প্রিয়জন : 'সঠিক সংবাদ শুনতে হলে রেডিও তেহরানকে সঙ্গী করে রাখতে হবে'
শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর 'প্রিয়জন'। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।
আশরাফুর রহমান: প্রতি আসরের মতো আজও অনুষ্ঠান শুরু করব একটি মূল্যবান হাদিস শুনিয়ে। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, "মানুষের সাথে মানিয়ে চলা ঈমানের অর্ধাংশ। আর তাদের সঙ্গে নরম ব্যবহার হলো সুখী জীবনের অর্ধাংশ।"
আকতার জাহান: আমরা সবাই এই হাদিসটি মেনে চলার চেষ্টা করব- এ আশাবাদ ব্যক্ত করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম চিঠিটিই সমালোচনামূলক। এটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ইন্টারন্যাশনাল ডিএক্স রেডিও শ্রোতা সংঘ থেকে। আর পাঠিয়েছেন এস এম নাজিম উদ্দিন।
তিনি লিখেছেন, “৯ ফেব্রুয়ারি নতুন ধারাবাহিক অনুষ্ঠান 'গল্প ও প্রবাদের গল্প' প্রচারিত হলো। গল্প নিয়ে আসর এখন দুটি হয়ে গেল, একটি মঙ্গলবার অপরটি বৃহস্পতিবার। নতুন অনুষ্ঠানের চেয়ে ইরানের পণ্য-সামগ্রী অনুষ্ঠানটি বাস্তবসম্মত ছিল বলে আমার মনে হয়।”
নাজিম ভাই আরও লিখেছেন, “ইরানের শিক্ষা ব্যবস্থা, স্কলারশিপ এসব বিষয়যুক্ত অনুষ্ঠানের ভাবনা থাকা উচিত ছিল। এর সাথে বিজ্ঞান ও প্রযুক্তিতে ইরানের অর্জন ও সাফল্য নিয়ে অনুষ্ঠানের ব্যবস্থা থাকা উচিত ছিল।”
নাসির মাহমুদ: ‘ইরানের পণ্য-সামগ্রী’ অনুষ্ঠানটি শেষ হয়ে যাওয়ায় নতুন একটি অনুষ্ঠান সম্প্রচার অবধারিত ছিল। সে কারণেই 'গল্প ও প্রবাদের গল্প' শুরু হয়েছে। আর বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে অনুষ্ঠানের প্রচারের দাবি আগেও ছিল। কিন্তু আইআরআইবি’র অনুষ্ঠান বিভাগে এ বিষয়ে কোনো ধারাবাহিক না থাকায় আমরা দাবি পূরণ করতে পারিনি। তবে, আপনার এ চিঠি এবং অনেক শ্রোতার দাবি থাকায় বিষয়টি নিয়ে এরইমধ্যে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলেছি। তারা কথা দিয়েছেন আগামী ফার্সি বছরে শ্রোতাদের অনুরোধ রক্ষার চেষ্টা করবেন।
আশরাফুর রহমান: একই বিষয়ে আরেকটি চিঠি এসেছে রাজবাড়ী জেলার খোশবাড়ীর রংধনু বেতার শ্রোতা সংঘ থেকে। আর লিখেছেন ক্লাব সভাপতি শাওন হোসাইন।
তিনি লিখেছেন, “গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানের প্রথম পর্ব শুনে বুঝতে পারলাম ধারাবাহিকটি আমাদের জন্য শিক্ষণীয় হবে। তবে প্রতি বৃহস্পতিবার রংধনুর আসরে অত্যন্ত শিক্ষনীয় গল্প প্রচারিত হয় যা শ্রোতাদের নিকট অনেক প্রিয়। তাই আমার মনে হয় সপ্তাহে দু’টি গল্পের আসর প্রচারের খুব বেশি প্রয়োজনীয়তা নেই। তবে কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমি একটি অনুরোধ রাখতে চাই সেটি হলো- শ্রোতাদের দীর্ঘদিনের দাবি ‘আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে ইরানের অবদান’ শীর্ষক একটি পর্ব চালু করা। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে ভেবে দেখবে।”
আকতার জাহান: প্রায় একই ধরনের বক্তব্য দিয়ে আরেকটি চিঠি পাঠিয়েছেন বগুড়ার চাঁদনী বাজার থেকে সাইফুল ইসলাম। তিনি একাধিক গল্পের অনুষ্ঠান প্রচার না করে ইরানের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি কিংবা তথ্য প্রযুক্তির উন্নয়ন বা বিজ্ঞান বিষয়ক নতুন অনুষ্ঠান প্রচারের পরামর্শ দিয়েছেন।
নাসির মাহমুদ: তবে, ‘গল্প ও প্রবাদের গল্প’ অনুষ্ঠানের প্রশংসা করে ভারতের পশ্চিমবঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের শ্রোতা বিধান চন্দ্র সান্যাল একটি মেইল পাঠিয়েছেন। চিঠির একাংশে তিনি লিখেছেন, “সাহিত্যকে সমাজের বাইরে কল্পনা করার কোনো সুযোগ নেই। কারণ সাহিত্য আর সমাজ একই সুতোয় গাঁথা। সেদিক থেকে দেখলে রেডিও তেহরানের নতুন অনুষ্ঠান ‘গল্প ও প্রবাদের গল্প’ ইরানের সমাজকে আমাদের পরিচিত করাতে বিশেষ সাহায্য করবে। ইরানের সমাজকে বুঝতে নতুন অনুষ্ঠানটি একটি দিকচিহ্ন হয়ে থাকবে বলে আশা রাখি।”
আশরাফুর রহমান: ‘গল্প ও প্রবাদের গল্প’ সম্পর্কে আপনাদের মতামত গুরুত্বের সাথে তুলে ধরা হলো। অনুষ্ঠানটি শুনতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আপনাদের প্রস্তাবিত অনুষ্ঠানটি যত দ্রুত প্রচার করা যায় তা নিয়ে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। গঠনমূলক সমালোচনার পাশাপাশি সুচিন্তিত পরামর্শের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।
এবারে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার সাদির চর গ্রাম থেকে আসা একটি মেইলের দিকে নজর দিচ্ছি। মেইলটি পাঠিয়েছেন মোঃ সাগর মিয়া। তিনি ‘সৎপথে চলি সত্যকথা বলি বেতার শ্রোতা ক্লাব’র সভাপতি এবং আইআরআইবি ফ্যান ক্লাব-কিশোরগঞ্জ’র সাংগঠনিক সম্পাদক।
সাগর মিয়া জানিয়েছেন, “বিশ্ব বেতার দিবস উপলক্ষে ‘সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ’ গত ১২ ফেব্রুয়ারি বেতার বিষয়ক ডিএক্স প্রশিক্ষণ, প্রদর্শনী ও শ্রোতা সম্মেলনের আয়োজন করেছিল। আমি সেখানে উপস্থিত ছিলাম। অনুষ্ঠানের আয়োজকরা শ্রোতাদের কাছে জানতে চেয়েছিলেন- তারা কোন্ কোন্ আন্তর্জাতিক বেতার শোনেন? তখন অনেক শ্রোতাই বলেছিলেন যে, তারা রেডিও তেহরান শোনেন। রেডিও তেহরানের এত শ্রোতা জানতে পেরে আমি অনেক অবাক হয়েছিলাম! একথা সত্যি যে, রেডিও তেহরান দিন দিন শ্রোতাবান্ধব হয়ে উঠেছে এবং শ্রোতাপ্রিয় অনুষ্ঠান চালু করেছে। সেজন্যেই রেডিও তেহরান জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে।”
আকতার জাহান: ভাই মোঃ সাগর মিয়া, আপনার চিঠিটি পড়ে আমাদের অনেক ভালো লাগছে। আশা করি এ বেতার শুনতে আপনার ক্লাবের অন্যান্য শ্রোতাদেরকেও উদ্বুদ্ধ করবেন।
নাসির মাহমুদ: বাংলাদেশের পর আবারো ভারতের চিঠির দিকে নজর দিচ্ছি। এটি এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার নওপাড়া শিমুলীয়ার ভি আর এল ক্লাব থেকে। আর পাঠিয়েছেন ক্লাব সভাপতি এস এম জাকির হোসেন।
বিশ্ব বেতার দিবসে লেখা এই চিঠিতে তিনি লিখেছেন, বর্তমানে ইন্টারনেটে যুগেও রেডিও'র গুরুত্ব কমেনি। রেডিও হচ্ছে দুর্দিনের কাণ্ডারি। রেডিও হচ্ছে নিত্য দিনের সঙ্গী। বহিঃবিশ্বে অনেক রেডিও স্টেশন আছে। কিন্তু রেডিও তেহরান আমার কাছে সব থেকে প্রিয়।
আশরাফুর রহমান: রেডিও তেহরান কেন সব থেকে প্রিয় সে সম্পর্কে কি জাকির ভাই কিছু লিখেছেন?
নাসির মাহমুদ: হ্যাঁ, লিখেছেন। আমি বরং তার চিঠি থেকেই পড়ে শোনাচ্ছি। জাকির ভাই লিখেছেন, “অনেকগুলো বৈশিষ্ট্য আছে যা অন্য কোনো বেতারের নেই। ইসলামী আদর্শকে জাগিয়ে তুলতে রেডিও তেহরানের অনুষ্ঠান আমাদেরকে সচেতন করিয়ে দেয়। এশিয়া মহাদেশসহ গোটা বিশ্বের ঘটনাকে তুলে ধরতে রেডিও তেহরান চুলচেরা বিশ্লেষণ করে থাকে। সঠিক সংবাদ শুনতে হলে রেডিও তেহরানকে সঙ্গী করে রাখতে হবে।”
আকতার জাহান: রেডিও তেহরানের বৈশিষ্ট্য সম্পর্কে জাকির হোসেন ভাইয়ের মূল্যায়ন জেনে ভালো লাগল। চিঠি লেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
আসরের এ পর্যায়ে আমরা সরাসরি কথা বলতে চাই কোনো এক শ্রোতাবন্ধুর সঙ্গে।

নাসির মাহমুদ: রংপুরের পীরগাছা উপজেলার সৈয়দপুর গ্রাম থেকে এ, টি, এম, আতাউর রহমান রঞ্জু পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, “হযরত ফাতিমা (সা. আ.) ছিলেন মহত্ব ও নেয়ামতের চির-প্রবাহমান ঝর্ণা। তিনি ছিলেন জান্নাতের নারীদের নেত্রী; আল্লাহর অশেষ নেয়ামত এবং সমগ্র নারী জাতির অহংকার। আসুন আমরা হযরত ফাতিমার জীবন থেকে শিক্ষা নিই এবং প্রকৃত ঈমানদার হিসেবে আল্লাহর কাছে নিজেদের সোপর্দ করি।”
আকতার জাহান: খুবই মূল্যবান কিছু কথা বলেছেন রঞ্জু ভাই, আশা করি আমাদের অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন।
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার দৌলতপুর থেকে রতন কুমার পাল লিখেছেন এবারের চিঠিটি। তিনি লিখেছেন, আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা। নিয়মিত অনুষ্ঠান শোনার সাথে নিয়মিত রিসেপশন রিপোর্টও পাঠিয়ে থাকি। কিন্তু কোনো অজানা কারণে আমার ইমেইল ও রিসেপশন রিপোর্টগুলো আপনাদের প্রিয়জন অনুষ্ঠানে প্রাপ্তিস্বীকারও করা হয় না। কারণ জানালে উপকৃত হতাম। যদিও এই ইমেইলের জবাব পাব না জেনেও লিখছি।
আশরাফুর রহমান: রতন কুমার পাল, নতুন আঙ্গিকে প্রিয়জন অনুষ্ঠান শুরু হওয়ার পর আমরা আপনার কাছ থেকে দশটির মতো রিসিপশন রিপোর্ট পেয়েছি। তবে অনুষ্ঠান সম্পর্কে চিঠি পেলাম এই প্রথম! রিসিপশন রিপোর্টের কিছু প্রাপ্তিস্বীকার করা হয়েছে। তবে সময়ের অভাবে সবগুলোর প্রাপ্তিস্বীকার করতে না পারায় আমরা দুঃখিত।
আকতার জাহান: রতন কুমার পালের চিঠি এখনও শেষ হয়নি। তিনি আরও লিখেছেন, গত ১৫ ফেব্রুয়ারির প্রিয়জন অনুষ্ঠানে শ্রোতাবন্ধু আনন্দ মোহন বাইনের টেলিফোন আলাপচারিতা খুব ভালো লাগল। সবশেষে তিনি জানতে চেয়েছেন- ইরানের বৃহত্তম মোবাইল সংস্থার নাম কী?
নাসির মাহমুদ: ইরানের সর্ববৃহৎ মোবাইল অপারেটরের নাম এমসিআই। ফার্সিতে যা হামরা'হে আভভাল নামে পরিচিত। এটি ইরানের প্রথম টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক। বর্তমানে এই প্রতিষ্ঠানের গ্রাহক সংখ্যা প্রায় সাত কোটি।
আশরাফুর রহমান: ভাই রতন কুমার পাল, আপনার চিঠি ও প্রশ্নের উত্তর দেয়া হলো। আশা করি এখন থেকে নিয়মিত চিঠি লিখবেন।
অনুষ্ঠানের এ পর্যায়ে কয়েকজন শ্রোতার চিঠির প্রাপ্তিস্বীকার করছি সময়ের অভাবে যাদের চিঠির জবাব দেয়া সম্ভব হচ্ছে না। তারা হলেন-
• ভারতের রাজস্থান থেকে কৃপারাম কাগা
• ছত্তিশগড় থেকে আনন্দ মোহন বাইন
• দেশমাতৃকা প্রসাদ রায় পশ্চিমবঙ্গের বীরভুম থেকে
• পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে রাজীব দত্ত
• বাংলাদেশের রাজবাড়ী জেলার চন্দনী থেকে শ্রী গোপীনাথ পাল
• বগুড়ার শিবগঞ্জ থেকে এম শামসুল ইসলাম
• এবং কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ থেকে মোঃ শাহাদত হোসেন
আকতার জাহান: কয়েকজন ডিএক্সার বন্ধু আমাদের অনুষ্ঠান শুনে শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন। আমি তাদের নাম-ঠিকানা জানিয়ে দিচ্ছি।
• ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দ মোহন বাইন
• পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে এসএম নাজিমউদ্দিন
• দক্ষিণ দিনাজপুর থেকে বিধান চন্দ্র সান্যাল ও রতন কুমার পাল।
• বাংলাদেশের গাজীপুর থেকে ফিরোজ আলম
• এবং টাঙ্গাইল থেকে আবু তাহের।
নাসির মাহমুদ: তো যারা অনুষ্ঠান শোনার পাশাপাশি কষ্ট করে শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন এবং মতামতসমৃদ্ধ চিঠি দিয়ে অনুষ্ঠান সাজাতে সহযোগিতা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আশরাফুর রহমান: কথা হবে আবারো প্রিয়জনে আগামী আসরে। সে পর্যন্ত সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।