ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
মিতু হত্যার জট খুলতে গিয়ে একের পর এক রহস্য উন্মোচন!
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৫ অক্টোবর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:
- বিএনপির অস্তিত্ব শুধু ফেসবুক আর অনলাইনে: সেতুমন্ত্রী-প্রথম আলো
- মিতু হত্যার জট খুলতে গিয়ে একের পর এক রহস্য উন্মোচন!-কালের কণ্ঠ
- বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের খুঁজে বের করতে কমিশন চেয়ে হাইকোর্টে রিট -যুগান্তর
- নোয়াখালীতে মন্দিরে হামলা: যুবদল-জামায়াত নেতাসহ গ্রেপ্তার আরও ১১-মানবজমিন
- দারিদ্র্য বিমোচনে দক্ষিণ এশীয় দেশগুলোর কাজ করা উচিত: প্রধানমন্ত্রী -ইত্তেফাক
- বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের খুঁজে বের করতে কমিশন চেয়ে হাইকোর্টে রিট -যুগান্তর
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- ‘বিজেপি ভাইরাস, যার ভ্যাকসিন মমতা বন্দ্যোপাধ্যায়’, দিনহাটা থেকে তোপ অভিষেকের-সংবাদ প্রতিদিন
- ১৫ নভেম্বর থেকে স্কুল-কলেজ খুলবে, মুখ্যসচিবকে তৈরি হতে নির্দেশ মুখ্যমন্ত্রীর-আনন্দবাজার পত্রিকা
- ১০০ কোটি ডোজের দাবি আসলে জুমলা, বিস্ফোরক মমতা -আজকাল
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
বিএনপির অস্তিত্ব শুধু ফেসবুক আর অনলাইনে: সেতুমন্ত্রী-প্রথম আলো
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজেরাই নিজেদের ফাঁদে আটকা পড়েছে। তাই তারা এখন উভয়সংকটে। তারা না পারছে আন্দোলন জমাতে, না পারছে নির্বাচনে যেতে। তাদের রাজপথে কোনো অস্তিত্ব নেই। তাদের অস্তিত্ব শুধু ফেসবুক আর অনলাইনে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সোমবার সকালে সচিবালয়ে তাঁর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ক্ষমতায় যেতে চায়। তবে তা ব্যালটের মাধ্যমে নয়। ভিন্ন কোনো অগণতান্ত্রিক ও চোরাগলিপথে। বিএনপি আরও একটি ওয়ান-ইলেভেনের স্বপ্নে বিভোর। এ দেশে আর এমন পরিস্থিতি তৈরি হবে বলে মনে হয় না।’
মিতু হত্যার জট খুলতে গিয়ে একের পর এক রহস্য উন্মোচন!-কালের কণ্ঠ
সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার জট খুলতে গিয়ে একের পর এক রহস্য উন্মোচন করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার বাদী থেকে আসামি হয়ে কারাগারে গেছেন বাবুল। সর্বশেষ আসামি এহতেশামুল হক ওরফে ভোলার জবানিতে প্রকাশ পেয়েছে, মুছাকে হত্যার ভয় দেখিয়ে স্ত্রী হত্যায় বাধ্য করেছেন বাবুল। ওই হত্যায় ব্যবহৃত অস্ত্র কিনতে টাকাও দিয়েছিলেন বাবুল।
এর আগে বাবুলের দাম্পত্য কলহ, পরকীয়া প্রেমসহ নানা তথ্যই প্রকাশ পেয়েছে। এসবের সঙ্গে নতুন যুক্ত হয়েছে বাবুলের পরিকল্পনা এবং অস্ত্রের জন্য টাকা দেওয়ার বিষয়টি। অনেক কিছু প্রকাশ পেলেও ধরা যাচ্ছে না হত্যায় সরাসরি অংশ নেওয়া মুছা সিকদারকে, যিনি বাবুল আক্তারের সোর্স হিসেবে পরিচিত। সেই মুছা কিভাবে হত্যায় যুক্ত হলেন, কার নির্দেশ ও অর্থায়নে কোথা থেকে অস্ত্র সংগ্রহ করলেন, কিভাবে ভাড়াটিয়া খুনি ঠিক করেছেন তা এখনো অজানা।
বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের খুঁজে বের করতে কমিশন চেয়ে হাইকোর্টে রিট -যুগান্তর
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যার ষড়যন্ত্রের নেপথ্যে থাকা কুশীলবদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন। রিটে মন্ত্রী পরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব এবং অর্থ সচিবকে বিবাদী করা হয়েছে।
রিটে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত কমিশন গঠনের নজির এবং সংশ্লিষ্ট আইনের আলোকে বিভিন্ন দেশের আদালত কর্তৃক প্রকাশিত রায়ের আলোকে যুক্ত তুলে ধরা হয়েছে। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য আগামী সপ্তাহে উপস্থাপন করা হবে বলেও জানিয়েছেন রিটকারী আইনজীবী।
নোয়াখালীতে মন্দিরে হামলা: যুবদল-জামায়াত নেতাসহ গ্রেপ্তার আরও ১১-মানবজমিন
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে মন্দির, পূজামণ্ডপ, দোকানপাট ও বাড়িঘরে হামলার ঘটনায় উস্কানির অভিযোগে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, জামায়াত নেতাসহ আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালীতে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার বেগমগঞ্জ, সদর, চাটখিল ও সেনবাগ উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় সেখানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. রায়হান (৩৮), জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল ইমাম ওরফে কমল (৩৯), জামায়াত-সমর্থিত সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ (৪৮), সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফয়সাল বারী চৌধুরী (৪৫), একই ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব বেলায়েত হোসেন (২৬)।
দারিদ্র্য বিমোচনে দক্ষিণ এশীয় দেশগুলোর কাজ করা উচিত: প্রধানমন্ত্রী -ইত্তেফাক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ক্ষুধা ও নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে এবং এ অঞ্চলের জনগণের কল্যাণে কাজ করা উচিত। আজ সোমবার (২৫ অক্টোবর) গণভবনে বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রণীত বাংলাদেশের পররাষ্ট্রনীতি হলো ‘সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’। বৈঠকে হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী বলেন, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী। বৈঠকে হাইকমিশনার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বার্তার একটি মূল কপি শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।
১৫ নভেম্বর থেকে স্কুল-কলেজ খুলবে, মুখ্যসচিবকে তৈরি হতে নির্দেশ মুখ্যমন্ত্রীর-আনন্দবাজার পত্রিকা
শিলিগুড়িতে সোমবার প্রশাসনিক বৈঠক থেকে সরকারি-বেসরকারি স্কুল ও কলেজ খোলার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মুখ্যসচিবকে বলেন, পুজোর মরসুম শেষ হতেই, অর্থাৎ ছট পুজো ও জগদ্ধাত্রী পুজোর পর স্কুল-কলেজ খুলে দেওয়া হয়। তার আগে প্রস্তুতির জন্য সময় দেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি মুখ্যসচিবকে নির্দেশ দিয়ে বলেন, ‘‘স্কুল-কলেজ খোলার আগে প্রস্তুতির সময় দিতে হবে। দীর্ঘ দিন স্কুল বন্ধ ছিল। তাই কিছুটা সময় দিতে হবে স্কুলগুলিকে যাতে স্কুল কর্তৃপক্ষ পরিকাঠামোগত কাজ সেরে ফেলতে পারে। তার পরেই স্কুল শুরু হবে।’’ গত বছর ১৬ মার্চ থেকে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য বন্ধ করে দেওয়া হয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান।
‘বিজেপি ভাইরাস, যার ভ্যাকসিন মমতা বন্দ্যোপাধ্যায়’, দিনহাটা থেকে তোপ অভিষেকের-সংবাদ প্রতিদিন
মাস ফুরোলেই চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে সোমবার উত্তরবঙ্গের দিনহাটায় নির্বাচনী প্রচারে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC leader Abhishek Banerjee)। প্রচারের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তিনি। করোনা ভাইরাস, শ্যামাপোকার সঙ্গে বিজেপির তুলনা করলেন অভিষেক। একইসঙ্গে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির ‘ভ্যাকসিন’ বলেও উল্লেখ করলেন। একইসঙ্গে কংগ্রেসের বিরুদ্ধেও সরব হয়েছেন অভিষেক।
১০০ কোটি ডোজের দাবি আসলে জুমলা, বিস্ফোরক মমতা -আজকাল
দেশে ১০০ কোটি টিকাকরণ সম্পন্ন। জোরকদমে প্রচার করেছেন মোদি সরকার। সেই নিয়ে অবশ্য শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তর্জা। প্রধানমন্ত্রীকে তোপ দেওয়ার সুযোগ ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। রাজ্য-কেন্দ্রের সংঘাত যদিও নতুন নয়। দুই সরকারের পদক্ষেপে কেউ কারওকে কটাক্ষ করতে ছাড়েন না। রবিবার শিলিগুড়িতে বিজয়ার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ১০০ কোটি টিকাকরণ সম্পন্নের দাবি নিয়ে সরব হন। কেন্দ্রের এই প্রচারকে ‘জুমলা’ বলে অভিহিত করলেন তিনি। মমতা ব্যানার্জি বলেন, ‘ঢেরা পেটানো হচ্ছে ১০০ কোটি ডোজ দেওয়া হয়েছে। আরে ভাই ওটা জুমলা। হযবরল। দেশে এখনও ৩৫ কোটি মানুষ একটা ডোজ পায়নি।#
পার্সটুডে/বাবুল আখতার/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।