একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
শ্রোতা/পাঠক! ২৫ জুন শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:
- ভূমধ্যসাগরে ভাসমান অবস্থায় ২৬৪ বাংলাদেশি উদ্ধার-প্রথম আলো
- পরেরবার সরাসরি জাহাজে বোমা ফেলার হুমকি রাশিয়ার -ইত্তেফাক
- সংক্রমণ ঠেকাতে কঠোর পদক্ষেপ নিতেই হবে : বিশেষজ্ঞরা -কালের কণ্ঠ
- মাদক নিলে সরকারি চাকরি হবে না-যুগান্তর
- লকডাউন’ শেষে এখন ‘শাটডাউনের’ নতুন খেলা শুরু করেছে সরকার: মান্না–মানবজমিন
- উচ্চশিক্ষার উন্নতিতে ১৬২৩ কোটি টাকা ঋণ বিশ্বব্যাংকের -বাংলাদেশ প্রতিদিন
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- এক ঘণ্টা অ্যাকাউন্ট ব্যবহার করতে দেয়নি টুইটার, অভিযোগ রবিশঙ্কর প্রসাদের-আনন্দবাজার
- আইএসএফ’র সঙ্গে কংগ্রেসের জোট হয় নি, মোদিবিরোধী মুখ মমতাই, মত অধীরের -আজকাল
- অন্ধকার দিনগুলি ভোলা যাবে না’, জরুরি অবস্থার ৪৬তম বর্ষপূর্তিতে কংগ্রেসকে খোঁচা মোদির-সংবাদ প্রতিদিন
ভূমধ্যসাগরে ভাসমান অবস্থায় ২৬৪ বাংলাদেশি উদ্ধার-প্রথম আলো
ভূমধ্যসাগর থেকে ২৬৪ জন বাংলাদেশিকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে মিসরের ৩ নাগরিককে।
গতকাল বৃহস্পতিবার ভোরে ভূমধ্যসাগর থেকে ২৬৪ জন বাংলাদেশি ও ৩ জন মিসরীয় অর্থাৎ ২৬৭ জনকে ভাসমান অবস্থায় উদ্ধার করে তিউনিসিয়ার কোস্টগার্ড। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরে তিউনিসিয়ার দক্ষিণাঞ্চলীয় দ্বীপ জেরবারের একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তিউনিসিয়া থেকে আন্তর্জাতিক রেডক্রস সোসাইটির কর্মকর্তা মঙ্গি স্লিম আজ শুক্রবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে এই তথ্য জানান।

মঙ্গি স্লিম জানান, উদ্ধার হওয়া বাংলাদেশি ও মিসরীয়রা লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইতালির পথে রওনা হয়েছিলেন। ভূমধ্যসাগরে তাঁদের ভাসমান অবস্থায় পাওয়া যায়। তিউনিসিয়ার দক্ষিণাঞ্চলীয় দ্বীপ জেরবারের হোটেলে কোয়ারেন্টিন শেষে উদ্ধার হওয়া ব্যক্তিদের কোথায় নেওয়া হবে, তা এখনো ঠিক হয়নি বলে জানান মঙ্গি স্লিম।
পরেরবার সরাসরি জাহাজে বোমা ফেলার হুমকি রাশিয়ার -ইত্তেফাক
ক্রিমিয়া উপকূলের কৃষ্ণসাগরে ফের কোনো উত্তেজনা সৃষ্টি করলে সরাসরি ব্রিটিশ জাহাজে বোমা ফেলার হুমকি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (২৪ জুন) এ হুমকি দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছে বার্তাসংস্থা রয়টার্স। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে রাশিয়া। তবে এই অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি বিশ্ব।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস দাবি করেছেন, রয়্যাল নেভি আন্তর্জাতিক আইন মেনে চলবে এবং যুদ্ধজাহাজের চলাচলও অব্যাহত রাখবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার দাবি করে, ব্রিটিশ ডেস্ট্রয়ার এইচএমএস ডিফেন্ডার সীমা পেরিয়ে তিন কিলোমিটার ভেতরে প্রবেশ করেছিল। রুশ জলসীমা লঙ্ঘন করলে অস্ত্র ব্যবহার করা হবে বলে প্রাথমিক হুঁশিয়ারি দেওয়া হয়।
সংক্রমণ ঠেকাতে কঠোর পদক্ষেপ নিতেই হবে : বিশেষজ্ঞরা -কালের কণ্ঠ
কঠোর ব্যবস্থা ছাড়া করোনা সংক্রমণের বিস্তার প্রতিরোধ করা সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যান্য দেশ, বিশেষত পাশের দেশ ভারতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার পক্ষে মত দিয়েছেন তাঁরা।

করোনা মোকাবেলায় সরকার গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন,কমপক্ষে দুই সপ্তাহ পূর্ণাঙ্গ লকডাউন না দিলে কখনো সুফল আসবে না। আবার দীর্ঘমেয়াদি লকডাউনও কোনো সমাধান হতে পারে না। মানুষকে স্বাস্থ্যবিধি মানতে হবে এবং নিজের সুরক্ষায় সচেতন হতেই হবে; আবার সরকারকেও প্রয়োজনে বৃহত্তর স্বার্থে আরো কঠোর পদক্ষেপে যেতে হবে। এ ক্ষেত্রে এখন সবচেয়ে জরুরি হয়ে পড়েছে মানুষকে সম্পৃক্ত করে কর্মকৌশল বাস্তবায়নে কাজ করা।
মাদক নিলে সরকারি চাকরি হবে না-যুগান্তর
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকারি চাকরিতে যেতে হলে প্রত্যেককে ডোপ টেস্টের আওতায় আসতে হবে। এতে কেউ পজিটিভ হলে তিনি সরকারি চাকরি পাবেন না। এ ধরনের একটি কার্যক্রম দ্রুতই শুরু হতে যাচ্ছে।

শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা ‘মানস’ এ সভার আয়োজন করে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শুধু সরকারি চাকরিতে নয়, যারা সরকারি চাকরি করছেন তাদেরকেও ডোপ টেস্টের আওতায় আনা হচ্ছে। বিশেষ করে নিরাপত্তা বাহিনীতে যারা আছেন তাদেরকে ইতোমধ্যে ডোপ টেস্টের আওতায় আনা হয়েছে। টেস্টে যারা পজিটিভ হচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
লকডাউন’ শেষে এখন ‘শাটডাউনের’ নতুন খেলা শুরু করেছে সরকার: মান্না–মানবজমিন
বর্তমান সরকার একটা অমানবিক ও জনবিরোধী সরকার বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, এই সরকারের অধীনে কোন নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে বলে জনগণ বিশ্বাস করে না। এই সরকারের জনগণের প্রতি ন্যূনতম দয়া-মায়া বলে কিছু নেই।

দেশের জনগণ ধ্বংস হয়ে যাক তাতে তাদের কিছু আসে যায় না। যে কোন মূল্যে সরকার তার অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়।শুক্রবার (২৫ জুন) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সোনার বাংলা পার্টি আয়োজিত ৮০ দশকের ছাত্র নেতা, পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি মীরাজুল ইসলাম আব্বাসীর ১২তম মৃত্যু দিবস উপলক্ষে ‘ভোটাধিকার ও রাজনৈতিক দল ভিত্তিক আনুপাতিক প্রতিনিধিত্বের সরকার গঠনে আলোচনা ও স্মরণসভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এক ঘণ্টা অ্যাকাউন্ট ব্যবহার করতে দেয়নি টুইটার, অভিযোগ রবিশঙ্কর প্রসাদের-আনন্দবাজার
টুইটারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তাঁর অভিযোগ, কমপক্ষে এক ঘণ্টা তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করতে দেয়নি টুইটার। টেলিভিশন বিতর্কের ভিডিয়ো পোস্ট করায় কপিরাইট আইন লঙ্ঘন হয়েছে, এই কারণেই টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করতে দেয়নি বলে দাবি করেছেন রবিশঙ্কর।
নয়া ডিজিটাল বিধি নিয়ে টুইটারের সঙ্গে সঙ্ঘাত জারি রয়েছে কেন্দ্রীয় সরকারের। সাম্প্রদায়িক অশান্তিতে ইন্ধন জোগানোর অভিযোগে ইতিমধ্যেই এ দেশে আইনি রক্ষাকবচ হারিয়েছে টুইটার। আমেরিকার এই মাইক্রোব্লগিং ওয়েবসাইটিই প্রথম সংস্থা যাদের উপর থেকে এই রক্ষাকবচ সরিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর জেরে টুইটারে পোস্ট করা সমস্ত টুইটের দায় নিতে বাধ্য থাকবে তারা।
বর্তমান ভ্যাকসিনেশনের গতি ভারতে তৃতীয় ঢেউ আটকাতে যথেষ্ট নয়, বলছে রিপোর্ট-আজকাল
নতুন টিকাকরণ নীতি লাগু হওয়ার শুরুতেই গত ২১ শে জুন দেশে রেকর্ড সংখ্যায় ভ্যাকসিনেশন হয়েছে। ৮০ লক্ষেরও বেশি মানুষ একদিনে ভ্যাকসিন নিয়েছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, যদি এই সংখ্যা যদি টেকসই না হয় কিংবা ভ্যাকসিনেশনের সংখ্যা দিনে বাড়ানো না যায় তবে সেটি ভারতের জন্য যথেষ্ট নয়, বলে দাবি ব্লুমবার্গের।
অশোকা ইউনিভার্সিটির পদার্থ বিজ্ঞান এবং জীব বিজ্ঞানের অধ্যাপক গৌতম মেনন জানান, একদিনে ভ্যাকসিনেশনের এই হঠাৎ করে বেড়ে যাওয়া রাজ্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভ্যাকসিনের ডোজ মজুত করে রাখার জন্য এটি হয়েছে। তবে আমাদের প্রতিদিন ১ কোটি মানুষকে ভ্যাকসিন দিতে হবে।
অন্ধকার দিনগুলি ভোলা যাবে না’, জরুরি অবস্থার ৪৬তম বর্ষপূর্তিতে কংগ্রেসকে খোঁচা মোদির-সংবাদ প্রতিদিন
২৫ জুন, ১৯৭৫। দেশব্যাপী জারি হয়েছিল ‘জরুরি অবস্থা’ (1975 Emergency)। গণতন্ত্রের ইতিহাসে যা ছিল এক কালো অধ্যায়। শুক্রবার জরুরি অবস্থার ৪৬তম বর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) জানিয়ে দিলেন জরুরি অবস্থার অন্ধকার দিনগুলিকে ভোলা কখনওই সম্ভব নয়। সাড়ে চার দশক আগের সেই সময়ের প্রসঙ্গ তুলে টুইটারে কংগ্রেসকে বিঁধলেন তিনি।

ঠিক কী লিখেছেন তিনি? প্রধানমন্ত্রী তাঁর ক্ষোভ উগরে দিয়ে লেখেন, ‘‘জরুরি অবস্থার সময়ের সেই অন্ধকার দিনগুলিকে কখনওই ভোলা সম্ভব নয়। ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল প্রতিষ্ঠানের পদ্ধতিগত ধ্বংসলীলার সাক্ষী থেকেছে। আসুন সম্ভাব্য সমস্ত উপায়ে ভারতের গণতান্ত্রিক চেতনাকে মজবুত করার অঙ্গীকার করি। এবং সংবিধানের অন্তর্ভুক্ত মূল্যবোধগুলি মেনে চলি।’’
পার্সটুডে/বাবুল আখতার/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।