ফেব্রুয়ারি ২৩, ২০২১ ১২:৪৫ Asia/Dhaka

প্রিয় শ্রোতা ভাই-বোনেরা। আপনাদের সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। অনুষ্ঠান পরিবেশনায় রয়েছি আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: চিঠিপত্রের দিকে নজর দেয়ার আগে আজও আমি একটি হাদিস শোনাতে চাই। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, সৎ চরিত্রের অধিকারী হও এবং সেগুলোকে কাজে লাগাও আর অসৎ চরিত্রের সঙ্গ বর্জন করে চল এবং তা থেকে দূরে থাক

আকতার জাহান: আমরা সবাই অসৎ গুণাবলী বর্জন করে সৎ চরিত্রের অধিকারী হওয়ার চেষ্টা করব- এ কামনা করে আসরের প্রথম মেইলটি হাতে তুলে নিচ্ছি। এটি এসেছে কিশোরগঞ্জের খড়ম পট্টি থেকে। আর পাঠিয়েছেন শরিফা আকতার পান্না। তিনি লিখেছেন, “রেডিও তেহরান শুধু ইরান ও ইসলামের প্রচার- প্রসারেই নিয়োজিত নয় এটি মানব জীবনকে সুন্দর ও সফল করার কাজেও নিয়োজিত। তারই উদাহরণ নতুন ধারাবাহিক ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ অনুষ্ঠানটি। এ অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব থেকে আমরা জানতে পারি যে, ভালো বীজ থেকে যেমন ভালো চারা হয়, তেমনি ভালো স্বামী-স্ত্রী থেকে ভালো সন্তান জন্ম নেয়। বিয়ের পরে সৎ ও সুস্থ সন্তান পাওয়ার জন্য উপযুক্ত স্বামী বা স্ত্রী বেছে নেয়ার অধিকার প্রত্যেকের আছে। চমৎকার এ অনুষ্ঠান থেকে আরো জানতে পারি যে, সন্তান গ্রহণের প্রাথমিক পর্যায় থেকেই বাবা-মাকে সতর্ক হতে হবে। ইসলামে এ বিষয়ে যত্নশীল হতে তাগিদ দেয়া হয়েছে।”

নাসির মাহমুদ: শরিফা আকতার পান্নার আরেকটি মেইল আমার হাতে রয়েছে। এতে তিনি কেবল একটি প্রশ্ন করেছেন। জানতে চেয়েছেন, ইরানের মেয়েরা কি কর্মস্থলে থাকা অবস্থায় মসজিদে নামাজ পড়েন নাকি প্রতিটি কর্মস্থলে নারীদের নামাজের জন্যে আলাদা ব্যবস্থা আছে?

আশরাফুর রহমান: ইরানের প্রত্যেকটি মসজিদে নারীদের নামাযের ব্যবস্থা রয়েছে। এছাড়া, অফিস-আদালত, বিপনীকেন্দ্র, পার্ক, স্টেডিয়ামসহ গুরুত্বপূর্ণ সব জায়গায় নামাযের ব্যবস্থা থাকে। মসজিদ যদি কর্মস্থলের কাছে থাকে তাহলে মসজিদে নয়তো কর্মস্থলে নামাযের জন্য নির্ধারিত কক্ষে নামায পড়েন তারা।  

আকতার জাহান: বোন শরিফা আকতার পান্না, ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ অনুষ্ঠানের ব্যাপারে মতামত এবং প্রশ্নের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আসরের পরের মেইলটি এসেছে নওগাঁ জেলার মান্দা উপজেলার সেতু রেডিও ফ্যান ক্লাব থেকে। আর পাঠিয়েছেন সুলতান মাহমুদ সরকার।

নাসির মাহমুদ: একটা সময় সুলতান মাহমুদ সরকার নিয়মিত আমাদের কাছে চিঠি লিখতেন। বহুদিন পর তার চিঠি পেয়ে খুব ভালো লাগছে। তো এই চিঠিতে তিনি কী লিখেছেন?

আকতার জাহান: সুলতান ভাই লিখেছেন, আমি রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা। গত ১৯ ও ২৫ জানুয়ারি তারিখের শ্রোতানন্দিত অনুষ্ঠান প্রিয়জন শুনলাম। অনুষ্ঠানের শুরুতে দুটি হাদিস শোনানো হয়েছে। রেডিও তেহরানের এটা বিশেষ বৈশিষ্ট্য। তাছাড়া, এটি একটি মাত্র বেতার কেন্দ্র যা বিশ্বের মজলুম মানুষের পক্ষে কথা বলে।”

সবশেষে তিনি জানিয়েছেন, দিঘী বেতার শ্রোতা সংঘের সভাপতি মোবারক হোসেন ফনির সাক্ষাৎকার তার খুব ভালো লেগেছে।

আশরাফুর রহমান: মোবারক হোসেন ফনি ভাইয়ের সাক্ষাৎকার আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে। তো দীর্ঘদিনের নিরবতা ভেঙে আবারো চিঠি লেখার জন্য সুলতান মাহমুদ সরকার আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ভারতের রাজস্থান থেকে কৃপারাম কাগা পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, “আমি রেডিও তেহরানের বাংলা প্রোগ্রাম নিয়মিত শুনি। এ বেতারের সব অনুষ্ঠান আমার ভালো লাগে। আপনাদের ওয়েবসাইটে প্রকাশিত সব নিবন্ধ খুব আকর্ষণীয়। আমি অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছি, আশা করি পুরস্কার জিতব।”

নাসির মাহমুদ: কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ঘোষণা করা হয় সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে। নিয়মিত অংশ নিতে থাকুক, ভাগ্য সুপ্রসন্ন হলে নিশ্চয়ই পুরস্কার জিতবেন একদিন। চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

বাংলাদেশের রাজবাড়ী জেলার খোশবাড়ী গ্রামের রংধনু বেতার শ্রোতা সংঘ থেকে শাওন হোসাইন পাঠিয়েছেন পরের চিঠিটি। তিনি লিখেছেন, “নিয়মিত অনুষ্ঠান শুনতে শুনতে রেডিও তেহরানের সাথে এক অদৃশ্য মায়াজালে বন্দি হয়ে গেছি। সারাদিনের হাজারো কর্মব্যস্ততার মাঝেও অপেক্ষায় থাকি কখন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন শুনতে পাব। আমি প্রতিদিন রেডিও তেহরান শুনলেও বৃহস্পতিবারের আয়োজন আমার নিকট আলাদা প্রাধান্য পায়। কারণ এদিন প্রচারিত হয় আমার প্রিয় একটি আয়োজন রংধনু। এ অনুষ্ঠানটি ছোট্ট বন্ধুদের জন্য নির্মিত হলেও রেডিও তেহরানের সকল বয়সের শ্রোতাই এটি উপভোগ করেন বলে আমার বিশ্বাস।” 

সবশেষে তিনি রেডিও তেহরানের সকল শ্রোতাবন্ধুর প্রতি অনুরোধ জানিয়ে লিখেছেন, আপনারা আপনাদের পরিবারের ছোট্ট সোনামণিদের রংধনুর আসর শুনতে উদ্ধুদ্ধ করবেন। কারণ আমার বিশ্বাস সোনামণিরা রংধনুতে প্রচারিত গল্পগুলো শুনলে নিজেদের জীবনকে সুন্দরভোবে গড়ে তুলতে পারবে।

আকতার জাহান: রংধনু আসর সম্পর্কে মতামত এবং শ্রোতাবন্ধুদের দৃষ্টি আকর্ষণের জন্য শাওন হোসাইন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা সরাসরি মতামত জানব বাংলাদেশি শ্রোতা মোঃ সাগর মিয়ান কাছ থেকে। তার পুরো সাক্ষাৎকারটি এখানে উপস্থাপন করা হলো:   

আশরাফুর রহমান: অনুষ্ঠানের এ পর্যায়ে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে আসা একটি মেইল চেক করছি। এটি পাঠিয়েছেন বিধান চন্দ্র সান্যাল। তিনি লিখেছেন, "হেলিকপ্টার বহরের দিক থেকে ইরান বিশ্বে তৃতীয়- এ খবরটি জেনে আমি এত খুশি হয়েছি যে, ভাষায় বর্ণনা করতে পারছি না। আসলে রেডিও তেহরান শুনতে শুনতে ইরানের প্রতি এমন একটা ভালোবাসার আবেগ মনে জেগে উঠেছে যাতে করে বলতে পারি যে, ইরান আমার দ্বিতীয় মাতৃভূমি। নিজ মাতৃভূমির প্রতি যেমন শ্রদ্ধা, ভালোবাসা ও মমত্ববোধ জন্মে ঠিক তেমনি ইরানের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা ও মমত্ববোধ জাগে। আমার গর্ব এই কারণে যে, ইরানের হেলিকপ্টার ব্যবস্থাপনা, নির্মাণ ও আধুনিকীকরণ বিষয়ক সংস্থা সব ধরনের সীমাবদ্ধতা ও নিষেধাজ্ঞা সত্ত্বেও বিশাল ও বৈচিত্র্যময় হেলিকপ্টার বহর গড়ে তুলতে সক্ষম হয়েছে। এই গৌরবান্বিত সংবাদ পরিবেশনের জন্য রেডিও তেহরানকে অশেষ ধন্যবাদ

নাসির মাহমুদ: ইরানের সাফল্য আপনাকে মুগ্ধ করে এবং ইরানকে আপনি দ্বিতীয় মাতৃভূমি মনে করেন জেনে ভালো লাগল নিয়মিত চিঠি লিখে বিভিন্ন বিষয়ে মতামত জানানোয় বিধানদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ

আসরের পরের চিঠিটি পাঠিয়েছেন জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলছিয়া গ্রামের ‘জাগো রেডিও লিসেনার্স ক্লাব’র সভাপতি হারুন অর রশীদ।

তিনি লিখেছেন, “শ্রোতারা ভালোবেসে যেভাবে একের পর এক  আইআরআইবি ফ্যান ক্লাব গঠন করে যাচ্ছে, তাতে অদূর ভবিষ্যতে ভারত-বাংলাদেশের সর্বত্রই আইআরআইবি তার একনিষ্ঠ ও সক্রিয় শ্রোতাগোষ্ঠী দ্বারা বিশ্বের সর্বশ্রেষ্ট শর্টওয়েভ সম্প্রচার বেতার কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করবে। আমার বিশ্বাস, বিশ্বের অন্যান্য বেতার কেন্দ্রগুলোও আইআরআইবিকে অনুসরণ করে পুনরায় শর্টওয়েভে অনুষ্ঠান সম্প্রচার করবে এবং শ্রোতাদের সাথে আবারো তাদের যোগাযোগ ব্যবস্থা জোরদারে এগিয়ে আসবে।”

আকতার জাহান: ভাই হারুন অর রশীদ, আইআরআইবির পাশাপাশি অন্যান্য বেতার কেন্দ্রগুলোও শ্রোতাবান্ধব কর্মসূচি নিয়ে এগিয়ে যাক এ প্রত্যাশা আমাদেরও। চিঠি ও মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আসরের শেষ চিঠিটি এসেছে কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ থেকে। আর পাঠিয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন। ইরানের ইসলামী বিপ্লবের বিজয়বার্ষিকী উপলক্ষে ‘আলোকোজ্জ্বল ১০ প্রভাত’ শীর্ষক রেডিও তেহরানের ১০ পর্বের ধারাবহিক অনুষ্ঠানের প্রথম পর্ব শোনার পর তিনি লিখেছেন, “এ অনুষ্ঠান থেকে আমরা ইরানে ইসলামী বিপ্লবের গৌরবগাঁথা, ইমাম খোমেনী (রহ.)-এঁর নেতৃত্ব, মার্কিনীদের ষড়যন্ত্র এবং নানা প্রতিকুলতা সত্ত্বেও বিগত ৪২ বছর ধরে ইরানের এগিয়ে যাওয়ার নানা কথা জানতে পারব। ইসলামী বিপ্লব ও ইরানকে একসাথে খুঁজে পাওয়া যাবে এ অনুষ্ঠান থেকে। আমরা বিশ্বাস করি যে, বিশ্বের অপরাপর মুসলিম রাষ্ট্রগুলোও এ অনুষ্ঠান থেকে তাদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা পাবে।”

আশরাফুর রহমান: ভাই শাহাদত হোসেন, চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি আমাদের অন্যান্য অনুষ্ঠান কিংবা ওয়েবসাইট সম্পর্কে মতামত জানাবেন। আসরের এ পর্যায়ে যারা শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন তাদের নাম-ঠিকানা জানিয়ে দিচ্ছি।

  •  ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদ থেকে প্রদীপ কুন্ডু
  •  ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দ মোহন বাইন
  •  পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে এসএম নাজিমউদ্দিন
  •  দক্ষিণ দিনাজপুর থেকে বিধান চন্দ্র সান্যাল ও রতন কুমার পাল।
  •  বাংলাদেশের গাজীপুর থেকে শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন ফিরোজ আলম
  •  কিশোরগঞ্জ থেকে শাহাদত হোসেন
  •  শাওন হোসাইন রাজবাড়ী থেকে
  •  এবং টাঙ্গাইল থেকে আবু তাহের।

নাসির মাহমুদ: যারা অনুষ্ঠান শোনার পাশাপাশি কষ্ট করে শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। এবারে আপনাদের জন্য রয়েছে শ্রোতাবন্ধু বিধান চন্দ্র স্যানালের অনুরোধে একটি ফার্সি গান। 

আকতার জাহান: আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।

আশরাফুর রহমান: কথা হবে আবারো আগামী আসরে।

পার্সটুডে/আশরাফুর রহমান/২৩