প্রিয়জন: 'আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে চলেছে রেডিও তেহরান'
শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর 'প্রিয়জন'। আসরের শুরুতেই বলে নিতে চাই- পুরো রমজান মাসজুড়ে বিশেষ অনুষ্ঠান থাকায় প্রিয়জন অনুষ্ঠান প্রচার হবে সংক্ষিপ্ত কলেবরে। আশা করি শ্রোতাবন্ধুরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আসরের দিকে নজর দিচ্ছি আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।
আশরাফুর রহমান: আসরের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই। মহানবী (সা.) বলেছেন, “রমজান মাসে তোমাদের জন্য যেসব নেয়ামত ও বরকত আছে তা যদি তোমরা জানতে তাহলে তোমরা মহান আল্লাহর কাছে বেশি বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে।”
আকতার জাহান: আমরা সবাই নেয়ামতপূর্ণ রমজানের জন্য বেশি বেশি মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব- এ কামনা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে।
আসরের প্রথম চিঠিটি পাঠিয়েছেন এম. জামাল আহমেদ সুবর্ণ। তার ঠিকানা হচ্ছে প্রগতি স্মরণি, মধ্য বাড্ডা ঢাকা। তিনি লিখেছেন, গত ২৩ মার্চ তারিখে রেডিও তেহরানের 'প্রিয়জন' আসরে শ্রোতাবোন রুশিয়া জামান রত্না'র ব্যতিক্রমী সাক্ষাৎকারটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সুন্দর এই সাক্ষাৎকারটি দেবার জন্য অজস্র ধন্যবাদ জানাই শ্রোতাবোন রুশিয়াকে।
চিঠির শেষাংশে তিনি লিখেছেন, আমরা চাই আরও প্রাণবন্ত উপস্থাপনা ও ইরানি তথ্যসমৃদ্ধ নতুন নতুন অনুষ্ঠান যা আমাদের জ্ঞানের ভাণ্ডারকে অনেক অনেক বেশী সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি।
নাসির মাহমুদ: ভাই জামাল আহমেদ সুবর্ণ, বোন রুশিয়া জামান রত্নার সাক্ষাৎকার আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগল। আর শ্রোতাদের প্রত্যাশা পূরণে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশাকরি মাঝেমধ্যে পরামর্শ দিয়ে চিঠি লিখবেন।
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপী থেকে মহ: হাফিজুর রহমান পাঠিয়েছেন এবারের চিঠিটি। আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন, “রেডিও তেহরান থেকে প্রচারিত তরতাজা ও বস্তুনিষ্ঠ বিশ্ব সংবাদ খুব ভালো লাগে। বর্তমানে মার্কিন প্রশাসনসহ বিশ্বের বেশ কিছু ইসলামবিরোধী রাষ্ট্র- মুসলিমবিদ্বেষী হিংসা ছড়ানোর জন্য একটার পর একটা সুপরিকল্পিত ও সাজানো ঘটনা ঘটিয়ে চলেছে। পুরোটাই অভিনয়। এইসব মুখোশধারীদের মুখোশ যে কবে আর কিভাবে খুলবে তা আল্লাহই জানে। মুসলিমবিদ্বেষী এসব ঘটনার তীব্র প্রতিবাদ গড়ে তুলতে হবে। আর তার জন্য ইরান আর রেডিও তেহরান আমাদের অনুপ্রেরণা। বর্তমানে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের বিন্যাস খুবই চমৎকার। প্রত্যেকটি পরিবেশনা আমাদের মুগ্ধ করে। আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে চলেছে রেডিও তেহরান। আন্তরিক ধন্যবাদ প্রত্যেক ঘটনাকে সঠিকভাবে আমাদের কাছে তুলে ধরার জন্য।”
আশরাফুর রহমান: ইরান আর রেডিও তেহরান শ্রোতাদেরকে অনুপ্রেরণা দিচ্ছে জেনে ভালো লাগল। আশা করি এভাবেই চিঠি লিখে আমাদেরকে অনুপ্রাণিত করবেন।
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে আসা একটি চিঠির দিকে নজর দিচ্ছি। এটি পাঠিয়েছেন আমাদের নিয়মিত শ্রোতা ও পত্রলেখক বিধান চন্দ্র সান্যাল।
তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনকে কেন্দ্র করে রেডিও তেহরানের বিশ্বসংবাদ এবং কথাবার্তা অনুষ্ঠানটি অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। এ নির্বাচনে এবার তিনটি পক্ষ লক্ষ্য করা যাচ্ছে। একদিকে রয়েছে ক্ষমতাসীন তৃণমূল, আছে বিজেপি এবং বাম কংগ্রেস ধর্মনিরপেক্ষ শক্তি ‘ইন্ডিয়ান সেকুলার ফন্ট’ অর্থাৎ সংযুক্ত মোর্চা। কিন্তু রেডিও তেহরানের সংবাদে অধিকাংশ সময়ই তৃণমূল অথবা বিজেপির সংবাদ প্রচারিত হচ্ছে। বাম কংগ্রেস তথা সংযুক্ত মোর্চার সংবাদ খুবই কম এসেছে। আমরা আশা করব রেডিও তেহরান সকল পক্ষের সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে তার দায়িত্ব পালন করবে।
আকতার জাহান: শ্রোতাবন্ধু বিধান চন্দ্র সান্যাল, পশ্চিমবঙ্গের নির্বাচনি সংবাদের ক্ষেত্রে পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ।
ফরিদপুরের মধুখালী থানার জগন্নাথদীর ওয়ার্ল্ড রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি এম, এম, গোলাম সারওয়ার পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের বাংলা বিভাগের একজন পুরোনো শ্রোতা। শ্রোতাদের চাহিদা অনুযায়ী আপনাদের পরিবেশিত প্রতিটি অনুষ্ঠান পরবর্তী অনুষ্ঠান শোনার আগ্রহ সৃষ্টি করে। বর্তমানে আমাদের ফরিদপুরের বিভিন্ন স্থানে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বেশ চমৎকার শোনা যায়।”
নাসির মাহমুদ: অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর জন্য গোলাম সারওয়ার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি বাংলাদেশি এক শ্রোতাবোনকে। তার নাম মর্জিয়া আকতার।

আশরাফুর রহমান: বাংলাদেশের রাজবাড়ী জেলার খোশবাড়ী থেকে শাওন হোসাইন পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, প্রতি বৃহস্পতিবার আমি ও আমার পরিবারের ক্ষুদে সদস্যরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করি রংধনু আসরে প্রচারিত মজার ও শিক্ষণীয় গল্প শোনার জন্য। গত ১ এপ্রিল রংধনু আসরটি নির্মিত হয়েছিল অহংকারের পরিণতি সম্পর্কিত গল্প দিয়ে। আসরের শুরুতে সুরা সোয়াদের ৭৪ থেকে ৭৬ আয়াতে ইবলিশের অহংকার সম্পর্কে মহান আল্লাহতায়ালার বাণী তুলে ধরা হয়। এরপর অহংকারের পরিণতি নিয়ে অহংকারী গোলাপের গল্পটির পরিবেশনা বেশ ভালো লেগেছে। সুন্দর অনুষ্ঠান উপহার দেবার জন্য রেডিও তেহরানকে অনেক ধন্যবাদ।
আকতার জাহান: ছোট্ট বন্ধুদের সাথে বসে রংধনু শোনার জন্য আপনাকেও ধন্যবাদ। অনুষ্ঠানের এ পর্যায়ে বাংলা নববর্ষ ১৪২৮ উপলক্ষে যারা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তাদের নাম-ঠিকানা জানিয়ে দিচ্ছি।
- নারায়ণগঞ্জের আলী সাহারদি থেকে এইচ এম তারেক ও সাঈফ আহমেদ উৎস
- মুন্সীগঞ্জের গজারিয়ার ইমামপুর থেকে মারিয়া খানম মৌরি ও ফারিয়া খানম মুমু
নাসির মাহমুদ: আপনাদেরকেও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আমাদের হাতে এখনও বেশকিছু চিঠি রয়ে গেছে। কিন্তু সময়ের অভাবে সেগুলো পড়া সম্ভব হচ্ছে না। কেবল পত্রদাতাদের পরিচয় তুলে ধরছি।
- কিশোরগঞ্জ থেকে মোঃ শাহাদত হোসেন ও শরিফা আক্তার পান্না
- চাঁপাইনবাবগঞ্জের সোনামনসা থেকে মো. আবদুল মান্নান
- মো. আতিকুল ইসলাম আতিক লিখেছেন কিশোরগঞ্জের ভূবিরচর থেকে
- বগুড়ার নিমাইদীঘি থেকে এম. আবদুর রাজ্জাক
- ভারতের ছত্তিসগড় থেকে আনন্দ মোহন বাইন
- এবং তপন বসাক লিখেছেন পশ্চিমবঙ্গে কুচবিহার থেকে
আশরাফুর রহমান: চিঠি লিখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছে গুটিয়ে নিচ্ছি আজকের আসর।
আকতার জাহান: কথা হবে আবারো আগামী আসরে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন।
পার্সটুডে/আশরাফুর রহমান/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।