয়েছে। ।আবার দীর্ঘ অপেক্ষার পর কেউ কেউ পদোন্নতি পেলেও উল্টো তার বেতন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

কৃষকরাই আত্মনির্ভর ভারতের মেরুদণ্ড,বার্তা মোদীর-দৈনিক আনন্দবাজার পত্রিকার এ খবরে বলা হয়েছে,দেশ জুড়ে কৃষি বিলের বিরোধিতায় সরব হয়েছেন কৃষকরা। দীর্ঘ দিনের শরিক অকালি দল পর্যন্ত জোট ছেড়ে বেরিয়ে গিয়েছে। এমন অবস্থায় ‘মন কি বাত’অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের কাছে টানার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়ে দিলেন, যে আত্মনির্ভর ভারত গড়ে তোলার স্বপ্ন দেখছেন তিনি, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন দেশের কৃষকরা। রোববার‘মন কি বাত’-এর ৬৮তম পর্বে প্রধানমন্ত্রী বলেন,‘করোনা সঙ্কটের মধ্যেও দেশের কৃষিব্যবস্থা মজবুত ও স্থিতিশীল রয়েছে।আসলে এর মাধ্যমে দেশের কৃষকভাইদের আত্মবিশ্বাসেরই প্রতিফলন ঘটেছে। এই কৃষক ভায়েরাই আত্মনির্ভর ভারতের ভিত।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়,‘কৃষকদের হাত আরও শক্ত হচ্ছে। দেশের কৃষিক্ষেত্রে উন্নয়ন ঘটছে। এখন থেকে যে কোনও ফসল বিক্রি করতে পারবেন কৃষকরা। তবে কৃষি বিলের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ ও প্রতিবাদ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে বলে বিভিন্ন দৈনিকের খবরে উল্লেখ করা হয়েছে। 

জবাবি চিঠির পালটা,ফের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগে টুইট রাজ্যপালের-দৈনিক সংবাদ প্রতিদিন

বিস্তারিত খবরে লেখা হয়েছে, সম্প্রতি ধারাবাহিকভাবে রাজ্য প্রশাসন এবং রাজ্য পুলিশের ডিজিকে নিয়ে টুইট খোঁচা দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সে প্রসঙ্গে শনিবার দুপুরেই তাঁকে তোপ দাগেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম । তার ঠিক কয়েক ঘণ্টা পরেই মোক্ষম জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনে পৌঁছায় নবান্নের পত্রবোমা। তাতে আক্রমণাত্মক ভাষায় ভারতীয় সংবিধানের ধারা উল্লেখ করে রাজ্যপালকে তাঁর ভূমিকা স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। তবে তাতে দু’পক্ষের সংঘাতের ঝাঁজ যেন আরও বাড়ল। রাত পোহাতে না পোহাতেই মুখ্যমন্ত্রীকে ফের টুইটে খোঁচা দিলেন রাজ্যপাল। রোববার পরপর দু’টি টুইট করেন তিনি। প্রথম টুইটে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কৃষকদের বঞ্চনার অভিযোগ তোলেন তিনি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭