কথাবার্তা: নারীকে সম্মান করুন, সত্যিকারের মানুষ হোন’, মুশফিক-তামিমদের ভিডিও বার্তা
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৯ অক্টোবর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে
প্রথমে বাংলাদেশে:
- বিশ্বে এক দিনে রেকর্ডসংখ্যক করোনা রোগী শনাক্ত-দৈনিক প্রথম আলো
- করোনায় আক্রান্ত ও মৃত্যুহার কমেছে, বেড়েছে সুস্থতার হার -দৈনিক ইত্তেফাক
- নারী, শিশু, প্রতিবন্ধীসহ কেউ নিরাপদে নেই : ফখরুল -দৈনিক কালেরকণ্ঠ
- শান্তিতে নোবেল পেল বিশ্ব খাদ্য কর্মসূচি-দৈনিক যুগান্তর--দৈনিক যুগান্তর
- নারীকে সম্মান করুন, সত্যিকারের মানুষ হোন’, মুশফিক-তামিমদের ভিডিও বার্তা -দৈনিক মানবজমিন
- সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণের পোস্ট দিতে পারবেন না কলেজের শিক্ষার্থী-শিক্ষকেরা-এনটিভিবিডি অনলাইন
ভারতের খবর:
- চিনের সাহায্যে অধিকৃত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র ঘাঁটি বানাচ্ছে পাকিস্তান-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- দিল্লি হিংসায় বিক্ষোভকারীদের উপর ডিম, ইট ছুড়েছিল দিল্লি পুলিশ, বলছে ভিডিও- দৈনিক আজকাল
- রাজ্যপাল পঙ্গপাল’, ধনকড়ের সফরের মাঝেই আলিপুরদুয়ারে পোস্টার বিতর্কে নাম জড়াল তৃণমূলের-দৈনিক প্রতিদিন
বিশ্বে এক দিনে রেকর্ডসংখ্যক করোনা রোগী শনাক্ত-দৈনিক প্রথম আলো
বিশ্বে এক দিনে রেকর্ডসংখ্যক করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাতে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।বৃহস্পতিবার বিশ্বে ৩ লাখ ৩৮ হাজার ৭৭৯ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়। এটি ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা সংক্রমিত রোগী শনাক্তের রেকর্ড।ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, বিশ্বে করোনা রোগী শনাক্তের আগের রেকর্ডটি হয়েছিল গত ২ অক্টোবর। তখন এক দিনে বিশ্বে ৩ লাখ ৩০ হাজার ৩৪০ রোগী শনাক্ত হয়েছিল।বিশ্বে এক দিনে রেকর্ড সংখ্যক করোনা সংক্রমিত রোগী শনাক্ত হওয়ার ক্ষেত্রে ইউরোপের বড় ভূমিকা রয়েছে।ইউরোপে এক দিনে ৯৬ হাজার ৯৯৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ইউরোপে এক দিনে করোনা রোগী শনাক্তের সর্বোচ্চ সংখ্যা এটা।রয়টার্স জানিয়েছে, এখন ভারত, ব্রাজিল বা যুক্তরাষ্ট্রের চেয়ে ইউরোপে বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। বৃহস্পতিবার রেকর্ডের দিন ভারতে ৭৮ হাজার ৫২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ব্রাজিলে শনাক্ত হয়েছে ৪১ হাজার ৯০৬ জন রোগী। যুক্তরাষ্ট্র ৩৮ হাজার ৯০৪ জন শনাক্ত হয়েছে। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিশ্বে ৫ হাজার ৫১৪ জন করোনা রোগীর মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বে এখন করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৬৫ লাখ ২৭ হাজার ৩৪১ জন। বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১০ লাখ ৬২ হাজার ৭৫ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। ব্রাজিলের অবস্থান তৃতীয়।গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ জানুয়ারি বিশ্বে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। চলতি বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
নারী, শিশু, প্রতিবন্ধীসহ কেউ নিরাপদে নেই : ফখরুল -দৈনিক কালেরকণ্ঠ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবৈধ আওয়ামী লীগ সরকার স্বাধীন দেশটাকে একটা ভয়ঙ্কর অসভ্য সমাজে পরিণত করেছে। যেখানে নারী, শিশু, প্রতিবন্ধীসহ কেউ নিরাপদে নেই—নৈতিকতা নেই।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, সরকারের মদদপুষ্ট হয়ে ক্ষমতাসীনরা ধর্ষণ, নির্যাতন ও লুটপাটে মেতে উঠেছে।
তিনি বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা ক্ষমতায় এসে রাষ্ট্রের সব সংস্থাকে ভেঙে দিয়েছে। অপরাধীদের বিচার না করে তারা প্রশ্রয় দিচ্ছে, এতে অপরাধীরা আরও বেপরোয়া হচ্ছে। তারা একের পর এক অপরাধ সংঘটিত করছে।
তিনি বলেন, সরকার অপকর্ম করবে— এটার প্রতিবাদও করা যাবে না। সরকার গণমাধ্যম, রাজনীতিববিদসহ সব শ্রেণির বাকস্বাধীনতা হরণ করেছে। ন্যূনতম বেঁচে থাকার অধিকার নেই। সময় এসেছে প্রতিবাদ করার, খালেদা জিয়া ও তারেক রহমানকে আবার ফিরিয়ে এনে প্রতিরোধ করার।
মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
শান্তিতে নোবেল পেল বিশ্ব খাদ্য কর্মসূচি-দৈনিক যুগান্তর-
এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। শুক্রবার নরওয়েজিয়ান নোবেল কমিটি এমন তথ্য দিয়েছে। খবর সিএনএনের
জাতিসংঘের সহায়তা সংক্রান্ত একটি শাখা বিশ্ব খাদ্য কর্মসূচি। এটি ক্ষুধা ও খাদ্য নিরাপত্তার সঙ্গে জড়িত বিশ্বের বৃহত্তম সংস্থা।বিশ্ব খাদ্য কর্মসূচির নিজস্ব তথ্যমতে, সংস্থাটি প্রতি বছর ৭৫টি দেশে আট কোটি লোককে খাদ্য সহায়তা দান করে।সংস্থাটির সদর দফতর রোমে অবস্থিত। সারা বিশ্বে এর ৮০টিরও বেশি শাখা আছে। এগুলোর মাধ্যমে বিশ্ব খাদ্য কর্মসূচি এমন সব মানুষকে সাহায্য করে, যারা নিজেদের জন্য এবং পরিবারের জন্য যথেষ্ট পরিমাণ খাবার উৎপাদন কিংবা আহরণ করতে অক্ষম। সংস্থাটি জাতিসংঘ উন্নয়ন গ্রুপের নির্বাহী কমিটির সদস্য।
করোনায় আক্রান্ত ও মৃত্যুহার কমেছে, বেড়েছে সুস্থতার হার -দৈনিক ইত্তেফাক
গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৪৭৭ জন।
এ ছাড়া দেশে নতুন করে আরো ১ হাজার ২৭৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৮৭০ জন। ২৪ ঘণ্টায় ১১ হাজার ২৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।এর আগের দিন বৃহস্পতিবার ১২ হাজার ৬০৫ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৪৪১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল। আর করোনা আক্রান্তদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ১ হাজার ৫৮৫ জন সুস্থ হয়েছিল। সে তুলনায় আজ করোনা আক্রান্ত ও মৃত্যুহার কমেছে। আর সুস্থতার হার বেড়েছে।
শুক্রবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৯৬ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল দুই লাখ ৮৯ হাজার ৯১২ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ২৫৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১ হাজার ২৭৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৯৬ জন সুস্থ হয়েছেন। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানসহ বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি ৩০ মে পর্যন্ত করা হয়। ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
নারীকে সম্মান করুন, সত্যিকারের মানুষ হোন’, মুশফিক-তামিমদের ভিডিও বার্তা -দৈনিক মানবজমিন
ধর্ষণ ও যৌন হয়রানির বিরুদ্ধে উত্তাল সারাদেশ। চলছে নানান সমাবেশ ও আন্দোলন। এই ঘৃণিত অপরাদ নিয়ে গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সোচ্চার দেখা গেছে ক্রিকেটারদের অনেককে। তারপরেও দেশের আনাচে-কানাচে থেকে প্রতিদিনই খবর মিলছে ধর্ষণ, যৌন হয়রানি কিংবা নারী নির্যাতনের। নিজেদের দায়িত্ববোধ থেকে এবার দেশের শীর্ষ ক্রিকেটাররা সম্মিলিতভাবে আহবান জানালেন নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে ও নারীদের সম্মান করতে।
মুশফিকুর রহিম আহবান জানালেন সত্যিকারের মানুষ হয়ে উঠতে। ভিডিও বার্তায় দেশের অন্যতম সেরা এই ক্রিকেটার বলেন, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আমার-আপনার, আমাদের বোনদের ওপর ভয়াবহ নির্যাতনের ঘটনায় আমি মর্মাহত। নারীদের সম্মান করুন, সত্যিকারের মানুষ হোন।’
আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দিয়ে ভিডিও বার্তায় বলেন,এখন সময় এসেছে, আসুন সবাই মিলে একতাবদ্ধ হয়ে এই অমানুষগুলোকে সামাজিকভাবে প্রতিহত করি এবং এদের মুখোশ খুলে দেই।’
নিজের পরিবারে দিতে তাকাতে বলে তামিম ইকবাল বলেন, নিজ নিজ পরিবারের নারী সদস্যেদের কথা ভাবুন এবং দেশের প্রতিটি নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসুন।’
মুমিনুল হকের বার্তা, ‘চলুন আমরা নিজেদের মানুষ হিসেবে প্রমাণ করি এবং নারীর প্রতি সম্মান প্রদর্শন করি। সৌম্য সরকার তার ভিডিও বার্তায় বলেন, ‘নারীকে সস্মান করুন, সত্যিকারের মানুষ হোন’।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, রুবেল হোসেনসহ অনেকে এর প্রতিবাদ জানিয়েছেন।
সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণের পোস্ট দিতে পারবেন না কলেজের শিক্ষার্থী-শিক্ষকেরা-এনটিভিবিডি অনলাইন
ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, মন্তব্য, লাইক ও শেয়ার করতে পারবেন না সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন গত বুধবার দেশের সব সরকারি কলেজের অধ্যক্ষদের বরাবরে পাঠানো হয়।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী কোনো রকম তথ্য-উপাত্ত প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন বা ধর্মনিরপেক্ষতা নীতি পরিপন্থী তথ্য-উপাত্ত প্রকাশ করা যাবে না। এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে এমন কোনো ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক ও শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি
চিনের সাহায্যে অধিকৃত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র ঘাঁটি বানাচ্ছে পাকিস্তান-দৈনিক আনন্দবাজার পত্রিকা
লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) ভারতকে চাপে রাখতে পাক অধিকৃত কাশ্মীরকে এ বার ‘অস্ত্র’ করছে চিন। ভারতীয় গুপ্তচর সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসি উইং’ (র)-এর সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, পাক অধিকৃত কাশ্মীরে চিনের সহায়তায় ক্ষেপণাস্ত্র কেন্দ্র-সহ নানা সামরিক পরিকাঠামো বানাচ্ছে পাক সেনা।
কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি, গত মাসে কেন্দ্রের কাছে ‘র’-এর তরফে ওই ওই রিপোর্ট পেশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, পাক অধিকৃত কাশ্মীরের লাসাডন্না ঢোক অঞ্চলে চিনের ‘পিপলস লিবারেশন আর্মি’ (পিএলএ)-র সহায়তায় ‘ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র’ উৎক্ষেপণ কেন্দ্র বানানো হচ্ছে। বাঘ জেলায় মোতায়েন পাক ফৌজের একটি ব্রিগেডের সদর দফতরের অদূরের ওই ক্ষেপণাস্ত্র ঘাঁটি বানানোর কাজে ১৩০ জন পাক সেনা এবং জনা চল্লিশেক অসামরিক নির্মাণ-কর্মী জড়িত রয়েছেন বলেও প্রতিবেদনটিতে জানানো হয়েছে।
‘র’-এর রিপোর্ট বলছে, লাসাডন্না ঢোকের ক্ষেপণাস্ত্র ঘাঁটির কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবেন পিএলএ-র তিন অফিসার-সহ অন্তত ১০ জন সেনা। অধিকৃত কাশ্মীরের হট্টিয়ান বালা জেলার চকোঠী, পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ঝিলম জেলার চিনারীতেও চিনা সহয়তায় একই ধরনের ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণের কথাও বলা হয়েছে রিপোর্টে। ভারতীয় বায়ুসেনার সম্ভাব্য বিমানহানা ঠেকানোই এর উদ্দেশ্য বলে সামরিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন।
লাদাখে চিনা ফৌজের অনুপ্রবেশ ঘিরে সঙ্ঘাতের আবহেই অধিকৃত কাশ্মীর এবং গিলগিট-বালটিস্তানে পাক সেনার তৎপরতার খবর সামনে এসেছিল। নিয়ন্ত্রণরেখা (এলওসি)-র কাছে অধিকৃত কাশ্মীর ও গিলগিট বালটিস্তানে অতিরিক্ত বিশ হাজার পাক সেনা মোতায়েনের সেই খবরের জেরে প্রয়োজনীয় পদক্ষেপও করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে। ‘র’-এর রিপোর্ট উদ্ধৃত করে জুন মাসে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছিল, দ্বিপাক্ষিক সামরিক সমন্বয় বাড়াতে বেজিংয়ে পিএলএ-র সদর দফতরে একজন উচ্চপদস্থ পাক সেনা অফিসারকে নিয়োগ করা হয়েছে।
দিল্লি হিংসায় বিক্ষোভকারীদের উপর ডিম, ইট ছুড়েছিল দিল্লি পুলিশ, বলছে ভিডিও- দৈনিক আজকাল
উত্তরপূর্ব দিল্লিতে গত ফেব্রুয়ারিতে ঘটা হিংসার সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে ইটপাটকেল, ডিম ছুড়েছিলেন দিল্লি পুলিশের কর্মীরা। গত পাঁচ তারিখ সাতটি ভিডিও ক্লিপ দিললি পুলিশকে দিয়েছিল দিল্লি সরকারের স্বরাষ্ট্র দপ্তর।
একটি ভিডিও–তে দেখা গিয়েছে একজন পুলিশকর্মী পাঁচজন জখম ব্যক্তিকে বাধ্য করছেন মাটিতে শুয়ে পড়ে জাতীয় সঙ্গীত গাইতে। তারপর গত সাত তারিখ উত্তরপূর্ব দিল্লির ডিসিপি জানান, তিনটি ভিডিও ক্লিপের ভিত্তিতে তাঁরা পদক্ষেপ করেছেন। বাকিগুলি খতিয়ে দেখা হচ্ছে। ওইগুলি কোথায়, কথন ঘটেছিল তা খতিয়ে দেখে তারপর রিপোর্ট জমা দেওয়া হবে। যে ভিডিও ক্লিপে জাতীয় সঙ্গীত গাইতে বাধ্য করা হচ্ছে, সেই ঘটনার তদন্ত করছে দিল্লি পুলিশে অপরাধ দমন শাখার বিশেষ তদন্তকারী দল। যে পাঁচজন জখম ব্যক্তিকে ভিডিও–য় দেখা যাচ্ছে, তাঁদের মধ্যে ২৪ বছরের ফৈজানের মৃত্যু হয় পরে। ভজনপুরা থানায় ওই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯ এবং ৩০২(খুন) ধারায় মামলাও দায়ের হয়েছে।
আরেকটি ভিডিও–তে দেখা গিয়েছে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ইট ছুড়ছেন সশস্ত্র পুলিশকর্মীরা। ভিডিওতে প্রত্যেকের মুখ্য স্পষ্ট। একটি পুলিশ ফাঁড়িও সেখানে স্পষ্ট দৃশ্যমান। ফলে ঘটনাটি কোন এলাকার তা সহজেই বোঝা যায়। আরেকটি ভিডিও–তে দেখা যাচ্ছে একদল বিক্ষোভকারীকে পুলিশকর্মীরা নির্দেশ দিচ্ছেন অন্যদিকে বিক্ষোভ করতে যেতে। এবং তাঁরাও বিক্ষোভকারীদের সঙ্গেই ইটপাটকেল ছুড়তে শুরু করেছেন। এই দুটি ভিডিও ক্লিপই পরীক্ষা করছে পুলিশ। দিল্লি পুলিশ জানিয়েছে তারা ইতিমধ্যেই দুটি ভিডিও ক্লিপের ভিত্তিতে পদক্ষেপ করেছে। বাকিগুলিও তদন্ত প্রমাণিত হলে করা হবে।
রাজ্যপাল পঙ্গপাল’, ধনকড়ের সফরের মাঝেই আলিপুরদুয়ারে পোস্টার বিতর্কে নাম জড়াল তৃণমূলের-দৈনিক প্রতিদিন
রাজ্যপালের সফরের মাঝেই পোস্টার বিতর্কে তোলপাড় আলিপুরদুয়ারের (Alipurduar) বিন্দিপাড়া। শুক্রবার সকালে শহিদ বিপুল রায়ের বাড়িতে সস্ত্রীক যাওয়ার কথা ছিল তাঁর। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন সেখানে পৌঁছনও তিনি। তবে পথে লেখা বেশ কয়েকটি পোস্টার দেখতে পান তিনি। তাতে লেখা ছিল, “পঙ্গপাল রাজ্যপাল। নির্লজ্জ বিজেপির দালাল। কোথায় ছিল এতকাল। জবাব চাই। জবাব দাও।” পোস্টারের নিচে তৃণমূলের নামও উল্লেখ করা ছিল। তাতেই বেজায় ক্ষুব্ধ রাজ্যের সাংবিধানিক প্রধান। যদিও শাসকদল তৃণমূল এই পোস্টারের সঙ্গে তাদের কোনও যোগসাজশ নেই বলেই দাবি করেছে।
শুক্রবার সকাল ৭.৩৪ নাগাদ একটি টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। ওই টুইটেই তিনি সস্ত্রীক বাগডোগরা পৌঁছনোর কথা জানান।এদিকে, গত মঙ্গলবারই আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যাতে লোয়ার ডিভিশন ক্লার্কের চাকরিতে যোগ দেন শহিদ বিপুলের স্ত্রী রুম্পা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন। স্বামী হারানোর যন্ত্রণা বুকে রয়েছে। তবে আবারও কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়ে কিছুটা স্বস্তিতে শহিদপত্নী।#