ডিসেম্বর ০৯, ২০২০ ১২:৫০ Asia/Dhaka

শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: অনুষ্ঠানের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। আহলে বাইতের মহান ইমাম, হযরত জাফর আস-সাদিক (আ.) বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর ওপর আস্থা রাখে, তার পার্থিব ও পারলৌকিক ব্যাপারে আল্লাহই যথেষ্ট এবং যা কিছু তার নিকট থেকে অনুপস্থিত, তিনি তার জন্যে তা সুরক্ষা করেন।

আকতার জাহান: আমরা সবাই সকল বিষয়ে মহান আল্লাহর ওপর আস্থা রাখব- এ কামনা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম চিঠিটি এসেছে বাংলাদেশের রাজবাড়ি জেলার খোশবাড়ি থেকে আর পাঠিয়েছেন শাওন হোসাইন। তিনি লিখেছেন

"সম্প্রতি রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনে বাংলাদেশ ও ভারতের নবীন ও প্রবীণ শ্রোতাদের সমাগম চোখে পড়ার মতো। ফেসবুক লাইভ ও ম্যাসেঞ্জার গ্রুপে বিপুলসংখ্যক শ্রোতার উপস্থিতি প্রমাণ করে শ্রোতাদের নিকট রেডিও তেহরানের গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফেসবুক ও ম্যাসেঞ্জার গ্রুপে শ্রোতারা অনুষ্ঠান সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে পারছে যা অনুষ্ঠানের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।"

এরপর শাওন ভাই গত ২০ অক্টোবরের সান্ধ্য অধিবেশন সম্পর্কে তার ভালোলাগার অনুভূতি জানিয়েছেন।

নাসির মাহমুদ: মতামত জানানোর জন্য শাওন হোসাইন ভাইকে ধন্যবাদ জানিয়ে হাতে তুলে নিচ্ছি পরের চিঠিটি। এটি এসেছে ভারতের পশ্চিম বঙ্গের পূর্ব বর্ধমান জেলার হাটশিমলা থেকে। আর পাঠিয়েছেন প্রদীপ বসাক।

২৬ অক্টোবরের অনুষ্ঠান প্রসঙ্গে তিনি তিনি লিখেছেন, আজ আমার সবথেকে পছন্দের অনুষ্ঠান চিঠিপত্রের আসর প্রিয়জন শুনলাম। এই অনুষ্ঠানে আমার একটি চিঠি গুরুত্বের সঙ্গে পাঠ করা হল। এতেই প্রমাণিত হচ্ছে যে, রেডিও তেহরান বাংলা বিভাগ শ্রোতাদের ভীষণভাবে ভালোবাসে এবং উৎসাহ দিয়ে থাকে। সে উৎসাহে আমরা আপনাদের সঙ্গে আরও ভালোভাবে বন্ধুত্ব বজায় রাখতে পারব। আর এ বন্ধুত্বর কোনো খাদ থাকবে না।

আশরাফুর রহমান: এরপর প্রদীপ বসাক লিখেছেন, রেডিও তেহরান বাংলা বিভাগের মাধ্যমে আমি অনেক বন্ধু পেয়েছি যারা আমাকে ভীষণভাবে সহযোগিতা করেন। তার মধ্যে একজনের নাম উল্লেখ না করে পারছি না। তিনি হলেন বাংলাদেশের বগুড়া চাঁদনী বাজারের মোঃ সাইফুল ইসলাম। তিনি আমাকে নানানভাবে সহযোগিতা করেন এবং রেডিও তেহরান শোনার উৎসাহ দেন। আমি রেডিও তেহরান বাংলা বিভাগের মাধ্যমে সাইফুল ইসলামকে ধন্যবাদ জানাই।

আকতার জাহান: সাইফুল ভাই এতক্ষণে নিশ্চয়ই আপনার ধন্যবাদ পেয়ে গেছেন। তো চিঠি লিখার জন্য প্রদীপ বসাক আপনাকে অনেক অনেক ধন্যবাদ। 

নারায়ণগঞ্জের আলী সাহারদির শিক্ষার্থী শ্রোতা পরিষদ থেকে সাঈফ আহমেদ উৎস পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, আমি রেডি তেহরানের বাংলা বিভাগের একজন নিয়মিত শ্রোতা। আমার মনপছন্দ অনুষ্ঠানগুলো হল- রংধনু, পারস্যের প্রতিভা -বিশ্বের গর্ব, প্রিয়জন, আসমাউল হুসনা, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা, স্বাস্থ্যকথা প্রভৃতি।

এরপর একদিনের অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, রংধনু আসরে 'তোতা পাখীর দুটি গল্প' ও তোতা পাখি সম্পর্কে জানা-অজানা তথ্য জানলাম। 'পারস্যের প্রতিভা-বিশ্বের গর্ব' অনুষ্ঠানে প্রখ্যাত ইরানি দার্শনিক মোল্লা সাদরার জীবন সম্পর্কে জানলাম এবং জেনে অবাক হলাম যে, তিনি পাঁয়ে হেঁটে ৭ বার হজ্বব্রত পালন করেন। 

নাসির মাহমুদ: সাঈফ আহমেদ উৎস, অনুষ্ঠান শোনার পাশাপাশি চিঠি লিখে মতামত জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আসরের পরের চিঠিটি এসেছে বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলছিয়া গ্রাম থেকে। আর পাঠিয়েছেন সেখানকার ‘জাগো রেডিও লিসেনার্স ক্লাব’-এর সভাপতি হারুন অর রশীদ। তিনি লিখেছেন, গত ১৯ অক্টোবর প্রচারিত রেডিও তেহরান বাংলা অনুষ্ঠান শুনলাম। সবচেয়ে ভালো লাগল শ্রোতাদের চিঠিপত্র ও মেইলের জবাবের অনুষ্ঠান 'প্রিয়জন'। উপস্থাপকদ্বয় ও উপস্থাপিকা আপুর মধুর কণ্ঠে এবং স্থিরতার সাথে শ্রোতাদের প্রতিটি কথার চমৎকার জবাব ও প্রতিক্রিয়া শুনে মুগ্ধ হলাম। তাছাড়া অনুষ্ঠানের ব্যতিক্রমী সূচনা অর্থাৎ হাদীস দিয়ে শুরুর বিষয়টি খুবই ভালো লাগল। তবে অনুরোধ রইল প্রিয়জন শেষে যেন প্রিয়জনের মেইল ঠিকানা বলে দেয়া হয়।

আশরাফুর রহমান: প্রিয়জন অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামতের জন্য ধন্যবাদ। আর ইমেইল ঠিকানা যেহেতু সবাই জানেন তাই নিয়মিতবলা হয় না। তবে এখন থেকে মাঝেমধ্যে জানিয়ে দেয়ার চেষ্টা করব। আমাদের কাছে ইমেইল করার ঠিকানাটি হচ্ছে [email protected]

আকতার জাহান: কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে আসরের পরের চিঠিটি পাঠিয়েছেন শরিফা আক্তার পান্না।

প্রীতি ও শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, ১ নভেম্বর দৃষ্টিপাতের প্রথমেই ফ্রান্সে মহানবী (সা.)-এর অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রকাশের বিষয়ে একটি প্রতিবেদন প্রচারিত হয়। প্রতিবেদনটি বেশ ভালো লেগেছে। অনেক তথ্য ছিল এতে। প্রতিবেদন থেকে জানতে পারলাম যে, ত্রিশ বছর আগে সালমান রুশদীও এরূপ হীন কাজ করেছিল।

ফ্রান্সের শার্লি এবদো ম্যাগাজিন এর আগেও এরূপ অপকর্ম করেছে। তবে সম্প্রতি ম্যাক্রন তা সমর্থন করে বিশ্বব্যপী সমালোচনার মুখে পড়ে। ফলে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় প্রতিদিনই ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে এবং প্রতিবাদকারীরা সে দেশের পণ্য বর্জন করে চলছে। এতে ফ্রান্সের অর্থনীতি যে বিপদে পড়তে যাচ্ছে, তা বোঝা যায়। তবে এটা ফ্রান্সের সরকার, বিশেষত ম্যাক্রন যত তাড়াতাড়ি বুঝবে, ফ্রান্সবাসীর জন্য ততটাই মঙ্গল।

নাসির মাহমুদ: বোন শরিফা আক্তার পান্না, আপনার মতের সাথে একমত পোষণ করে আমরাও ফরাসি সরকারকে তার অন্যায় ও ন্যক্কারজনক পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে এস এম নাজিম উদ্দিন পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা সংঘের সভাপতি।

নাজিম উদ্দিন ভাই লিখেছেন, ১৮ অক্টোবর 'প্রাচ্যবিদদের চোখে মহানবী (সা.)' অনুষ্ঠানটি শুনলাম। আক্তার জাহান ও রেজওয়ান হোসেন এর পরিবেশনায় বরাবরের মতো আজও মহানবী (সা.)-এর বিষয়ে প্রাচ্যের মনীষীর লেখনী ও মূল্যায়ন জানতে পারলাম।

আশরাফুর রহমান: এরপর নাজিম উদ্দিন ভাই লিখেছেন, নোবেল বিজয়ী আইরিশ লেখক 'বার্নাড শ'র নানা লেখনীর মাধ্যমে মহানবীর বিষয়ে অসামান্য লেখনী প্রকাশ পেয়েছে। তিনি তার লেখা বিখ্যাত বই, 'জেনুইন ইসলাম'-এ লিখেছেন, ইসলাম হলো একটি আদর্শ ধর্ম, যা সদা পরিবর্তনশীল। এই পরিবর্তনের মাধ্যমে ইসলাম সবার কাছে গ্রহণযোগ্য।

একজন প্রচ্যাবিদ হিসেবে 'বার্নাড শ' মহানবীকে একজন মানবতার মুক্তিদাতা হিসেবে বর্ণনা করেছেন। তার লেখনীর নানা বিষয় থেকে এটা প্রতীয়মান হয় যে, ইসলাম সকল মানবজাতির জন্য একটি সম্পূর্ণ জীবন বিধান; আর মহানবী (সা.) হলেন গোটা মানব জাতির জন্যে রহমতস্বরূপ, মুক্তিদাতা। যারা এর বিরোধিতা করেন, তারা শুধু মাত্র অজ্ঞতার কারণে ও বিরোধিতার কারণেই বিরোধিতা করেন বা শত্রুতা করেন। তাই সকল বিবেকবান মানুষেরই উচিত ইসলাম ধর্ম ও মানবতার মুক্তি দূত মুহাম্মদ (সা.)  সম্পর্কে পড়াশোনা করা।

আকতার জাহান: ভাই নাজিম উদ্দিন, আপনার আহ্বানের সঙ্গে আমরাও একমত পোষণ করছি। কারণ হযরত মুহাম্মদ (সা.) কেবল ইসলাম ধর্মের নন, তিনি এই দুনিয়ায় এসেছিলেন বিশ্ব মানবতার মুক্তির জন্য।

বগুড়ার চাঁদনী বাজার থেকে মোঃ সাইফুল ইসলাম পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, বর্তমান সময়ের নানা গুরুত্বপূর্ণ সব আলোচনা শুনতে পাই 'দর্পন' অনুষ্ঠানে। এজন্য এ আসরটি আমার খুব ভালো লাগে।

গত ১৩ অক্টোবরের দর্পনের আলোচ্য বিষয় ছিল- বাহরাইন ও  ইসরাইলের সমঝোতা চুক্তি নিয়ে। তবে বাহরাইনের সাথে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার পরিণতি বিষয়ে বিস্তারিত আলোচনা ছিল সময়োপযোগী। এ আলোচনার জন্য ধন্যবাদ আপনাদের তেহরান বেতারকে। একইদিন 'ইরানি পণ্য সামগ্রী' অনুষ্ঠানে ইরানের চীনামাটির তৈজস সামগ্রী নিয়ে আলোচনা করা হলো। জানলাম বহু বছর আগে থেকেই ইরানে এই শিল্পটি বেশ জনপ্রিয়। আরো জানলাম ইরানের তৈরি চীনামাটির গুণগতমান খুব ভালো এবং এর দামও বেশ কম। জর্জিয়া সীমান্তে ইরানের এসব পণ্যের খুব চাহিদা রয়েছে বলেও জানতে পারলাম। অজস্র ধন্যবাদ রেডিও তেহরানের বাংলা বিভাগকে চমৎকার দুটি আসর শ্রোতাদের উপহার দেয়ার জন্য।

নাসির মাহমুদ: দর্পন ও ইরানি পণ্য সামগ্রী অনুষ্ঠান আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে। আশা করি চিঠি লেখা অব্যাহত রাখবেন।

বাংলাদেশের পর আবারো ভারতের চিঠি। এটি এসেছে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার চুপী থেকে। আর পাঠিয়েছেন ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাবের সভাপতি হাফিজুর রহমান। তিনি লিখেছেন, আমি প্রতিদিনের অনুষ্ঠান নিয়মিত শুনছি এবং ইরানসহ ইসলামিক সভ্যতাকে অনুভব করছি রেডিও তেহরানের ওয়েব পেজ, ফেসবুক ও বাংলা অনুষ্ঠানের মাধ্যমে l রেডিও তেহরান বাংলা অনুষ্ঠান আমাদের কাছে গর্ব ও আনন্দের সংমিশ্রণ। সত্যনিষ্ঠ, নিরপেক্ষ এবং তরতাজা বিশ্ব সংবাদ এবং ইরান, ভারত,  বাংলাদেশসহ নানা দেশের গুরুত্বপূর্ণ চলমান বিশ্ব পরিস্থিতি নিয়ে প্রতিদিনের প্রতিবেদন, স্পট রিপোর্ট, আলোচনা, সাক্ষাৎকার আর আকর্ষণীয় ম্যাগাজিন অনুষ্ঠান এক কথায় অনবদ্য। সব মিলিয়ে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান আমাদের কাছে অত্যন্ত প্রিয়, দারুণ আকর্ষণীয়। তুলনাবিহীন রেডিও তেহরানের উন্নয়ন, সমৃদ্ধি, সুনাম ও সুখ্যাতি কামনা করি।

আশরাফুর রহমান: ভাই হাফিজুর রহমান, রেডিও তেহরান সম্পর্কে আপনার চমৎকার মূল্যায়নের জন্য ধন্যবাদ। আশা করি চিঠি লেখা অব্যাহত রাখবেন।

বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন পাঠিয়েছেন পরের চিঠিটি। তিনি লিখেছেন, ৩০ অক্টোবর প্রচারিত বিশ্বসংবাদের অন্যান্য খবরের মধ্যে একটি খবর আমাদের মনোযোগ কেড়েছে। খবরটি হল: 'ফরাসি যুবকদের উদ্দেশ্য করে উপদেশমূলক বক্তব্য দেয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ফরাসি ভাষায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে।' খবরটি শুনে খুবই ব্যথিত হয়েছি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে জানতে চাই, ব্যঙ্গচিত্র প্রদর্শন বাকস্বাধীনতা, আর তরুণদের বিবেকের কাছে সততা তুলে ধরা নিষিদ্ধ কেন? ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের এটি কেমন আচরণ? এরূপ দ্বিমুখী আচরণ পরিহারের আহ্বান জানাই ইনস্টাগ্রামের কাছে। ইনস্টাগ্রামের বোঝা উচিত, ইরানের সর্বোচ্চ নেতা সুন্দর ও ন্যয়নিষ্ঠ পৃথিবী গড়ার লক্ষ্যেই ফরাসি যুবকদের উপদেশ দিয়েছেন। ভালো কথা ও ভালো কাজের যত বেশি প্রচার হবে, মন্দ কথা ও মন্দ কাজ তত দূরে থাকবে। আশা করি, ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ তাদের ভুল বুঝতে পারবে এবং ইরানের সর্বোচ্চ নেতার বাণী প্রচারে সহযোগিতা করবে।

আকতার জাহান: যৌক্তিক মতামতের জন্য শাহাদত ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসরের শেষ চিঠিটি এসেছে গোপালগঞ্জের ঘোড়াদাইড় থেকে। আর পাঠিয়েছেন মো. জুয়েল আহম্মেদ মল্লিক। তিনি লিখেছেন, বিশ্বায়ন ও তীব্র প্রতিযোগিতার এই যুগে জীবনের প্রতিটি ক্ষেত্রে রেডিও তেহরান বাংলা বিভাগ আমার চলার পথের, পথিক এবং একান্ত বন্ধু। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান সেই ১৯৮২ সালের ১৭ এপ্রিল থেকে শুরু করে শ্রোতাদের জন্য কল্যাণমূলক অনুষ্ঠান ত্বরান্নিত করার লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্নরূপে, বিভিন্ন পরিকল্পনা নিয়ে আজও অনুষ্ঠান প্রচার করে আসছে। আমি রেডিও তেহরান বাংলা বিভাগের সবাইকে অফুরন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য।

নাসির মাহমুদ: আমাদের কোন কোন অনুষ্ঠান ভালো লাগছে সে সম্পর্কে জুয়েল ভাই কিছু লিখেননি?

আকতার জাহান: হ্যাঁ, লিখেছেন। এ বিষয়ে আমি তার চিঠি থেকেই পড়ে শোনাচ্ছি। অনুষ্ঠানের অধিবেশনের শুরুতে অর্থসহ কুরআন তেলাওয়াত, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ঘটনা নিয়ে প্রতিদিনকার বিশ্বসংবাদ, বিভিন্ন অনুষ্ঠানের মতামতের উপর ভিত্তি করে লেখা শ্রোতাদের চিঠি-পত্রের আসর প্রিয়জন, শিশু-কিশোরদের মনভোলানো অনুষ্ঠান রংধনু, পত্র-পত্রিকার পাতা থেকে তুলে আানা তথ্য দিয়ে সাজানো কথা-বার্তা, ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস, বিশেষ বিশেষ দিবস উপলক্ষ্যে বিভিন্ন ধরণের অনুষ্ঠান প্রচার, ইরানের বিভিন্ন ধরণের পণ্য নিয়ে সাজানো ইরানি পণ্য সামগ্রীসহ অন্যান্য অনুষ্ঠানগুলো উপভোগ করে আমি আমার নিজ জীবনের উপকার ও উৎফুল্ল বোধ করি।

আশরাফুর রহমান: আমাদের অনুষ্ঠান সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য জুয়েল আহম্মেদ মল্লিক ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আসরের এ পর্যায়ে কয়েকজন শ্রোতার চিঠির প্রাপ্তিস্বীকার করছি যারা আমাদের অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়েছেন কিংবা সময়ের অভাবে তা আজকের অনুষ্ঠানে পড়া সম্ভব হচ্ছে না। 

  • গোপালগঞ্জ ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব থেকে বিধান চন্দ্র টিকাদার।
  • গাজীপুরের টঙ্গী থেকে ফিরোজ আলম
  • পশ্চিমবঙ্গের বালুরঘাট ঢাকা কলোনী থেকে বিধানচন্দ্র সান্যাল।
  • এবং নাজমুল হুসাইন মাহমুদ, ঠিকানাবিহীন।

নাসির মাহমুদ: চিঠি লিখার জন্য আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের শ্রবণমান রিপোর্ট যারা পাঠিয়েছেন আসরের এ পর্যায়ে আমি তাদের কয়েকজনের নাম-ঠিকানা জানিয়ে দিচ্ছি।

  • ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাট থেকে বিধানচন্দ্র সান্যাল
  • মুর্শিদাবাদ থেকে নাজিম উদ্দিন
  • খোন্দকার রফিকুল ইসলাম নওগাঁ জেলার সান্তাহার থেকে
  • কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থেকে আবদুল কুদ্দুস মাস্টার
  •  শাওন হোসাইন রাজবাড়ি থেকে
  •  গাজীরপুরের টঙ্গী থেকে ফিরোজ আলম
  • এবং জাওয়াদ সাবের মরক্কো থেকে।

আকতার জাহান: তো শ্রবণমান রিপোর্ট পাঠানোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের আসরও শেষ করব একটি ইসলামী গান শুনিয়ে। ইরানি কবি শেখ সাদীর লেখা ‘বালাগাল উলা বি কামালিহি’ দরুদ অবলম্বনে গানটি লিখেছেন লুৎফর হাসান। আর গেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আরফিন রুমি।

আশরাফুর রহমান: তো বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/ মো.আবুসাঈদ/০৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।