এপ্রিল ১৫, ২০২১ ১১:০৭ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর 'প্রিয়জন'। প্রতি সপ্তার মতো আজও আপনাদের চিঠিপত্রের জবাব দিতে স্টুডিওতে হাজির হয়েছি আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: চিঠিপত্রের দিকে নজর দেয়ার আগে আমি একটি বাণী শোনাতে চাই। প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘জিহ্বার কারণে সৃষ্ট দুঃখ-কষ্টের যন্ত্রণা তরবারির আঘাতের চেয়ে অধিকতর যন্ত্রণাদায়ক।’

আকতার জাহান: আমরা যেন কথার দ্বারা কাউকে কষ্ট না দিই- এ প্রত্যাশ করে চিঠিপত্রের দিকে নজর দিচ্ছি। আসরের প্রথম চিঠিটি এসেছে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার পশ্চিম জিনারাই থেকে। আর পাঠিয়েছেন মোঃ আজহারুল ইসলাম তামিম। সালাম ও শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, “রেডিও তেহরানের প্রত্যেকটি অনুষ্ঠান আমার হৃদয় ছুঁয়ে যায়। বিশেষ করে রংধনুর আসর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। একজন মানুষের জীবন গড়ার মূল সময় হচ্ছে শিশু বা শৈশবকাল। আর সেই শিশুদের উৎসাহ এবং সঠিক পরামর্শ খুব গোছানোভাবে দেওয়া হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। এত সুন্দরভাবে গোছানো ও শিক্ষণীয় অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।”

নাসির মাহমুদ: আপনাকেও ধন্যবাদ সুন্দর করে সাজিয়ে-গুছিয়ে চিঠিটি লিখার জন্য। আশা করি এখন থেকে নিয়মিত লিখবেন।

বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীর শাপলা শর্টওয়েভ রেডিও শ্রোতা সংঘ থেকে আব্দুল কুদ্দুস মাস্টার পাঠিয়েছেন আসরের পরের চিঠিটি। পাঁচশ’র বেশি শব্দের এই চিঠিতে তিনি 'আদর্শ মানুষ গড়ার কৌশল' অনুষ্ঠানের প্রশংসা করার পাশাপাশি রেডিও তেহরান সম্পর্কেও মূল্যায়ন করেছেন। লিখেছেন, “আইআরআইবি নামের বিশাল তথ্য ভাণ্ডার থেকে আমার ক্ষুদ্রাতিক্ষুদ্র জ্ঞানভাণ্ডারকে কিঞ্চিৎ সমৃদ্ধ করতে একজন অকৃতজ্ঞ ভক্তের ন্যায় বিচিত্র স্বাদের মনিমুক্তো কুড়িয়ে নিচ্ছি অবিরত। অথচ দীর্ঘদিন রেডিও তেহরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সামান্য  বোধটুকুও হারিয়ে ফেলেছিলাম। এজন্য নিজেকে বড় মাপের অপরাধী বলেই স্বীকার করে নিচ্ছি। আশা করি আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টির আওতায় এনে আগের মতই শ্রোতা তালিকায় অন্তর্ভূক্ত করে নেবেন।”

এরপর আব্দুল কুদ্দুস ভাই লিখেছেন, “আদর্শ মানুষ গড়ার কৌশল ধারাবাহিকটি আমার হৃদয়কে বিশেষভাবে নাড়া দিয়েছে। কেননা এর মূল উদ্দেশ্যই হচ্ছে একটা সুস্থ, সুন্দর ও কলুষমুক্ত পরিবার, সমাজ তথা উন্নত জাতি গঠন।” 

আশরাফুর রহমান: ভাই আব্দুল কুদ্দুস মাস্টার, অনেকদিন পর চমৎকার ভাষায় লেখা আপনার চিঠিটি আমাদের সত্যিই মুগ্ধ করেছে। এখন থেকে নিয়মিত লিখবেন আশা করি।

আকতার জাহান: ভারতের ছত্তিসগড়ের ভিলায় থেকে আনন্দ মোহন বাইন পাঠিয়েছেন এবারের চিঠিটি। তিনি পরিবার বন্ধু SWL ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি।

এ শ্রোতাবন্ধু লিখেছেন, “আমি প্রায় সব বেতার কেন্দ্রের অনুষ্ঠান শুনে থাকি। দিন দিন রেডিও তেহরান শ্রোতাদের মনের চাহিদা পূরণ করতে এগিয়ে আসছে। এর ফলে নতুন নতুন শ্রোতা রেডিও তেহরানের সঙ্গে যুক্ত হচ্ছে।” এই চিঠিতে তিনি রংধনু ও কথাবার্তা অনুষ্ঠানেরও প্রশংসা করেছেন।

নাসির মাহমুদ: রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধির খবরটি আমাদের আশান্বিত করেছে। চিঠি লিখে বিষয়টি জানানোয় আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালী উপজেলার জগন্নাথদী গ্রামের ইন্ডিপেন্ডেন্ট রেডিও লিসনার্স ক্লাব থেকে কামাল হোসাইন পাঠিয়েছেন পরের মেইলটি।

ইরানি নববর্ষ বা নওরোজ উপলক্ষে শুভেচ্ছা কার্ড পাঠানোয় তিনি ধন্যবাদ জানিয়ে লিখেছেন, 'বর্তমানে শ্রোতানন্দিত হচ্ছে রেডিও তেহরানের অনুষ্ঠান'। এরপর তিনি বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রেডিও তেহরানের সকল কলাকুশলীসহ শ্রোতাদের শুভেচ্ছা জানিয়েছেন।

আশরাফুর রহমান: ফার্সি নববর্ষ বা নওরোজের শুভেচ্ছা জানিয়ে আরও যারা চিঠি লিখেছেন তাদের কয়েকজনের নাম-ঠিকানা জানিয়ে দিচ্ছি।

  • রংপুরের পীরগাছা উপজেলার সৈয়দপুর থেকে এ, টি, এম, আতাউর রহমান রঞ্জু
  • দিদারুল আলম সিকদার চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার কর্ণফুলি আইডিয়াল লিসনার্স ক্লাব থেকে।
  • মুন্সীগঞ্জের গজারিয়া থানার ইমামপুর থেকে মারিয়া খানম মৌরি ও ফারিয়া খানম মুমু
  • নারায়ণগঞ্জের আলী সাহারদি থেকে এইচ এম তারেক ও সাঈফ আহমেদ উৎস
  • এবং কুষ্টিয়ার মিরপুর আমলা বাজার থেকে মো. ওবায়দুল্লাহ পিন্টু

আকতার জাহান: নওরোজের শুভেচ্ছা জানিয়ে মেইল করায় আপনাদের সবাইকে ধন্যবাদ। আসরের এ পর্যায়ে আমরা কথা বলব বাংলাদেশের সিনিয়র শ্রোতা সুলতান মাহমুদ সরকারের সঙ্গে।

নাসির মাহমুদ: সাক্ষাৎকারের পর আবারো চিঠিপত্রের দিকে নজর দিচ্ছি। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর ভি আর এল ক্লাব ক্লাবের সভাপতি এস এম জাকির হোসেন পাঠিয়েছেন এবারের চিঠিটি। ১৫ মার্চের প্রিয়জন অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, শ্রোতাদের মতামত নিয়ে পরিবেশনা প্রিয়জনে বেশ কয়েকজন প্রবীণ শ্রোতা বন্ধুর চিঠি পড়ে শোনানো হল। সুন্দর অভিমত নিয়ে সাজানো অনুষ্ঠানটি ছিল বৈচিত্র্যময়। প্রিয়জনে বাংলাদেশের চিঠি বেশি ছিল। তবে কি পশ্চিম বাংলার চিঠি কম যায়? 

আশরাফুর রহমান: হ্যাঁ জাকির ভাই, বাংলাদেশের তুলনায় পশ্চিমবঙ্গের চিঠি আমরা অনেক কম পাই। আশা করি ভারতের শ্রোতারা আরও বেশি বেশি চিঠি লিখবেন এবং আমাদের মাসিক প্রতিযোগিতাগুলোতে অংশ নেবেন।

কিশোরগঞ্জের খড়ম পট্টি থেকে আইআরআইবি ফ্যান ক্লাবের অর্থ-সম্পাদক শরিফা আক্তার পান্না পাঠিয়েছেন এই মেইলটি। তিনি লিখেছেন, ১৮ মার্চ তারিখে প্রচারিত প্রতিটি অনুষ্ঠান আমাদের খুব ভালো লেগেছে, তবে বেশি ভালো লেগেছে রংধনু আসর। এতে কোনো কাল্পনিক গল্প নয়, বরং নবী নন্দিনী হযরত ফাতেমা (সা. আ.)-এর দানশীলতা নিয়ে একটি সত্য ঘটনা প্রচার করা হয়। ঘটনাটি জেনে দারুণ ভালো লেগেছে। এ থেকে আমরা হযরত ফাতেমা (সা. আ.)-এর দানশীলতা সম্পর্কে সামান্য হলেও জানতে পারলাম।

আকতার জাহান: একই অনুষ্ঠানের প্রশংসা করে নওগাঁ জেলার মান্দা উপজেলার সেতু রেডিও ফ্যান ক্লাবের সভাপতি সুলতান মাহমুদ সরকার লিখেছেন এই চিঠিটি। তিনি মন্তব্য করেছেন- ঘরে ঘরে যদি হযরত মা ফাতিমা (সা.আ)-এর মত মা-বোন থাকত তাহলে আমাদের সমাজের চিত্র অন্যরকম হতে পারত।

নাসির মাহমুদ: বোন শরিফা আক্তার পান্না ও সুলতান মাহমুদ সরকার, নবীনন্দিনী হযরত ফাতিমার চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্বের সকল মা-বোনের মাঝে ছড়িয়ে পড়ুক আমাদের প্রত্যাশাও তাই। চিঠি লিখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।

ঢাকার সাভার থেকে আসিফ আহমাদ পাঠিয়েছেন এবারের চিঠিটি। তিনি লিখেছেন, আমি আহলে বাইতের মহান ইমামগণের সুন্দর বাণীগুলো প্রচারের জন্য ইউটিউবে একটি চ্যানেল খুলেছি। সেখানে রেডিও তেহরানের ‘জীবনশৈলী’ অনুষ্ঠানের দুটি পর্ব আমি নিজ কণ্ঠে রেকর্ড করে সূত্র উল্লেখপূর্বক আপলোড করেছি। আমি এরকম আরো সুন্দর সুন্দর বার্তা পার্সটুডের সহযোগিতায় মানুষের কাছে পৌঁছাতে চাই।

আশরাফুর রহমান: ভাই আসিফ আহমাদ, আপনার উদ্যোগটি নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। তবে আমাদের উপস্থাপকদের কণ্ঠে অনুষ্ঠানগুলো ইউটিউবে প্রচার করলে আরও বেশি আকর্ষণীয় হবে বলে আমরা মনে করি।

আসরের শেষ চিঠিটি পাঠিয়েছেন মোঃ শাহাদত হোসেন, কিশোরগঞ্জ থেকে। অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর পাশাপাশি তিনি একটি প্রশ্ন করেছেন। জানতে চেয়েছেন  ফার্সি নববর্ষ বা নওরোজ উপলক্ষে ইরানে কত দিনের ছুটি থাকে?

আকতার জাহান: সাধারণত নওরোজের প্রথম চারদিন এবং ১৩তম দিন সরকারি ছুটি থাকে। তবে নওরোজ শুরুর আগেরদিন এবং তেরতম দিন অর্থাৎ প্রকৃতি দিবসের মাঝখানে আরও কয়েকদিন সরকারি ছুটি থাকে। এছাড়া সাপ্তাহিক ছুটি শুক্রবার তো আছেই। সবমিলিয়ে নওরোজে প্রায় ১০ দিনের মতো ছুটি থাকে।

নাসির মাহমুদ: ভাই শাহাদত হোসেন আপনার প্রশ্নের উত্তর দেওয়া হলো আশা করি আপনার কৌতুহল মিটেছে। 

আশরাফুর রহমান: আসরের এ পর্যায়ে কয়েকজন শ্রোতার চিঠির প্রাপ্তিস্বীকার করছি সময়ে অভাবে যাদের চিঠি পড়া সম্ভব হচ্ছে না।

  • ভারতের পশ্চিমবঙ্গের ইসলামপুর থেকে রাজিব দত্ত। 
  • দক্ষিণ দিনাজপুর থেকে বিধান চন্দ্র সান্যাল
  • রাজবাড়ীর খোশবাড়ী থেকে শাওন হোসাইন
  • এম শামসুল ইসলাম, শিবগঞ্জ, বগুড়া
  • এবং লালমনিরহাটের রামদাস থেকে মো. সবুজ মিয়া

আকতার জাহান: চিঠি লিখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো শ্রোতাবন্ধুরা, এবারের আমি কয়েকজন ডিএক্সারের নাম-ঠিকানা জানিয়ে দিচ্ছি যারা আমাদের অনুষ্ঠানের শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন।

  • ভারতের ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দ মোহন বাইন
  • পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে এসএম নাজিমউদ্দিন
  • রাজবাড়ী থেকে শাওন হোসাইন
  • ভারতের পশ্চিম মেদিনীপুর থেকে সিদ্ধার্থ ভট্টাচার্য
  • দক্ষিণ দিনাজপুর থেকে রতন কুমার পাল
  • এবং টাঙ্গাইল থেকে আবু তাহের।

নাসির মাহমুদ: তো বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেয়ার আগে আজও রয়েছে একটি গান। গানের কথা ও শিল্পী এইচ আল বান্না এবং সুর হৃদয় হাসিন 

আশরাফুর রহমান: আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।#

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।