কথাবার্তা: মদ পানকারীরা হতাশ-কোভিড ভ্যাকসিন নিলে মদ খাওয়া যাবে না
সুপ্রিয় পাঠক/শ্রোতা! আজ ১১ডিসেম্বর শুক্রবার। প্রাত্যহিক আয়োজন পত্রপত্রিকার পাতা বিশ্লেষন অনুষ্ঠান কথাবার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো।
প্রথমে বাংলাদেশ:
আজকের সবগুলো দৈনিকে পদ্মাসেতু নির্মাণ ও বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে সৃষ্ট বিতর্ক গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। এ সংক্রান্ত খবরে দৈনিক প্রথম আলোর শিরোনাম হচ্ছে, 'হার্ডিঞ্জ থেকে পদ্মা সেতু'
- দৈনিকটি অপর শিরোনাম-পদ্মা সেতুর টোল কত হবে, এখন ফেরিতে খরচ কত
- কুষ্টিয়ায় জাল করোনা সনদ বিক্রি, ২ জনের কারাদণ্ড -দৈনিক যুগান্তর
- রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক গোষ্ঠীর নীতি ব্যর্থ : টম অ্যান্ড্রোজ-দৈনিক নয়াদিগন্ত।
- বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার জন্য বিএনপির পৃষ্ঠপোষকতা দায়ী: ওবায়দুল কাদের: দৈনিক ইত্তেফাক
- বিশেষজ্ঞদের বার্তায় সুরাপায়ীরা হতাশ-কোভিড ভ্যাকসিন নিলে মদ খাওয়া যাবেনা: দৈনিক মানবজমিন
- প্রধানমন্ত্রী বললেন, পদ্মা সেতু সম্পূর্ণ নিজের টাকায়: এ খবর দিয়েছে দৈনিক কালের কণ্ঠ
কোলকাতার দৈনিকগুলোর কিছু শিরোনাম:
- ভেন্টিলেটর থেকে বুদ্ধদেবকে বার করার চেষ্টা শুরু করলেন চিকিৎসকরা -দৈনিক আানন্দ বাজার
- দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে,‘ মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চান’,নাড্ডার কনভয়ে হামলায় মমতার ‘নাটক’ কটাক্ষের পালটা ধনকড়ের
- চলতি বছরেই বঙ্গ সফরে আসছেন অমিত শাহ - দৈনিক আজকাল
শ্রোতাবন্ধুরা! এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
পদ্মা সেতুর টোল কত হবে, এখন ফেরিতে খরচ কত - শীর্ষক খবরে দৈনিক প্রথমআলো লিখেছে, পদ্মা সেতু নির্মাণে যে টাকা ব্যয় হবে, তা টোল বা গাড়ি পারাপারে নির্দিষ্ট পরিমাণ টাকা আদায়ের মাধ্যমে ওঠাবে সরকার। সেতু বিভাগ টোলের একটি প্রাথমিক হার নির্ধারণ করেছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্র জানায়, বিদেশি অর্থায়নে সেতু নির্মাণ করা হলে কত টাকা টোল ধার্য করা উচিত, সে বিষয়ে দাতাদের শর্ত বা পরামর্শ থাকে। কিন্তু দেশীয় অর্থায়নে নির্মিত সেতুর ক্ষেত্রে এ রকম কোনো নীতিমালা নেই। সাধারণত সেতু হওয়ার আগে ফেরিতে যে হারে টোল নেওয়া হয়, সেতুতেও সেই হারে টোল নির্ধারণ করে থাকে সড়ক ও জনপথ অধিদপ্তর । সেতু বিভাগ পদ্মা সেতু চালুর পর ১৫ বছরের জন্য একটি টোল হারের তালিকা করে গত বছর। তালিকা অনুসারে, বাসের ক্ষেত্রে টোলের হার হতে পারে ২ হাজার ৩৭০ টাকা। প্রতি ১৫ বছর পরপর টোলের হার ১০ শতাংশ করে বাড়ানো হবে বলে উল্লেখ করা হয়েছে সেতু বিভাগের প্রস্তাবে। মাওয়া ফেরিঘাটের টোল আদায় কেন্দ্র থেকে জানা যায়, বর্তমানে পদ্মা পাড়ি দিতে ফেরিতে দিনের বেলা একটি বাসকে ১ হাজার ৪০০ টাকা টোল দিতে হয়।
কুষ্টিয়ায় জাল করোনা সনদ বিক্রি, ২ জনের কারাদণ্ড - শীর্ষক খবরে দৈনিক যুগান্তর লিখেছে, ‘করোনাভাইরাস নেগেটিভের জাল সনদ’বিক্রির অভিযোগে কুষ্টিয়ার ভেড়ামারায় দুজনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন- জাল সনদ প্রস্তুতকারী মো. সোহেল রানা ও ক্রেতা মওদুদু রহমান। শুক্রবার সকালে উপজেলার ডাকবাংলো মার্কেটের সনি কম্পিউটারে অভিযান চালিয়ে তাদের এক মাসের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল মারুফ। ইউএনও বলেন, রূপপুর পারমাণবিক প্রকল্পে চাকরির জন্য এ সার্টিফিকেট তৈরি করা হয়েছিল। পরে কেন্দ্রীয় এমআইএস সফটওয়্যারে এটি জাল প্রমাণিত হয়
রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক গোষ্ঠীর নীতি ব্যর্থ : টম অ্যান্ড্রোজ-শীর্ষক খবরে দৈনিক নয়াদিগন্ত লিখেছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই স্বীকার করতে হবে যে তিন বছর পরে রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে তাদের নীতি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রোজ। বৃহস্পতিবার তিনি বলেন, এটি ব্যর্থ হয়েছে কারণ রোহিঙ্গাদের তাদের নিজ ভূমি রাখাইন রাজ্যে নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরির অর্থবহ পদক্ষেপ নিতে মিয়ানমার অনিচ্ছুক রয়ে গেছে। এবং বাংলাদেশকে তাদের মানবিক মিশন চালিয়ে যেতে পর্যাপ্ত পরিমাণে উপকরণ দিতে না পারায় এটি ব্যর্থ হয়েছে বলেন তিনি। টম অ্যান্ড্রোজ বলেন, আমরা মানবিক সহায়তার জন্য বাংলাদেশকে শুধু ধন্যবাদ এবং রোহিঙ্গাদের ফেরার অধিকার বিষয়ে শুধু মুখের কথা আর অবশ্যই বলতে পারি না। তিনি বলেন, রোহিঙ্গাদের তাদের প্রয়োজনের সময়ে নিরাপদ আশ্রয় দিতে বাংলাদেশ সরকার অসাধারণভাবে উদারতা এবং মমতার পরিচয় দিয়েছে।
বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার জন্য বিএনপির পৃষ্ঠপোষকতা দায়ী: ওবায়দুল কাদের- শীর্ষক খবরে দৈনিক ইত্তেফাক লিখেছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার মতো অপরাধের জন্য বিএনপির প্রশ্রয় আর পৃষ্ঠপোষকতা দায়ী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে আয়োজিত করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিএনপির আস্কারা, প্রশ্রয় আর পৃষ্ঠপোষকতা পেয়েই সাম্প্রদায়িক গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার মতো ক্ষমার অযোগ্য অপরাধ করেছে।
বিশেষজ্ঞদের বার্তায় সুরাপায়ীরা হতাশ-কোভিড ভ্যাকসিন নিলে মদ খাওয়া যাবেনা - শীর্ষক খবরে দৈনিক মানবজমিন লিখেছে, কোভিড ভ্যাকসিন নিলে মদ্যপানে নিষেধাজ্ঞা জারি হচ্ছে। বিশেষজ্ঞদের এই বার্তায় সুরা রসিকদের মুখ ভার। এতো প্রায় লকডাউন এর অবস্থা! এক একটি ভ্যাকসিনের ক্ষেত্রে অবশ্য এক এক রকম নিষেধাজ্ঞা। ভারত বায়োটেকের কোভ্যাকসিন নিলে চুরানব্বই দিন অ্যালকোহল ছোঁয়া যাবেনা। রাশিয়ার স্পুটনিক ফাইভ ভ্যাকসিন নিলে ষাট দিন মদ বিবর্জিতভাবে থাকতে হবে। মডার্নার ভ্যাকসিন নিলে বিয়াল্লিশ দিন মদ খাওয়া চলবেনা। ভ্যাকসিন প্রস্তুতকারক বিজ্ঞানীরা জানাচ্ছেন, অ্যালকোহল নিলেই ভ্যাকসিন কাজ করা বন্ধ করে দেবে। একদিকে কালান্তক করোনা, অন্যদিকে মোহময়ী সুরার হাতছানি। এক্ষেত্রে অবশ্য ভ্যাকসিনের জেতার সম্ভাবনাই বেশি।
এবারে কোলকাতার দৈনিকের কিছু খবররে বিস্তারিত
ভেন্টিলেটর থেকে বুদ্ধদেবকে বার করার চেষ্টা শুরু করলেন চিকিৎসকরা-শীর্ষক খবরে দৈনিক আানন্দ বাজার লিখেছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল। এখনও তিনি ভেন্টিলেটারেই রয়েছেন। তবে, তাঁকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে না। তাঁকে ভেন্টিলেটর থেকে বার করে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। শুক্রবার সকালে মেডিক্যাল বুলেটিনে চিকিৎসকরা বলেছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব।
মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চান', নাড্ডার কনভয়ে হামলায় মমতার ‘নাটক’ কটাক্ষের পালটা ধনকড়ের-শীর্ষক খবরে দৈনিক সংবাদ প্রতিদিন বৃহস্পতিবার জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনাকে ‘প্রচার না পেয়ে নাটক’বলে তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে সেই মন্তব্য প্রত্যাহারের দাবি তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন রাজভবনে সাংবাদিক সম্মেলন করে তাঁর বক্তব্য, ”এমন মন্তব্যে আমি লজ্জিত। গণতন্ত্র ভূলুণ্ঠিত হল। আপনার উচিত, ক্ষমা চেয়ে নেওয়া।”পাশাপাশি, বিজেপি সর্বভারতীয় সভাপতির ডায়মন্ড হারবার সফরে নিরাপত্তায় গলদ ছিল বলেও উল্লেখ করেন তিনি।
চলতি বছরেই বঙ্গ সফরে আসছেন অমিত শাহ - শীর্ষক খবরে দৈনিক আজকাল লিখেছে, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার পর এ মাসেই ফের বাংলায় পা রাখতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ১৯ ও ২০ তারিখ-দু'দিন তাঁর রাজ্য সফরের সম্ভাবনা। ওই দু’দিন তিনি উত্তরবঙ্গ সফর করতে পারেন বলে খবর। তবে শোনা যাচ্ছে, এবার তাঁর নজর উত্তরবঙ্গে। সেখানকার সংগঠন খতিয়ে দেখতে এ মাসের ১৯, ২০ তারিখ এ রাজ্য সফরে ফের আসবেন অমিত শাহ। আসন্ন সফরে তিনি উত্তরবঙ্গে দলের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক, জেলা সভাপতি, বিধায়ক, সাংসদদের সঙ্গে আলোচনায় বসবেন। #
পার্সটুডে/রেজওয়ান হোসেন/১১