প্রিয়জন: সত্যনিষ্ঠ সংবাদ মাধ্যম মানেই আইআরআইবি
শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর 'প্রিয়জন'। আশা করি যে যেখান থেকে অনুষ্ঠান শুনছেন সবাই ভালো ও সুস্থ আছেন। সপ্তাহ ঘুরে আবারো চিঠির ঝাঁপি নিয়ে উপস্থিত হয়েছি আমি গাজী আবদুর রশিদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।
আশরাফুর রহমান: আজও আসরের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। নিজ পুত্র ইমাম হুসাইন (আ.)-এর প্রতি আমিরুল মোমেনীন হযরত আলী (আ.) বলেছেন, “প্রিয় পুত্র আমার! কোনো পাপীকেই নিরাশ করো না। কেননা পাপে নিমজ্জিত বহু মানুষের শেষ পরিণতি ভালো হয়েছে! আবার অনেক পূণ্যাচারী লোকের শেষ পরিণতি হয়েছে মন্দ এবং সে জাহান্নামের পথ ধরেছে!”
আকতার জাহান: ভেবে দেখার মতো চমৎকার একটি বাণী শুনলাম। আমরা কোনো পাপীকেই কাউকেই নিরাশ করব না- এ প্রত্যয় রেখে দিচ্ছি চিঠিপত্রের দিকে।
আসরের প্রথম মেইলটি এসেছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার উত্তর ধলডাঙ্গার শাপলা শর্টওয়েভ রেডিও লিসেনার্স ক্লাব থেকে। আর পাঠিয়েছেন ক্লাব সভাপতি আব্দুল কুদ্দুস মাস্টার।
সালাম ও বাংলার মধুমাস জ্যৈষ্ঠের মধুমাখা শুভেচ্ছা জানিয়ে তিনি চিঠিটি শুরু করেছেন।
গাজী আবদুর রশিদ: মিষ্টি ফলের রসে টইটম্বুর মধুমাস জ্যৈষ্ঠ শেষ হয়ে গেলেও গ্রাম-বাংলা চারদিক এখনও পাকা ফলের সৌরভে মাতোয়ারা। প্রবাস থেকে আমরা খুব মিস করি বাংলার এই মাসটিকে। আব্দুল কুদ্দুস ভাইকে ধন্যবাদ মধুমাসের কথা মনে করিয়ে দেওয়ার জন্য। তো আজকের চিঠিতে তিনি কী লিখেছেন?
আকতার জাহান: আব্দুল কুদ্দুস ভাই লিখেছেন, “যদিও এখন আর পূর্বের ন্যায় যোগাযোগ করা হয়ে ওঠে না কিন্তু একথা অকপটে বলতে পারি, মনের মনিকোঠায় স্থায়ী আসনে উপবিষ্ট রেডিও তেহরান আমার কাছে অত্যন্ত মধুমিশ্রিত একটি নাম। শর্টওয়েভ রেডিও হারানোর ক্রান্তিকালে এসেও বীরদর্পে যে প্রতিষ্ঠানটি সম্পূর্ণ নিরলসভাবে বিশ্ব পরিস্থিতি তথা মুসলিম বিশ্বের সর্বসাম্প্রতিক হালচাল অত্যন্ত গুরুত্বের সঙ্গে জনমানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সদা তৎপর তার নাম রেডিও তেহরান। মজলুম মুসলমানদের নানামুখী সমস্যা বিশ্ববাসীর কাছে তাৎক্ষণিকভাবে তুলে ধরার সত্যনিষ্ঠ সংবাদ মাধ্যম মানেই আইআরআইবি।”
আশরাফুর রহমান: রেডিও তেহরান সম্পর্কে এমন মূল্যায়নের জন্য আব্দুল কুদ্দুস মাস্টার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের পরের মেইলটি পাঠিয়েছেন গাজীপুরের টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের প্রভাষক ফিরোজ আলম।
রেডিও তেহরান বাংলা বিভাগের সকল উপস্থাপক, যন্ত্র কৌশলী, এডিটর ও রিপোর্টারসহ সবাইকে শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন, “রেডিও তেহরান- সত্য, সংগ্রামের এক অনন্য নাম। মুসলিম বিশ্ব ও ইসলামের পতাকা শক্তিশালী করার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের এক শক্তিশালী গণমাধ্যম যা বিশ্বব্যাপী বিভিন্ন ভাষায় অনুষ্ঠান প্রচারের পাশাপাশি ফেসবুক, টুইটার, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে সত্যের বাণী প্রচার করে যাচ্ছে। শ্রোতাবন্ধুদেরকে বলছি- আপনার চেতনা ধারালো করতে যুক্ত থাকুন ইরানের সাথে, ইরানের মিডিয়ার সাথে।”
গাজী আবদুর রশিদ: ফিরোজ আলম ভাইকে ধন্যবাদ, অনেক দিন পর রেডিও তেহরান সম্পর্কে চিঠি লেখার জন্য। আশা করি আমাদের অনুষ্ঠানমালা সম্পর্কেও লিখবেন।
আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জের খুলিয়াখালিসা থেকে আর পাঠিয়েছেন মনীষা রায়। তিনি লিখেছেন, “প্রিয় রেডিও তেহরান, প্রথমে জানাই এক রাশ প্রীতিময় শুভেচ্ছা। এই প্রথম তোমার কাছে মেইল পাঠালাম। অনেকের কাছে শুনি তুমি খুব ভালো মানের অনুষ্ঠান প্রচার করো। গত দুদিন ধরে শুনে তা খুব সহজে অনুমেয় হল। এখন থেকে নিয়মিতভাবে শুনে যাব তোমার অনুষ্ঠান। আমার ঠিকানায় একটা অনুষ্ঠান সূচি পাঠালে খুশি হব।”
আকতার জাহান: প্রথম মেইলটির জন্য আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আর হ্যাঁ, আপনার ইমেইল এড্রেসে অনুষ্ঠানসূচি পাঠানো হয়েছে। আশা করি প্রাপ্তিস্বীকার করবেন।
আসরের পরের মেইলটি পাঠিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল। তিনি লিখেছেন, “রেডিও তেহরান বাংলা বিভাগের 'বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা ক্লাব পুরস্কার' প্রদান ঘোষণায় বলা হয়েছে- ‘প্রত্যেক মাসের ক্লাব কর্মকাণ্ডের প্রামাণ্য প্রতিবেদনের ভিত্তিতে বছর শেষে তিনটি ক্লাবকে শ্রেষ্ঠ ক্লাব হিসেবে নির্বাচন করা হবে।’ এ প্রসঙ্গে আমরা সুনির্দিষ্ট কিছু তথ্য জানতে চাই। আর তা হলো- সারাদেশে আমাদের ক্লাবের একাধিক শাখা রয়েছে। সবগুলো শাখায় রয়েছে আলাদা আলাদা কমিটি এবং কার্যক্রম। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের ক্লাবের একাধিক শাখা যদি আপনাদের প্রতিযোগিতায় আলাদাভাবে অংশগ্রহণ করে সেক্ষেত্রে প্রত্যেক শাখাকে মূল্যায়ন করা হবে নাকি কেবল সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ-কে মূল্যায়ন করা হবে?”
আশরাফুর রহমান: ভাই দিদারুল ইকবাল, যেহেতু আপনাদের ক্লাবগুলোর আলাদা কমিটি ও কার্যক্রম আছে তাই ইচ্ছে করলে একাধিক কিংবা সব শাখাই এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। তবে, এ প্রতিযোগিতায় অংশ নিতে ক্লাবের নিজস্ব কর্মকাণ্ডের পাশাপাশি রেডিও তেহরান বাংলা বিভাগের শ্রোতা বৃদ্ধি, অনুষ্ঠান বিষয়ে সুচিন্তিত মতামত-পরামর্শ এবং গঠনমূলক সমালোচনাসহ শ্রোতাদেরকে নিয়মিত চিঠি লিখায় উদ্বুদ্ধকরণ, সাক্ষাৎকার প্রদান- এসব কাজও করতে হবে। আমাদের পদক্ষেপে সাড়া দেওয়ায় আপনাকে এবং সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের সবাইকে আন্তরিক শুভেচ্ছা।
গাজী আবদুর রশিদ: বেশ কিছু চিঠির জবাব তো দেওয়া হলো। এবার নাহয় এক শ্রোতাবন্ধুর সঙ্গে সরাসরি কথা বলি!
আকতার জাহান: হ্যাঁ, ভালো কথা মনে করেছেন নাসির ভাই। আজ আমরা কথা বলব রেডিও তেহরানের একজন পুরোনো শ্রোতার সঙ্গে। প্রথমেই তার পরিচয় জানা যাক।

গাজী আবদুর রশিদ: বাংলাদেশের খুলনা নগরীর মুন্সীপাড়া থেকে মুনির আহম্মদ পাঠিয়েছেন এবারের চিঠিটি। তিনি লিখেছেন, “আমি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। অনেক ছোট বেলা থেকে রেডিও শোনা আমার শখ। একসময় রেডিও তেহরানের অনুষ্ঠান শুনেছি। কিন্তু চাকুরির ব্যস্ততায় একসময় নিয়মিত আর শোনা হয়নি। বর্তমানে আমার বয়স ৬৬ বছর। প্রায় বার্ধক্যে পৌঁছে গেছি। অনেকেই রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শোনার জন্য অনুরোধ করছেন। যাই হোক, ইনশাআল্লাহ রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শোনা শুরু করব। তবে ফ্রিকোয়েন্সিগুলো জানালে বাধিত হব।”
আকতার জাহান: ভাই মুনির আহম্মদ, আপনার মতো বর্ষীয়ান শ্রোতা আমাদের অনুষ্ঠান শুনতে আগ্রহ প্রকাশ করায় আমরা যারপরনাই খুশি। বাংলাদেশ ও ভারতের শ্রোতাদের জন্য রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন প্রচার হয় শর্টওয়েভ ২৫ মিটার ব্যান্ডে ১১৬০০ কিলোহার্টসে। আর নৈশ অধিবেশন প্রচার হয় ৪১ মিটারব্যান্ডে ৭৩০৫ কিলোহার্টসে। আমাদের অনুষ্ঠান শুনে আপনার মতামত জানাবেন।
আশরাফুর রহমান: বাংলাদেশের নীলফামারী জেলার ডিমলা উপজেলার মিয়া পাড়া বেতার শ্রোতা ক্লাব থেকে মোঃ আজিনুর রহমান লিমন পাঠিয়েছেন এবারের মেইলটি।
তিনি লিখেছেন, “রেডিও তেরানের অনুষ্ঠান মানে পবিত্র কুরআনুল কারিমের দিক নির্দেশনা। বিশ্ব যখন দিন দিন অন্ধকারাচ্ছন্নে পরিণত হওয়ার দিকে ধাবিত হচ্ছে, তখন রেডিও তেহরান বিশ্বকে কুরআনের আলোয় আলোকিত করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। রেডিও তেহরানের প্রারম্ভিক কুরআন তেলাওয়াতে মুগ্ধ হই। অসাধারণ এই তেলাওয়াত শুনতেই রেডিও তেহরানকে মিস করি না। রেডিও তেহরানের সাথে আছি। সবসময় সাথে থাকব ইনশাআল্লাহ।”
গাজী আবদুর রশিদ: ভাই মোঃ আজিনুর রহমান লিমন, আপনার এ ছোট্ট চিঠিটি আমাদেরকে ভীষণ অনুপ্রাণিত করেছে। কেবল কুরআন তেলাওয়াত শুনতেই যে কেউ রেডিও তেহরান শুনতে পারে- তা আমাদের জানা ছিল না। চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাংলাদেশের পর আবারো ভারতের চিঠির দিকে নজর দিচ্ছি। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার চুপী থেকে হাফিজুর রহমান পাঠিয়েছেন বেশকিছু চিঠি। একটি চিঠিতে তিনি লিখেছেন, “রেডিও তেহরান থেকে প্রচারিত সাপ্তাহিক বিভিন্ন অনুষ্ঠান দারুণভাবে উপভোগ করি। বর্তমানে মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত ধারাবাহিক আলোচনা 'আসমাউল হুসনা' র শুনছি প্রথম পর্ব থেকেই। মহান আল্লাহর সুন্দর নামগুলোর অর্থের অতল গভীরতা পুরোপুরি উপলব্ধি করা আমাদের কল্পনাতীত। আপনাদের বস্তুনিষ্ঠ আলোচনা আমাদের হৃদয়ে বিপ্লব বয়ে আনার জন্য যথেষ্ট।”
আকতার জাহান: 'আসমাউল হুসনা' অনুষ্ঠানটি আপনার ভালো লাগছে জেনে আমাদেরও ভালো লাগছে। নিয়মিত চিঠি লিখায় হাফিজুর রহমান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
অনুষ্ঠানের এ পর্যায়ে কয়েকজন শ্রোতার নাম-ঠিকানা জানিয়ে দিচ্ছি যারা আমাদের অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়েছেন কিন্তু সময়ের স্বল্পতার কারণে তাদের চিঠি পড়া সম্ভব হচ্ছে না।
- কিশোরগঞ্জ থেকে মো. শাহাদত হোসেন ও শরিফা আকতার পান্না
- রংপুরের গোয়ালু ডি এক্স রেডিও লিসনার্স ক্লাব থেকে ড. মো. মোস্তাফিজুর রহমান
- ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে বিধান চন্দ্র সান্যাল
- মুর্শিদাবাদ থেকে নিজামুদ্দিন সেখ
- এবং কোচবিহার থেকে মো. রাসেল
আশরাফুর রহমান: চিঠি লিখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এবারে কয়েকজন ডিএক্সার বন্ধুর নাম-ঠিকানা জানিয়ে দিচ্ছি যারা আমাদের অনুষ্ঠান শুনে শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন।
- ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে এসএম নাজিমউদ্দিন
- দক্ষিণ দিনাজপুর থেকে বিধান চন্দ্র সান্যাল।
- পূর্ব বর্ধমান থেকে হাফিজুর রহমান
- ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দমোহন বাইন
- বাংলাদেশের কিশোরগঞ্জ থেকে শাহাদত হোসেন
- এবং টাঙ্গাইল থেকে আবু তাহের।
গাজী আবদুর রশিদ: যারা অনুষ্ঠান শোনার পাশাপাশি কষ্ট করে শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজও অনুষ্ঠান শেষ করব একটি গান শুনিয়ে। 'একটা হাওয়ার গাড়ি' শিরোনামের গানটির গীতিকার ও সুরকার বাঙালি রোকন। আর গেয়েছেন শিল্পী রিংকু।
আকতার জাহান: বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।