নভেম্বর ০৮, ২০২১ ১৪:৩৩ Asia/Dhaka
  • সংসদ ভবন এলাকা হতে জিয়ার সমাধি অপসারণ করা হবে : ডা. মুরাদ হাসান

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৮ নভেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • নির্ধারিত ভাড়ার বেশি নিলে কঠোর ব্যবস্থা: কাদের-প্রথম আলো
  • সংসদ ভবন এলাকা হতে জিয়ার সমাধি অপসারণ করা হবে : ডা. মুরাদ হাসান-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  • রাজনৈতিক দল হিসেবে বিএনপির অস্তিত্ব সন্দেহজনক: শেখ হাসিনা -ইত্তেফাক
  • জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে’ -যুগান্তর
  • তেলের দাম ও পরিবহন ব্যয় বাড়ানো গণবিরোধী সিদ্ধান্ত: জিএম কাদের-দৈনিক মানবজমিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • লখিমপুর কাণ্ডের ‘তদন্ত এগোচ্ছে না’, যোগী সরকারকে ফের ভর্ৎসনা সুপ্রিম কোর্টের-সংবাদ প্রতিদিন
  • রামকৃষ্ণও তো অশিক্ষিত, রবীন্দ্রনাথ বেশি দূর পড়েননি, মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে দিলীপ-আনন্দবাজার পত্রিকা
  • বাংলার মেয়ে ঘুমাচ্ছেন', বিক্ষোভ মিছিল থেকেই হুংকার শুভেন্দুর-আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

নির্ধারিত ভাড়ার বেশি নিলে কঠোর ব্যবস্থা: কাদের-প্রথম আলো

যাত্রীদের কাছ থেকে কোনোভাবেই যেন নির্ধারিত ভাড়ার বেশি আদায় করা না হয়, তা নিশ্চিত করার জন্য পরিবহনমালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এ ব্যাপারে প্রতিশ্রুতি ভঙ্গ করলে জনস্বার্থে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।

আজ সোমবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তাঁর সরকারি বাসভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি দেন।  ওবায়দুল কাদের বলেন, গ্যাস, অকটেন ও পেট্রলচালিত যানবাহনের ক্ষেত্রে বর্ধিত ভাড়া প্রযোজ্য হবে না। টানা তিন দিন সাধারণ মানুষের দুর্ভোগের পর ভাড়া বাড়িয়ে গতকাল রোববার বিকেলে ধর্মঘট প্রত্যাহার করেন পরিবহনমালিকেরা। সারা দেশে দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া বেড়েছে গড়ে ২৭ শতাংশ। রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বেড়েছে ২৮ শতাংশ। গতকাল বিকেলে পরিবহনমালিক নেতাদের উপস্থিতিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বাড়তি ভাড়া ঘোষণা করে।

রাজনৈতিক দল হিসেবে বিএনপির অস্তিত্ব সন্দেহজনক: শেখ হাসিনা -ইত্তেফাক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে বিএনপির শীর্ষ নেতৃত্বের সাজা হওয়ায় রাজনৈতিক দল হিসেবে ভবিষ্যতে দলটির অস্তিত্ব টিকে থাকার বিষয়ে প্রশ্ন তুলেছেন।

তিনি প্রশ্ন করেন, ‘অস্ত্র চোরাচালান, ২১ আগস্ট গ্রেনেড হামলা, এতিমদের অর্থ আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামির নেতৃত্বে একটি রাজনৈতিক দল টিকে থাকবে কীভাবে? আজ কুইন এলিজাবেথ সেন্টারে যুক্তরাজ্যে (ইউকে) বসবাসরত প্রবাসী বাংলাদেশী জনগণের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় ভাষণদানকালে প্রধানমন্ত্রী এমন প্রশ্ন তোলেন।

লন্ডনে তাঁর বাসস্থান থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী বলেন, এ দলের শীর্ষ নেতৃত্ব অস্ত্র চোরাচালান ও দুর্নীতির পাশাপাশি হত্যা মামলায়ও সাজাপ্রাপ্ত। তিনি বলেন, ‘কেবলমাত্র আমাদেরই (সরকার) না, বেগম খালেদা জিয়ার ছেলেদের এই দুর্নীতির চিত্র আমেরিকার এফবিআইর করা তদন্তে উঠে এসেছে।’ তিনি আরও বলেন, ‘আমরা (সরকার) বিদেশ থেকে তাদের পাচারকৃত কিছু অর্থ দেশে ফেরত আনতে সক্ষম হয়েছি।’

জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে’ -যুগান্তর

জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা (সরকার) নাকি উন্নয়ন করছে।  এমন উন্নয়ন দিচ্ছে, আমরা নাকি দেখতে পাই না।  সেই উন্নয়নে পিলার দেখি, উড়াল সেতু দেখি, সাধারণ মানুষের কী হচ্ছে? গরিব থেকে গরিব হচ্ছে। 

সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত ‘জ্বালানি ও দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে’ এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিচারব্যবস্থা কোন জায়গায় পৌঁছেছে।  আপিলের রায় আসার আগেই মৃত্যুদণ্ড দিয়ে দিচ্ছে।  কোথাও কোনো জবাবদিহি নেই।  নৈরাজ্য সৃষ্টি করেছে তারা।

জ্বালানি ও দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন থেকে দুদিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি মহাসচিব বলেন, ১০ নভেম্বর ঢাকা বাদে দেশের অন্য মহানগরগুলোতে প্রতিবাদ সমাবেশ হবে। ১২ নভেম্বর জেলা সদরে বিক্ষোভ সমাবেশ হবে।

সংসদ ভবন এলাকা হতে জিয়ার সমাধি অপসারণ করা হবে : ডা. মুরাদ হাসান-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

জিয়া পরিবার দেশকে ধ্বংস করেছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ‘খালেদা জিয়া এবং সাজাপ্রাপ্ত তার পুত্র তারেক এতিমদের টাকা আত্মসাৎ করেছেন। তারেক লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। কুমিল্লায় পুজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার পরিকল্পনাকারী তারেক ও বিএনপির নেতারা। তারেক গংরা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া। এই তারেক গংদের বাংলাদেশ থেকে চীরতরে বিতাড়িত করতে হবে। জাতীয় সংসদ ভবন এলাকা হতে জিয়ার সমাধি অপসারণ করা হবে এবং খুনি জিয়ার নামে চট্টগ্রামে স্মৃতি জাদুঘর থাকতে পারে না।’ 

তেলের দাম ও পরিবহন ব্যয় বাড়ানো গণবিরোধী সিদ্ধান্ত: জিএম কাদের-দৈনিক মানবজমিন

জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সরকার অযৌক্তিকভাবে ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়ে দিয়েছে। আমরা দাবি করেছিলাম তেলের দাম কমাতে। কিন্তু সরকার তেলের দাম না কমিয়ে উল্টো সড়ক ও নৌপথের ভাড়া বাড়িয়ে সাধারণ মানুষের স্বার্থ বিরোধী অবস্থান নিয়েছে। তেলের দাম ও পরিবহন ব্যয় বাড়ানো গণবিরোধী সিদ্ধান্ত। আমরা ডিজেল, কেরোসিন এর বর্ধিত দাম কমানোর দাবি করছি। পাশাপাশি সড়ক ও নৌপথের বর্ধিত ভাড়াও কমানোর দাবি জানাচ্ছি। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।জিএম কাদের বলেন, গেলো ৩রা নভেম্বর রাতে হঠাৎ করেই ডিজেল ও কোরেসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে সরকার। এই সিদ্ধান্তে পরিবহন সংশ্লিষ্টরা আন্দোলনে নামলে সরকার তেলের দাম না কমিয়ে বাস ভাড়া ২৭ ভাগ এবং লঞ্চ ভাড়া ৩৫ ভাগ বাড়িয়ে দেয়।

রামকৃষ্ণও তো অশিক্ষিত, রবীন্দ্রনাথ বেশি দূর পড়েননি, মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে দিলীপ-আনন্দবাজার পত্রিকা

রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বিতর্কিত মন্তব্যের জন্য বরাবরই খ্যাত। ফের তিনি বিতর্কে জড়ালেন। বিজেপি-র অন্যতম সর্বভারতীয় সহ-সভাপতি এক প্রশ্নের উত্তরে বলেন, ‘‘রামকৃষ্ণদেব সব চেয়ে বড় অশিক্ষিত। অথচ তাঁর বাণী নিয়েই সমাজ এগিয়েছে।’’ পাশাপাশি রবীন্দ্রনাথ সম্পর্কে তিনি বলেন, ‘‘রবীন্দ্রনাথ ঠাকুরও তো বেশি দূর পড়াশোনা করেননি। মাত্র অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন। এটাই ভারতের সংস্কৃতি।’’

সম্প্রতি, দিলীপের সঙ্গে রাজ্যে বিজেপি-র আর এক প্রাক্তন সভাপতি তথাগত রায়ের মন্তব্য পাল্টা-মন্তব্যের তরজা চলছে। একে অপরকে আক্রমণ করেছেন। তথাগত সম্প্রতি দিলীপকে ‘অশিক্ষিত’ বলে কটাক্ষ করেন। তার পরিপ্রেক্ষিতেই রবিবার দিলীপ সংবাদমাধ্যমের সামনে জবাব দিতে গিয়ে রামকৃষ্ণ-রবীন্দ্রনাথ সম্পর্কে মন্তব্য করেন দিলীপ। 

বাংলার মেয়ে ঘুমাচ্ছেন', বিক্ষোভ মিছিল থেকেই হুংকার শুভেন্দুর-আজকাল

দিওয়ালির দিন থেকেই কেন্দ্র সরকার জ্বালানির ওপর থেকে শুল্ক মূল্য কমিয়েছে। পেট্রলে ৫ টাকা আর ডিজেলে ১০ টাকা কমানো হয়েছে। এরপরই বিজেপি শাসিত রাজ্যগুলি ভ্যাট কমিয়ে দেয় জ্বালানির ওপর থেকে। তবে পশ্চিমবঙ্গ সহ বিজেপি বিরোধী রাজ্যগুলি দাম কমায়নি। যার ফলে সোমবার বিক্ষোভ কর্মসূচি করে বিজেপি। তাঁদের দাবি, সমস্ত রাজ্য ভ্যাট কমাতে পারলে, পশ্চিমবঙ্গ সরকার পারবেন না কেন? এই দাবি নিয়েই রাস্তায় নেমেছিল গেরুয়া শিবির। তবে অনুমতি ছিল না পুলিশের। তাই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় বিজেপি নেতা কর্মীদের। পুলিশ মুরলীধর সেন লেন থেকে মিছিল এগোতে দেয়নি। এদিন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তথাগত রায় সহ একাধিক নেতা। 

এদিন মিছিল থেকেই শুভেন্দু অধিকারী বলেন, 'একাধিক রাজ্য পেট্রল ডিজেলের ওপর থেকে শুল্ক মূল্য কমিয়েছে। এমনকী ত্রিপুরার মত ছোট রাজ্যও কমিয়েছে। তবে তথাকথিত বাংলার মেয়ে এখনও ঘুমোচ্ছেন। বাংলার মানুষের জন্য তিনি কষ্ট পান। তাঁর চোখের জল নাকের জল বের হয়ে যায়। অবশ্য এখন তিনি ঘুমোচ্ছেন।

লখিমপুর কাণ্ডের ‘তদন্ত এগোচ্ছে না’, যোগী সরকারকে ফের ভর্ৎসনা সুপ্রিম কোর্টের-সংবাদ প্রতিদিন

লখিমপুর কাণ্ডে (Lakhimpur Kheri) উত্তরপ্রদেশ পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট। এবার অবসরপ্রাপ্ত দুই বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত সম্পন্ন করার প্রস্তাব দিলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এনভি রামানা। এমনকী, তদন্তের তদারকির জন্য পাঞ্জাব ও হরিয়ানার অবসরপ্রাপ্ত দুই বিচারপতির নামও প্রস্তাব করেছেন তিনি। সোমবার শুনানি চলাকালীন ফের একবার সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়ল যোগী সরকার।

এদিন শুনানি চলাকালীন শীর্ষ আদালতের (Supreme Court) প্রধান বিচারপতি এনভি রামানা (N V Ramana) বলেন, “অতিমাত্রায় রাজনৈতিক হস্তক্ষেপ চাই না। হাই কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি তদন্তের গতিপ্রকৃতির দিকে নজর রাখুন।” লখিমপুর কাণ্ডের তদন্তের গতি নিয়ে অসন্তুষ্ট বিচারপতি। এ প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, “আমরা যেমন ভেবেছিলাম সেভাবে তদন্ত এগোচ্ছে না।”

পার্সটুডে/বাবুল আখতার/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।