ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
দেউলিয়া হয়ে তারা এখন সর্বহারাতে রূপ নিতে যাচ্ছে: কাদের
সুপ্রিয় পাঠক/শ্রোতা: আজ ১৪ নভেম্বর রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- অটোপাসের চেয়ে পরীক্ষা ভালো’- প্রথম আলো
-
ধর্ষণের অভিযোগ নিয়ে পর্যবেক্ষণ-সেই বিচারককে আদালতে না বসার নির্দেশ-দৈনিক কালেরকন্ঠ
- প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই: শিক্ষামন্ত্রী-ইত্তেফাক
- দেউলিয়া হয়ে তারা এখন সর্বহারাতে রূপ নিতে যাচ্ছে: কাদের–যুগান্তর
- ভারত মহাসগরে কোন দেশের একক আধিপত্য দেখতে চায় না বাংলাদেশ’-দৈনিক মানবজমিন
-
আমাদের রাজপথে স্থায়ীভাবে বাড়িঘর তৈরি করে থাকতে হবে: রিজভী-দৈনিক সমকাল
ভারতের শিরোনাম:
সিবিআই, ইডি-র প্রধানদের মেয়াদ বাড়ছে, দুই থেকে পাঁচ করতে অধ্যাদেশ আনল কেন্দ্র-আজকাল
মাতৃহারা মায়াবতীর সঙ্গে দেখা প্রিয়াঙ্কা গান্ধীর, সৌজন্যের মধ্যেও রাজনীতির গুঞ্জন-সংবাদ প্রতিদিন
দৈনিক ভিন্ন একটি শিরোনাম: আজকাল অতিরিক্ত মাদক নিচ্ছেন’, কঙ্গনার ‘ভিক্ষের স্বাধীনতা’ মন্তব্যে কটাক্ষ নবাব মালিকের
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
অটোপাসের চেয়ে পরীক্ষা ভালো’- প্রথম আলো
বেলা সাড়ে ১১টা পেরিয়ে গেছে। তখন বাইরে উদ্বিগ্ন অভিভাবকদের অপেক্ষা। একপর্যায়ে পরীক্ষা শেষে হল থেকে বেরিয়ে আসতে শুরু করে পরীক্ষার্থীরা। তাদের একজন জান্নাতুল মাওয়া। পরীক্ষার বিষয়ে তার কাছে জানতে চাইলে সে বলে, পরীক্ষা দিতে পেরে ভালো লাগছে। পরীক্ষা না হলে সেটা ভালো হতো না। কারণ, ‘অটোপাসকে’ ভালোভাবে বিবেচনায় নেওয়া হয় না।

রাজধানীর মতিঝিল বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে জান্নাতুল। সে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী। তার মতো যারা এই কেন্দ্রে পরীক্ষা দিয়েছে, তাদের অনেকেই মনে করে, ‘অটোপাসের’ চেয়ে পরীক্ষা হওয়া ভালো।
করোনাভাইরাসের সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে নির্ধারিত সময়ের সাড়ে আট মাস পর আজ রোববার সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ভিন্ন পরিস্থিতিতে এই পরীক্ষাও হচ্ছে ভিন্নভাবে। এবার সব বিষয়ের পরীক্ষা হচ্ছে না। শুধু গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ইত্যাদি) তিনটি বিষয়ে সময় ও নম্বর কমিয়ে এই পরীক্ষা হচ্ছে। আবশ্যিক ও চতুর্থ বিষয়ের পরীক্ষা হবে না। এসব বিষয়ে জেএসসি ও সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে ‘ম্যাপিং’ করে নম্বর দেওয়া হবে।
ধর্ষণের অভিযোগ নিয়ে পর্যবেক্ষণ-সেই বিচারককে আদালতে না বসার নির্দেশ-দৈনিক কালেরকন্ঠ
ধর্ষণের ৭২ ঘণ্টা পর অভিযোগ না নিতে পুলিশকে পরামর্শ দেওয়া সেই বিচারককে আদালতে না বসার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। আজ রবিবার (১৪ নভেম্বর) সপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে এ নির্দেশ দেন তিনি।

প্রধান বিচারপতির এই নির্দেশের ফলে আজ রবিবার সকাল সাড়ে ৯টা থেকে ওই বিচারপতি আর আদালতে বসতে পারছেন না। তাঁর ফৌজদারি বিচারিক ক্ষমতা সাময়িকভাবে প্রত্যাহার করে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করতে চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্ট। হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান আজ সকালে এসব তথ্য জানিয়েছেন।
এর আগে গতকাল শনিবার (১৩ নভেম্বর) ঢাকায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, 'রেইনট্রি মামলার বিচারকের পাওয়ার সিজ করতে প্রধান বিচারপতিকে চিঠি দেব।'
দেউলিয়া হয়ে তারা এখন সর্বহারাতে রূপ নিতে যাচ্ছে: কাদের–যুগান্তর
বিএনপিই দেউলিয়া হয়ে গেছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা নিজেরা দেউলিয়া হয়ে এখন সর্বহারাতে রূপ নিতে যাচ্ছে, তারা অন্যদের নিয়ে কথা বলা হাস্যকর। তিনি বলেন, প্রকৃতপক্ষে বিএনপিই এখন দেউলিয়া হয়ে গেছে।
তিনি রোববার সকালে খুলনা সড়ক জোনের অধীনে দুটি সেতুর উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও নির্বাচন ও আন্দোলনে যেতে ভয় পায়। তিনি আরও বলেন, যে দল বিদেশিদের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দেয়, তাদের দেউলিয়াত্ব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় না। ‘যারা জনগণের পাশে যেতে ভয় পায় এবং জনগণও যাদের ত্যাগ করেছে, তারাই এখন দেউলিয়া’—যোগ করেন ওবায়দুল কাদের।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা সড়ক জোনের অধীনে নবনির্মিত দুটি সেতুর উদ্বোধন করেন। সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এ সময় খুলনা-যশোর মহাসড়কের দূরবস্থার দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, যত দ্রুত সম্ভব খুলনা-যশোর সড়কের কাজ শেষ করতে হবে।
প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই: শিক্ষামন্ত্রী-ইত্তেফাক
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। তবে একটি অংশ গুজব রটানোর চেষ্টায় আছে। তাদের বিরুদ্ধে আমরা কঠোর আছি।
আজ রবিবার (১৪ নভেম্বর) রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রশ্ন ফাঁসে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সারাদেশে এসএসসি, দাখিল, ভোকেশনাল পর্যায়ে ২২ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি। কোথাও কোনো অনিয়ম পাওয়া গেলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। তিনি বলেন, একটি চক্র পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজব রটানোর চেষ্টায় আছে। মাদক দমনের মতো গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ভারত মহাসগরে কোন দেশের একক আধিপত্য দেখতে চায় না বাংলাদেশ’-দৈনিক মানবজমিন
ভারত মহাসাগরীয় অঞ্চলে বিশ্বের কোন দেশের একক আধিপত্য বাংলাদেশ দেখতে চায় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। তিনি বলেছেন, আমরা উন্মুুক্ত, মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভারত মহাসাগর অঞ্চল চাই। এটাই আমাদের নীতি। ভারত মহাসাগর অঞ্চলে কোনো দেশ বা গোষ্ঠীর একক আধিপত্য দেখতে চাই না।আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইন্ডিয়ান ওশেন রিম এসোসিয়েশন (আইওআরএ)-এর ২১তম মন্ত্রিপর্যায়ের সম্মেলনের পূর্ব প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো নিয়ে গঠিত জোট আইওআরএ-এর তিনদিনব্যাপী ওই সম্মেলন আগামীকাল সোমবার রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে শুরু হবে।সীমান্ত হত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আগেও বলেছি, এখনও বলছি- সীমান্ত হত্যা বন্ধ নিয়ে ভারত-বাংলাদেশের দুদেশের সর্বোচ্চ পর্যায়ে অঙ্গীকার রয়েছে। কিন্তু তারপরও সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না। আমাদের জন্য দুঃখজনক, ভারতের জন্য এটা লজ্জার।সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট বিভাগের প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম উপস্থিত ছিলেন।
আমাদের রাজপথে স্থায়ীভাবে বাড়িঘর তৈরি করে থাকতে হবে: রিজভী-দৈনিক সমকাল
আওয়ামী লীগ 'ভয়ংকর এক নীলনকশা' নিয়ে এগিয়ে যাচ্ছে- এমন মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'সেই নীলনকশা ব্যর্থ করে দিতে হলে আমাদেরকে রাজপথে স্থায়ীভাবে বাড়িঘর তৈরি করে থাকতে হবে।'
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। স্বাধীনতা ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসানসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে এ মানববন্ধনে অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেন, 'আপনার গণতন্ত্রের দরকার নাই, ভোটের দরকার নাই, নির্বাচনের দরকার নাই। এখন জমিদারের শাসন কায়েম করতে চান। এটা বাংলাদেশ কোনোদিন হতে দেবে না। বাংলাদেশ কোনো স্বৈরশাসকে বেশি দিন টলারেট করেনি। আপনার সরকার পতনের সাইরেন বাজছে। চারিদিকে ঘণ্টা বাজছে।'
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি
সিবিআই, ইডি-র প্রধানদের মেয়াদ বাড়ছে, দুই থেকে পাঁচ করতে অধ্যাদেশ আনল কেন্দ্র-দৈনিক আনন্দবাজার পত্রিকা
দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তার মেয়াদ বাড়াতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। সিবিআই ও ইডির ডিরেক্টদের মেয়াদ দু’বছর থেকে বেড়ে হতে চলেছে পাঁচ বছর। রবিবার এক অধ্যাদেশ জারি করে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।সম্প্রতি ইডি-র ডিরেক্টর সঞ্জয়কুমার মিশ্রের মেয়াদ বাড়ানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সঞ্জয়ের মেয়াদ বাড়ানো হবে কি না, তা নিয়ে চলছিল জল্পনা। তারই মধ্যে কেন্দ্র এই অধ্যাদেশ আনায় মনে করা হচ্ছে সঞ্জয়ের কার্যকাল বেড়ে যেতে পারে।

বেশ কিছু দিন ধরেই নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মাল্যকে দেশে ফেরানোর চেষ্টা চলছে। পশ্চিমবঙ্গের সারদা-নারদ থেকে কয়লা-কাণ্ড নিয়েও সক্রিয় ইডি। কংগ্রেস-সহ প্রায় সমস্ত বিরোধী নেতার বিরুদ্ধেই তদন্ত চলছে। এই পরিস্থিতিতে ইডি-র ডিরেক্টরের পদে সঞ্জয়কে রাখতে সচেষ্ট ছিল নরেন্দ্র মোদী সরকার।
মাতৃহারা মায়াবতীর সঙ্গে দেখা প্রিয়াঙ্কা গান্ধীর, সৌজন্যের মধ্যেও রাজনীতির গুঞ্জন-সংবাদ প্রতিদিন
দেশে লাফিয়ে বেড়েছে ডিজিটাল লেনদেন (Digital transactions)। গত ৭ বছরে তা বেড়েছে ১৯ গুণ। শুক্রবার খুচরো বিনিয়োগকারীদের জন্য রিজার্ভ ব্যাংকের নতুন প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। রিজার্ভ ব্যাংকের (RBI) গভর্নর শক্তিকান্ত দাশ ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উপস্থিতিতেই এই প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।
আর এই উদ্বোধনের মুহূর্তেই দেশে ডিজিটাল লেনদেনের বিস্ফোরণ নিয়ে উচ্ছ্বসিত হলেন মোদি। তিনি বলেন, ”মাত্র ৭ বছরে ভারতে ডিজিটাল লেনদেন ১৯ গুণ বৃদ্ধি পেয়েছে। ৬-৭ বছর আগেও ব্যাংকিং, পেনশন, জীবনবিমা এসব ছিল ভারতের ‘এক্সক্লুসিভ ক্লাব’। দেশের সাধারণ মানুষ, দরিদ্র পরিবার, কৃষক, ছোট ব্যবসায়ী, মহিলা, দলিতের মতো অনগ্রসর শ্রেণির প্রতিনিধিরা এসবের থেকে বহু দূরে অবস্থান করতেন।”
জ্বালানির ভ্যাট কমানোর দাবি, মিছিলকে কেন্দ্র করে পুলিশ-বিজেপি কর্মী বচসা, রণক্ষেত্র বারুইপুর-দৈনিক আজকাল
পেট্রল-ডিজেলের ভ্যাট কমানোর দাবিতে পথে নামল বিজেপি। মিছিলকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল বারুইপুরে। বিজেপির কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশের। এদিন দক্ষিণ ২৪ পরগনা বারুইপুরের ফুলতলার বিজেপি কার্যালয় থেকে একটি মিছিল করার কথা ছিল বিজেপির। সেই মতোই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল শুরু হয়। কিন্তু কিছু দূরেই একের পর এক ব্যারিকেড করে পুলিশ। বারুইপুর উড়ালপুলের কাছে মিছিলে বাধা দেওয়া হয়। বলা হয়, এই মিছিলের কোনও অনুমতি দেওয়া হয়নি। এরপর বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। ব্যারিকেডের কাছে রাস্তায় বসে পড়েন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ অন্যান্য কর্মী-সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে নামে বিশাল পুলিশ বাহিনী। এরপরেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘পুলিশ দলদাসে পরিণত হয়েছে। বাড়ির চাকরের মতো আচরণ করছে। জ্বালানির ভ্যাট কমানো না হলে নবান্ন অভিযান করা হবে। তাতেও যদি কাজ না হয় আমরা অনশন শুরু করব।’
#
পার্সটুডে/বাবুল আখতার/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।