প্রিয়জন: ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ জনপ্রিয় অনুষ্ঠানে পরিণত হয়েছে
প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর 'প্রিয়জন'। আজকের আসরে আপনাদের সঙ্গে আছি আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।
আশরাফুর রহমান: আসরের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, “প্রত্যেক বিষয়েরই জাকাত রয়েছে। শরীর বা দেহের জাকাত হচ্ছে রোজা।”
আকতার জাহান: আমরা সবাই রোজা রাখার মাধ্যমে দেহের জাকাত দেয়ার চেষ্টা করব- এ কামনা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে।
আসরের প্রথম মেইলটি এসেছে কুয়েত সিটি থেকে। আর পাঠিয়েছেন শাহজালাল হাজারী। রেডিও তেহরানের সকল কলাকুশলী ও শ্রোতা ভাই-বোনসহ সবার প্রতি রমজানের একরাশ প্রীতিময় শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো ভালোবাসা জানিয়ে চিঠি লেখা শুরু করেছেন তিনি। চিঠির একাংশে শাহজালাল হাজারী ভাই লিখেছেন,
“পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ নিয়মিত পরিবেশনা 'খোদাপ্রেমের অনন্য উৎসব' অনুষ্ঠানের প্রথম পর্ব শুনলাম, অসম্ভব ভালো লেগেছে। বিশেষ করে পবিত্র এই মাসের রহমত, বরকত, মাগফিরাত সহ গুরুত্বপূর্ণ ফজিলত ও আমাদের শিক্ষা গ্রহন সম্বলিত পুরো আয়োজন ছিল এককথায় চমৎকার ও আমাদের জন্য চিন্তার খোরাক।”
নাসির মাহমুদ: একই অনুষ্ঠান সম্পর্কে কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন লিখছেন, ‘রমজান: খোদা প্রেমের অনন্য উৎসব’ এর প্রথম পর্ব থেকে জানতে পারি যে, খোদায়ী রহমত ও বরকতের মাস পবিত্র রমজান। মহান আল্লাহর সর্বশ্রেষ্ঠ রাসুল (সা.) এ মাসের গুরুত্ব সম্পর্কে অনেকবার বলেছেন। পবিত্র রমজানে যেসব কথা শোনা ঠিক নয়, সেসব শোনা থেকে বিরত থাকতে হবে।
আশরাফুর রহমান: পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রচারিত অনুষ্ঠান সম্পর্কে তাৎক্ষণিক মতামত জানানোয় শাহজালাল হাজারী ও শাহাদাত হোসেন ভাইকে অসংখ্য ধন্যবাদ।
রংপুর জেলার পীরগাছা থানার সৈয়দপুর গ্রাম থেকে পরের মেইলটি পাঠিয়েছেন এ টি এম আতাউর রহমান রঞ্জু। তিনি পবিত্র মাহে রমজান ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘আসুন আমরা রমজানের রোজা রাখি, নামাজ পড়ি, আল্লাহকে ডাকি। সৎপথ, সৎকাজ করি এবং স্বাস্থ্যসম্মত বিশ্ব গড়ি।’
আকতার জাহান: একই বিষয়ে ঢাকা সেনানিবাস থেকে সোহেল রানা হৃদয় লিখেছেন, “আসুন, রমজান মাসে আমরা রমজানের পবিত্রতা রক্ষার্থে বাজারের চায়ের দোকানগুলো দিনের বেলায় বন্ধ রাখি। করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখি। একান্ত প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হই। সর্বোপরি সবাই সব মাস্ক পরিধান করি এবং সকল বিষয়ে সতর্ক থাকি।”
নাসির মাহমুদ: চুয়াডাঙ্গার উথলি বাজার থেকে মোহাম্মদ আবদুল্লাহ পাঠিয়েছেন পরের মেইলটি। লিখেছেন, “বাংলা নববর্ষ ১৪২৮ এর আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। নতুন বছর নিয়ে আসুক করোনামুক্ত চিরচেনা পৃথিবীকে। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।
আশরাফুর রহমান: মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আরও যারা মেইল পাঠিয়েছেন তাদের কয়েকজনের পরিচয় তুলে ধরছি:
- ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে রাজিব দত্ত
- দক্ষিণ দিনাজপুর থেকে বালুরঘাট থেকে বিধান চন্দ্র সান্যাল
- বাংলাদেশের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মল্লিকাদহ থেকে হরিদাস রায়
- নজরুল ইসলাম বন্ধন অ্যান্ড লাকী শ্রোতাসংঘ, মহেশপুর, ঝিনাইদহ থেকে
- মুন্সীগঞ্জের গজারিয়া থানার ইমামপুর থেকে ফারিয়া খানম মুমু
- বগুড়ার আটমুল আউড়াপাড়া ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব থেকে এম শামসুল ইসলাম
- এবং এইচ, এম, তারেক নারায়ণগঞ্জের আলী সাহারদি থেকে।
আকতার জাহান: যারা বাংলা নববর্ষ ও মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
আসরের এবারে ভারতের পশ্চিমবঙ্গ থেকে আসা একটি মেইলের দিকে নজর দিচ্ছি। মুর্শিদাবাদ জেলার বহরমপুরের নওপাড়া শিমুলিয়া থেকে এটি পাঠিয়েছেন এস এম জাকির হোসেন। তিনি লিখেছেন, গত ১২ এপ্রিল তারিখের প্রিয়জনে আমার চিঠি পড়ে করে শোনানো হলো। চিঠির উত্তরে বুঝতে পারলাম ভারতের চিঠি কম যাওয়ার কারণে প্রিয়জনে চিঠি কম পড়া হয়। শ্রোতাবন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ- আপনারা রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনুন এবং বেশি বেশি মতামত জানিয়ে চিঠি লিখুন। আপনাদের সকলের প্রতি অফুরন্ত ভালোবাসাসহ সালাম জানিয়ে শেষ করছি।
নাসির মাহমুদ: চিঠি লেখার জন্য ভারতের শ্রোতাদেরকে আবারো দৃষ্টি আকর্ষণ করায় জাকির হোসেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আশরাফুর রহমান: ঢাকা থেকে তানজিলুর রহমান পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি কেবল একটি প্রশ্ন করেছেন। জানতে চেয়েছেন, "আহলে কিতাবদের উপরও রোজা ফরজ ছিল কিন্তু তারা কিভাবে রোজা পালন করতো? তাদেরও কি বছরে এক মাস রোজা বাধ্যতামূলক ছিল? আমরা যেমন সেহরি, ইফতার করি তারাও কি তাই করতো? এসব ব্যাপারে জানতে চাই।'
আকতার জাহান: ভাই তানজিলুর রহমান, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আপনি। আপনার এ প্রশ্নের উত্তর জানতে আমরা কথা বলেছি- ইরানের ধর্মীয়নগরী কোমে অধ্যয়নরত বাংলাদেশি গবেষক ও ইসলামি চিন্তাবিদ মুহাম্মাদ আনওয়ারুল কবির আরিফের সঙ্গে। তিনি জানালেন-
নাসির মাহমুদ: শ্রোতাবন্ধু তানজিলুর রহমানের প্রশ্নের জবাব দেয়ার জন্য আনওয়ারুল কবির আরিফ ভাইকে অসংখ্য ধন্যবাদ।
কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে শরিফা আক্তার পান্না পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, ১১ এপ্রিল প্রচারিত ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ খুব ভালো লেগেছে। ইতোমধ্যে এটি শ্রোতাদের জনপ্রিয় অনুষ্ঠানে পরিণত হয়েছে। কেননা, প্রত্যেক মানুষই নিজেকে আদর্শ মানুষ হিসেবে দেখতে পছন্দ করে। নিজের সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চায়। তাই দিনকে দিন এ অনুষ্ঠানটির জনপ্রিয়তা বেড়েই চলছে।
আশরাফুর রহমান: ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ অনুষ্ঠান সম্পর্কে সুন্দর মতামতের জন্য বোন শরিফা আক্তার পান্না আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আসরের শেষ চিঠিটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে আর পাঠিয়েছেন বিধান চন্দ্র সান্যাল। তিনি ১৩ এপ্রিল প্রচারিত পুরো অনুষ্ঠান শোনার পর এই মেইলটি পাঠিয়েছেন। লিখেছেন দর্পন অনুষ্ঠানে ইসলামের দৃষ্টিতে সংখ্যালঘুদের প্রতি কেমন ব্যবহার করা উচিত তার সুন্দর বর্ণনা পেয়েছি। এই আলোচনা থেকে ইসলামের মাহাত্ম্য এবং সহনশীলতা- এই পরম দুটি গুণের পরিচয় পেলাম।’
আকতার জাহান, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের আসর থেকে বিদায় নিচ্ছি।
নাসির মাহমুদ: কথা হবে আবারো আগামী আসরে। #
পার্সটুডে/আশরাফুর রহমান/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।