ফেব্রুয়ারি ০৯, ২০২১ ১৪:৫৫ Asia/Dhaka

প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা। আশা করি যে যেখানে আছেন, ভালো ও সুস্থ আছেন। আজকের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশিদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: চিঠিপত্রের দিকে নজর দেয়ার আগে আজও আমি একটি হাদিস শোনাতে চাই। ইমাম হাদী (আ.) বলেছেন: “স্বার্থপরতা জ্ঞান অর্জনের পথে বাধা এবং তা অজ্ঞতা ডেকে আনে।”

আকতার জাহান: আমরা স্বার্থপর না হয়ে বরং পরোপকারী হওয়ার চেষ্টা করব- এ প্রত্যাশা রেখে চিঠিপত্রের ঝাঁপি হাতে তুলে নিচ্ছি। আসরের প্রথম চিঠিটি এসেছে কিশোরগঞ্জের খড়ম পট্টি থেকে। আর লিখেছেন শরিফা আক্তার পান্না। তিনি লিখেছেন, “১৪ জানুয়ারি প্রচারিত রংধনু আসরে পশুপাখির প্রতি এক বুড়ির ভালোবাসার গল্প প্রচারিত হয়েছে। এ গল্প থেকে আমরা মানবকুলে পশুপাখির গৃহপালিত হওয়া সম্পর্কেও জানতে পেরেছি। সেইসাথে বুঝতে পারলাম যে, কাউকে ভালোবাসলে তার প্রতিদান অবশ্যই পাওয়া যায়। চমৎকার শিক্ষণীয় গল্পটির জন্য আবারো ধন্যবাদ জানাই।”

গাজী আবদুর রশিদ: রংধনু আসর সম্পর্কে মতামতসমৃদ্ধ চিঠির জন্য বোন শরিফা আক্তার পান্না আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলছিয়া গ্রাম। আর পাঠিয়েছেন আমাদের নিয়মিত পত্রলেখক হারুন অর রশিদ। তিনি লিখেছেন, “রেডিও তেহরান থেকে প্রচারিত অনুষ্ঠানগুলো শুনে এতোটাই মুগ্ধ হচ্ছি যে, আমার কাছে রেডিও তেহরানের একেকটি অনুষ্ঠানকে মনে হয় যেন একেকটি গণমাধ্যম কিংবা একেকটি আলোকিত প্রতিষ্ঠান। রেডিও তেহরান কেবলমাত্র একটি রেডিও চ্যানেল নয়, এটি হলো মানব জীবনেন জন্য অতি মূল্যবান ও গুরুত্বপূর্ণ এক প্লাটফর্ম- যাতে সবার সংযুক্ত থাকা প্রয়োজন বলে আমি মনে করি।”

আশরাফুর রহমান: রেডিও তেহরান সম্পর্কে আপনার মূল্যায়ন জেনে সত্যিই ভালো লাগল। আশা করি এভাবে চিঠি লিখে আমাদের প্রেরণা জোগাবেন।

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার জীবনপুর থেকে আশরাফুল আশেক পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, “কুরআন তেলাওয়াত, বিশ্ব সংবাদ ও দৃষ্টিপাতসহ সমসাময়িক প্রসঙ্গ এবং নতুন অনুষ্ঠান ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ ভালো লাগছে। ভালো লাগে ধারাবাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণও।” তবে সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠান আরও বেশি প্রচারের প্রস্তাব দিয়েছেন এ শ্রোতা ভাই।

আকতার জাহান: এ মুহূর্তে রেডিও তেহরানের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানগুলো হচ্ছে প্রিয়জন, রংধনু, স্বাস্থ্যকথা ও আলাপন। এর বাইরে ঠিক কী ধরনের অনুষ্ঠান চান- তা সুস্পষ্টভাবে উল্লেখ করলে আমরা চেষ্টা করব প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। তো আশরাফুল আশেক ভাই, চিঠি লিখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।   

গাজী আবদুর রশিদ: ঢাকা সেনানিবাসের ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাবের সভাপতি মো. সোহেল রানা হৃদয় পাঠিয়েছেন এবারের চিঠিটি। তিনি লিখেছেন, "১১ জানুয়ারি ২০২১ তারিখের পুরো অনুষ্ঠান শুনলাম। বিশ্বসংবাদ ও দৃষ্টিপাতের পর প্রিয়জন অনুষ্ঠানে কুমিল্লার বন্ধু মাহফুজুর রহমানের চিঠি ও যুবরাজ ভাইয়ের সাক্ষাৎকার ভালো লেগেছে। ভালো লেগেছে কবি আমীন আল আসাদের স্বরচিত কবিতা আবৃত্তিও।"

আশরাফুর রহমান: আমীন আল আসাদের কবিতাসহ আমাদের অনুষ্ঠান আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে। আশা করি নিয়মিত চিঠি লিখবেন।

আকতার জাহান: কবিতার প্রসঙ্গ যখন উঠলই তখন একটা কবিতা শুনলে কেমন হয়?

গাজী আবদুর রশিদ: বেশ ভালো হয়। আজ আমরা কবি কাজী নজরুল ইসলামের আজাদ কবিতার অংশবিশেষ শুনব বাংলাদেশের বিশিষ্ট আবৃত্তিকার মুস্তাগিছুর রহমান রতনের উচ্চারণে।  

কোথা সে আজাদ? কোথা সে পূর্ণ মুক্ত মুসলমান?

আল্লাহ ছাড়া করে না কারেও ভয়, কোথা সেই প্রাণ?

কোথা সে ‘আরিফ’, কোথা সে ইমাম, কোথা সে শক্তিধর?

মুক্ত যাহার বাণী শুনি কাপে ত্রিভুবন থরথর!

কে পিয়েছে সে তৌহিদ-সুধা পরমামৃত হায়?

যাহারে হেরিয়া পরাণ পরম শান্তিতে ডুবে যায়

আছে সে কোরান মজীদ আজিও পরম শক্তি ভরা,

ওরে দুর্ভাগা, এক কণা তার পেয়েছিস কেউ তোরা?

সেই সে নামাজ রোজা আছে আজও, আজও সে কলমা আছে,

আজও উথলায় আব-জমজম কাবা শরীফের কাছে।

নামাজ পড়িয়া রোজা রেখে আর কলমা পড়িয়া সবে

কেন হতেছিস দলে দলে তোরা কতল গাহেতে জবে?

সব আছে, তবু শবের মতন ভাগাড়ে পড়িয়া কেন?

ভেবেছ কি কেউ কৌমের পীর, নেতা, কেন হয় হেন?

আজিও তেমনি জামায়েত হয় ঈদগাহে মসজিদে,

ইমাম পড়েন খোতবা, শ্রোতার আঁখি ঢুলে অসে নিঁদে!

যেন যেন দলে দলে কলের পুতুল শক্তি শৌর্য্যহীন,

নাহিক ইমাম, বলিতে হইবে-ইহারা মুসলেমিন!

আশরাফুর রহমান: চমৎকার একটি কবিতা শুনলাম। ধন্যবাদ রতন ভাইকে। কবিতার পর আবারো চিঠির দিকে নজর দিচ্ছি।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার নওপাড়া শিমুলিয়া থেকে এসএম জাকির হোসেন পাঠিয়েছেন এই মেইলটি। তিনি লিখেছেন, “নতুনভাবে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান পেয়ে আমি সত্যিই গর্বিত। তরতাজা বিশ্বসংবাদ শুনে এক নজরে গোটা বিশ্বের খবরাখবর পেয়ে যাই। এছাড়া ধর্মীয় কালচার, কুরআন-হাদিসের বাণীসহ ইরানের জীবনযাত্রা নিয়ে বিভিন্ন অনুষ্ঠান শুনতে ভালোই লাগে।”

চিঠির একাংশে তিনি ভারতে বিশেষকরে কোলকাতায় একটি শ্রোতা সম্মেলন করার প্রস্তাব দিয়েছেন।

আকতার জাহান: ভাই জাকির হোসেন, অনুষ্ঠান সম্পর্কে মতামতের জন্য আপনাকে ধন্যবাদ। আর শ্রোতা সম্মেলনের বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেবো। আশা করি তারা ইতিবাচক পদক্ষেপ নেবেন।

আসরের শেষ চিঠিটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঢাকা কলোনী থেকে। আর লিখেছেন শ্রোতাবন্ধু বিধান চন্দ্র সান্যাল। তিনি লিখেছেন, ১৯ জানুয়ারি রেডিও তেহরানের ফেসবুক পেজে একটি প্রশ্ন রাখা হয়। প্রশ্ন টি হল- আপনার দৃষ্টিতে ইরানের ইসলামী বিপ্লবের ৪২ বছরে সবচেয়ে বড় অর্জন কী? এর উত্তরে এই পত্রের অবতারণা।

গাজী আবদুর রশিদ: বিধান চন্দ্র লিখেছেন, ইরানের ইসলামী বিপ্লব সহস্রাব্দের এক অত্যাশ্চর্য ঘটনা। অন্য সাফল্য বাদ দিলেও কেবল ৪২ বছর ধরে আত্মমর্যাদার সাথে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়িয়ে থাকাটাই এক মহাবিস্ময়। পশ্চিমাদের একের পর এক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান গোটা দুনিয়াকে তাক লাগিয়ে দেওয়ার মতো বহু সাফল্য অর্জন করেছে। ইরান মহাশূন্যে পাঠিয়েছে নিজস্ব প্রযুক্তির দুটি কৃত্রিম উপগ্রহ। বিজ্ঞান গবেষণায় ইসলামী ইরান এখন বিশ্বের শীর্ষ পর্যায়ের কয়েকটি দেশের অন্যতম। সর্বোপরি, ইসলামী বিপ্লবের ফলে ইরানি জাতি একদিকে নিজেদের ভোটাধিকার অর্জন করেছে অন্যদিকে বিশ্বের দরবারে ক্ষমতা, মর্যাদা ও প্রভাব সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ জাতিতে পরিণত হয়েছে।

আশরাফুর রহমান: গত ৪২ বছরে ইরানের অর্জন সম্পর্কে আপনার মূল্যায়ন জেনে ভালো লাগল। মতামতের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আসরের এ পর্যায়ে আগামী ১৩ ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস ২০২১-এর শুভেচ্ছা জানিয়ে যারা ইমেইল করেছেন তাদের নাম-ঠিকানা জানিয়ে দিচ্ছি।

  • নারায়ণগঞ্জের আলী সাহারদি থেকে এইচ এম তারেক
  • মুন্সীগঞ্জের গজারিয়া থানার ইমামপুর থেকে ফারিয়া খানম মুমু

আকতার জাহান: বিশ্ব বেতার দিবস উপলক্ষে রেডিও তেহরানের সকল শ্রোতা বন্ধুকে রেডিও তেহরানের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তো শ্রোতাবন্ধুরা, এবার আমরা কয়েকজন ডিএক্সারের নাম জানাতে চাই যারা আমাদের অনুষ্ঠান শোনার পর শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন।

  • ভারতের ছত্তিশগড় থেকে আনন্দমোহন বাইন
  • পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে এস এম নাজিমউদ্দিন
  • বাংলাদেশের টাঙ্গাইল থেকে আবু তাহের
  • শাহাদত হোসেন কিশোরগঞ্জ থেকে
  • জামালপুর থেকে আয়েশা সিদ্দিকা আশা
  • এবং জাওয়াদ সাবের মরক্কো থেকে।

গাজী আবদুর রশিদ: শ্রবণমান রিপোর্ট পাঠানোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো শ্রোতাবন্ধুরা, আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে আসায় আপনারা ভালো ও সুস্থ থাকুন এ কামনা করে গুটিয়ে নিচ্ছি চিঠিপত্রের আজকের আসর।

আশরাফুর রহমান: কথা হবে আবারো আগামী আসরে।

পার্সটুডে/আশরাফুর রহমান/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।