ফেব্রুয়ারি ০২, ২০২১ ১৩:৩৩ Asia/Dhaka

সুপ্রিয় শ্রোতা ভাই-বোন ও বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। আজকের (১ ফেব্রুয়ারি) আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশিদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: চিঠিপত্রের দিকে নজর দেয়ার আগে আজও আমি একটি হাদিস শোনাতে চাই। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, “আল্লাহ্ তোমাকে যা দান করেছেন তার জন্য কাউকে প্রশংসা করবে না। আর যা তোমাকে দেননি সেজন্য কাউকে ভর্ৎসনা করবে না।”

আকতার জাহান: খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস শোনালেন আশরাফ ভাই। আমরা সবাই যে মহান আল্লাহর প্রতি সর্বাবস্থায় কৃতজ্ঞ থাকতে পারি- এ কামনায় নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম চিঠিটি ইমেইলে পাঠিয়েছেন বাংলাদেশের রাজবাড়ি জেলার খোশবাড়ি গ্রামের রংধনু বেতার শ্রোতা সংঘের সভাপতি শাওন হোসাইন। সালাম, শুভেচ্ছা ও ভালোবাসা জানাবার পর তিনি লিখেছেন, গত ৮ জানুয়ারি বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল রেডিও তেহরানের শ্রোতা মিলনমেলা ও আইআরআইবি ফ্যান ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরুর অনুষ্ঠান। শ্রোতাবন্ধুদের সুন্দর সুন্দর মতামত ও আলোচনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। নবগঠিত ক্লাবের প্রতিষ্ঠাতা যুবরাজ চৌধুরী ভাই ক্লাবটি নিয়ে তার সুন্দর পরিকল্পনার কথা ব্যক্ত করেন। আশা করি এভাবে রেডিও তেহরান বাংলার আনাচে কানাচে হাজারো শ্রোতাদের মাঝে ছড়িয়ে যাবে।

গাজী আবদুর রশিদ: আইআরআইবি ফ্যান ক্লাবের মাধ্যমে রেডিও তেহরানের বার্তা সর্বত্র পৌঁছে যাবে- আমাদের প্রত্যাশাও তাই। তো চিঠি ও মতামত জানানোর জন্য শাওন হোসাইন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

বাংলাদেশের পর এবার ভারতের পশ্চিমবঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে আসা একটি মেইলের দিকে নজর দিচ্ছি। এটি পাঠিয়েছেন আমাদের নিয়মিত শ্রোতা ও পত্রলেখক বিধান চন্দ্র সান্যাল। এ শ্রোতাবন্ধু অবশ্য প্রতিদিনই একাধিক মেইল পাঠান। তিনি লিখেনও বেশ চমৎকার!

আশরাফুর রহমান: একটি মেইলে ইরান ভ্রমণ অনুষ্ঠানের প্রশংসা করে বিধান চন্দ্র সান্যাল লিখেছেন, “ভ্রমণপিপাসু হিসেবে এই অনুষ্ঠানটি আমার এত ভালো লাগে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ইরান নামটির সাথে এমন একটা সম্পর্ক হয়ে গেছে যেন মনে হয় সেটি আমার দ্বিতীয় মাতৃভূমি। একদিকে ভ্রমণের নেশা অন্যদিকে ইরান নামের মাধুর্যতা আমাকে দারুণভাবে নাড়া দেয়।”

আকতার জাহান: বাহঃ বেশ চমৎকার করে নিজের অনুভূতি ব্যক্ত করলেন এ শ্রোতাবন্ধু। তো মতামত জানানোর জন্য বিধান চন্দ্র সান্যাল আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

গাজী আবদুর রশিদ: বাংলাদেশের কুষ্টিয়া জেলার শংকরদিয়া গ্রামের মুগ্ধ বেতার শ্রোতা সংঘ থেকে এসেছে এবারের ইমেইলটি। আর এটি পাঠিয়েছেন ওই ক্লাবের সাধারণ সম্পাদক মোসা: রওশন আরা লাবনী।

এ শ্রোতাবোন লিখেছেন, “আমি রেডিও তেহরানের নিয়মিত শ্রোতা। কিন্তু নানা রকম ব্যস্ততার কারণে লেখা হয় না। তবে নিয়মিত সবগুলো অনুষ্ঠান শোনার চেষ্টা করি। বর্তমানে চিঠিপত্রের আসর প্রিয়জন, শিশু-কিশোরদের অনুষ্ঠান রংধনু আসর, ইরান ভ্রমণ, ইরানের পণ্য-সামগ্রী, আলাপন, কুরআনের আলো, স্বাস্থ্যকথা, আদর্শ মানুষ গড়ার কৌশলসহ সব অনুষ্ঠান বেশ ভালো লাগে। আশা করছি এখন থেকে নিয়মিত লিখব। প্রিয়জন-এর জন্য অনেক অনেক শুভ কামনা রইল।”

আশরাফুর রহমান: বোন রওশন আরা লাবনী, ব্যস্ততা সত্ত্বেও আপনি চিঠি লিখে আপনার ভালোলাগার অনুভূতি জানিয়েছেন এবং এখন থেকে নিয়মিত লিখবেন জেনে আমাদের খুব ভালো লাগছে। আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা।

গাজীপুরের টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের প্রভাষক ফিরোজ আলম পাঠিয়েছেন পরের মেইলটি।

তিনি লিখেছেন, রেডিও তেহরানের শ্রোতারা রেডিও শোনার পাশাপাশি বাংলা বিভাগের ওয়েবসাইটেও প্রবেশ করে যেকোন তথ্যের জন্য। ওয়েব সাইটে যোগাযোগের জন্য চিঠি লেখার ঠিকানা থাকলেও ইমেল ঠিকানা দেয়া নেই। আশাকরি ইমেল ঠিকানা যুক্ত করবেন। 

আকতার জাহান: ভাই ফিরোজ আলম, আপনার এই মেইল পাওয়ার পর আমরা একই জায়গায় দুটো ইমেইল এড্রেস যোগ করেছি। গুরুত্বপূর্ণ একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ইমেইল এড্রেসগুলো হচ্ছে- [email protected] এবং [email protected]

গাজী আবদুর রশিদ: এবারের চিঠিটি পাঠিয়েছেন মোঃ সাইফুল ইসলাম থান্দার,  রাজশাহীর দূর্গাপুর থানার পুরান তাহিরপুর থেকে। তিনি লিখেছেন, গত ১১ জানুয়ারি প্রিয়জন অনুষ্ঠানে শ্রোতাদের চিঠির মাঝে জনাব যুবরাজ চৌধুরীর সাক্ষাৎকার শুনে খুব ভালো লেগেছে। আর প্রান্তিকে, আমিন আল আসাদ-এর নিজের লেখা ‘অগ্রপথিক’- কবিতার আবৃত্তি ছিল অসাধারণ। 

সবশেষে এ শ্রোতাভাই একটি প্রশ্ন করেছেন। জানতে চেয়েছেন- ইরানে কোন্ কোন্‌ ধর্মের লোক বসবাস করে? তাদের শতকরা হার জানতে চাই।

আশরাফুর রহমান: ইরানে ৯৯ ভাগের বেশি মানুষ মুসলমান। বাকিরা খ্রিস্টান, জরথুস্ত্র ও ইহুদি ধর্মের অনুসারি। এরা স্বীকৃত সংখ্যালঘু এবং এই তিন সম্প্রদায়ের জন্য ইরানি আইনসভায় সংরক্ষিত আসন রয়েছে।

আকতার জাহান: শ্রোতাবন্ধুদের বিভিন্ন প্রশ্ন থেকে আমরা বুঝতে পারি যে, ইরান সম্পর্কে তাদের কৌতুহলের শেষ নেই। শ্রোতাবন্ধুরা ইরানের ভূ-প্রকৃতি, আবহাওয়া, পরিবেশ, ধর্মবিশ্বাস, সামরিক শক্তি, অর্থনীতি ও রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে জানতে চান। কেউ কেউ আবার বিশ্বরাজনীতিতে ইরানের প্রভাব সম্পর্কে জানতে চান। এ বিষয়ে নিজের মতামত জানাচ্ছেন ইরানের ইস্ফাহানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী রুকাইয়া সুলতানা।

গাজী আবদুর রশিদ: বোন রুকাইয়া সুলতানার কথাগুলো শ্রোতাদের কৌতুহল মেটাবে বলে আমাদের বিশ্বাস।

আশরাফুর রহমান: ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা সংঘ থেকে এস এম নাজিম উদ্দিন পাঠিয়েছেন আসরের শেষ চিঠিটি।

১৭ জানুয়ারি থেকে শুরু হওয়া নতুন ধারাবাহিক অনুষ্ঠান ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ শোনার পর তিনি এই চিঠিটি পাঠিয়েছেন। নাজিমউদ্দিন ভাই লিখেছেন, “নতুন এ অনুষ্ঠানে আজকের শিশুকে আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা বিষয়টিকে গুরুত্ব দেয়া হয়েছে। আগামী দিনের সফল ও আদর্শ মানুষ গড়ার লক্ষ্যে স্বামী ও স্ত্রী নির্বাচনের পাশাপাশি পারিবারিক ইতিহাস ও ঐতিহ্যকেও গুরুত্ব দেয়া হয়েছে। কারণ বাবা-মায়ের খোদাভীরুতা ও আদর্শিক বিষয়গুলো শিশুর ওপর বর্তায় এবং গভীর প্রভাব ফেলে। এজন্যে স্বামী ও স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেয়া প্রয়োজন বলে জানতে পারলাম আজকের অনুষ্ঠানে।”

আকতার জাহান: একই অনুষ্ঠানের প্রশংসা করে ইমেইল করেছেন কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন এবং জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শ্রোতাবন্ধু হারুন অর রশীদ। তবে সময় স্বল্পনার কারণে আজকের আসরে তাদের মতামত তুলে ধরা সম্ভব হচ্ছে না বলে দুঃখিত।

গাজী আবদুর রশিদ: আমাদের অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে আরও যারা চিঠি লিখেছেন আমি তাদের কয়েকজনের চিঠির প্রাপ্তিস্বীকার করছি।

  • মো. সাইফুল ইসলাম ও এম শামসুল ইসলাম বগুড়া থেকে।
  • কিশোরগঞ্জ থেকে শরিফা আকতার পান্না
  • ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে এসএম জাকির হোসাইন ও রাজীব দত্ত
  • এবং প্রদীপ বসাক লিখেছেন পূর্ব বর্ধমান থেকে।

আশরাফুর রহমান: তো শ্রোতা বন্ধুরা, আপনারা যারা চিঠি লিখে মতামত জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আসর থেকে বিদায় নিচ্ছি।

আকতার জাহান: কথা হবে আবারো আগামী সপ্তাহে।  

পার্সটুডে/আশরাফুর রহমান/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।