চিঠিপত্রের আসর প্রিয়জন
'বাস্তবমুখী অনুষ্ঠান প্রচার করে রেডিও তেহরান বিপুল জনগোষ্ঠীর আস্থা অর্জন করছে'
শ্রোতা ভাই-বোনেরা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা নিন। আশা করি বাংলাদেশ ও ভারতসহ পৃথিবীর যে প্রান্তে বসেই আমাদের অনুষ্ঠান শুনছেন, সবাই ভালো ও সুস্থ আছেন। প্রতি সপ্তার মতো প্রিয়জনের আসর সাজিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি গাজী আবদুর রশিদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।
আশরাফুর রহমান: চিঠিপত্রের দিকে নজর দেওয়ার আগে আমি একটি হাদিস শোনাতে চাই। বিশ্বনবী (সা.) বলেছেন, 'হারাম খাবার খেয়ে ইবাদত করা, বালুর উপর ভবন তৈরি করার সমতুল্য।'
আকতার জাহান: খুবই মূল্যবান ও গুরুত্বপূর্ণ একটি হাদিস শুনলাম। জানলাম, হালাল উপার্জন ইবাদত কবুলের পূর্বশর্ত। তো আমরা আমরা সবাই যেন হালাল উপায়ে জীবিকা অর্জন করতে পারি এ কামনা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে।
আসরের প্রথম চিঠিটি এসেছে সৌদি আরবের তাবুক শহর থেকে। আর লিখেছেন জাফুরুল ইসলাম জাফর।
তিনি লিখেছেন, "প্রবাসে কর্মব্যস্ততার মাঝেও রেডিও তেহরানের সকল আয়োজন নিয়মিত শুনি। কুরআনের আলোয় অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তাফসির আমার খুব ভালো লাগে এবং পবিত্র কুরআন সম্পর্কে জানতে চেষ্টা করি। অনেকসময় ওয়েবসাইট বিভিন্ন পর্বে পরিবেশিত তাফসিরগুলো পড়ে থাকি। কর্ম ব্যস্ততার কারণে নিয়মিত লেখালেখি করতে পারি না তবে শুনতে মিস করি না। ধন্যবাদ জানাই রেডিও তেহরান এর সকল কলা-কুশলীকে।"
গাজী আবদুর রশিদ: প্রবাসে নানারকম ব্যস্ততা সত্ত্বেও চিঠি লিখে মতামত জানানোয় জাফর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
গাজীপুরের টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের প্রভাষক ফিরোজ আলম লিখেছেন পরের চিঠিটি। তিনি লিখেছেন, "রেডিও তেহরান এক ভালোলাগা এক বেতার কেন্দ্রের নাম। মানবিক গুণাবলীর উৎকর্ষ সাধনে এর কোনো বিকল্প মাধ্যম আজও চোখে পড়েনি। তাইতো শুনি আর রেডিও তেহরানের প্রচারের ও প্রসারের জন্য সর্বদা সচেষ্ট থাকি। যারা অক্লান্ত পরিশ্রম করে এসব অনুষ্ঠান প্রচার করে আমাদের জন্য শিক্ষাগুরুর ভূমিকায় দিবারাত্র নিরলস কাজ করে যাচ্ছেন, তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা।"
আশরাফুর রহমান: আমাদের নির্দিষ্ট কোনো অনুষ্ঠান সম্পর্কে ফিরোজ ভাই কিছু লিখেছেন কি?
গাজী আবদুর রশিদ: হ্যাঁ, রংধনু আসর সম্পর্কে তিনি লিখেছেন, রেডিও তেহরান নানা বিষয়ে অনুষ্ঠানমালা প্রচার করে। এসব অনুষ্ঠানের মাঝে যে অনুষ্ঠানটি তৈরি করতে সবচেয়ে বেশি মেধা ও শ্রম ব্যয় করতে হয়, তা হল 'রংধনু'। কারণ শিশু-কিশোরদের যথাযথ শিক্ষা ও মানসিক বিকাশের জন্য অনুষ্ঠান তৈরির ক্ষেত্রে অনেক গবেষণা ও চিন্তা ভাবনার দরকার পড়ে।
এ অনুষ্ঠান নিয়ে আমার মতামত হল- এ অনুষ্ঠানের ওপর ভিত্তি করে ছোটদের কুইজের মাধ্যমে পুরস্কার দেয়া হোক। এতে ভবিষ্যতে রেডিও তেহরানের শ্রোতা ও শুভাকাঙ্ক্ষী বাড়বে বলে আমি বিশ্বাস করি।
আকতার জাহান: রংধনু আসর সম্পর্কে মতামতের জন্য ফিরোজ ভাইকে ধন্যবাদ। আর হ্যাঁ, আপনার প্রস্তাবটি আমাদের বিবেচনায় থাকল।
আশরাফুর রহমান: ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঢাকা কলোনী থেকে বিধান চন্দ্র সান্যাল পাঠিয়েছেন কয়েকটি চিঠি। একটি চিঠিতে তিনি লিখেছেন, "এটা জেনে খুবই খুশি হলাম যে রাপিড অ্যান্টিজেন টেস্ট কিট তৈরির মাধ্যমে বিশ্বের শীর্ষ পাঁচ দেশের তালিকায় স্থান করে নিয়েছে ইরান। আগে বিশ্বে আমেরিকা, চীন, দক্ষিণ কোরিয়া ও বৃটেনের কাছে কেবল এ প্রযুক্তি ছিল। এখন ইরান ও তা অর্জন করল। ইরান উদ্ভাবিত এই কিটের সাহায্যে ১৫ থেকে কুড়ি মিনিটের মধ্যে করোনা রোগী শনাক্ত করা সম্ভব হবে। চিকিৎসা জগতে ইরানের এই অসামান্য সাফল্যে আমরা গর্বিত।"
গাজী আবদুর রশিদ: হ্যাঁ, ইরানের এ সাফল্য সত্যিই গর্ব করার মতো। তো চিঠি লিখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আকতার জাহান: আসরের পরের মেইলটি পাঠিয়েছেন মোঃ শাহাদত হোসেন। তিনি কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক। এ শ্রোতাবন্ধু লিখেছেন, "১৫ নভেম্বর প্রচারিত প্রতিটি অনুষ্ঠানই খুব ভালো লেগেছে। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে আল্লাহর সুন্দর সুন্দর ও অর্থবোধক নামগুলো নিয়ে প্রচারিত ধারাবাহিক অনুষ্ঠান ‘আসমাউল হুসনা’। মহান আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো, এদের ব্যাখ্যা ও বিশ্লেষণ জানতে পেরে আত্মায় এক ধরণের শান্তি অনুভব করছি। অনুষ্ঠানটি শুনতে শুনতে নিজের অজান্তেই নিজের মন পবিত্র হয়ে যায়। এ অনুষ্ঠানটি আমাদের মনকে শুধু পবিত্র করেই দেয় না, ইসলামের ছায়াতলে অসংকোচে আশ্রয় নেয়ার জন্যে অনুপ্রাণিতও করে। এমন সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেয়ার জন্যে রেডিও তেহরান বাংলা বিভাগের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আশরাফুর রহমান: আসমাউল হুসনা অনুষ্ঠানটি আপনার ভালো লাগছে জেনে আমাদেরও ভালো লাগছে। বিষয়টি চিঠি লিখে জানানোয় শাহাদত ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
গাজী আবদুর রশিদ: বেশকিছু চিঠি তো পড়া হলো। এবার নাহয় আমরা এক শ্রোতাবন্ধুর সঙ্গে কথা বলি?
আকতার জাহান: হ্যাঁ, আসরের এ পর্যায়ে আমরা সরাসরি কথা বলব ভারতের শ্রোতাবন্ধু হাফিজুর রহমানের সঙ্গে।
গাজী আবদুর রশিদ: তো আজকের এই সাক্ষাৎকারপর্বে অংশ নেয়ার জন্য হাফিজুর রহমান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আকতার জাহান: সাক্ষাৎকারের পরও আবারো ইমেইলের দিকে নজর দিচ্ছি। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওদা থাকার ঝাউবনা থেকে হামিম হোসেন মণ্ডল (বুলবুল) পাঠিয়েছেন এই মেইলটি।
আশরাফুর রহমান: বুলবুল ভাই এক সময় আমাদের কাছে নিয়মিত চিঠি লিখতেন। দীর্ঘদিন পর নিরবতা ভেঙে আবারো চিঠি লিখায় তাকে অনেক অনেক ধন্যবাদ । তো এই চিঠিতে তিনি কী লিখেছেন?
আকতার জাহান: সালাম জানানোর পর বুলবুল ভাই লিখেছেন, অনেকদিন পরে আবার প্রিয়জন শুনলাম। ফেসবুকে আশরাফ ভাইয়ার পোস্ট দেখে ক্লিক করে দেখতে পাই প্রিয়জনের ১১ নভেম্বরের অনুষ্ঠানটি। পড়লাম এবং অডিও শুনলাম। খুব ভালো লাগল অনেকদিন পরে প্রিয়জন পেয়ে।
গাজী আবদুর রশিদ: অনেক দিন পর আপনার মেইল পেয়ে আমাদেরও ভালো লাগছে। আশা করি আবারো নিয়মিত লিখবেন।
বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার আলী সাহারদির উৎস ডিএক্স কর্ণারের প্রেসিডেন্ট এইচ এম তারেক লিখেছেন আসরের পরের চিঠিটি। তিনি লিখেছেন, "আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যখন সঠিক ও আকর্ষণীয় অনুষ্ঠান প্রচারের অভাবে প্রায় শ্রোতাশূন্য হয়ে যাচ্ছে- তখন একমাত্র রেডিও তেহরানই বাস্তবমুখী অনুষ্ঠান প্রচার করে বিপুল জনগোষ্ঠীর আস্থা অর্জন করছে।
'পাশ্চাত্যে জীবন ব্যবস্থা' অনুষ্ঠানের ৯ম পর্বে পাশ্চাত্যের মানুষ কেন আত্মহত্যা করে- সে বিষয়ে বিস্তারিত জানলাম এবং ভীষণ উপকৃত হলাম।
আশরাফুর রহমান: ভাই এইচ এম তারেক, 'পাশ্চাত্যে জীবন ব্যবস্থা' অনুষ্ঠান থেকে উপকৃত হচ্ছেন জেনে ভালো লাগল। আশা করি আমাদের অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও মতামত জানাবেন।
আসরের পরের চিঠিটি পাঠিয়েছেন এস এম নাজিম উদ্দিন। এ শ্রোতাভাইয়ের ঠিকানা হচ্ছে, গ্রাম: বারুইপাড়া, জেলা: মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। তিনি লিখেছেন, "আমি রেডিও তেহরান বাংলা বিভাগের নিয়মিত শ্রোতা এবং ওয়েব সাইটের ভিজিটর। রেডিওতে প্রচারিত অনুষ্ঠানের অডিও ফাইল আর্কাইভ থেকে সহজেই শুনে নিতে পারি। এছাড়া বিশ্ব সংবাদের পাশাপাশি নানা ধরনের বৈচিত্র্যপূর্ণ প্রতিবেদনগুলো পড়ে ইরান সম্পর্কে অনেক কিছু জানতে পারি। সুন্দর ডিজাইন ও সহজেই প্রাপ্ত বিভিন্ন ধরনের তত্ত্বে ও তথ্যে ভরা প্রতিবেদনগুলো আমার ভীষণ পছন্দের। 'পার্সটুডে' ওয়েব সাইটে ঢু মারলে কখন যে সময় পেরিয়ে যায় বুঝতেই পারি না। ইরান সম্বন্ধে জানতে চাইলে তাই অবশ্যই 'পার্সটুডে' ওয়েব সাইটের বিভিন্ন ধরনের সেবাগুলো পরিদর্শন করতে হবে। তাই ইরানকে জানার জন্যে আমার প্রথম পছন্দ 'পার্সটুডে'।
গাজী আবদুর রশিদ: রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডে সম্পর্কে আপনার মতামত জেনে ভালো লাগল। চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভারতের পর আবারো বাংলাদেশের চিঠি। বগুড়ার চাঁদনী বাজার থেকে মোঃ সাইফুল ইসলাম পাঠিয়েছেন এটি। শ্রোতাদের চিঠিপত্রের আসর সম্পর্কে তিনি লিখেছেন,
'প্রিয়জন' অনুষ্ঠান থেকে কিন্তু বেশিদিন দূরে থাকা যায় না। যতোই ব্যস্ত থাকি না কেন, 'প্রিয়জন' ডাকে সাড়া দিতেই হয়। ব্যস্ততার মাঝেও গত সপ্তাহে মিলিত হয়েছিলাম 'প্রিয়জন'-র সাথে এবং মিলিত হয়েছি এ সপ্তাহেও। হয়তো সময় মতো মিলিত হতে পারিনি, কিন্তু মিলিত তো হয়েছি। কারণ, 'প্রিয়জন' হচ্ছে শ্রোতাদের মিলন মেলার আসর।
গত সপ্তাহের আসরে আমার চিঠির জবাবের পাশাপাশি শুনেছিলাম আমার অনুরোধের গানও "না ফেরার দেশে যাইবা একদিন ভেসে" অজস্র ধন্যবাদ এজন্য রেডিও তেহরানকে।
আশরাফুর রহমান: প্রিয়জন সম্পর্কে মতামত জানানোর জন্য সাইফুল ভাইকে ধন্যবাদ।
ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার চুপী থেকে হাফিজুর রহমানের পাঠানো একটি মেইল আমি ওপেন করছি। এতে তিনি লিখেছেন, রেডিও তেহরান থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনছি। ভালো লাগছে আপনাদের প্রতিটি পরিবেশনা। আমার সাথে রেডিও তেহরান বাংলা বিভাগের এই মত বিনিময় আমার মনে প্রশান্তি এনে দেয়।
আকতার জাহান: এরপর হাফিজুর রহমান আরও লিখেছেন, ১৭ নভেম্বর তারিখের অনুষ্ঠান শুনলাম। বিশ্ব সংবাদে বলা হলো- ইসলামি প্রজাতন্ত্র ইরান মঙ্গলবার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট উদ্বোধন করেছে। এই কিটের সাহায্যে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে করোনা রোগী শনাক্ত করা সম্ভব হবে। এটা নিশ্চিত বিরাট একটা পাওয়া ।
এছাড়া, দৃষ্টিপাত, দর্পন এবং ইরানি পণ্যসামগ্রী অনুষ্ঠানটি উপভোগ্য ছিল বলে হাফিজুর ভাই চিঠিতে উল্লেখ করেছেন।
গাজী আবদুর রশিদ: একদিনের পুরো অনুষ্ঠান শুনে মতামত জানানোর জন্য হাফিজুর রহমান ভাইকে ধন্যবাদ। আশা করি নিয়মিত লিখবেন।
আসরের শেষ চিঠিটি এসেছে কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে আর লিখেছেন শরিফা আক্তার পান্না। ১৭ নভেম্বর প্রচারিত দর্পন অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, দর্পনে আজকের বিষয় ছিল- ‘ইউরোপে ইসলাম বিদ্বেষ এবং উগ্র ডানপন্থীদের উত্থান। অনুষ্ঠানে আলোচনা করা হয় যে, ইউরোপে সরকারগুলো মুসলমানদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। বিশেষত ইউরোপের সরকারগুলো নানা কৌশলে মুসলিম বিদ্বেষে সমর্থন দিচ্ছে। এতে উগ্রপন্থীরা আরো আগ্রাসী হয়ে উঠছে। আমরা বিশ্ববাসী ইউরোপের সরকারগুলোর প্রতি তাদের এহেন হীন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।'
আশরাফুর রহমান: ইউরোপের সরকারগুলো উগ্রবাদের বিপক্ষে অবস্থান নেবেন এবং ইসলাম বিদ্বেষী তৎপরতা বন্ধ করবেন এ কামনা করছি।
আসরের এ পর্যায়ে আমি কয়েকজন শ্রোতার চিঠির প্রাপ্তিস্বীকার করছি।
- টাঙ্গাইলের আকন্দের বাইদ থেকে মোবারক হোসেন ফনি
- জামালপুরের মাদারগঞ্জ থেকে হারুন অর রশীদ
- এবং সিদ্ধার্থ ভট্টাচার্য, পশ্চিম মেদিনিপুর, ভারত থেকে।
আকতার জাহান: তো চিঠি লিখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতাবন্ধুরা, আজকের আসর শেষ করব একটি ফার্সি গান শুনিয়ে। গানের কথা লিখেছেন মুহাম্মদ আলি বাহমানি, শিল্পী ও সুরকার তুরাজ শাবনখনি। অনুবাদ ও আবৃত্তি করেছেন নাসির মাহমুদ।
গাজী আবদুর রশিদ: তো বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
পার্সটুডে/আশরাফুর রহমান/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।