ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
আমরা পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস করে দিয়েছি : ট্রাম্প
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৯ আগস্ট বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:
- সরকার চালাবে কাউন্সিল, সর্বোচ্চ নেতা হবেন আখুন্দজাদা: তালেবান-ইত্তেফাক
- পরীমনি তৃতীয় দফায় রিমান্ডে-প্রথম আলো
-
দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তাগিদ প্রধানমন্ত্রীর,সচল হচ্ছে শিক্ষা কার্যক্রম-মানবজমিন
- বিশৃঙ্খলা ছাড়া আফগানিস্তান থেকে বেরোনোর উপায় ছিল না: বাইডেন-যুগান্তর
- অনলাইন প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে আসছে নতুন আইন, কী ভাবছেন বিশেষজ্ঞরা?-কালের কণ্ঠ
- আমরা পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস করে দিয়েছি : ট্রাম্প-বাংলাদেশ প্রতিদিন
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- ভোট পরবর্তী মামলার রায়ে অখুশি রাজ্য, সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা-আনন্দবাজার
- ভাঁড়ারে বারুদ আছে, ভাত নেই! তালিবানি রাজত্বে অনাহারের মুখে প্রায় দেড় কোটি আফগান-সংবাদ প্রতিদিন
- তালিবানি জমানায় ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে পড়ল ইতি-আজকাল
পরীমনি তৃতীয় দফায় রিমান্ডে-প্রথম আলো
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনিকে তৃতীয় দফায় রিমান্ডে পেয়েছে সিআইডি। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার পরীমনির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বনানী থানায় করা মাদক মামলায় পরীমনিকে তৃতীয় দফায় পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল সিআইডি। এই আবেদনের ওপর শুনানি শেষে আদেশ দেন আদালত।দ্বিতীয় দফায় দুদিনের রিমান্ড শেষে গত শুক্রবার পরীমনিকে আদালতে হাজির করেছিল সিআইডি। আদালত সেদিন পরীমনির জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।গত সোমবার আবার পরীমনির জামিন চেয়ে আদালতে আবেদন করা হয়। এ জামিন আবেদনের ওপর শুনানির দিন ধার্য ছিল গতকাল বুধবার। কিন্তু গতকাল শুনানি শুরুর আগে রাষ্ট্রপক্ষ থেকে আদালতকে জানানো হয়, পরীমনিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে সিআইডি। পরে আদালত আজ এ আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন।পরীমনিকে প্রথম দফায় চার দিন ও দ্বিতীয় দফায় দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।৪ আগস্ট পরীমনিকে গ্রেপ্তার করে র্যাব। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলার বাদী র্যাব-১-এর কর্মকর্তা মো. মজিবর রহমান।মামলায় অভিযোগ করা হয়, ৪ আগস্ট বাদীসহ র্যাব-১-এর সদস্যরা গুলশান-১ গোলচত্বরে অবস্থান করছিলেন। বিকেল ৪টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বনানীর একটি বাসায় পরীমনি তাঁর সহযোগী আশরাফুল ইসলামের মাধ্যমে বিদেশি মদ সংগ্রহ করে মজুত করে রেখেছেন। তাঁরা বাসায় অবস্থান করছেন। পরে বাসার পঞ্চম তলায় অভিযান চালানো হয়। পরীমনির বাসা থেকে নারী র্যাব সদস্যের সহায়তায় তাঁকে আটক করা হয়। বাসার একটি কক্ষে কাঠের ফ্রেমের ভেতর থেকে বিদেশি মদ জব্দ করা হয়।মামলায় অভিযোগে বলা হয়, পরীমনির বাসা থেকে একটি সাদা জিপারে রাখা চার গ্রাম আইস বা ক্রিস্টাল মেথ জব্দ করা হয়। আরও জব্দ করা হয় এক ব্লট এলএসডি মাদক। পরীমনির বাসা থেকে জব্দ বিদেশি মদসহ অন্যান্য মাদকের মোট দাম দেখানো হয়েছে ২ লাখ ৭ হাজার টাকা।
অনলাইন প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে আসছে নতুন আইন, কী ভাবছেন বিশেষজ্ঞরা?-কালের কণ্ঠ
সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা ও ভুয়া তথ্য, গুজব ও অপপ্রচার রোধে নতুন একটি আইনের খসড়া তৈরি করছে সরকার। এই আইনে বড় বড় প্রযুক্তি কম্পানিগুলোকে দেশের নাগরিকদের তথ্য দেশের ভিতরেই সংরক্ষণ করতে হবে।
নতুন তথ্য আইন প্রণয়নের জন্য খসড়া তৈরির বিষয়টি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিশ্চিত করেছেন। তিনি বলেন, "নতুন সুরক্ষা আইনের খসড়া তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে, বিদেশি ইন্টারনেট কম্পানিগুলোকে জাতীয়ভাবে ডেটা সেন্টার তৈরি করতে হবে এবং ব্যবহারকারীদের তথ্য দেশের ভেতরেই সংরক্ষণ করতে হবে।" শুধু প্রযুক্তি কম্পানিই নয়, বিদেশী আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও দেশের ভিতরেই ডাটা সেন্টার স্থাপন করতে হবে বলেও জানান তিনি।প্রতিমন্ত্রী আরো বলেন, "বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করতে হলে তাদেরকে অবশ্যই এই আইন মেনে চলতে হবে। দেশের মানুষের তথ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই আইন প্রণয়ন করা হচ্ছে।"
বিশৃঙ্খলা ছাড়া আফগানিস্তান থেকে বেরোনোর উপায় ছিল না: বাইডেন (ভিডিও)-যুগান্তর
যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার পর ‘বিশৃঙ্খলা অনিবার্য’ ছিল বলে মনে করেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
বুধবার এবিসি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন এ কথা বলেন। খবর হাফিংটন পোস্টের। রোববার তালেবান কাবুল নিয়ন্ত্রণ নেওয়ার পর কাবুল বিমানবন্দরে নজিরবিহীন বিশৃঙ্খলা দেখা দেয়। এসময় বেশ কয়েকজনের মৃত্যু হয়।
বাইডেন বলেন, বিশৃঙ্খলা ছাড়া আফগানিস্তান থেকে বের হয়ে আসার উপায় হয়তো ছিল। কিন্তু আমি জানি না এটা কীভাবে সম্ভব।
বাইডেন বলেন, যদি আফগানিস্তানে একজন আমেরিকানও থাকে, তবে তাকে ফেরাতে সেখানে আমরা থাকব। এ দিকে যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি শেরম্যান বলেন, আমরা কিছু তথ্য পেয়েছি, যেসব আফগান দেশ ছাড়তে চায় তাদের বিমানবন্দরে আসতে বাধা দিচ্ছে তালেবান। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, যুক্তরাষ্ট্র সামর্থ অনুযায়ী ঝুঁকিতে থাকা আফগানদের ফেরানোর চেষ্টা চালিয়ে যাবে।
দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তাগিদ প্রধানমন্ত্রীর,সচল হচ্ছে শিক্ষা কার্যক্রম-মানবজমিন
বিশ্ববিদ্যালয় ও কলেজের পাশাপাশি স্কুলগুলোতে শিক্ষা কার্যক্রম সচল হচ্ছে। ক্লাসরুমে সম্ভব না হলে ভার্চ্যুয়াল প্ল্যাটফরমে পুরোদমে পাঠদান শুরুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্কুল-কলেজ পুরোপুরি খুলে দেয়া হবে করোনা সংক্রমণ হ্রাস ও ভ্যাকসিনেশন কার্যক্রম জোরদারের পর। গতকাল সচিবদের এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে করোনার টিকা প্রদান কার্যক্রম জোরদার করার নির্দেশনাও দিয়েছেন তিনি। বুধবার এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত সচিব সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভার্চ্যুয়ালি সভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু বিশ্ববিদ্যালয় নয়, দ্রুত সময়ে স্কুলগুলোও খুলে দেয়ার ব্যবস্থা করুন। কারণ, শিশুরা ঘরে থাকতে থাকতে অসুস্থ হয়ে যাচ্ছে। তারা মানসিকভাবেও অসুস্থ হয়ে যাচ্ছে।
সরকার চালাবে কাউন্সিল, সর্বোচ্চ নেতা হবেন আখুন্দজাদা: তালেবান-ইত্তেফাক
একটি কাউন্সিলের মাধ্যমে আফগানিস্তানের সরকার চালানো হতে পারে বলে জানিয়েছেন তালেবানের এক জ্যেষ্ঠ নেতা ওয়াহিদুল্লাহ হাশিমি। কাউন্সিল সরকার চালালেও দেশের সর্বোচ্চ নেতা হবেন তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা। বুধবার (১৮ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, হাশিমি জানিয়েছেন, তালিবানরা আফগান সশস্ত্র বাহিনীর সাবেক পাইলট এবং সৈন্যদের সাথে যোগাযোগ করবে। তাদের ফের কর্মস্থলে ফিরে আসার কথা বলা হবে। আখন্দজাদা সম্ভবত কাউন্সিলের প্রধানের উপরে একটি ভূমিকা পালন করবেন, যিনি দেশের রাষ্ট্রপতির অনুরূপ হবেন।
এই নেতা আরো বলেন, তালেবানদের পাইলট দরকার। অনেক পাইলটের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তাদের সরকারের সঙ্গে যোগ দিতে বলেছি। আমরা তাদের অনেককে ফোন করেছি এবং অন্যদের নম্বর খুঁজছি কল করার জন্য। হাশিমি যে কাঠামোর কথা জানিয়েছেন সেই কাঠামোতেই আগেরবার ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তান চালিয়েছিল তালেবান। তখন সংগঠনটির প্রধান মোল্লা ওমর আড়ালে থাকতেন। সরকারের দৈনন্দিন কাজ পরিচালনা করতো একটি কাউন্সিল। এখন তালেবান কিভাবে আফগানিস্তান পরিচালনা করবে সে বিষয়ে অনেক বিষয় এখনো চূড়ান্ত হয়নি কিন্তু আর যাই হোক গণতন্ত্র থাকবে না।
আমরা পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস করে দিয়েছি : ট্রাম্প-বাংলাদেশ প্রতিদিন
যুক্তরাষ্ট্র পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিয়েছে, যা খুব খারাপ কাজ হয়েছে’ বলে উল্লেখ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্র : ফক্স নিউজ।
এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ‘আফগানিস্তানে যাওয়ার সিদ্ধান্তই ছিল আমাদের দেশের ইতিহাসের নিকৃষ্টতম সিদ্ধান্ত। আমরা পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিয়েছি। এটার পেছনে আমাদের হাজার হাজার কোটি ডলার খরচ হয়েছে, লাখ লাখ জীবন চলে গেছে, কিন্তু আগের তুলনায় সেখানে কোনো পরিবর্তন আসেনি। এটা সবচেয়ে বেশি খারাপ, কারণ সেখানে আপনাকে সবকিছু পুনর্নির্মাণ করতে হবে, এটা আসলে টুকরা টুকরা করে ফেলার মতো।’ ট্রাম্প বলেন, ‘মধ্যপ্রাচ্যে থাকা মানে চোরাবালিতে আটকে যাওয়ার মতো একটা ব্যাপার।’ তবে তিনি আফগানিস্তান থেকে যেভাবে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে, তার সমালোচনা করে বলেছেন, ‘আমি ক্ষমতায় থাকলে বিষয়টি অন্যরকম হতে পারত। সেনা সরানোর আগে বেসামরিক লোকজন, অনুবাদক এবং অন্যান্য লোকজনকে সরিয়ে নিলে ভালো হতো।’
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি
ভোট পরবর্তী মামলার রায়ে অখুশি রাজ্য, সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা-আনন্দবাজার
ভোট পরবর্তী হিংসা মামলায় খুন, ধর্ষণ ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ঘটনায় সিট গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশে খুশি নয় রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তা-ভাবনা করছে তারা।
বৃহস্পতিবার হাই কোর্টের বৃহত্তর বেঞ্চের রায়দানের পরে সংবাদমাধ্যমকে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘‘এই রায় নিয়ে আমি অখুশি। আইন-শৃঙ্খলা রাজ্যের দায়িত্ব। সেখানে যদি প্রতি মুহূর্তে সিবিআই আসে তা হলে রাজ্যের অধিকার খর্ব হয়। আমি নিশ্চিত রাজ্য সরকার এই বিষয়ে আলোচনা করবে এবং দরকার পড়লে উচ্চতর আদালতের দ্বারস্থ হবে।’’
এই ঘটনা নিয়ে সরাসরি মন্তব্য করতে না চাইলেও রায়ে খুশি নন বলেই জানিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি টুইট করে বলেন, ‘হাই কোর্টের নির্দেশ নিয়ে প্রকাশ্য বিরোধিতা করা যায় না। ওঁরা নির্দেশ দিয়েছেন। সরকার এবং দলের শীর্ষ নেতৃত্ব এই নির্দেশ খতিয়ে দেখে প্রতিক্রিয়া জানাবেন। সম্ভাব্য আইনি দিকগুলি বিবেচিত হবে। আমরা মনে করি কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে হাই কোর্টের মন্তব্য নিয়ে এখন কোনও মন্তব্য করছি না।’
তালিবানি জমানায় ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে পড়ল ইতি-আজকাল
কাবুল দখল করেছে রবিবার। গোটা আফগানিস্তানই প্রায় দখল করে ফেলেছে তালিবান। দেশ ছেড়ে পালিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ গনি। নতুন সরকার গড়ছে তালিবান। এই নতুন তালিবানি জমানায় ভারতের সঙ্গে দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্কে ইতি পড়ল। আপাতত দু’দেশের মধ্যে পণ্য পরিবহন বন্ধ হল। ফলে বন্ধ হল আমদানি–রপ্তানি। এ কথা জানিয়েছেন ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল অজয় সহায়।পাকিস্তানের পথ ধরে আফগানিস্তান থেকে ভারতে পণ্য আসত। সেই পথ দিয়েই রপ্তানিও হত। ওই পথই বন্ধ করে দিয়েছে তালিবানরা। ফলে মুখ থুবড়ে পড়েছে বাণিজ্য। জানালেন অজয় সহায়। তাঁর কথায়, ‘বাণিজ্য এবং বিনিয়োগের ব্যাপারে দু’দেশের সম্পর্ক দীর্ঘ দিনের। এ ব্যাপারে আমরা আফগানিস্তানের সবথেকে বড় সহযোগী। ২০২১ সালে সে দেশে আমাদের রপ্তানির অঙ্ক ছিল ৮৩.৫ কোটি ডলার। আমরা ৫১ কোটি ডলারের পণ্য আমদানি করেছি সে দেশ থেকে।’
ভাঁড়ারে বারুদ আছে, ভাত নেই! তালিবানি রাজত্বে অনাহারের মুখে প্রায় দেড় কোটি আফগান-সংবাদ প্রতিদিন
হাতে কালাশনিকভ রাইফেল। গায়ে বুলেট প্রুফ ভেস্ট। অনেকের কাঁধে আবার রকেট লঞ্চার। তালিবান (Taliban) জঙ্গিদের অস্ত্রের বাহার রীতিমতো ভীতি জাগানোর মতো। এবার তাদের হাতে এসেছে আফগান সেনার ফেলে যাওয়া মার্কিন ফৌজের অত্যাধুনিক এম-১৬ রাইফেল থেকে শুরু করে মিসাইল সিস্টেম। আজ তালিবানের ভাঁড়ারে মানুষকে হত্যা করার সরঞ্জামের অভাব নেই। তবে বারুদ পর্যাপ্ত থাকলেও নেই ভাত। তালিবানি শাসনে অনাহরের মুখে পড়তে চলেছেন অন্তত ১ কোটি ৪০ লক্ষ আফগান।
বুধবার বিশ্ব খাদ্য প্রকল্পের প্রধান মেরি এলেন ম্যাকগ্রোয়ার্টি কাবুল থেকে রাষ্ট্রসংঘকে এই ভয়াবহ পরিস্থিতির কথা জানিয়েছেন। দেশজুড়ে চলা নৈরাজ্য ও অরাজকতার মাঝে সাধারণ আফগানদের কাছে খাদ্য সংগ্রহ করা ক্রমে কঠিন হয়ে উঠছে। জঙ্গিদের ভয়ে ব্যবসার সাধারণ নিয়ম ও পরিকাঠামো সমস্ত কিছুই প্রায় ভেঙে পড়েছে। ফলে খাদ্য পরিবহণও ধাক্কা খেয়েছে। একইসঙ্গে মার খেয়েছে উৎপাদনও। তবে খাদ্য সঙ্কটের কারণ হিসাবে তিনটি বিষয় উল্লেখ করেছেন ম্যাকগ্রোয়ার্টি। শেষ তিন বছরে দু’বার মারাত্মক খরার মুখে পড়েছে এই দেশটি, তার উপর করোনা পরিস্থিতি দেশের অর্থনৈতিক অবস্থাকে অনেকটাই পিছনের সারিতে ঠেলে দিয়েছে। এর পর আফগানিস্তানে ক্ষমতা দখল করেছে তালিবান। এর ফলেই সামগ্রিক পরিস্থিতি দেশটিকে খাদ্য সঙ্কটের দিকে ঠেলে দিয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।